Category: প্রচ্ছদ

  • শিবগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

    শিবগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৭ মে ২০২৫) বিকাল ৫টায় পাঁকা ইউনিয়নের হাসানপুর লক্ষীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করে পাঁকা ইউনিয়ন বিএনপি।

    পাঁকা ইউনিয়ন বিএনপি সভাপতি, মো দুরুল হুদা পাঁচু এর সভাপতিত্বে বক্তারা বলেন, দেশের সার্বিক অবস্থা থেকে মুক্তি পেতে রাষ্ট্র কাঠামো সংস্কার অত্যন্ত জরুরি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তাঁরা মত প্রকাশ করেন।

    এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। তারা সরকারের নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপির ৩১ দফা আন্দোলনে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

    আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে এমন বৈঠকের আয়োজন অব্যাহত রাখবেন।

  • কাশিমপুরে ‘সুদ-মাদক সম্রাট’ মোঃ আলম মিয়ার বিরুদ্ধে তোলপাড়—ভয়ে মুখ খুলতে কাঁপে জনপদ

    কাশিমপুরে ‘সুদ-মাদক সম্রাট’ মোঃ আলম মিয়ার বিরুদ্ধে তোলপাড়—ভয়ে মুখ খুলতে কাঁপে জনপদ

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুর মহানগরের কাশিমপুর, সারদাগঞ্জ ও কাজী মার্কেট এলাকাগুলো যেন এখন এক ভয়াল সাম্রাজ্যের নাম। ভয়, জুলুম, মাদক, সুদ আর সন্ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন মোঃ আলম মিয়া (৪৫), যিনি রংপুর জেলার পীরগাছা থানার সুবিদ গ্রাম থেকে উঠে এসে এই জনপদে দাঁড় করিয়েছেন এক ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য।

    আসামী মোঃ আলম মিয়ার বিরুদ্ধে রয়েছে ভয়াবহ অভিযোগের পাহাড়। সুদের নামে দিনে দিনে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ, আর মাদকের ছায়া বিস্তৃত হয়ে গিলে ফেলছে এলাকার ভবিষ্যৎ। অথচ প্রশাসন নিরব। সাংবাদিক নির্যাতন, হুমকি এবং জনসাধারণের মুখ বন্ধ করতে ভয়ভীতি প্রদর্শন—এসব যেন আলম মিয়ার নিত্য অভ্যাসে পরিণত হয়েছে।

    ভয়াল সুদের ফাঁদে নিঃস্ব মানুষ, একজন ভুক্তভোগী নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব্যক্তি বলেন, “২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। এখন প্রতিদিন ৬০০ টাকা করে সুদ দিচ্ছি। মাস শেষে সুদই হয় ১৮ হাজার টাকা! মূল ঋণ তো কখনো শেষ হবে না।”
    ৯০% মাসিক সুদে অর্থঋণ দেওয়া এক ভয়ংকর মানবতাবিরোধী ফাঁদ—যেখানে জীবন হারায় মূল্য, আর ন্যায্যতা হয়ে পড়ে নিঃস্ব।

    আইন বিশেষজ্ঞরা বলছেন, মোঃ আলম মিয়ার কর্মকাণ্ড একাধিক দণ্ডনীয় অপরাধের আওতায় পড়ে:

    বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী—

    ধারা ৪০৬: বিশ্বাসভঙ্গ

    ধারা ৪২০: প্রতারণা

    ধারা ৫০৬: প্রাণনাশের হুমকি

    অর্থনৈতিক অপরাধ দমন আইন, ২০১৬ অনুযায়ী—
    অস্বাভাবিক হারে সুদে ঋণ প্রদান ও অর্থনৈতিক নিপীড়ন স্পষ্টতই শাস্তিযোগ্য। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অধীনে এ ধরনের অপরাধ তদন্ত ও বিচারযোগ্য।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (ধারা ৩৬)
    মাদক সংরক্ষণ, সরবরাহ ও বিক্রির জন্য যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত বিধান রয়েছে।

    তথ্যপ্রমাণ সত্ত্বেও অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়ায়, যা রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা ও আইনের কার্যকারিতার ওপর বড় প্রশ্ন তোলে।

    সাংবাদিক নির্যাতন ও হুমকির বিরুদ্ধে ক্ষোভ,
    মাদকের জালের সত্য অনুসন্ধানে গেলে তাদের ওপর নেমে আসে বর্বর হামলা।
    আলম মিয়া প্রকাশ্যে বলে বসেন:
    “রাত ১০টার পর তোকে গাজীপুরে দেখতে চাই না। সাংবাদিক আমার পকেটে থাকে।”

    এই বক্তব্য শুধু এক ব্যক্তির নয়—এ যেন গোটা গণতন্ত্রকে উপহাস করার স্পর্ধা। সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা যেখানে সংবিধান স্বীকৃত (বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯), সেখানে এমন হুমকি জাতির অন্তরে আঘাত হানে।

    আলম মিয়ার নেতৃত্বে জেরিন মিয়া, আমিনুল ইসলাম, আফসার মিয়া ও আরও ২০-২৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র কাশিমপুরে চালায় ত্রাসের রাজত্ব। জমি দখল, চাঁদাবাজি, হুমকি ও নির্যাতনের ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত। অভিযোগ করলেই পাল্টা হামলার শিকার হতে হয়।
    প্রশাসন? তারা কেবল দেখে, শোনে, কিন্তু কিছুই করে না।

    মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের ৫ দফা দাবি

    ১. দুদক-এর মাধ্যমে অবৈধ সুদ, অর্থনৈতিক অপরাধ ও সম্পদের উৎস অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা গ্রহণ।
    ২. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্তৃক তদন্ত করে মাদক মামলায় আলম মিয়াকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।
    ৩. পুলিশ ও র‌্যাবের মাধ্যমে অভিযুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান।
    ৪. সাংবাদিক ও ভুক্তভোগীদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা।
    ৫. একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

    সত্য প্রকাশের অপরাধে যদি সাংবাদিক রক্তাক্ত হয়, মানুষ নিঃস্ব হয়, আর প্রশাসন নিশ্চুপ থাকে—তবে কি এটাই আমাদের রাষ্ট্রযন্ত্রের প্রতিচ্ছবি?
    মোঃ আলম মিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি নয়—এটা আমাদের জাতীয় দায়বদ্ধতা।

    সত্যকে বাঁচাতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে, ভয়মুক্ত বাংলাদেশ গড়তে এই ‘অপরাধ সাম্রাজ্য’ এখনই ভাঙতে হবে।

  • বুন্দেসলিগায় ব্যাক টু ব্যাক আসরের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন

    বুন্দেসলিগায় ব্যাক টু ব্যাক আসরের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন

    খেলাধুলা ডেস্ক:  বুন্দেসলিগায় ব্যাক টু ব্যাক আসরের সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। সর্বোচ্চ ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই লিগ শেষ করেছেন তিনি। অপরদিকে, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে জায়গা করে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

    শনিবার (১৭ মে) লিগ মৌসুমের সমাপনী ম্যাচ ডে শেষে চূড়ান্ত পয়েন্ট তালিকায় শীর্ষ চার দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করে বায়ার্ন, লেভারকুজেন, ফ্রাঙ্কফুর্ট ও ডর্টমুন্ড।

    প্রতিপক্ষের মাঠে বায়ার্নের দাপুটে পারফরম্যান্সের দেখা মিলল শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা হাইফেনহাইমের বিপক্ষে। আগেই লিগ শিরোপা পুনরুদ্ধারের পর গোল উৎসব করে মৌসুমের শেষটা রাঙিয়েছে জার্মান জায়ান্টরা।

    শেষ রাউন্ডের ম্যাচে ৪-০ গোলে বড় জয় পায় বাভারিয়ানরা। একটি করে গোল করেছেন মাইকেল ওলিসে, জসুয়া কিমিখ, জিনাব্রি ও হ্যারি কেইন।

    উল্লেখ্য, সবশেষ সাত লিগ ম্যাচের মধ্যে ৬টি জিতে দশম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে ডর্টমুন্ড।

  • বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতীর অন্তত ১০টি গ্রাম প্লাবিত

    বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতীর অন্তত ১০টি গ্রাম প্লাবিত

    স্টাফ রিপোর্ট :  উজানের ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতীর অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। রোববার (১৮ মে) ভোররাতে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয় বাঁধ।

    নদীর বাঁধ ভেঙে সোমেশ্বরীর পানিতে তলিয়ে যায় অর্ধশতাধিক বাড়িঘর আর দোকানপাট। পানির তোড়ে লন্ডভন্ড হয়ে গেছে নদী তীরবর্তী সড়ক। এ অঞ্চলে বন্ধ রয়েছে চলাচল। তবে, সময়ের সাথে কমে আসছে পানি।

