Category: প্রচ্ছদ

  • নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি আন্দোলন চালাচ্ছে :উপদেষ্টা আসিফ মাহমুদ

    নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি আন্দোলন চালাচ্ছে :উপদেষ্টা আসিফ মাহমুদ

    নিউজ ডেস্ক:    যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে দাবি আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি আন্দোলন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনের আন্দোলনের বিষয়ে সোমবার (১৯ মে) সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে এসব কথা জানান তিনি।

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:

    ‘প্রথমত, আর্জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে।

    দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে, এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি।

    তৃতীয়ত, আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও, মতামত দেয়ার আগেই এবং একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত ১০টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

    চতুর্থত, উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না, এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই।

    পঞ্চমত, শপথ না দেয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা এখনও বিচারাধীন।

    ষষ্ঠত, বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায়, আর্জি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল। ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না।

    সপ্তমত, মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে; কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কিনা তা স্পষ্ট নয়।

    অষ্টম, নির্বাচন কমিশনের চিঠিতে “কোনোপ্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ” এর কথা বলা হয়েছে। স্পষ্টতই বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা, লিগ্যাল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে।

    নবমত, এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে।

    দশমত, আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী আমলের নির্বাচনগুলো বৈধ, তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না।

    উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরোল্লিখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়াসহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

    এসকল জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ দিতে কোনো সমস্যা নেই। তবে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না! আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করছে, কারণ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে।’

  • যারা পালিয়ে গেছে তাদের কিছু অর্থ জব্দ হয়েছে : গভর্নর আহসান এইচ মনসুর

    যারা পালিয়ে গেছে তাদের কিছু অর্থ জব্দ হয়েছে : গভর্নর আহসান এইচ মনসুর

    নিউজ ডেস্ক: যারা পালিয়ে গেছে তাদের কিছু অর্থ জব্দ করা হয়েছে। কিভাবে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    সোমবার (১৯ মে) দুপুরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

    গভর্নর বলেন, যেসব অর্থ ব্যাংক থেকে দুর্নীতি করে নেয়া হয়েছে সেগুলো ব্যাংকে ফেরত দেয়া হবে। আর যেগুলো নন ব্যাংকিং অর্থ সেগুলো সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। টাকা ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের নেই। বিদেশিদের সহায়তা পেয়ে গেলে অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশে ব্যাংকে দুর্নীতি হলে দুদক তদন্ত করবে। দুদক তার নিজস্ব আইন অনুযায়ী কাজ করবে। নগদের বোর্ডে যারা ছিলো তারা ৬৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের হাতে নগদের কাজ ফিরে যাওয়া উচিত নয়। নগদের যারা অপকর্মের সাথে জড়িত তারা তাদের অপকর্মের ডাটা থেকে মুছে ফেলতে পারে শঙ্কা প্রকাশ করেন গভর্নর।

    ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যবহার করতে ফান্ড গঠন করা হবে।

  • সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল

    সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল

    নিউজ ডেস্ক:   সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। সোমবার (১৯ মে) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল।

    দুপুরের দিকে ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে ইকরামুল হাসান শাকিলের অভিযান সমন্বয়কেরা জানিয়েছেন, ‘এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প ৪–এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেয়া যাচ্ছে না।’

    এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে মাউন্ট এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ইকরামুল হাসান শাকিল। তিনি পায়ে হেঁটে নিজের এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’।

    ইকরামুল হাসান পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে। হিমালয়ের ‘কেয়াজো-রি’, ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ ও ‘হিমলুং’, ‘ডোলমা খাং’ পর্বতশৃঙ্গ আরোহণ করেছেন সফলভাবে।

    এর আগে, ২০২৩ সালে ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ নামে পরিচিত হিমালয় পর্বতমালার মধ্য দিয়ে নেপালের পূর্ব থেকে পশ্চিমে চলে যাওয়া ১ হাজার ৭শ’ কিলোমিটার দৈর্ঘ্যের দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে আলোচনায় এসেছিলেন ইকরামুল।

