Category: প্রচ্ছদ

  • সালমান খানের বাড়ি-গাড়িসহ উড়িয়ে দেয়ার হুমকি !

    সালমান খানের বাড়ি-গাড়িসহ উড়িয়ে দেয়ার হুমকি !

    বিনোদন ডেস্ক:  গত কয়েকমাস ধরেই একের পর এক হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার তার বাড়ি-গাড়িসহ উড়িয়ে দেয়ার হুমকি এসেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৪ এপ্রিল) অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠিয়ে সালমানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছে। একইসঙ্গে বিস্ফোরণে তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

    যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ দীর্ঘদিন ধরেই তারা সালমান খানকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি গত বছর অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের যোগ ছিল।

    উল্লেখ্য, লাগাতার হুমকি পাওয়ার জন্য সালমানের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার।

  • সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ায় ও দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনে এবং সড়ক অবরোধ

    সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ায় ও দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনে এবং সড়ক অবরোধ

    স্টাফ রিপোর্ট : নবনির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের  মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

    গতকালও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করে তারা। দাবি পূরণ না হওয়ায় বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে অবরোধ করে তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

    শিক্ষার্থীরা জানান, চার বছর আগে সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু হাসপাতাল চালু না হওয়ার কারণে শিক্ষার্থীদের এখন পর্যন্ত পর্যাপ্ত ওয়ার্ড-ক্লাস দেয়া হচ্ছে না। বরং হাসপাতাল চালুর প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে দ্রুত হাসপাতাল চালু করে ওয়ার্ড ক্লাস বাড়ানোর দাবিতে আন্দোলন চলছে। দাবি মানা না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

    খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহাী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেন। তবে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়।

    এদিকে, শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছে স্থানীয় জনতা।

  • উত্তরা ১০ নম্বর সেক্টরে ফুটপাত এবং আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ডিএনসিসি

    উত্তরা ১০ নম্বর সেক্টরে ফুটপাত এবং আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ডিএনসিসি

    নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে ফুটপাত এবং এর আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে এ অভিযান শুরু হয়।

    উত্তরা ১০ নম্বর সেক্টরের স্লুইসগেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কে এই উচ্ছেদ কার্যক্রম চলবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

    কার্যক্রম পরিচালনার জন্য গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) মাইকিং করা হয়েছিলো বলে জানিয়েছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে অনেকে নিজ উদ্যোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করে। বেলা ১১টার কিছু পরে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ কার্যক্রম শুরু করে সিটি করপোরেশন।

    উচ্ছেদ পরবর্তী নতুন করে আর যেন এই জায়গাগুলো অবৈধভাবে দখল না হয়, সেদিকে নজর রাখবে বলে জানিয়েছেন তারা।

  • নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজন নিহত

    নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজন নিহত

    স্টাফ রিপোর্ট:নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবীর মিয়া (৪৫) ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬৬)। এছাড়া এ ঘটনায় উপজেলার রসুলপুর গ্রামের রানু মিয়া (৪৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাদের সবাই পেশায় কৃষক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশে মেঘ দেখে বিকেলে বাড়ির সামনে শুকাতে দেয়া খড় জমা করছিলেন নিজাম উদ্দিন। এসময় হঠাৎ বজ্রপাত এসে পড়ে তার শরীরে। এতে ঘটনাস্থলে নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় পাশে থাকা রানু মিয়া গুরুতর আহত হন। পরে রানু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    একই উপজেলার ছায়ার হাওরে বজ্রপাতের ঘটনায় কবীর মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হলে পথেই তিনি মারা যান। এ ছাড়াও বিকেলে উপজেলার হায়াতপুরে বজ্রপাতে মারা যান রাখাল সরকার নামে আরেক কৃষক নিহত হয়েছেন। তিনি বাড়ির সামনের হাওর থেকে গরু আনার জন্য গিয়েছিলেন।

    খালিয়াজুরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

    খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা মালদ্বীপের

    ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা মালদ্বীপের

    আন্তর্জাতিক ডেস্ক: গাজায় গণহত্যা চালানোর জেরে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ। মঙ্গলবার (১৫ এপ্রিল) মালদ্বীপ সরকার এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

    মালদ্বীপের সংসদে আইনটি পাস হয়েছে। অনুমোদনের পরপরই তাতে স্বাক্ষর করেন দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংহতি’র অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। ফলে এখন থেকে রাজধানী মালে ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে আর প্রবেশ করতে পারবে না ইসরায়েলিরা।

    প্রেসিডেন্ট দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    এসময় ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা হয়। জানানো হয়, তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে নিষেধাজ্ঞা আইনটি।

  • সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান এনসিপির

    সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান এনসিপির

    নিউজ ডেস্ক:  বিএনপির যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এরা বিএনপিকে নিঃশেষ করে দিবে বলেও মন্তব্য করেন তিনি।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর ১০-এ এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীদের ওপর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

    সমাবেশে এনসিপি নেতারা জানান, অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুলের নেতৃত্বে এ হামলা করা হয়।

    তাদের অভিযোগ, লুকিয়ে থাকা ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দেয়ার নাম করে তাদের ডেকে নেয় স্থানীয় বিএনপির নেতারা। হামলাকারীরা পুলিশের গাড়িতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বলে অভিযোগ করেন আহত মাহিন। ঘটনার পর বিষয়টি পুলিশ জেনেও কোন পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ তাদের। এসময় টুটুলসহ সকল হামলাকারীদের আজকের মধ্যেই গ্রেফতারের দাবি জানান আন্দোলনকারীরা।