Category: প্রচ্ছদ

  • সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

    সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

    তিনি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ আইনজীবী প্যানেল গঠনের সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি বাকি রয়েছে, যা আগামী দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত ডিপফেক, মিথ্যাচার ও সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না।

    আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    ডা. জাহেদ বলেন, সরকার শুরু থেকেই তথ্যের অপব্যবহার, বিশেষ করে ডিসইনফরমেশন এবং সাইবার বুলিংকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক বিস্তারের ফলে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া, মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালানো, ছবি ও ভিডিও বিকৃত করে প্রচার করা এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। এসব কর্মকা- শুধু ব্যক্তির সম্মানহানি ঘটাচ্ছে না, বরং সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং মানুষের নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে উঠছে। তথ্য উপদেষ্টা বলেন, বিশেষ করে নারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। শুধু নারী হওয়ার কারণেই অনেককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান, হুমকি, কুরুচিপূর্ণ মন্তব্য এবং মিথ্যা প্রচারণার মুখোমুখি হতে হচ্ছে।

    তিনি বলেন, এই আইনজীবী প্যানেল শুধু অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেবে না, প্রয়োজন হলে স্বতঃপ্রণোদিত হয়েও আইনগত পদক্ষেপ নিতে পারবে। সরকার যেসব ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে, সেসব ক্ষেত্রেও প্যানেলটি সক্রিয়ভাবে কাজ করবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ নাগরিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের দ্রুত সহায়তা প্রদান করা।

    তথ্য উপদেষ্টা নাগরিকদেরও আহ্বান জানান, কেউ যদি সাইবার বুলিং, ডিপফেক, মিথ্যা তথ্য বা অনলাইন হয়রানির শিকার হন, তাহলে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাধীনতা যেমন রয়েছে, তেমনি এর দায়িত্বশীল ব্যবহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ডা. জাহেদ বলেন, মূলধারার গণমাধ্যমে সংবাদ প্রকাশের আগে সম্পাদকীয় যাচাই-বাছাইয়ের একটি প্রক্রিয়া থাকে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ব্যবস্থা নেই। ফলে যে কেউ যেকোনো তথ্য মুহূর্তেই ছড়িয়ে দিতে পারেন। এ কারণে ব্যবহারকারীদের আরও সচেতন হতে হবে এবং কোনো তথ্য বা ছবি যাচাই ছাড়া শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

    তিনি বলেন, রাষ্ট্র যেমন নাগরিকদের সচেতন করার দায়িত্ব পালন করবে, তেমনই নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে।

    সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কেও তথ্য তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

    ২০২৫ সালের একই সময়ে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ২১৮ জন, সেখানে ২০২৬ সালের একই সময়ে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন। একইভাবে মৃত্যুর সংখ্যাও কমেছে।

    গত বছর একই সময়ে ডেঙ্গুতে ৬২ জনের মৃত্যু হলেও এবার মৃত্যু হয়েছে ৩৭ জনের। যদিও প্রতিটি মৃত্যু দুঃখজনক, তারপরও সরকারের সমন্বিত উদ্যোগে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    জ্বালানি খাতের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পদ্ধতিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য ৪০টি প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি স্থলভাগে গ্যাস অনুসন্ধানের অংশ হিসেবে ১৫০টি কূপ খননের পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে ২৯টি কূপ খনন করা হয়েছে। এসব কূপ থেকে প্রায় ২৭০ দশমিক ৮ মিলিয়ন এমএমসিএফটি গ্যাস উৎপাদন নিশ্চিত হয়েছে এবং এর মধ্যে ১২৫ দশমিক ৩ এমএমসিএফটি জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ২০৩০ সালের মধ্যে বাকি কূপগুলো খনন করে আরও প্রায় ১ হাজার ৪৯১ এমএমসিএফটি গ্যাস উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, দেশে গ্যাসের সম্ভাব্য মজুদ যথাযথভাবে অনুসন্ধান করা গেলে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

    খাদ্য নিরাপত্তার বিষয়ে তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা-২০২৬’ জারি করেছে। নতুন এই বিধিমালা অনুযায়ী খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আসতে হবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বাজার তদারকি অব্যাহত রয়েছে। খাদ্য মজুদও দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

    ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, আগামী আগস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এই ডেবিট কার্ড দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। পরবর্তী সময়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হবে। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা অন্তত ১০ ধরনের সেবা সহজে পাবেন বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকার পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব পাটজাত ব্যাগ ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। ঢাকা মহানগরের বিভিন্ন বাজারে স্বল্পমূল্যে পাটের ব্যাগ বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

