Category: প্রচ্ছদ

  • বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও শিক্ষা খাতে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান

    বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও শিক্ষা খাতে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান

    অর্থনীতি ডেস্ক:   বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও শিক্ষা খাতে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি ডলার ১২২.২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৯৯৫ কোটি ৫৮ লাখ ৭০০ টাকা।

    শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তার প্রেস সচিব শফিকুল আলমও নিজ ফেসবুক প্রোফাইলে দেয়া স্ট্যাটাসে একই তথ্য জানান।

    দুইজনেরই স্ট্যাটাসে জানানো হয়, চুক্তি অনুযায়ী এই অর্থের মধ্যে জাপান ৪১ কোটি ৮ লাখ ডলার অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করতে দেবে। এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে দ্বৈত গেজ ডাবল লাইনে উন্নীত করতে ৬৪ কোটি ১০ লাখ ডলার খরচ করা হবে। বৃত্তি সহায়তা হিসেবে ৪২ লাখ ডলার অনুদান দেবে জাপান সরকার।

    এই ঋণ নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপান সফরে আছেন।

  • বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে জাপানি বিনিয়োগকারীদের প্রতিও আহ্বান মুহাম্মদ ইউনূসের

    বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে জাপানি বিনিয়োগকারীদের প্রতিও আহ্বান মুহাম্মদ ইউনূসের

    নিউজ ডেস্ক:     বাংলাদেশকে নতুন করে গড়ার পথে সহায়তা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে জাপানি বিনিয়োগকারীদের প্রতিও আহ্বান জানান তিনি।

    শুক্রবার (৩০ মে) জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে এক রাউন্ডটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। আলোচনায় বাংলাদেশে ব্যবসায়িকভাবে সক্রিয় কিছু শীর্ষ জাপানি প্রতিষ্ঠানের নির্বাহীরা অংশ নেন।

    জাপানি বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে; এটি আমাদের জন্য আশাব্যঞ্জক। গত ১০ মাস ধরে আমরা ধাপে ধাপে অনেক কিছু গড়েছি; এ প্রক্রিয়ায় জাপানের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

    প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এবং তিনি দেশের বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে কিছুটা ‘স্বস্তির সময়’ চাইলেন। বলেন, আজ আমরা এমন একটি পর্যায়ে আছি, যখন আপনাদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের প্রতিশ্রুতি—একটি নতুন বাংলাদেশ গড়া। আমরা পুরনো বাংলাদেশের ধারা থেকে বেরিয়ে আসতে চাই।

    তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ যে দুর্বলতাগুলোর মধ্যে আছে, তা অচিরেই কেটে যাবে। আমরা আশা করি, সেগুলো অতীতের বিষয় হয়ে থাকবে। জাতির জন্য এটিই সবচেয়ে বড় সুযোগ। আমরা সবাই এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, সেটিকে আমরা পেছনে ফেলতে চাই বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

    অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে নোরিহিকো ইশিগুরো, জেট্রোর চেয়ারম্যান ও সিইও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। ফুমিয়া কোকুবু, জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) চেয়ারম্যান এবং মারুবেনি করপোরেশনের নির্বাহী কর্পোরেট উপদেষ্টা বলেন, বাংলাদেশে ব্যবসা করা ৮৫ শতাংশ জাপানি কোম্পানি আশা করে যে এই বছরই অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হবে। তিনি কর ব্যবস্থার সংস্কারেরও প্রত্যাশা ব্যক্ত করেন।

    বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনইচি সাইদা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেটি সবচেয়ে ভালোভাবে রক্ষা করেছে, সেটি হচ্ছে অর্থনীতি; কোনো প্রকল্প বন্ধ হয়নি, কোনো ব্যবসা স্থগিত হয়নি।

    আলোচনায় আরও বক্তব্য রাখেন, শিঙ্গো উএনো (সিইও, সুমিতোমো করপোরেশন), মিৎসুরু ইজুমো (সিইও, ইউগ্লিনা কো. লি.), স্টিভেন উইন (চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট, জেরা), কাজুনোরি ওগাওয়া (সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর, জেবিআইসি), শিগেওশি অনোডা (প্রেসিডেন্ট, অনোডা ইনক.), কাজুয়া নাকাজো (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, জেট্রো), এবং মায়ুমি মুরায়ামা (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, আইডিই-জেট্রো)। আলোচনার সমাপ্তি বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

  • ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকার বিশ্ববিদ্যালয়

    ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকার বিশ্ববিদ্যালয়

    নিউজ ডেস্ক:    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকার বিশ্ববিদ্যালয়। শুক্রবার (৩০ মার্চ) এ ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছেন তিনি।

    উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ, বিশ্ববিদ্যালয়টি ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

    এর আগে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সরকার প্রধান।এসময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

    পরে এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলোর মধ্যে ‘অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের স্থিতিশীলতা জোরদারকরণে উন্নয়ন নীতিগত ঋণ’ এবং ‘জয়দেবপুর-ঈশ্বরদী অংশে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (পর্ব-১)’ (৬৪১ মিলিয়ন ডলার) উল্লেখযোগ্য।

