Category: প্রচ্ছদ

  • জাবি-র স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা

    জাবি-র স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা

    নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    বুধবার (২৯ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন।

    ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী অ্যাকাডেমিক ছুটির দিন ব্যতীত ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হবে।

    চূড়ান্ত সময়সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি রোববার পাঁচ শিফটে ‘ডি’ (জীববিজ্ঞান অনুষদ) ইউনিটে আবেদনকারী মেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১০ তারিখ সোমবার একই ইউনিটের ছেলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা প্রথম চার শিফটে অনুষ্ঠিত হবে।

    এছাড়া একই তারিখে ৫ম শিফটে আইবিএ-জেইউ-এর (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

    ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রথম দুই শিফটে‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে মেয়ে শিক্ষার্থীদের এবং দ্বিতীয় শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    এবং ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    ১২ ফেব্রুয়ারি (বুধবার) পাঁচ শিফটে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছয় শিফটে ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিন শিফটে মেয়েদের এবং পরবর্তী তিন শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    ভর্তি পরীক্ষার শেষ দিন ১৭ ফেব্রুয়ারি (সোমবার) ১ম শিফটে ‘সি১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের তিন শিফটে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ২ শিফটে মেয়েদের এবং তৃতীয় শিফটে ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এছাড়া সি১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় (বহুনির্বাচনী) উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য ২৩ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে এবং চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য, জাবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সর্বমোট ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন ভর্তি পরীক্ষায় বসবে।

  • কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা দেয়ার ঘটনার ব্যাপারে জানতেন না ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

    কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা দেয়ার ঘটনার ব্যাপারে জানতেন না ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

    নিউজ ডেস্ক: গতকাল কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা দেয়ার ঘটনার ব্যাপারে জানতেন না ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছেন তিনি।

    এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, কওমি উদ্যোক্তা অনুষ্ঠানে ঢুকতে দেয়া হয়নি বলে ফেসবুকে পোস্ট করেন এক নারী সাংবাদিক। এ নিয়ে সমালোচনার মুখে আজ সচিবালয়ে উপদেষ্টার কাছে এর জবাব চান সাংবাদিকরা।

    এ সময় তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে তার অনেক অনুষ্ঠানই নারী সাংবাদিকরা কাভার করেছেন। গতকাল কওমি উদ্যোক্তা ফোরামের সম্মেলনে তিনি মাত্র এক ঘণ্টা ছিলেন। তখনও বিষয়টি জানতেন না বলে দাবি করেন তিনি।

    আরেক প্রশ্নে জয়পুরহাটে নারী ফুটবলারদের ম্যাচ বাধাগ্রস্ত করার বিষয়টি সরকার খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানান উপদেষ্টা। নারী অভিনেত্রীদের কোনো অনুষ্ঠান করতে সরকার বাধা দিচ্ছে না বলেও জানান আ ফ ম খালিদ হোসেন। এসব ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়ার কথা জানান তিনি।

  • ফিলিস্তিনের পক্ষে যেসব প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেছিল তাদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

    ফিলিস্তিনের পক্ষে যেসব প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেছিল তাদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

    আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পক্ষে যেসব প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেছিল তাদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর, রয়টার্সের।

    একটি ফ্যাক্ট শিটে প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশে ট্রাম্প বলেছেন, আপনারা যারা জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন, আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। আপনাদের খুঁজে বের করব এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাব। শিক্ষাপ্রতিষ্ঠানে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সব বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুততম সময়ের মধ্যে বাতিল করা হবে।

    আরও বলা হয়, ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সব বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করব। ক্যাম্পাসগুলোর আন্দোলন উগ্রবাদীদের দ্বারা জর্জরিত হয়ে পড়েছিল।

    ট্রাম্প এমন দাবি করলেও গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাসে যেসব ফিলিস্তিনপন্থি আন্দোলন হয়েছে তার ৯৭ শতাংশই শান্তিপূর্ণ ছিল।