    শিল্প খাত প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন ২৫টি মিলের মধ্যে ১৬টি মিল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে বেসরকারি বিনিয়োগ বাড়বে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং সরকারি ভর্তুকির চাপ কমবে বলে সরকার আশা করছে। একই সঙ্গে বিদ্যমান কর্মসংস্থানও সুরক্ষিত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

    জাহেদ উর রহমান বলেন, সরকার বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্য, জ্বালানি, খাদ্য, শিল্প, পরিবেশ ও প্রবাসী কল্যাণসহ বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সরকার সমন্বিতভাবে কাজ করছে।

    তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা এবং একই সঙ্গে প্রযুক্তির অপব্যবহার থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়া। সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সচেতন সমাজ গড়ে তুলতে সরকার যেমন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, তেমনি নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। ডিপফেক, মিথ্যাচার ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

    ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

    আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন।

    মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মদশক (২০২১-২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

    তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিতকরণ এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তা জোরদারে মহাসড়কে লক্ষ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছে।

    মন্ত্রী আরও বলেন, সেইফ সিস্টেম অ্যাপ্রোচ এবং আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করে তা অনুমোদন ও প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবন্ধ।

    সড়ক নিরাপত্তাকে জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারিত্ব এবং সবার সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। তিনি সকল সড়ক ব্যবহারকারীর জন্য নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    উল্লেখ্য, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শব্বির হাসান খান।

    মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় ‘সড়ক নিরাপত্তায় বহুখাতভিত্তিক সমন্বয় জোরদার: সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা সফলভাবে কমিয়ে আনা দেশগুলোর সর্বোত্তম চর্চা ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সাইড ইভেন্টে মন্ত্রী যৌথ-সভাপতির দায়িত্ব পালন করবেন।

  • আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

    আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলাজট নিরসনে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-কেস মেডিয়েশন) কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে।

    আজ ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, প্রি-কেস (মামলাপূর্ব) বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম বিচারপ্রার্থীদের দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করছে এবং আদালতে নতুন মামলা দায়ের উল্লেখযোগ্যভাবে কমিয়ে ইতোমধ্যে আশাব্যঞ্জক ফল দিয়েছে। এই উদ্যোগকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে।

    তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন। এতে বিচারব্যবস্থার ওপর বড় চাপ সৃষ্টি হয়েছে। এ বাস্তবতায় আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করা গেলে বিচারপ্রার্থীর সময়, অর্থ ও ভোগান্তি কমবে। একই সঙ্গে আদালতের ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

    আইনমন্ত্রী জানান, একটি পাইলট প্রকল্পের আওতায় ২০টি জেলায় প্রি-কেস মেডিয়েশন চালুর পর ২০২৫ সালের ফেব্রুয়ারি-মে সময়ের তুলনায় ২০২৬ সালের একই সময়ে বিভিন্ন আইনে মামলা দায়েরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

    তিনি জানান, এর মধ্যে পারিবারিক আদালত আইনে মামলা ৩ হাজার ৫৫৯টি থেকে কমে ১ হাজার ৭৪৪টিতে নেমে এসেছে, যা প্রায় ৫১ শতাংশ হ্রাস। সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টনসংক্রান্ত মামলার সংখ্যা ২ হাজার ১টি থেকে কমে ৬৬১টিতে নেমেছে, যা ৬৬ দশমিক ৯৭ শতাংশ হ্রাস।

    এছাড়া স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি আইনের প্রিম্পশন মামলা ১৭টি থেকে কমে ২টিতে নেমেছে, অর্থাৎ ৮৮ দশমিক ২৪ শতাংশ কমেছে। নন-এগ্রিকালচারাল টেন্যান্সি আইনে ৩১টি থেকে ১৪টিতে নেমে ৫৪ দশমিক ৮৪ শতাংশ, যৌতুক নিরোধ আইনে ৫ হাজার ৬০৫টি থেকে ১ হাজার ৮১০টিতে নেমে ৬৭ দশমিক ৭১ শতাংশ এবং পিতামাতার ভরণ-পোষণ আইনে ৪৩টি থেকে ৩৫টিতে নেমে ১৮ দশমিক ৬০ শতাংশ মামলা কমেছে। সব মিলিয়ে গড়ে মামলা দায়ের ৬২ দশমিক ০২ শতাংশ হ্রাস পেয়েছে।

