Category: প্রচ্ছদ

  • চা শ্রমিক দিবস আজ

    চা শ্রমিক দিবস আজ

    নিউজ ডেস্ক:   ২০ মে ঐতিহাসিক চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস। সিলেটসহ সারাদেশের চা বাগানগুলোতে নানা আয়োজনে পালিত হবে দিবসটি।

    ১৯২১ সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় চা শ্রমিকদের। এরপর থেকে চা-শ্রমিকরা ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন এই দিনটি।

    চা শিল্প সংশ্লিষ্টরা জানান, পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে চীন ছাড়া পৃথিবীর অন্য কোথাও চায়ের প্রচলন ছিল না। ১৮৫৪ সালে পরীক্ষামূলকভাবে সিলেটের মালিনীছড়া চা বাগানে চা চাষ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেসময় বৃহত্তর সিলেটে চা বাগান তৈরির জন্য ভারতের আসাম, উড়িশা, বিহার, উত্তর প্রদেশসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের নিয়ে আসা হয়। ‘গাছ হিলেগা, রুপিয়া মিলেগা’ এমন প্রলোভনে শ্রমিকরা বাংলাদেশে এলেও তাদের ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। বিশাল পাহাড় পরিষ্কার করে চা বাগান করতে গিয়ে হিংস্র পশুর কবলে পড়ে কত শ্রমিকের জীবন গেছে তার কোনো হিসাব নেই। এছাড়া ব্রিটিশদের অত্যাচার তো ছিলই।

    তাদের অব্যাহত নির্যাতনের প্রতিবাদে তৎকালীন চা শ্রমিক নেতা পণ্ডিত গঙ্গাচরণ দীক্ষিত ও পণ্ডিত দেওসরণ ‘মুল্লুকে চল’ (দেশে চল) আন্দোলনের ডাক দেন। ১৯২১ সালের ২০ মে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা শ্রমিক সিলেট থেকে পায়ে হেঁটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান। তারা জাহাজে চড়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ গোর্খা সৈনিকরা গুলি চালিয়ে শত শত চা শ্রমিককে হত্যা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়। যারা পালিয়ে এসেছিলেন তাদেরও আন্দোলন করার অপরাধে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়। চা শ্রমিকদের পরানো হয় একটি বিশেষ ট্যাগ। পায়নি তারা ভূমির অধিকার। এরপর থেকেই প্রতি বছর ২০ মে চা শ্রমিক দিবস হিসেবে দিনটি পালন করছেন চা শ্রমিকরা।

  • দুই সপ্তাহ থেকে দিনে মাত্র এক বেলা খেতে পারছি: ফিলিস্তিনি সাংবাদিক বিসান ওয়াদা

    দুই সপ্তাহ থেকে দিনে মাত্র এক বেলা খেতে পারছি: ফিলিস্তিনি সাংবাদিক বিসান ওয়াদা

    আন্তর্জাতিক ডেস্ক:    গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানের মধ্যেই খাদ্য, পানি ও মৌলিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে। গাজাবাসী, বিশেষত শিশু ও চিকিৎসাকর্মীরা চরম অপুষ্টি ও ক্লান্তির মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিসান ওয়াদা। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    গাজার ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করে ওয়াদা বলেন, ‘ইসরায়েল ৭৭ দিন ধরে গাজায় খাদ্য প্রবেশে বাধা দিচ্ছে। আমি গত দুই সপ্তাহ থেকে দিনে মাত্র এক বেলা খেতে পারছি।’

    তিনি আরও বলেন, ‘ডাক্তার, নার্স, সিভিল ডিফেন্সের কর্মীরা—সবাই একই পরিস্থিতিতে বাঁচার চেষ্টা করছেন। আমরা অপুষ্টিতে ভুগছি, পরিবারগুলো বাস্তুচ্যুত, আর আমরা খালি হাতে ইসরায়েলকে মোকাবেলা করছি।’

    ওয়াদা আবেদন করেন, ‘আমরা শুধু বাঁচতে চাই। বিশ্ব আমাদের দিকে তাকাক—এই অবরোধ ও নিষ্ঠুরতা বন্ধ হোক। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে পৌঁছানোই এখন একমাত্র আশা।’

  • ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

    ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

    গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃত মোস্তাফিজুর বাদিয়াখালী ইউনিয়নের রামনাথেরভিটা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে স্থানীয় বাদিয়াখালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

    নিহতের পরিবার জানায়, সোমবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো মোস্তাফিজুর বাড়ির পাশেই এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। বাড়িতে ফেরার পথে বৃষ্টির মধ্যে পা পিছলে স্কুল ব্যাগসহ ডোবার ভেতর পড়ে যায় মোরশেদ। যথাসময়ে সে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে দুপুরে ডোবা থেকে মৃত অবস্থায় মোরশেদের মরদেহ উদ্ধার করা হয়।

    বাদিয়াখালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল আম্বিয়া বলেন, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ডোবার পানিতে ডুবে মোরশেদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ধারণা করা হচ্ছে, বৃষ্টির মধ্যে কাঁচা সড়ক থেকে পিছলে ডোবায় পড়ে যায় মোরশেদ। সাতার না জানায় তার মৃত্যু হয়েছে।

  • পিএসএল খেলার জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অনাপত্তিপত্র

    পিএসএল খেলার জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অনাপত্তিপত্র

    খেলাধুলা ডেস্ক:   পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

    ২২ থেকে ২৫ মে পর্যন্ত সময়ের জন্য মিরাজকে পিএসএলে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে। তিনি লাহোর কালান্দার্স দলের হয়ে মাঠে নামবেন।

    এনওসি পাওয়ার সুবাদে দ্বিতীয়বারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন মিরাজ। এর আগে, ২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ এসেছিল মিরাজের সামনে। যদিও সেবার ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ম্যাচ খেলার সুযোগ হয়নি।

    জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার বিকল্প হিসেবে মিরাজকে নিতে আগ্রহী লাহোর কালান্দার্স। কেননা, ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন তিনি।

    লাহোর কালান্দার্সের এলিমিনেটর ম্যাচ ২২ মে, জয় পেলে দ্বিতীয় কোয়ালিফায়ার ২৩ মে, আর ফাইনাল ২৫ মে। ফলে প্লে-অফের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচেই মিরাজকে পাচ্ছে দলটি।

    উল্লেখ্য, লাহোর কালান্দার্সের হয়ে আগেই মাঠে নেমেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে থাকায় আর পিএসএলে অংশ নিচ্ছেন না। এখন দলে আছেন আরেক বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

  • যশোরের সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    যশোরের সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    যশোর প্রতিনিধি: সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী যুবলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ওরফে রেন্টু চাকলাদার, তার স্ত্রী শামীমা শারমিন এবং ছেলে সায়েদ আনান চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ মে) বিকেলে যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

    তিনি জানান– দুদকের অনুসন্ধান আবেদনে জানানো হয়, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে তদন্তের জন্য দুদকের সহকারী পরিচালক আল-আমীনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় কমিশনের প্রধান কার্যালয়।

    তিনি আরও জানান, অনুসন্ধান চলাকালে তারা জানতে পারে, অভিযুক্ত তিনজনই দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন; যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে। এর পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে এ নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।

    প্রসঙ্গত, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই রেন্টু চাকলাদার সপরিবারে দেশের বাইরে চলে যান বলে তার বলে নিকটজনরা জানিয়েছেন।

  • ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেবে : নেতানিয়াহু

    ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেবে : নেতানিয়াহু

    আন্তর্জাতিক ডেস্ক:  ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দেশটির সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেবে।

    টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘লড়াই তীব্র হচ্ছে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। খুব তাড়াতাড়ি পুরো গাজা আমাদের নিয়ন্ত্রণে আসবে।’

    এদিকে, দক্ষিণ গাজার খান ইউনিস শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদেরকে ইসরায়েলি সেনাবাহিনী হামলা আগে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

    ইসরায়েলকে অবরোধ শিথিল করতে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল।

    এদিকে, ইসরায়েলের চরমপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির মানবিক সহায়তা বিরোধী অবস্থান নিয়ে বলেছেন, ‘আমাদের জিম্মিরা কোনো সাহায্য পাচ্ছে না।’

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ মার্চ থেকে চলা অভিযানে ৩,১৯৩ জন নিহত হয়েছে, যুদ্ধে মোট মৃত্যু ৫৩,৩৩৯ ছাড়িয়েছে।