Category: প্রচ্ছদ

  • আরাফার দিনে খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমাইদ

    আরাফার দিনে খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমাইদ

    আন্তর্জাতিক ডেস্ক:    ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে পঞ্চম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র হজ। সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি রবিবার ঘোষণা করেছে যে এ বছর হজে আরাফার দিনের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমাইদ।

    সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাহর দিনে খুতবা দেয়ার অনুমোদন দেন। আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবাহ দেবেন তিনি।

    শায়খ সালেহ বিন হামিদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম। তিনি দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ এবং বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

    ৯ জিলহজ আরাফাহর দিন মসজিদে নামিরা থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি। আর এই দিনটিই হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন (বৃহস্পতিবার) ২০২৫ সালের আরাফাহ দিবস হতে পারে। সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এদিন ১৪৪৬ হিজরির ৯ জিলহজ থাকবে।

    উল্লেখ্য, এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মোহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

  • সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিল করা না হলে সচিবালয় অচলের ঘোষণা

    সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিল করা না হলে সচিবালয় অচলের ঘোষণা

    নিউজ ডেস্ক:   সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিল করা না হলে সচিবালয় অচল করার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। সেইসাথে সিএল ছুটি নিয়ে অফিস না করার সিদ্ধান্তও নিয়েছেন তারা।

    সোমবার (২৬ মে) অধ্যাদেশটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। এখান থেকেই এমন ঘোষণা দিয়েছেন পরিষদের নেতারা।

    আজ সকাল থেকে তৃতীয় দিনের মতো শত শত কর্মকর্তা-কর্মচারী দফতরের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভে যোগ দেন। এ সময় সচিবালয়ে প্রবেশের প্রধান গেটগুলো বন্ধ করে দেয়া হয়। সেইসাথে, অবস্থান ধর্মঘট পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জন প্রশাসন ভবনের সামনে।

    পরিষদের নেতারা জানান, নতুন অধ্যাদেশের কারণে চাইলেই কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেয়া যাবে। আপিলের সুযোগও নেই। তাই অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় কর্মবিরতির পাশাপাশি সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকিও দেন তারা।

    এর আগে, গত তিন দিন ধরে চলা আন্দোলনে নতুন অধ্যাদেশ জারি না করার দাবি জানিয়ে আসছিলেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে গতকাল সন্ধ্যায় অধ্যাদেশ জারি করা হলে একে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে প্রত্যাহারের দাবিতে আজ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

  • ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযুক্ত মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযুক্ত মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেফতার

    আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযুক্ত মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। শনিবার (২৪ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।

    রোববার (২৫ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।গ্রেফতার হলেন– মাইন উদ্দিন, সম্রাট মিয়া, রুহুল আমিন, আনু বেগম, জয়নাল ভুইয়া, কালাম মিয়া, ফোরকান মিয়া ও মোতালেব মিয়া।

    পুলিশ জানায়, শনিবার রাতে পুলিশ আখাউড়া পৌরশহরের দেবগ্রাম মুন্সিবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১শ পিস ইয়াবাসহ মাইন উদ্দিনকে (৩০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। এছাড়া, শনিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করে।

    আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আসামিদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক

    দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক

    নিউজ ডেস্ক:  রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। রোববার রাত সাড়ে ১০টার দিকে দুই ব্যক্তি পেছন থেকে তাকে গুলি করে। খুব কাছ থেকে করা গুলিতে মুহুর্তেই লুটিয়ে পড়েন তিনি।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজনৈতিক কাজ শেষে, গুদারাঘাটের ৪ নম্বর সড়কের একটি দোকানের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি। এমন সময় পেছন থেকে এসে দুই যুবক খুব কাছ তাকে থেকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় সাধনের রক্তাক্ত দেহ সেখানেই পড়েছিলো বেশ কিছু সময়।

    পরে কয়েকজন যুবক এসে তাকে উদ্ধার করে নেন মহাখালীর একটি হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের স্ত্রীর দাবি, রাজনৈতিক দ্বন্দ্বে হয়েছে এমন হত্যাকাণ্ড। স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। সাধানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। স্ত্রী জানান, জানাজা শেষে তাকে দাফন করা হবে আশুলিয়ার কামারপাড়ার একটি কবরস্থানে।

  • ৪৬তম আসিয়ান সম্মেলন শুরু মালয়েশিয়ায়

    ৪৬তম আসিয়ান সম্মেলন শুরু মালয়েশিয়ায়

    আন্তজাতিক ডেস্ক:  মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ৪৬তম আসিয়ান সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম সোমবার (২৬ মে) সকালের উদ্বোধনী পর্বে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