    তিনি বলেন, আদালতে মামলা দায়েরের প্রবাহ এভাবে কমানো গেলে বিচারাধীন মামলার সংখ্যাও দ্রুত কমিয়ে আনা সম্ভব হবে।

    একই সঙ্গে বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারাধীন মামলাগুলোর মধ্যে যেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য, সেগুলো জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার জন্য রেফার করলে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে।

    আইনমন্ত্রী আশা করে বলেন, আদালত, জেলা লিগ্যাল এইড অফিস, আইনজীবী ও সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করলে আগামী এক বছরের মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনা সম্ভব হতে পারে।

    তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে পরিচালিত মধ্যস্থতা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে আইনগত সহায়তা ও দ্রুত ন্যায়বিচারের সুযোগ পাচ্ছে। এ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

    কক্সবাজার জেলায় বর্তমানে ১ লাখের বেশি মামলা বিচারাধীন উল্লেখ করে আইনমন্ত্রী জেলা জজ, বিচার বিভাগীয় কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আগামী তিন মাসের মধ্যে মামলাজট দৃশ্যমানভাবে কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

    তিনি বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হবে।

    তিনি আরও বলেন, প্রি-কেস মেডিয়েশন কার্যক্রম বাস্তবায়নে জাইকা, জিআইজেড এবং ইউএনডিপির সহযোগিতা প্রশংসনীয়। এ জন্য তিনি সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান।

    মধ্যস্থতাকারীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, এ দায়িত্বকে কেবল চাকরি হিসেবে নয়, বরং জনসেবামূলক দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। তবে মধ্যস্থতা কার্যক্রমে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

    তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি কার্যকর, দ্রুত ও জনবান্ধব বিচারব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

    বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বিশেষ অতিথির বক্তব্য দেন।

    ভার্চুয়ালি আরও বক্তব্য দেন যশোরের জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমান, জেলা লিগ্যাল এইড অফিসার অভিজিৎ চৌধুরী এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মান্নান।

    বক্তব্য শেষে আইনমন্ত্রী একযোগে ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন। জেলাগুলো হলো- বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল।

    আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ২১খ অনুযায়ী এসব জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়েছে। এখন থেকে এসব জেলায় সাতটি আইনের আওতাভুক্ত মামলার ক্ষেত্রে আদালতে মামলা দায়েরের আগে জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের কারণে সোমবার ব্রেন্ট ক্রুডের তেলের দাম জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

    অন্যদিকে দীর্ঘস্থায়ী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা  চিন্তাভাবনা করায় এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।

    গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে  পরিবহন করা হয়।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।
    গত সপ্তাহের শেষে ৪ শতাংশের বেশি বৃদ্ধির পর ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম আরও বেড়েছে। ব্রেন্টের দাম ব্যারেল প্রতি ৯১ ডলারের ওপরে উঠে যায়, যা ১১ জুনের পর সর্বোচ্চ।

    সপ্তাহান্তে আবারও সংঘাত তীব্র হওয়ার পর বাজারে এই পরিবর্তন দেখা যায়। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালায় এবং তেহরান উপসাগরীয় অঞ্চলে সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

    পরস্পরবিরোধী এসব পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা বাজারের ভবিষ্যৎ গতিপথ বুঝতে হিমশিম খাচ্ছেন।

    তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা আবারও তৈরি হয়েছে। এতে সুদের হার কমানোর পথ আরও জটিল হতে পারে।
    তবে কিছু বিশ্লেষক মনে করছেন, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে সহায়ক হয়ে উঠছে।

    এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেন, ‘বাজারকে আবারও একই সময়ে দুটি আপাতদৃষ্টিতে পরস্পরবিরোধী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে লেনদেন করতে হচ্ছে।’

    তিনি বলেন, তেলের দামের নতুন উত্থান বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব বাড়ালেও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ কমে আসা ও শ্রমবাজারের দুর্বলতা ইঙ্গিত দিচ্ছে যে জ্বালানি সংকট নতুন করে ব্যাপক মূল্যস্ফীতির চক্র তৈরি নাও করতে পারে।

    বরং সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি তেলের উচ্চ দাম দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে।
    এতে সাধারণ মানুষের ব্যয়ক্ষমতা কমে যেতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    বরং সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি তেলের উচ্চ দাম দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে। এতে পরিবারের ব্যয় করার সক্ষমতা কমে যেতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর চাপ সৃষ্টি হতে পারে।

