Category: প্রচ্ছদ

  • দুই ফসলি জমিতে চাষ করা যাবে তিন ফসল

    দুই ফসলি জমিতে চাষ করা যাবে তিন ফসল

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

    বৈজ্ঞানিক কর্মকর্তা
    এখন থেকে দুই ফসলি জমিতে চাষ করা যাবে তিনটি ফসল। দুই ধান চাষাবাদের জমিতে দুটি ধানের চাষের মধ্যবর্তী সময়ে মাত্র ৮০ দিনের মধ্যেই উচ্চ ফলনশীল জাতের সরিষা ঘরে তুলতে পারবেন চাষিরা। এমনকি দেশী জাতের চাইতে বিঘা প্রতি ২-৩ মণ করে বেশি সরিষার ফলন পাওয়া যাবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনা সরিষা-১১ জাতের সরিষায়।

    রোববার (২ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় মাঠ দিবসের অনুষ্ঠানে এসব তথ্য দেন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

    মাঠ দিবসের অনুষ্ঠানে বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষি বিভাগের কর্মকতারা জানান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনা সরিষা-১১ রোপনের ৮০-৮৩ দিনের মধ্যেই ফলন দেয়। পাশাপাশি এর গাছ বড় হওয়ায় জ্বালানি হিসেবেও ব্যবহার উপযোগী। এমনকি দেশী জাতের সরিষার তুলনায় এর রোগ-বালাই অনেক কম। দেশী জাতের সরিষা যেখানে বিঘা প্রতি ৩-৪ মণ ফলন দেয়, সেখানে বিনা-১১ জাত বিঘা প্রতি ৬ মণ সরিষা উৎপাদন হয়।

     

    সেচের পানি পেয়ে মৌলভীবাজারের হাওড়গুলোতে বোরো চাষের ধুম:

    মাঠ দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন, ভোজ্য তোলের চাহিদা মেটাতে সবচেয়ে ভালো বিকল্প হতে পারে সরিষা চাষ। তাই সরিষার চাষাবাদ বাড়াতে হবে। সেক্ষেত্রে উচ্চ ফলনশীল বিনা সরিষা-১১ কার্যকরী ভূমিকা পালন করতে পারে। কারন এই জাতটি যেমন একদিকে ফলন বেশি দেয়, তেমনি রোগবালাইও কম।

    মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার উপস্থিত কৃষকদের উদ্দেশ্য করে বলেন, জমিতে সারের দাম কম বলে অতিরিক্ত প্রয়োগ করা যাবে না। কৃষি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে সঠিক নিয়মে সঠিক পরিমাণে সার প্রয়োগ করবেন। কারণ অতিরিক্ত সার প্রয়োগে মাটির গুণাগুণ নষ্ট হয়। সয়াবিনে তেল কেমিকেল দিয়ে তৈরি করা হয়। এটি বিভিন্ন রকম ক্যানসারের কারণ। তাই স্বাস্থ্য সুরক্ষায় এর বিকল্প হতে পারে সরিষার তেল। সরিষার তেল সব খাবারে ব্যবহার করা যায়। তবে নতুন জাতগুলো চাষাবাদ করতে হবে। কারন এসব জাত উচ্চ ফলনশীল।

    তিন ফসলি জমি রক্ষায় প্রতিবাদ তাদের, দিয়েছেন স্মারকলিপি:

    বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র মাঠ দিবসের আয়োজন করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে এই মাঠ দিবস আয়োজন করা হয়।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান।

  • গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

    গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

    গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর ধারা বিবরনে জানা যায়, বর্ধিত ভ্যাট প্রত্যাহার, সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২রা ফেব্রুয়ারী রোজ রবিবার দুপুরে গাইবান্ধা পৌর শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাম জোটের কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক কমরেড রেবতী বর্মন, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানীসহ অন্যান্যরা।

    বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে দুর্নীতি, লুটপাট, মামলা-হামলা, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ভোটাধিকার হরণসহ নানা অপকর্মের কারণে তাদের পতন অনিবার্য হয়েছিল। আর এসব থেকে মুক্তির আকাঙ্খায় মানুষ রাস্তায় নেমেছিল। অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে মানুষের আকাঙ্খার বিপরীত কর্মকান্ড শুরু হয়েছে। তারা সিন্ডিকেট ভাঙ্গার বদলে নিত্যপণ্যের উপর ভ্যাট আরোপ করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে, বাংলাদেশের নাম পরিবর্তনের ষড়যন্ত্র করছে। যা কখনই গ্রহণযোগ্য না। বক্তারা অবিলম্বে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। এছাড়াও বক্তারা গাইবান্ধার বিভিন্ন স্থানে মেলার নামে হাউজী ও জুয়ার আয়োজন বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান। এসব আয়োজনে প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেটে গিয়ে সমাপ্ত হয়।

  • গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান পুলিশের হাতে গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান পুলিশের হাতে গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আনোয়ারুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।

    গত শনিবার রাতে গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুলকে বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় তাকে মহিমাগঞ্জ বাজার এলাকা থেকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মানিক রানা।

    আটকের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, উপজেলা বিএনপির অফিস ভাংচুরে দায়েককৃত মামলায় তাকে আটক করা হয়েছে।

  • আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি

    আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি

    নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

    রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

    তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। তাদের নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কী পারবে না সে সিদ্ধান্ত নেবে আহত ও নিহতদের স্বজনরা। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ তাদের দোসর সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করাসহ চার দফা দাবি পেশ করেছে সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানে সমর্থন জানানো সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার দাবিও জানানো হয়।

    এসব দাবি আদায়ে দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা উপজেলায় ৬ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ।

  • সোমালিয়ায় আইএস বিরোধী অভিযান যুক্তরাষ্ট্রের

    সোমালিয়ায় আইএস বিরোধী অভিযান যুক্তরাষ্ট্রের

    আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় আইএস বিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে মৃত্যু হয়েছে জঙ্গি সংগঠনটির বেশ কয়েকজন সদস্যের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) গোলিস পর্বতে চালানো হয়েছে এ হামলা। তবে এই অভিযানে বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    এর আগে, শনিবার ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সোমালিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলার নির্দেশ দেয়া হয়েছে সামরিক বাহিনীকে।

    যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য হুমকি আইএস সদস্যরা গুহায় লুকিয়ে আছে বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের শত্রুদের খুঁজে খুঁজে হত্যা করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। কিছুদিন আগেই পূর্ব আফ্রিকা থেকে বেশ কয়েকজন আইএস সদস্যকে আটক করে ইন্টারপোল।

  • টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ধাপ শেষে ড্রোন আতঙ্ক

    টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ধাপ শেষে ড্রোন আতঙ্ক

    নিউজ ডেস্ক: রোববার (২ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ধাপ শেষ হয়েছে। মাওলানা জুবায়ের আহমেদের পরিচালনায় আখেরি মোনাজাতের সময় ইজতেমার চারপাশে মুসল্লিদের মধ্যে দেখা দেয় ড্রোন আতঙ্ক।

    সকাল ৯টা ৩৩  মিনিটে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময় উড়ছিলো একটি ড্রোন। এসময় টঙ্গী স্টেশন রোড এলাকায় বেলুনের ওপর আছড়ে পড়ে ড্রোনটি। এতে আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা। পরে, পদদলিত হয়ে ৬৪জন মুসল্লি আহত হয়েছেন।

    মুসল্লিরা জানান, ইজতেমার মোনাজাতের সময়ে ড্রোন উড়ে বেলুনের ওপড়ে পড়ে বিকট শব্দ হওয়ায় দৌড়াদৌড়ি করে অনেক মুসল্লি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালেসহ স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

    টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, একটি ড্রোন আকাশে উড়ছিলো সম্ভবত ড্রোনটির চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটি ২নং গেটের একটু সামনে এলাকায় আঁছড়ে পড়ে। তবে মুসল্লিরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি তদন্ত চলছে।