Category: প্রচ্ছদ

  • আজও নগরভবন আটকে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা

    আজও নগরভবন আটকে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা

    অনলাইন ডেস্ক : ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা।

    রোববার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। নগরভবনের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন তারা। ফলে, ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাগ্রহীতারা।

    ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন উপস্থিত সমর্থকরা।

    গতকাল শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।

    গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

  • এনবিআর ভেঙে নতুন ২টি বিভাগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

    এনবিআর ভেঙে নতুন ২টি বিভাগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

    নিজস্ব প্রতিনিধি : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে “রাজস্ব নীতি বিভাগ”ও “রাজস্ব প্রশাসন বিভাগ”নামে দুটি পৃথক বিভাগ গঠন করে অধ্যাদেশ জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব প্রশাসন বিভাগ’ নামে দুটি পৃথক ইউনিট গঠনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

    রোববার রিট আবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    রিটে দাবি করা হয়েছে, এই সিদ্ধান্ত সংবিধানবিরোধী এবং সরকারের আইনি ক্ষমতার বাইরে নেওয়া হয়েছে। একই সঙ্গে, রিটকারীর পক্ষ থেকে আদালতের কাছে অধ্যাদেশটির কার্যকারিতা স্থগিত রাখারও আবেদন জানানো হয়েছে, অন্তত চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত।

    তথ্য সূত্রে জানা গেছে, রিট আবেদনের শুনানি হতে পারে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে।

    আইনজীবী জুয়েল আজাদ বলেন, “এনবিআর ছিল একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এর দক্ষতা বাড়ানো যেত। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা বা মতামত গ্রহণ করা হয়নি। এনবিআরকে বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ গঠনের সিদ্ধান্তটি গণতান্ত্রিক ও সংবিধানসম্মত নয়।”

  • ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবো না: মাসুদ পেজেশকিয়ান

    ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবো না: মাসুদ পেজেশকিয়ান

    আন্তর্জাতিক ডেস্ক:   সম্প্রতি কাতার সফরে ইরান নিয়ে বেশকিছু মন্তব্য করে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতি উত্তরে ইরানও ছেড়ে কথা বললো না। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানালেন, ট্রাম্পের কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান।

    বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তিন দিনের উপসাগরীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সমালোচনা করলে তার জবাবেই এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন পেজেশকিয়ান।

    বুধবার (১৪ মে) রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের জন্য শহীদ হওয়া বিছানায় মৃত্যুর চেয়ে অনেক মধুর। আমরা কোনও হুমকির কাছে মাথা নত করব না।

    এর আগে, মঙ্গলবার রিয়াদে জিসিসি শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের সাথে চুক্তি করতে হলে আগে দেশটিকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। রক্তাক্ত প্রক্সি যুদ্ধ বন্ধ করতে হবে। স্থায়ীভাবে বন্ধ করতে হবে পারমাণবিক অস্ত্র বানানো।

    ট্রাম্প আরও বলেন, যদি ইরান এই শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

    এরইমধ্যে ওয়াশিংটন এবং তেহরান ওমানের মধ্যস্থতায় পারমাণবিক কর্মসূচি নিয়ে চারটি বৈঠক করেছে। যদিও এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দেশ দুটি।

  • দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা

    দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা

    নিউজ ডেস্ক:   দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এ ঘোষণা দেন তিনি।

    ড. রইস উদ্দিন বলেন, আমাদের তিন দফা দাবির সঙ্গে আরও একটি দাবি যোগ করেছি। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার বিচার আমাদেরকে দিতে হবে। এসব দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ফিরে যাবো না। সে অর্থে ক্যাম্পাস শাটডাউন থাকবে।

    এর আগে, বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে যাত্রা করে কয়েকশত শিক্ষার্থী। পথিমধ্যে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    তবে, কাকরাইল মোড় পৌঁছালে সেখানে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এসময় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ আহত হয় অন্তত ৩৮ জন।

    এরপর রাত ১০টার দিকে আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান উপদেষ্টা মাহফুজ। সেখানে তার ওপর বোতল ছুড়ে মারে এক ক্ষুব্ধ শিক্ষার্থী।

    তবে প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দ্রুতই প্রধান উপদেষ্টা বৈঠক করবে। বৈঠকে শিক্ষার্থীদের ৩ দফা দাবির বিষয়ে সমাধান করার চেষ্টা করা হবে। যেকোনো যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার কথা শুনবে।

    উপদেষ্টার আশ্বাসেও আন্দোলন থামায়নি জবি শিক্ষার্থীরা। গভীর রাতেও রাজপথে অনড় অবস্থানে ছিলেন তারা। দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন।

    সরেজমিন দেখা গেছে, গভীর রাতেও কাকরাইলে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অনেকে রাত কাটিয়েছেন সড়কে শুয়ে, সড়কেও ঘুমিয়েছেন অনেকে। গভীর রাতেও থেমে থেমে স্লোগান দিতে দেখা গেছে তাদের।

    জানা গেছে, গত সোমবার শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও দাবি মানা হয়নি বলে অভিযোগ তোলে শিক্ষার্থীরা।

    তাদের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সংশ্লিষ্ট দাবিগুলো যথাযথভাবে উপস্থাপন করলেও ইউজিসি বরাবরের মতোই দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে। সেখান থেকে ক্যাম্পাসে ফিরে বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের প্রতিনিধিরা একত্রে আলোচনা করে ‘লং মার্চ টু যমুনা’র ঘোষণা দেয়।

    শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

    ১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

    ২. জবির ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

    ৩. জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

    নতুন যুক্ত হওয়া দাবিটি হলো—

    ৪. শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার যথাযথ বিচার ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

  • সাময়িক বন্ধের পর পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার

    সাময়িক বন্ধের পর পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার

    নিউজ ডেস্ক:  সাময়িক বন্ধের পর আগামী ২১ মে থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার। পাশাপাশি টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে, গত ২ মে থেকে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রেখেছিল নভোএয়ার।

    বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

    তিনি বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২১ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। সাময়িক বিরতিকালে আমরা সম্মানিত যাত্রী এবং শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।

    নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।

    এদিকে, টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে VQWEBAPP লিখে টিকিট ক্রয় করতে হবে।

    যাত্রীরা আজ বৃহস্পতিবার থেকেই নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।

  • ২শ কেজি গাঁজাসহ দুই নারী আটক

    ২শ কেজি গাঁজাসহ দুই নারী আটক

    কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ২শ কেজি গাঁজাসহ তাসলিমা বেগম (৩৭) ও ইসরাত জাহান (১৯) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। তারা সম্পর্কে মা ও মেয়ে।

    বুধবার (১৪ মে) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেব মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

    কোতোয়ালি থানা পুলিশ জানায়, বুধবার ভোর রাতে মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৫ মণ (২০০ কেজি) গাঁজা জব্দ করে পুলিশ। আটক করা হয় ইসরাত জাহান ও তার মেয়ে তাসলিমা বেগমকে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ নামের তিন অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে যায়।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, তাসলিমা বেগমের বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। এবার মা-মেয়ে দুজনকে আটক হলো। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক মা-মেয়েকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।