    তার মতে, সবচেয়ে বড় ঝুঁকি হবে যদি তেলের উচ্চ দাম দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে। এতে সাধারণ মানুষের ব্যয়ক্ষমতা কমে যেতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    এশিয়ার বাজারে মিশ্র চিত্র দেখা গেছে।

    চীনের শেয়ারবাজার তুলনামূলক ভালো করেছে। গত সপ্তাহের অর্থনৈতিক তথ্যের পর বেইজিং অর্থনীতিকে সহায়তা দিতে আরও পদক্ষেপ নেবেÑ এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা সাম্প্রতিক ঊর্ধ্বগতি অব্যাহত রেখেছেন।

    হংকংয়ের বাজার ২ শতাংশের বেশি বেড়েছে এবং সাংহাই কম্পোজিট সূচক ১ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। তাইপে, ম্যানিলা ও সিঙ্গাপুরের বাজারও সামান্য ঊর্ধ্বমুখী।

    তবে অন্য বাজারগুলোতে সতর্কতা দেখা গেছে। সিউল, সিডনি ও ওয়েলিংটনের বাজার নিম্নমুখী হয়ে শুরু হয়।

    এশিয়ার এই দুর্বল প্রবণতার আগে শুক্রবার ওয়াল স্ট্রিটেও আরেকটি দুর্বল লেনদেন  দেখা যায়। তিনটি প্রধান সূচকই নিচে নেমে দিন শেষ করে। বিনিয়োগকারীরা প্রযুক্তি খাতের শেয়ার থেকে অর্থ সরিয়ে নিচ্ছিলেন এবং উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির ওপর নজর রাখছিলেন।

    ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও স্বর্ণের দাম ০ দশমিক ৪০ শতাংশ কমেছে। তবে রুপার দাম বেড়েছে ১ শতাংশ।

  • আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

    আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

    ফেরান তোরেনের অতিরিক্ত সময়ের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। এর মাধ্যমে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ফুটবলের বিশ্ব মঞ্চ থেকে বিদায়টা স্মরনীয় হলোনা।

    নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ১০৬তম মিনিটে বার্সেলোনা স্ট্রাইকার তোরেস জয়সূচক গোলটি করেন।

    একপেশে ফাইনালে আর্জেন্টিনা পুরো ১২০ মিনিট একটি শটও টার্গেটে করতে পারেনি।

    মেটলাইফের ৮০ হাজারেরও বেশী সমর্থকের মধ্যে উপস্থিত থেকে পুরো ম্যাচ উপভোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ব্রাজিলের পর বিশ্বকাপে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে। একইসাথে অধিনায়ক মেসির ক্যারিয়ারে এটি ছিল দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ। কিন্তু স্পেন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় ৩৯ বছর বয়সী মহাতারকা কার্যত নিষ্প্রভ হয়ে পড়েন। প্রায় নিশ্চিতভাবেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে ফেলেছেন মেসি।

    পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনা একের পর এক ফাউল কওে স্পেনের গতিরোধ করতে চেষ্টা করেছে। দক্ষিণ আমেরিকার দলটির সেই অসংযত খেলার পরিণতি ঘটে ইনজুরি টাইমে। স্পেনের ডিফেন্ডার পাও কুবারসির ওপর ভয়ংকর ট্যাকল করায় মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

    তবে দীর্ঘ সময় ধরে মনে হচ্ছিল, কোনোভাবে ম্যাচটিকে টাইব্রেকারে নিয়ে যেতে পারবে আর্জেন্টিনা, কারণ স্পেন বারবার আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না।

    অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামসের একটি গোল বিতর্কিত সিদ্ধান্তে বাতিল হওয়ার পর অবশেষে কাঙ্খিত গোলটি পেয়ে যায় স্পেন। পেদ্রো পোরোর উঁচু করে তোলা ক্রস বক্সের মধ্যে পৌঁছে যায় নিকো উইলিয়ামসের কাছে। তিনি হেডে বল নামিয়ে দেন ফেরান তোরেসের সামনে, আর তোরেস জোরালো শটে জালে বল পাঠিয়ে স্পেনকে এনে দেন ২০১০ সালের প্রথম শিরোপার পর দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি।

    এর আগে ১৫তম মিনিটেই আর্জেন্টিনার হতাশার স্পষ্ট প্রকাশ দেখা যায়। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার বিপজ্জনক ট্যাকল করে ডানি ওলমোর গোড়ালিতে আঘাত করেন। তবে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ শুধু ফাউল দিলেও ম্যাক অ্যালিস্টারকে হলুদ কার্ড দেখাননি।

