Category: প্রচ্ছদ

  • তামাকজনিত রোগে বছরে মৃত্যু এক লাখ বাষট্টি হাজার

    তামাকজনিত রোগে বছরে মৃত্যু এক লাখ বাষট্টি হাজার

    স্বাস্থ্য ডেস্ক: তামাকজনিত রোগের কারণে বছরে এক লাখ ৬২ হাজার মানুষ মারা যায়। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে তামাকবিরোধী জোটের ‘তামাকজাত দ্রব্যের কর প্রস্তাব ও যৌক্তিক প্রত্যাশা’ প্রাক বাজেট শীর্ষক প্রেস কনফারেন্সে এ তথ্য উঠে আসে।

    এছাড়া একই কারণে হওয়া অসংক্রামক রোগে প্রতি তিনজনের মধ্যে দু’জনের মৃত্যু হয় জানিয়ে বক্তারা জানান, তামাক কর্মক্ষম জনগোষ্ঠীকে রোগাক্রান্ত করে ফেলে। এ খাত থেকে যে পরিমাণ ট্যাক্স সরকার পায় তার থেকে বেশি ব্যয় হয় চিকিৎসায়। সরকার তামাক কোম্পানিগুলোকে নানা সুবিধা দিলেও শুল্ক বাড়াতে তেমন উদ্যোগ চোখে পড়ে না।

    তামাক নিয়ন্ত্রণে দাম বাড়িয়ে মানুষকে নিরুৎসাহিত করার পাশাপাশি সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক ব্যবস্থা প্রণয়নের দাবি জানানো হয় প্রেস কনফারেন্সে। এছাড়া ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের জন্য ব্যান্ডরোল ও ডিজিটাল ট্যাক্স সিস্টেম চালু করা, তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী ও বিক্রেতাদের লাইসেন্সিং এর আওতায় আনার দাবিও তোলেন তারা।

    তারা বলেন, তামাকজাত দ্রব্যের সর্বোচ্চ খুচরা মূল্য কার্যকরভাবে বাস্তবায়ন করা দরকার। এছাড়াও মূল্য কারসাজি রোধে বাজার তদারকি এবং তামাক চাষ নীতি দ্রুত প্রনয়ন ও বাস্তবায়নের তাগিদ দেন বক্তারা।

  • অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক ১২

    অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক ১২

    ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    আটককৃতদের মধ্যে ৭ জন নারী, ৩ জন পুরুষ ও ২ জন শিশু। তারা সবাই বাংলাদেশের নাগরিক। এছাড়া, পৃথক মাদকবিরোধী অভিযানে ৪৯০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

    বিজিবি জানায়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীনে কুমিল্লাপাড়া, বাঘাডাঙ্গা, বেনীপুর ও খোসালপুর বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ ১২ জনকে আটক করা হয়। তাদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

    মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।

  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু আগামীকাল

    বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু আগামীকাল

     খেলাধুলা ডেস্ক:  বুধবার (২৮ মে) থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

    মঙ্গলবার (২৭ মে) এই সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    বাংলাদেশে সিরিজটি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাডও দেখাবে খেলাগুলো। অন্যদিকে পাকিস্তানের দুটি চ্যানেল টেন স্পোর্টস ও এ স্পোর্টসের মাধ্যমে ব্যাট-বলের লড়াই উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

    এছাড়া, এই সিরিজ সম্প্রচার করবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজ, যুক্তরাজ্যে এআরআই, আফ্রিকায় সুপার স্পোর্টস, উত্তর আমেরিকায় উইলো টিভি ও শ্রীলঙ্কায় ডায়লগ।

    বাংলাদেশ স্কোয়াড
    লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটওয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

    পাকিস্তান স্কোয়াড
    সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, নাসিম শাহ।

  • ঠাকুরগাঁওয়ে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

    ঠাকুরগাঁওয়ে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

    জেলা প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলায় মাদক, জুয়া, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা করেছে জেলা পুলিশ সুপার । রবিবার পৌর শহরের যুবসংসদ মাঠে জেলা পুলিশের আয়োজনে ভিডিও’র মাধ্যমে প্রচারণা করা হয়।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ার হোসেন খান, দৈনিক লোকায়নের সম্পাদক সাকের উল্লাহ সহ ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলা পুলিশ বলছে, মাদক, জুয়া, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে এমন প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সেই সাথে আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।

  • গলাচিপায় সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে তৌহিদী জনতার মানববন্ধন

    গলাচিপায় সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে তৌহিদী জনতার মানববন্ধন

    নিজস্ব প্রতিনিধি: সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, গলাচিপায় সুদি মহাজনদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে ঘুষ ছাড়া সেবা পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এই দুই দুর্নীতির জাল ছিঁড়ে ফেলতে প্রশাসনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

    বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আঃ কাইয়ুম, ইসলামি আন্দোলন বাংলাদেশের গলাচিপা পৌর শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক মো. মোস্তফা খান প্রমুখ।

    মানববন্ধনে অংশগ্রহণ করেন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমকর্মীরা।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্প্রতি সুদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করা খোকন দাসের পরিবারের সদস্য সঞ্জীব দাস, গোপাল দাস, চানু দুয়ারি, কমল সরকার, পঙ্কজ গাঙ্গলি, লিটন দাস, মিন্টু দাস, হারুন গাজী ও বেবী রানী দাস।

    বক্তারা বলেন, খোকনের মতো আরও অনেকে এই সুদ-চক্রে পড়ে সর্বস্ব হারাচ্ছেন, অথচ মহাজনরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। একই সাথে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন দপ্তরে ঘুষ না দিলে ন্যায্য সেবাও মেলে না। এই ঘুষচক্র সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বক্তারা প্রশাসনের কাছে আহবান জানান, অবিলম্বে সুদি মহাজন ও ঘুষখোর কর্মচারীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনতে হবে।

    তৌহিদী জনতা ঘোষণা দেন, সুদ ও ঘুষের বিরুদ্ধে তারা মাঠে থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • পাংশায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

    পাংশায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

    জেলা প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে রবিবার (২৫মে) মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    মুুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমানের সভাপতিত্বে এবং মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কবি ও প্রাবন্ধিক কাজী ফরিদ আহম্মদ তপন বক্তব্য রাখেন।
    অনুষ্ঠানে মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন মূল প্রবন্ধ পাঠ করেন।

    পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল জলিল, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি কবি মোঃ আব্দুল মান্নাফ মুন্নু (বাংলাভাষী), মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা, পাংশা সরকারী কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ ইজাজুল হক, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা, খোকসা আবু তালেব ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস.এম. কায়কোবাদ ও পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

    কবি মোল্লা মাজেদ, কবি মোঃ এবাদত আলী সেখ, কবি মোহাম্মদ ফিরোজ হায়দার, আনোয়ারুল ইসলাম আনোয়ার, স্বপন কুমার ভট্টাচার্য, সেলিম মাহমুদ, দেবাশীষ কুন্ডু, বিকর্ণ কুমার মন্ডল, সন্ধ্যা রানী কুন্ডু ও মোঃ আবু বক্কার সিদ্দিক কবিতা আবৃত্তি করেন। সংগীত পরিবেশ করেন মোঃ কোরবান আলী বিশ্বাস। গজল পরিবেশন করেন সরদার আবু জালাল।
    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর আব্দুল বাতেন।

    ড. কাজী মোতাহার হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ কাশেদ আলী, পাংশা পলিটেকনিট ইনস্টিটিউটের ইংরেজী বিভাগের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম রুবেল, উত্তম মিত্র, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইন্তাজ আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ ইয়াছিন শেখ, মুহাম্মদ আরিফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।