    কিন্তু আকস্মিক ঢলে বোরোর আবাদের লোকসান হয়েছে বলছেন প্রান্তিক কৃষকরা। ক্ষতি হয়েছে কৃষকদের সঞ্চিত ধানের। পানি আরও কমে আসলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • যুদ্ধ বন্ধে ব্যর্থ হওয়া পুতিনের সাথে ফোন আলাপের সিদ্ধান্ত ট্রাম্পের

    যুদ্ধ বন্ধে ব্যর্থ হওয়া পুতিনের সাথে ফোন আলাপের সিদ্ধান্ত ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্ক:  যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেনের সরাসরি আলোচনা ব্যর্থ হওয়ার পর, এবার পুতিনের সাথে ফোনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদসংস্থা সিএনএন।

    প্রতিবেদনে জানানো হয়, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে নিজেই এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।

    এতে, ৩ বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, রক্তপাত বন্ধেই রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    অপরদিকে, আগামী সোমবার দুই প্রেসিডেন্টের ফোনালাপের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে মস্কো।

    প্রতিবেদনে আরও জানানো হয়, পুতিনের সাথে আলোচনার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকেও ফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • বার্ষিক উন্নয়ন কর্মসূচি, ২ লাখ ৩০ হাজার কোটি টাকা অনুমোদন করেছে পরিকল্পনা কমিশন

    বার্ষিক উন্নয়ন কর্মসূচি, ২ লাখ ৩০ হাজার কোটি টাকা অনুমোদন করেছে পরিকল্পনা কমিশন

    অর্থনীতি ডেস্ক:  আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা অনুমোদন করেছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় ৫ খাতেই ৭০ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। যার মধ্যে শুধু পরিবহন ও যোগাযোগ খাতই ২৫ শতাংশ বরাদ্দ পেয়েছে।

    অপ্রয়োজনীয় ব্যয় কমাতে চলতি অর্থবছরের মূল এডিপি থেকে ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৪৪ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ৮৬ হাজার কোটি টাকা। এডিপিতে মোট ২ লাখ ১৫ হাজার ৫১৪ কোটি টাকা এক হাজার ১৪২ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে।

    জানা গেছে, বরাবরের মতো এবারও অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহণ ও যোগাযোগ খাতে। মোট বরাদ্দের ২৫.৬৪ শতাংশ বা ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা বরাদ্দ থাকছে পরিবহণ ও যোগাযোগ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪.০৮ শতাংশ বা ৩২ হাজার ৩৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। ১২.৪২ শতাংশ বা ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাত। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে ৯.৯০ শতাংশ বা ২২ হাজার ৭৭৬ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। আর স্বাস্থ্য খাত পেয়েছে ৭.৮৯ শতাংশ বা ১৮ হাজার ১৪৮ কোটি টাকা ।

    এছাড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ১৩ হাজার ৪৭২ কোটি, কৃষি খাতে ১০ হাজার ৭৯৫ কোটি টাকা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ খাতে ১০ হাজার ৬৪১ কোটি টাকা, শিল্প ও অর্থনীতিক সেবা খাতে ৫ হাজার ৩৮ কোটি টাকা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা, ধর্ম, সংস্কৃতি ও বিনোদন খাতে ৩ হাজার ৬৭৫ কোটি টাকা, জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে ২ হাজার ৭৭৭ কোটি টাকা, সামাজিক সুরক্ষা খাতে ২ হাজার ১৮ কোটি টাকা, সাধারণ সরকারি সেবা খাতে এক হাজার ৮৭৭ কোটি টাকা ও প্রতিরক্ষা খাতে ৪৭৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

    সূত্র জানায়, চলতি অর্থবছরের এডিপিতে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে সংশোধিত এডিপিতে তা কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা করা হয়েছে। আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত এডিপির তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো চাহিদা দিয়েছে ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা।

    চলতি অর্থবছরের মূল এডিপিতে সরকারের অর্থায়ন ছিল ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা, আর বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ কোটি টাকা। আগামী অর্থবছর উন্নয়ন কর্মসূচিতে সরকারের অর্থায়ন কমে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকায় নেমেছে, আর বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ১৪ হাজার কোটি টাকা কমিয়ে ৮৬ হাজার কোটি টাকায় নামানো হয়েছে।