    কিছুক্ষণ পরই স্পেনও নিজেদের উপস্থিতি জানান দেয়। আলেক্স বায়েনা কনুই দিয়ে লিওনেল মেসির পিঠে আঘাত করলেও সেই ঘটনাতেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি রেফারি।

    এরপরও ছোট ছোট ফাউলের মাধ্যমে রেফারি ভিনচিচের ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর্জেন্টিনা। লামিন ইয়ামালের পায়ের পেছনে অসাবধানী ট্যাকল করেও নিকোলাস তাগলিয়াফিকো ভাগ্যক্রমে হলুদ কার্ড এড়িয়ে যান। অন্যদিকে স্পেন আক্রমণের পথ খুঁজতে থাকে। তবে ৩৯তম মিনিটে মিকেল ওয়ারজাবালের নিচু শট সহজেই ধরে ফেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

    ওয়ারজাবালের ওপর উদ্দেশ্যপ্রণোদিত ফাউল করায় ৪১ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। এর কিছুক্ষণ পরই চোটের কারণে মাঠ ছাড়েন লিসান্দ্রো। তাঁর পরিবর্তে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।

    ফাইনালের বিতর্কিত দীর্ঘ বিরতিতে ম্যাডোনা, শাকিরা ও জাস্টিন বিবারের মতো তারকাদের নিয়ে আয়োজিত হাফটাইম শো ২৭ মিনিট ধরে চলে। তবে এতে স্পেনের ছন্দে কোনো প্রভাব পড়েনি।

    দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি একপেশে হয়ে ওঠে। স্পেন একের পর এক আক্রমণ চালাতে থাকে, আর আর্জেন্টিনা মরিয়া হয়ে শুধু রক্ষণ সামলাতে ব্যস্ত থাকে।

    স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে ফাবিয়ান রুইজ ও ওয়ারজাবালের জায়গায় নামান পেদ্রি ও ফেরান তোরেসকে। এরপরও আক্রমণের ধার অব্যাহত থাকে, আর আর্জেন্টিনা যেন পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় পড়ে যায়।

    ইয়ামাল দুর্দান্ত দক্ষতায় ডিফেন্ডারকে কাটিয়ে তোরেসের উদ্দেশে ক্রস তুলে দেন। তোরেসের হেড দারুণভাবে রুখে দেন মার্টিনেজ।

    এরপর পেদ্রি ও কুবারসির দূরপাল্লার শট প্রথম চেষ্টায় ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি মার্টিনেজ। তবুও কোনোভাবে গোল হজম না করে টিকে থাকে আর্জেন্টিনা।

    তবে বদলি হিসেবে নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর আগমনে স্পেনের আক্রমণে নতুন গতি আসে এবং গোলের জন্য চাপ আরও বাড়তে থাকে।

    ৮২তম মিনিটে প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। এরপর তোরেস ও রদ্রি দুজনেই দূরপাল্লার শটে মার্টিনেজকে পরীক্ষা নেন।

    ফার্নান্দেজ অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ডের মাঠ ছাড়ায় আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়।

    ইনজুরি টাইমের একেবারে শেষদিকে ইয়ামালের দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় এক হাতে ঠেকিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্টিনেজ।

    অতিরিক্ত সময়েও স্পেনের আধিপত্য অব্যাহত থাকে। নিকো উইলিয়ামসের হালকা ছোঁয়ায় নেওয়া হেড এক হাতে দারুণভাবে ফিরিয়ে দেন মার্টিনেজ।

    এর কিছুক্ষণ পর উইলিয়ামস নিচু শটে বল জালে জড়ালেও মিকেল মেরিনোর সামান্য ফাউলের অভিযোগে রেফারি ভিনচিচ গোলটি বাতিল করেন।

    তবে ১০৬তম মিনিটে আর স্পেনকে আটকানো যায়নি। ফেরান তোরেসের জয়সূচক গোলে অবশেষে এগিয়ে যায় লা রোহা।

    শেষ মুহূর্তে মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা চালায় আর্জেন্টিনা। কিন্তু স্পেনের রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলে জয় নিশ্চিত করে এবং দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয়।

  • হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

    হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

    মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও  শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জ-হাতিমারা-ছনবাড়ী জেলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। পশ্চিম-দক্ষিণাঞ্চলের মধ্যে সহজ সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মুন্সীগঞ্জ-হাতিমারা-ছনবাড়ী জেলা মহাসড়ক প্রশস্ত করণে ১৩৫৯ কোটি ২৩ লাখ ৮৫ হাজার টাকার একটি মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে।

    সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ সম্পন্ন হলে পদ্মা সেতু কেন্দ্রিক দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দেশের প্রধান সমুদ্র বন্দর চট্রগ্রাম এবং মোংলার মধ্যে সড়ক যোগাযোগ আরো গতিশীল হবে। এতে পণ্য পরিবহনসহ আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দুয়ার খুলবে।

    মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ব্রীজ থেকে মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী পর্যন্ত সড়ক প্রশস্তকরণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। একনেকে পাশ হওয়া প্রায় ২৪ কিলোমিটার দৈর্ঘ্যরে সড়ক প্রশস্তকরণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৫৯ কোটি ২৩ লাখ ৮৫ হাজার টাকা। সদর উপজেলার মুক্তারপুর থেকে হাতিমারা পর্যন্ত ৩.৪৬ কিলোমিটার রাস্তা করা হবে ৪ লেইনের। হাতিমারা থেকে পরবর্তী ছনবাড়ী পর্যন্ত ২০.৪৫ কিলোমিটার রাস্তা হবে ২ লেনের ১০.৩ মিটার প্রশস্তের।

    মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রকল্পটি একনেকে পাশ হবার পর প্রকল্প পরিচালক নিয়োগসহ প্রাথমিক জরিপ কাজও প্রায় শেষ পর্যায়ে। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ সড়ক প্রশস্ত করণের কাজ শুরু হবার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক ভাবে আগামী ২০২৯ সালের জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

    মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুস হোসেন সাকিব বলেন, মুক্তারপুর থেকে ছনবাড়ী পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হলে চট্রগ্রাম থেকে যানবাহন রাজধানী ঢাকা শহরে প্রবেশ না করে সরাসরি দক্ষিণাঞ্চলে যেতে পারবে। এতে চট্রগ্রাম থেকে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলোর যাতায়াতে সময় এবং খরচ দুটিই বাচবে। চট্রগ্রাম থেকে যানবাহন ঢাকা চট্রগ্রাম মহাসড়কে এসে মদনপুর হয়ে শীতলক্ষা- ২ সেতু এবং মুক্তারপুর সেতু হয়ে হাতিমারা-ছনবাড়ী হয়ে পদ্মাসেতু দিয়ে সরাসরি দক্ষিণাঞ্চলে চলে যেতে পারবে।

    এছাড়াও সড়ক প্রশস্তকরণে ঢাকার ওপর থেকে চাপ কমবে। দক্ষিণাঞ্চলের কৃষিপণ্য, মৎস্য ও উৎপাদিত শিল্পপণ্য দ্রুততম সময়ে চট্রগ্রাম বন্দরে পৌঁছানো সম্ভব হবে। ফলে পরিবহন ব্যয় কমবে, পাশাপাশি যানবাহনের গতি ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।

    মুন্সীগঞ্জ নারায়নগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও দক্ষিণাঞ্চলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে এবং এ সব এলাকায় নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপিত হবে এবং বিনিয়োগে আকৃষ্ট হবে। এছাড়া সৃষ্টি হবে কর্মসংস্থান এবং এতে আঞ্চলিক অর্থনীতি গতিশীল হবে। মহাসড়ক প্রশস্ত করণের কাজ শেষ হলে পদ্মা সেতু কেন্দ্রিক দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং চট্রগ্রামের মধ্যে সড়ক যোগাযোগ আরো গতিশীল হবে।

    দক্ষিণাঞ্চল থেকে আসা পণ্যবাহী যানবাহন দ্রততম  সময়ে চট্রগ্রামমুখী সড়ক নেটওয়ার্কে যুক্ত হতে পারবে। আর এতে পণ্য পরিবহন আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। দক্ষিণাঞ্চল ও চট্রগ্রামের মধ্যে পণ্য পরিবহনের একটি কার্যকর করিডোর হিসেবে গড়ে উঠবে হাতিমারা ছনবাড়ী সড়ক প্রশস্তকরণের ফলে মুন্সীগঞ্জের শিল্প ও কৃষিপণ্য পরিবহনেও গতি আসবে। পরিবহন ব্যয় হ্রাস পাওয়ায় আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

    মুন্সীগঞ্জ-বেতকা-ছনবাড়ী জেলা মহাসড়ক প্রশস্তকরণের কাজ শেষ হলে বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠবে। মুন্সীগঞ্জ শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠবে এতে নতুন নতুন কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে।