Category: প্রচ্ছদ

  • মাতৃভাষা দিবসে সব মাতৃভাষা সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান: প্রধান উপদেষ্টা

    মাতৃভাষা দিবসে সব মাতৃভাষা সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান: প্রধান উপদেষ্টা

    নিউজ ডেস্ক: মাতৃভাষা দিবসে সব মাতৃভাষা সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আজ আমরা মাতৃভাষা দিবসে সব মাতৃভাষা সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আবেগের কারণ তো আছেই, মস্ত বড় স্বার্থের কারণও আছে। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ বদলে দেবে। কোনো সম্ভাবনাকে অবজ্ঞা করলে মস্ত বড় ভুল করব।

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, যারা পদক পেয়েছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অন্যদের উদ্বুদ্ধ করার জন্য যারা অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছ তাদেরও অভিনন্দন জানাচ্ছি। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এ আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়।

    বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। জাতি-ধর্ম নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মধ্যে মাতৃভাষার চেতনা ও মর্যাদা রক্ষার প্রেরণা ও এ চেতনার সঙ্গে প্রাতিষ্ঠানিকতার সূত্রে ২০০১ সালের ১৫ মার্চ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বিশ্বের সব মাতৃভাষার সংরক্ষণ, উন্নয়ন ও গবেষণার ইতিবৃত্তকে লক্ষ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যাত্রা শুরু করে। এ সময় বিশ্ব মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সার্বিক সাফল্যও কামনা করেন তিনি।

    ড. ইউনূস বলেন, ‘রাষ্ট্রভাষা বাংলা’ এ আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন, তাই বাঙালির কাছে একুশ মানে মাথানত না করার দৃঢ় প্রত্যয়। বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সব ধরনের অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র।

    ‘মাতৃভাষা যেকোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক। মাতৃভাষার পর মানুষ যত ভাষাই আত্মস্থ করুক না কেন, সেসব নতুন ভাষায় যতই পারদর্শিতা অর্জনই করুক না কেন, মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারে না।’

    প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর প্রায় সব দেশে নানা দেশের নানা ভাষার কিংবা হাতেগোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক প্রজন্ম ধরে বসবাস করেন। নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে ২৪ ঘণ্টার ভাষায় পরিণত হয়ে যায়, কিন্তু সেটা ভাষা মাতৃভাষায় পরিণত হয় না। তারা নিজেদের মধ্যে একত্রিত হলেই উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায়, তাদের মূল ভাষার সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করে নেয় নিজেদের অজান্তেই।

    ড. ইউনূস বলেন, যেসব শহরে তাদের মাতৃভাষাবাসীর সংখ্যা বেশি তাদের শহরের মেয়র, সিটি কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠতার জোরে অনায়াসে নির্বাচিত হয়। তাদের শহরে তারা নিজেদের মাতৃভাষা নির্দ্বিধায় প্রতিষ্ঠিত করে ফেলে। তাদের মাতৃভাষায় সরকারি দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করে, তাদের ভাষাভাষী পুলিশ শহরের আইনশৃঙ্খলা রক্ষা করে। অথচ শহরের গণ্ডি ছাড়ালেই তারা আবার তাদের নতুন ভাষায় সাবলীলভাবে ফিরে যায়। শহরের নতুন নাগরিকদের নিয়ে পুরোনো নাগরিকদের মনে কোনো ক্ষোভের সৃষ্টি হয় না।

    একটি নতুন ভাষা শিখলেই পুরোনো ভাষায় দুর্বল হয়ে পড়বে এ ধারণার কোনো ভিত্তি নেই জানিয়ে তিনি বলেন, পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবেন, এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তারা শৈশব থেকে নানা ভাষায় অভ্যস্ত হয়ে যায়। স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ছাত্ররাও আনন্দ সহকারে সেটা করে থাকে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না।

    ‘আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে যাচ্ছি। এর জন্য নিত্যনতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এ ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে।’

    ড. ইউনূস বলেন, স্পুটনিক যখন মহাকাশে উড়ল সারা পৃথিবী রাশিয়ান ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়ল। যে স্কুলে, যে বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান ভাষা শেখানো হয় না সে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছাত্রদের এবং অভিভাবকদের উৎসাহ হারিয়ে ফেলল। যেই মাত্র চীন প্রযুক্তিতে এগিয়ে এলো চীনা ভাষা শেখার ধুম লেগে গেল। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে মানুষ পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে– এটাই নিয়ম। যে দেশের কিছু দেওয়ার নেই সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই অথবা থাকলেও নিম্ন পর্যায়ে থাকবে। প্রযুক্তি ছাড়াও যেকোনো দিক থেকে একটি জাতি নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই— সে ভাষা যত জটিলই হোক না কেন। জাতি এগোলে ভাষা এগোয়। ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচার কর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেওয়ার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হবে না।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান— সরাসরি জড়িত। আমরা যখন মাতৃভাষায় কথা বলি তখন যেন মনে রাখি মাতৃভাষা মানুষের প্রাথমিক ভাষা। সেই ভাষা প্রথম শ্রবণে যতই রূঢ় মনে হোক না কেন তা একদিন তার প্রাথমিক স্তর পার হয়ে বহু দেশের বহু মানুষের অত্যন্ত নমস‍্য ভাষায় পরিণত হতে পারে। যদি সে ভাষা পৃথিবীর অগ্রযাত্রায় স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা দখল করে নিতে পারে।

  • ভারতের বিপক্ষে ২২৮ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ

    ভারতের বিপক্ষে ২২৮ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ

    খেলাধুলা:  আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ২২৮ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকের দারুণ এক জুটি্র সুবাদে এ পুঁজি পায় টাইগাররা। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম তিন অঙ্কের রানের দেখা পান তাওহীদ।

    বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে মন্হর গতির ব্যাটিংয়ের পরেও বিপর্যয় কাটিয়ে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

    টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্দপতন হয় বাংলাদেশের। দলীয় ২ রানে টপ অর্ডারের দুই ব্যাটার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন।

    এরপর মেহেদী হাসান মিরাজ ব্যাক্তিগত ৫, তানজিদ হাসান ২৫ ও মুশফিকুর রহিন শুন্য রানে আউট হন। এতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ ইউকেটে ৩৫ রান।

    তবে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক ব্যাটে বাংলাদেশের রানের চাকা ঘুরতে থাকে। দুজন মিলে গড়েন ১৫৪ রানের দুর্দান্ত এক জুটি। ব্যক্তিগত ৬৮ রানে জাকের আলী সাজঘরে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তাওহীদ হৃদয়।

    বাকিদের ভেতর রিশাদ হোসেনের ব্যাটে আসে ১৮ রান। শেষপর্যন্ত ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।

    ভারতীয়দের মধ্যে একাই পাঁচ উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। এছাড়া হর্ষিত রানা ও আক্সার প্যাটেল দুজনে তুলে নেন যথাক্রমে ৩টি ও ২টি উইকেট।

  • প্রায় একশত বছর পর মিসরের লুক্সরে আবিষ্কৃত হয়েছে একটি রাজ সমাধি

    প্রায় একশত বছর পর মিসরের লুক্সরে আবিষ্কৃত হয়েছে একটি রাজ সমাধি

    আন্তর্জাতিক ডেস্ক: প্রায় একশত বছর পর মিসরের লুক্সরে আবিষ্কৃত হয়েছে একটি রাজ সমাধি। ব্রিটেন ও মিসরের যৌথ উদ্যোগে আবিষ্কৃত সমাধিটি ফেরাউন দ্বিতীয় থুতমোসের বলে জানিয়েছে মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, রাজাদের উপত্যকার (দ্য ভ্যালি অব কিংস) পশ্চিমে মিসরের ১৮তম রাজবংশের ফেরাউন দ্বিতীয় থুতমোসের সমাধি পাওয়া গেছে। ১৯২২ সালে রাজা তুতানখামুনের পর এই প্রথম কোনও রাজ সমাধি আবিষ্কৃত হলো।

    সমাধির ওপর অ্যালাব্যাস্টার পাত্রে রাজা দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানি হাতশেপসুতের নাম খোদাই করা ছিলো। মূলত, এই কারণেই প্রত্নতাত্ত্বিকরা সমাধির পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন।

  • ‘অস্তিত্বগত হুমকির’ মুখোমুখি ফিলিস্তিনিরা !

    ‘অস্তিত্বগত হুমকির’ মুখোমুখি ফিলিস্তিনিরা !

    আন্তর্জাতিক ডেস্ক: বিখ্যাত আইরিশ লেখক স্যামুয়েল বেকিট তার ট্রেজিক-কমেডি ‘ওয়েটিং ফির গড’ তে দেখিয়েছিলেন ‘existential crisis’ যার মানে দাঁড়ায় অস্তিত্বগত সমস্যা। ফেমাস এই প্লে’টি লেখা হয়েছিলো ‘ওয়ার্ল্ড ওয়ার-২’-এর পর সবকিছু হারানো মানুষ কীভাবে অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে। আশা ছাড়া বাঁচাটা কতই না কঠিন! ঠিক একই রকম হুমকির মধ্যে রয়েছে ফিলিস্তিনিরা।

    একের পর এক বোমা হামলা, রক্ত, লাশের গন্ধ, ঘরবাড়ির ধ্বংসাবশেষ-সব মিলিয়ে গাজার ভেতরে ও বাইরে সব স্থানে ভীষণ মানবেতর জীবন পার করছে ফিলিস্তিনিরা। যুদ্ধের ভয়াবহতা নিয়ে একজন প্রবীণ গাজাবাসী বলেন, ‘আমি গাজায় যেখানেই যাই, অক্ষত বাড়ি বা স্থায়ী ভবন খুঁজতে থাকি। এখন পর্যন্ত, আমি কোনওটিই খুঁজে পাইনি।’

    এমন কিছু মানুষ আছেন যারা তাঁবু স্থাপনের জন্য বেইত লাহিয়ায় ফিরে গেছেন, যেখানে তাদের বাড়ি ছিলো। তবে সেখান থেকে নিকটতম জলের উৎসগুলো অনেক দূরে। বলা যায়, দীর্ঘ যাত্রা। পানি অপরিহার্য এবং এটি ছাড়া জীবন টিকিয়ে রাখা দায় বলে জানান স্থানীয়রা।

    এমন পরিস্থিতিতে কতোদিন সন্তান-পরিবার-পরিজন নিয়ে গাজায় বেঁচে থাকতে পারবেন, তা নিয়ে বেশ চিন্তাগ্রস্থ ফিলিস্তিনিরা। এভাবে চলতে থাকলে ফিলিস্তিনিদের কোন অস্তিত্বই থাকবে না বলে আশঙ্কা অনেকের।

  • ওয়াং বু নামের এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

    ওয়াং বু নামের এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

    নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের একটি বাসা থেকে ওয়াং বু নামের (৩৭) এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, চীনা নাগরিককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে হত্যার পর সহকর্মীরা বিদেশে পালিয়ে গেছেন বলেও ধারণা করা হচ্ছে।

    উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে এক মাস আগে ওই বাসায় অঠেন। সিআইডি ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

  • ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর পাঠিয়েছে সরকার

    ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর পাঠিয়েছে সরকার

    নিউজ ডেস্ক: ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

    তবে কোন কোন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তা এখনও জানা যায়নি।

    এদিকে আজ বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেন, উপদেষ্টা কমিটির বৈঠকে আওয়ামী লীগের আমলে নির্বাচনের সময় রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের কেউ সে সময় বিতর্কিত নির্বাচনের বিরোধিতা করেনি। এদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছরের নীচে চাকরির বয়স তাদের ওএসডি করা হচ্ছে। আর চাকরি বয়স ২৫ বছরের বেশি হওয়াদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে।

    গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ২০১৮ সালের নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এই ৩৩ জন যুগ্মসচিব পদে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগে কর্মরত ছিলেন। এর আগেও একই কারণে ১২ জন কর্মকর্তাকেও ওএসডি করা হয়েছিল।

    প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। চৌদ্দর নির্বাচনে নজীরবিহীনভাবে ১৫৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সে নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নির্বাচনে আওয়ামী লীগ একাই ২৩৪টি আসন পায়।

    অন্যদিকে, ২০১৮ সালের নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করলেও আওয়ামী লীগের বিরুদ্ধে একচেটিয়াভাবে নির্বাচন করার অভিযোগ ওঠে। পাশাপাশি ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি, জালভোট, কেন্দ্র দখল, ভোটে বাঁধা দেয়া ইত্যাদি অভিযোগও ওঠে। সেই নির্বাচনে ২৫৮টি আসনে জয় পায় আওয়ামী লীগ।