Category: প্রচ্ছদ

  • জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা

    জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা

    নিউজ ডেস্ক:  আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে থেকে ঘোষণা দেয়া হবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দলের।

    জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি)। তাতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নয়া দল আত্মপ্রকাশের সময় জানান।

    সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, হাজারো শহীদের জীবনের ওপরে লাখ লাখ ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত। আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

    নয়া এই দলটিতে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে বলে জানান তিনি।

    সংবাদ সম্মেলনে জানাকের সদস্য সচিব আখতার হোসেন বলেন, নয়া দল গঠনের বিষয়ে ১৫দিন যাবত সারাদেশে জনমত ক্যাম্পেইন চলেছে। প্রায় ২ লাখ মানুষ তাদের মতামত জানিয়েছে। দলের জন্য ৩০টির মতো নাম পাওয়া গিয়েছে। আর প্রতীক হিসেবে সূর্য, কলম, বই, গাছসহ বিভিন্ন মার্কার কথা বলেছেন তারা। দল নিবন্ধন কাজের সাথে যুক্ত যখন হবো, তখন ঠিক করবো প্রতীক।

  • রাঙ্গামাটির সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫০টির বেশি রিসোর্ট, কটেজ ও রেস্টুরেন্ট

    রাঙ্গামাটির সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫০টির বেশি রিসোর্ট, কটেজ ও রেস্টুরেন্ট

    সারাদেশ ডেস্ক: রাঙ্গামাটির সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫০টির বেশি রিসোর্ট, কটেজ ও রেস্টুরেন্ট। পুড়েছে হেডম্যানের বাড়িও। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে এই আগুনের সূত্রপাত।

    সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যায়। একটি রিসোর্ট থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    এই পর্যটনকেন্দ্রের আশপাশে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।

    এর মধ্যে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছালেও পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। রাঙামাটি থেকে আরও একটি ইউনিট পথে রয়েছে।

    আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর সহায়তা চাওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। হেলিকপ্টারে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হবে। ইতোমধ্যে হেলিকপ্টার রওনা দিয়েছে।

  • কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

    কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

    স্টাফ রিপোর্ট : কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

    জানা গেছে, কক্সবাজারের সমিতি পাড়ায় বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে আইএসপিআরের পক্ষ থেকে।

    তবে ঠিক কখন এ হামলা হয়েছে এবং এর ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

  • নাটকীয়তার পর অবশেষে প্রকাশ্যে মেহজাবীন-রাজীবের বিয়ে

    নাটকীয়তার পর অবশেষে প্রকাশ্যে মেহজাবীন-রাজীবের বিয়ে

    বিনোদন ডেস্ক: বহুদিন ধরে প্রেমের গুঞ্জন! তবুও প্রেমিক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি তারকা মেহজাবীন। নানা নাটকীয়তার পর অবশেষে প্রকাশ্যে মেহজাবীন-রাজীবের বিয়ের ছবি।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ৯ এপ্রিল, ২০১২। একটি বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সাথে দেখা করতে এলো। আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়লো। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি অংশ ওই মানুষটি তার সঙ্গে নিয়ে যাচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম, এই সেই মানুষ, যাকে আমি খুঁজছে।

    তিনি পোস্টে আরও লিখেছেন, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫। আমরা আমাদের বন্ধন চিরস্থায়ী করলাম। সেই সাথে, হাতে হাত রেখে জীবন পার করার প্রতিশ্রুতি দিলাম দু’জন- দু’জনকে। আদনান আল রাজীব- আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।

    জীবনের এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে আমরা সবার ভালোবাসা এবং দোয়া কামনা করছি যাতে আমরা আজীবন সুখে থাকতে পারি; একসঙ্গে।

  • সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগ সরকারের অনেকেই দেশব্যাপী অপকর্ম করছে : নুরুল হক নুর

    সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগ সরকারের অনেকেই দেশব্যাপী অপকর্ম করছে : নুরুল হক নুর

    নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগ সরকারের অনেকেই দেশব্যাপী অপকর্ম করছে— এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

    নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে, এমনটাও মনে করেন না নুর। বলেন, বর্তমান সরকারের জনসমর্থন অনেক থাকলেও তারা তা কাজে লাগাতে পারে নি।

    নুর বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আবারও রাজত্ব গড়ে তোলার চেষ্টা করছে। ডিএমপি পুরোপুরি সক্রিয় না হলে দেশের অবস্থা আরও খারাপ হবে।

    তিনি বলেন, পতিত সরকারের অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের গ্রেফতার না করতে পারলে তারাও সরকারকে বেকায়দায় ফেলতে পারে। বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে- এটা অনেকেই প্রমাণ করতে চাচ্ছে।

    অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশি-বিদেশি এজেন্সি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ আনেন নুর। এই বিদেশি অপতৎপরতা মোকাবিলায় পুলিশকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

  • যৌথবাহিনীর অভিযানে গত ৭দিনে ১৩১ জনকে গ্রেফতার

    যৌথবাহিনীর অভিযানে গত ৭দিনে ১৩১ জনকে গ্রেফতার

    স্টাফ রিপোর্ট :রাজধানীর বিভিন্ন অপরাধ প্রবণ স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখতে যৌথবাহিনীর অভিযানে গত ৭দিনে ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

    এরই ধারাবাহিকতায় যৌথবাহিনী সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫-২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট এবং থানা পুলিশের সমন্বয়ে মিরপুর, কাফরুল, গাবতলী, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, মোহাম্মদপুর, তেজগাঁও, পল্লবী, উত্তরা ইত্যাদি এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসমস্ত যৌথ অভিযানে অস্ত্র ও হত্যা মামলার আসামি, তালিকাভুক্ত চাঁদাবাজ, চিহ্নিত অপরাধী, অবৈধ জমি দখলকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ ১৩১ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

    এসময় তাদের নিকট হতে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।