    উল্লেখ্য, গত ২৮ মে চারদিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা।

  • বঙ্গোপসাগরের নিম্নচাপটি সমতল অতিক্রমের ফলে আগামীকাল পর্যন্ত দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

    বঙ্গোপসাগরের নিম্নচাপটি সমতল অতিক্রমের ফলে আগামীকাল পর্যন্ত দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

    নিউজ ডেস্ক:    বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সমতল অতিক্রম করার ফলে আগামীকাল শনিবার পর্যন্ত দেশজুড়ে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বিকেলের মধ্যে গভীর নিম্নচাপটি লঘুচাপে পরিণত হলে বরিশাল এবং খুলনা অঞ্চলে কমে যাবে বৃষ্টি। কমে যেতে পারে বাতাসের গতিবেগও।

    শুক্রবার (৩০ মে) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ সব তথ্য জানান।

    শক্তি বা সাইক্লোনের আঘাত হানার সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, সাগরে বায়ুতাড়িত বাতাস রয়েছে, যে কারণে প্রতিটি বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুই বিভাগ বাদে বাকি কিছু কিছু অঞ্চলে আরও একদিন গুঁড়ি গুঁড়ি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ১৯৬ মি. মি.। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদী কোর্ট এলাকায়; ২৮৫ মি. মি.। আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে যা ২৪১ মি. মি.।

  • কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যা: প্রেমের জালে ফাঁসিয়ে শ্বাসরোধে হত্যা, দেবরসহ স্ত্রীর মৃত্যুদণ্ড

    কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যা: প্রেমের জালে ফাঁসিয়ে শ্বাসরোধে হত্যা, দেবরসহ স্ত্রীর মৃত্যুদণ্ড

    বিশেষ প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে ভয়াবহ এক প্রেমঘটিত হত্যাকাণ্ডে স্বর্ণ ব্যবসায়ী মফিজুর রহমানকে হত্যার দায়ে মাকসুদা আক্তার ও তাঁর দেবর সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসরাত জাহান মুন্নি এ রায় ঘোষণা করেন।

    দুই আসামিই রায়ের সময় পলাতক ছিলেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।মাকসুদা আক্তার তাঁর সন্তান নিয়ে কেরানীগঞ্জে বসবাস করতেন। তাঁর স্বামী ছিলেন মালয়েশিয়ায় প্রবাসী। সন্তান হারানোর শোক কাটাতে কবিরাজি ও ঝাড়ফুঁকের খ্যাতি থাকা মফিজুর রহমানের শরণাপন্ন হন তিনি। সেই যোগাযোগ থেকে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক।

    কিন্তু একসময় এই সম্পর্কের বিষয়টি জানতে পারেন মাকসুদার স্বামী। তিনি ফোনে মফিজুরকে সম্পর্ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এরপর মাকসুদা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে অভিযোগ অনুযায়ী, মফিজুর মাকসুদাকে হুমকি দিয়ে সম্পর্ক চালিয়ে যেতে থাকেন।এই পরিস্থিতিতে মাকসুদা ক্ষিপ্ত হয়ে বিষয়টি তাঁর দেবর সালাউদ্দিনের সঙ্গে শেয়ার করেন। তারা পরিকল্পনা করেন মফিজুরকে পৃথিবী থেকে সরিয়ে দিতে।

    ২০১৭ সালের ৩১ ডিসেম্বর মাকসুদা কৌশলে মফিজুরকে বাসায় দাওয়াত দেন। খাবার ও চায়ের সঙ্গে মিশিয়ে দেন ঘুমের ওষুধ। অচেতন হওয়ার পর তাঁকে শ্বাসরোধে হত্যা করেন মাকসুদা ও সালাউদ্দিন। পরে লাশ ১০ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেন তারা।

    ২০১৮ সালের ২ জানুয়ারি নিহতের ভাই কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২১ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৯ সালের ৩০ অক্টোবর আদালত তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন।রাষ্ট্রপক্ষ মামলায় ১৯ জন সাক্ষী উপস্থাপন করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি — মৃত্যুদণ্ড প্রদান করেন।মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খান মো. জহিরুল ইসলাম।

  • মজিদপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

    মজিদপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

    স্টাফ রিপোর্ট:  যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ২৭ মে দুপুরে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে।

    মজিদপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেনের পরিচালনায় মজিদপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৩৩ হাজার ৭ শত টাকা। মোট ব্যায় দেখানো হয়েছে ১কোটি ১৮ লক্ষ ৬২ হাজার ৮ শত টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৭০ হাজার ৯ শত টাকা।

    ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন মজিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান গাজী, সংরক্ষিত ইউপি সদস্য হামিদা বেগম, রেশমা খাতুন, সাধারণ ইউপি সদস্য এম সাইফুর রহমান, মহিউদ্দীন বুলবুল, মনিরুজ্জামান, জিয়াউর রহমান, আসাদুজ্জামান, আব্দুস সামাদ প্রমুখ।