Category: প্রচ্ছদ

  • বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে হাতাহাতি

    বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে হাতাহাতি

    খেলাধুলা ডেস্ক:  খেলার মাঠে উত্তপ্ত বাক্যবিনিময় সচারচরই দেখা যায়। সে হোক পাড়ার ক্রিকেট অথবা আন্তর্জাতিক ক্রিকেট। তবে আন্তর্জাতিক পর্যায়ে হাতাহাতি-মারামারি খুব একটা দেখা যায় না। এমন ঘটনা ঘটলেও কঠোর শাস্তির মুখে পড়তে হয় অভিযুক্ত ক্রিকেটারকে। তবে, আজ বুধবার (২৮ মে) মিরপুর স্টেডিয়ামে দেখা গেছে এমন দৃশ্য।

    বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিনে ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটারদের মধ্যে হঠাৎ হাতাহাতি শুরু হয়ে যায়।

    ঘটনাটি ১০৫তম ওভারের। প্রথম বলে ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা মারেন রিপন। এতেই যেন মেজাজ হারিয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার এনটুলি। দুই ব্যাটার যখন ক্রিজের মাঝে, তখন কিছু একটা বলতে বলতে এগিয়ে আসেন রিপনের দিকে। কাছাকাছি এসে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই আগ বাড়িয়ে ধাক্কা দিতে চান এনটুলি, যা কয়েক দফায় হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন রিপন।

    কিন্তু এনটুলি যে থামার পাত্র নন। উল্টো তিনি রিপনের হেলমেট ধরে টান দেন কয়েকদফায়। পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। একপর্যায়ে এই দুই ক্রিকেটারকে সড়িয়ে দিতেও সক্ষম হন আম্পায়াররা। তবে তখনও থামেননি এই প্রোটিয়া বোলার। হাত উঁচিয়ে কিছু একটা বলতে থাকেন রিপনকে।

    এই ধরনের ঘটনার পর খেলোয়াড়রা সাধারণত স্থির থাকতে পারেন না। তবে রিপন এক্ষেত্রে ঠান্ডা মাথায় এনটুলির পরের বল দারুণভাবে ব্লক করেন।

    উল্লেখ্য, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের জন্য এটা সিরিজ নির্ধারণী চার দিনের ম্যাচ। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

  • টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল ; সারজিস আলম

    টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল ; সারজিস আলম

    স্টাফ রিপোর্ট: টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এভাবে মামলা ব্যবসা চলতে দেয়া যাবে না। একটি মানুষ যদি নিরপরাধ হয়, তার বিরুদ্ধে জুলুম করা যাবে না। যারা এমন করবে, তা তাদের ওপর ফিরে যাবে—যার উদাহরণ ফ্যাসিস্ট শেখ হাসিনা।

    বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বিভিন্ন উপজেলা সফরের দ্বিতীয় দিনে বিরল উপজেলা টেম্পুস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

    সারজিস বলেন, শুধুমাত্র দেশের বড় বড় শহরে আন্দোলন করে দেশের গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে না। পরিবর্তন আনতে হলে প্রয়োজন ভালো ও বিবেকবান নেতার। আর এজন্য আগে নিজেকে বিবেকবান ভোটার হতে হবে। টাকা ও সুবিধার কাছে নিজের বিবেককে বিক্রি করে বড় দল আর মার্কা দেখে নেতা নির্বাচন করা যাবে না।

    তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে চাঁদাবাজদের কোনো স্থান হবে না। সে যেই দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। এমনকি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও, সে যেই দলের হোক না কেন, তার বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।

    উল্লেখ্য, দ্বিতীয় দিনে দিনাজপুরের ৭টি উপজেলার পথসভার শুরুতেই এনসিপি বিরল উপজেলা শাখা অফিস উদ্বোধন করেন। পরে তিনি কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হন। এদিন ৭ উপজেলায় এনসিপির পথসভা অংশ নিবেন সারজিস আলম।

  • ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া

    ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া

    আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরণের নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার (২৭ মে) এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন রুশ গণমাধ্যম।

    প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়, অন্তত ২০টি যুদ্ধজাহাজ ও তিন হাজার সেনা অংশ নিয়েছে মহড়ায়। সাথে ছিল বোমারু বিমান, ফাইটার জেট ও হেলিকপ্টারসহ ২৫টি আকাশযান।

    রুশ কর্তৃপক্ষ জানায়, ড্রোনসহ শত্রুপক্ষের হামলা মোকাবেলায় নিজেদের সক্ষমতা যাচাইয়ে এই মহড়ার আয়োজন করেছে রুশ সেনারা। সেইসাথে, মহড়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে গত তিন বছর ধরেই নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। বিভিন্ন সময় তাদের এই তৎপরতায় যুক্ত হয়েছে চীন ও ইরানের মতো দেশগুলোও।

  • নয়াপল্টনে  বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ

    নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ

    নিউজ ডেস্ক:   রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।

    বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ।

    এর আগে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে সকাল দশটা থেকে যোগ দিতে শুরু করেছেন ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে আসা তরুণ-তরুণীরা। বিকেল পাঁচটায় তারুণ্যের এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন অঙ্গসংগঠন।

  • মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত অনতিবিলম্বে দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ

    মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত অনতিবিলম্বে দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ

    নিউজ ডেস্ক:   মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে অনতিবিলম্বে দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    তবে ঠিক কি কারণে রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে ঢাকায় ফেরানো হচ্ছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

    ২০২৩ সালের আগস্ট মাসে মনোয়ার হোসেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পান। তিনি নেইপিডোতে সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের স্থলাভিষিক্ত হন। ২০তম বিসিএসে ফরেন সার্ভিস ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন মনোয়ার।

  • সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ,৬ জুন ঈদ

    সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ,৬ জুন ঈদ

    আন্তর্জাতিক ডেস্ক:  সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ৫ জুন দেশটিতে পবিত্র হজ এবং ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

    দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে এবং ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

    এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

    তারা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে। ফলে ২৮ মে জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে এই বছরের পবিত্র হজ মৌসুম শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের ১০ তারিখকেই ঈদুল আজহার প্রথম দিন হিসেবে চিহ্নিত করা হয়।

    জিলহজ মাসের ৯ তারিখকে ‘আরাফাহ দিবস’ বা হজের দিন বলা হয়। ওই দিন আরাফার ময়দানে সমবেত হন হাজিরা। হজের আনুষ্ঠানিকতার মূল পর্ব অনুষ্ঠিত হয়। সেই হিসেবে আগামী ৫ জুন দেশটিতে পবিত্র হজ এবং ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

    এদিকে, বাংলাদেশে ঈদুল আজহা কবে হবে, তা জানা যাবে বুধবার (২৮ মে)। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ অথবা ৮ জুন।