    সকালে সবাই আনুষ্ঠানিক ফটোসেশানে অংশ নেন। সম্মেলনের প্রথম দিনটি নানা গুরুত্বপূর্ণ বৈঠক ও সেশন অনুষ্ঠিত হবে। স্থানীয় সকাল ৮টা ৩০ মিনিটে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর সকাল ৯টায় শুরু হয় আসিয়ান লিডারদের প্লেনারি সেশন।

    দুপুর ১২টায় নির্ধারিত আছে আসিয়ান নেতাদের গালফ কোঅপারেশন কাউন্সিল-GCC এর নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি সভা। বিকেল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে “আসিয়ান পোস্ট-২০২৫ ভিশন” বিষয়ে বিশেষ সেশন, যেখানে “কুয়ালালামপুর ঘোষণা ২০৪৫” চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। দিনের শেষদিকে, সন্ধ্যা ৭টায় নেতৃবৃন্দ সম্মেলনের আনুষ্ঠানিক ভোজসভায় অংশ নেবেন। এটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত অভ্যর্থনার অংশ। মিয়ানমারের সংকট, দক্ষিণ চীন সাগরের ভূখণ্ডগত বিরোধ এবং আঞ্চলিক বাণিজ্য কাঠামোতে পরিবর্তন—এই তিনটি বিষয় আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    আগামীকাল, ২৭ মে, আসিয়ান নেতারা গালফ কোঅপারেশন কাউন্সিল (GCC) এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।

  • প্রধান উপদেষ্টার কাছে মান্না, সেলিম ও সাকিরা যে দাবি তুলে ধরলেন

    প্রধান উপদেষ্টার কাছে মান্না, সেলিম ও সাকিরা যে দাবি তুলে ধরলেন

    নিউজ ডেস্ক:   নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানবিক করিডর ইস্যুসহ উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

    রোববার (২৫ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দফায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা।

    বৈঠক শেষে বেরিয়ে একে একে কথা বলেন নেতারা। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের উপযুক্ত পরিবেশ পাবেন না বলে ধারণা করেছিলেন। তাই তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। নির্বাচনের জন্য একটু শক্তিশালী প্রশাসন দরকার, সেটি প্রস্তুত হলেই নির্বাচন আয়োজন হবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। মঞ্জু আরও বলেন, ৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছে তার দল।

    সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে ও দেশের বাইরে থেকে গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে ষড়যন্ত্র হচ্ছে। মতের পার্থক্য থাকবে এটা মেনে নিতে হবে, কিন্তু কোনটা কার্যকর হবে সেটা ঠিক করবে জনগণ।

    তিনি আরও বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কার দরকার, তা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সময়ক্ষেপণ করলে পরিস্থিতি ঘোলাটে হবে, তখন কিছু করার থাকবে না।

    নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতীয় আধিপত্যবাদ আমাদের এ অর্জন মেনে নিতে পারছে না। পারলে একদিনে তা ধ্বংস করে দেবে। এটা যাতে কোনোভাবেই না হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গেলো কয়দিনের ঘটনায় প্রধান উপদেষ্টার মন খারাপ ছিল। এজন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাঝনদীতে মাঝি বদলাতে হয় না উল্লেখ করে তিনি বলেন, এ জন্য ড. ইউনূসের ওপর সবাই আস্থা রাখাতে চায় বলে তাকে জানানো হয়েছে।

    তিনি আরও বলেন, অনেকক্ষেত্রে অন্তর্বর্তী সরকার দলনিরপেক্ষ অবস্থা বজায় রাখতে পারছে না। এটি পরিহার করে নিরপেক্ষ আচরণ দেখতে চাই। এক সরকারের মধ্যে আরেকটি সরকার দেখতে চাই না। মানবিক করিডরসহ জাতীয় কোন সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া নেয়া উচিত নয় বলেও বৈঠকে মন্তব্য করেন সাইফুল হক।

    গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেই তাকে (ড. ইউনূস) যেতে হবে। নানা ধরনের অনাস্থা তৈরি হচ্ছে, এরমধ্য দিয়ে দূরত্ব তৈরি হচ্ছে। এই জায়গাটা দূর করতে হবে বলেও তিনি বৈঠকে জানিয়েছেন। তিনি বলেছেন, জনগন দৃশ্যমান বিচার দেখতে চায়। বিচারের আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে, সে ব্যাপারেও দৃষ্টি দেয়ার আহ্বান জানান তিনি।

    বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন সাকী। প্রধান উপদেষ্টাও বলেছেন, এটা যে জরুরি তা সরকারও মনে করে। তবে, নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, যে প্রতিষ্ঠানগুলো জড়িত, সে প্রতিষ্ঠানগুলো যখন আত্মবিশ্বাসী হবেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা প্রস্তুত, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।