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতাকর্মী পদত্যাগ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতাকর্মী পদত্যাগ

    স্টাফ রিপোর্ট:  রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগরের আহ্বায়ক, সদস্য সচিবসহ শীর্ষ ৪ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলে দলটির ১৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

    রোববার (১৮ মে) রাতে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। এসময় জেলা আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মহানগর আহ্বায়কের বিরুদ্ধে অভিযোগ করেন পদত্যাগকারীরা।

    এর আগে, গেলো ১৫ মে নেতাদের দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন জেলা কমিটির আরেক সদস্য মাহমুদুর রহমান লিওন। তাদের দাবি, অভিযুক্তরা বিভিন্ন স্থান থেকে চাঁদা তুলে তা আত্মসাৎ করেছেন। পদত্যাগকারীদের বেশ কয়েকজন ছাত্রলীগের সাথে জড়িত বলে দাবি করেছেন মহানগর ও জেলা আহ্বায়ক।

  • গাজায় যুদ্ধ বন্ধে শর্ত এঁটে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    গাজায় যুদ্ধ বন্ধে শর্ত এঁটে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    আন্তর্জাতিক ডেস্ক:  গাজায় যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল। তবে হামাসকে বেশকিছু শর্ত এঁটে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থায়ী আগ্রাসন থামাতে নিরস্ত্রীকরণ তো করতেই হবে, সেইসাথে উপত্যকাও ছাড়তে হবে হামাস সদস্যদের। একইসাথে মুক্তি দিতে হবে সকল জিম্মিদের। তেলআবিবের এমন শর্তের বিপরীতে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি।

    হামাস নির্মূলের অজুহাতে গাজায় দীর্ঘ দেড় বছর চলছে ইসরায়েলি আগ্রাসন। প্রাণ গেছে ৫৩ হাজার ফিলিস্তিনির। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা কয়েক হাজার মরদেহ। লক্ষ্য পূরণে যে অনেকটাই ব্যর্থ তেলআবিব হামাস সদস্যদের এই উপস্থিতি তারই প্রমাণ।

    বাধ্য হয়ে যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ পুনরায় হামলা শুরু করে আইডিএফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পর সম্প্রতি যা আরও জোরালো হয়। এদিকে, কাতারে চলমান আলোচনার মাঝেই গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। আর স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আগে থেকেই দাবি জানিয়ে আসছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।

    এবার তেলআবিব জানালো উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি তারা। যুক্তরাষ্ট্রের দেয়া অস্থায়ী কিংবা হামাসের স্থায়ী দুই প্রস্তাবেই সম্মত নেতানিয়াহু প্রশাসন। বিনিময়ে দেয়া হয়েছে বেশকিছু কঠিন শর্ত।

    স্থায়ীভাবে আগ্রাসন বন্ধ চাইলে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে হামাসকে। করতে হবে অস্ত্র সমর্পণ; পাশাপাশি উপত্যকা ছেড়ে বেছে নিতে হবে নির্বাসিত জীবন। আর সব জিম্মিকে একসাথে ছাড়ার শর্ত তো রয়েছেই। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় এসব দাবি।

    এর আগে, গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এবার সেই অবস্থান থেকে সরে আসতে দেখা গেছে বেনিয়ামিন নেতানিয়াহুকে।

  • ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

    ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

    নিউজ ডেস্ক:    ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। শুক্রবার (১৯ মে) বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৩২ স্কোর নিয়ে ষষ্ঠ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল পৌনে ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে।

    এই স্কোরটি শহরের সাধারণ জনগণের জন্যও স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি করতে পারে। বিশেষত শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।

    এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৪৮৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। শীর্ষ তিনে থাকা বাকি অপর দুই শহর আরব আমিরাতের দুবাই ও ভারতের দিল্লি যাদের স্কোর যথাক্রমে ১৮২ ও ১৬৩।

    ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

    বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।