    উল্লেখ্য, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিয়ে গত বছর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন হয়। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, কম-বেশি সবাই গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিলেন। বিশেষ করে মার্কিন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়।

  • আ. লীগের কর্মসূচি ঘোষণার জন্য সরকারের ঢিলেঢালাভাবকে দায়ী করলেন রিজভী

    আ. লীগের কর্মসূচি ঘোষণার জন্য সরকারের ঢিলেঢালাভাবকে দায়ী করলেন রিজভী

    নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ। এই মাসে মোট ১০টি দাবিতে ৫ ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

    পতনের ছয়মাসের মাথায় রাজপথে আওয়ামী লীগের কর্মসূচি দেয়ার দায় অন্তর্বর্তী সরকারের ঘাড়ে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের জনগণ আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য আজ এ পরিস্থিতির সম্মুখীন হতে হলো।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে প্রতিবন্ধী রিকশাচালক মামুনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

    এ সময় রিজভী বলেন, শেখ হাসিনার কাছে নারী-শিশুর জীবনের কোনো মূল্য ছিল না। তার কাছে সিংহাসনই মূল্যবান ছিল। সে কতোজনকে সন্তানহারা করেছে হদিস নেই। তার কাছে ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধীপক্ষের মরদেহ দেখলে সে খুশি হতো বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

    যারা আহনাফ, আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে তারা সবাই আইনের লোক। তাদেরকে আইনের হাত থেকে কারা দূরে রাখছে এমন প্রশ্নও তোলেন তিনি।

  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও ১৬ দিন বৃদ্ধি

    আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও ১৬ দিন বৃদ্ধি

    নিউজ ডেস্ক: ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও ১৬ দিন বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগমী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়া যাবে।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এনবিআরের কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    ব্যক্তিগত আয়করদাতাদের আয় ও সম্পদের বিবরণী দাখিলের সময়সীমা শেষ হওয়ার একদিন আগে এলো এই ঘোষণা এলো। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়াদ বাড়াল এনবিআর।

    আয়কর আইন অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন জমা দেয়ার শেষ সময় ৩০ নভেম্বর (পূর্ববর্তী জুনে শেষ হওয়া অর্থবছরের জন্য)। বোর্ড চাইলে মেয়াদ বাড়াতে পারে। গত বছরের ১৭ নভেম্বর এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে এনবিআর আবারও সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত করে।

    এনবিআর সূত্র থেকে আগেই জানা গিয়েছিল, কর আইনজীবীদের আবেদন এবং রিটার্ন জমার গতি প্রত্যাশার চেয়ে কম হওয়ায় সময়সীমা আরেক দফা বাড়ানোর চিন্তা করা হচ্ছিল।

    এদিকে, পৃথক আরেক বিজ্ঞপ্তিতে কোম্পানিগুলোর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমাও বাড়িয়েছে এনবিআর। প্রতিষ্ঠানগুলো এখন ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ১৬ মার্চ পর্যন্ত তাদের রিটার্ন দাখিল করতে পারবে।

    এর আগে, কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছিল।

  • সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সমর্থন না থাকলে ব্যাংক থেকে লুটপাট করা সম্ভব হতো না; পররাষ্ট্র উপদেষ্টা

    সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সমর্থন না থাকলে ব্যাংক থেকে লুটপাট করা সম্ভব হতো না; পররাষ্ট্র উপদেষ্টা

    নিউজ ডেস্ক: সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সমর্থন না থাকলে ব্যাংক থেকে লুটপাট করা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বলেন, বিভিন্ন খাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমাতে হবে।

    বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বলেন তিনি।

    তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাচার হয়েছে। অনিয়মের মাধ্যমে একজনের একাধিক এমআরপি নেয়ারও ঘটনা ঘটেছে। ফলে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা কতটা নিরাপদ। হ্যাক বা কারিগরি সমস্যা হলে বিকল্প আছে কিনা সে বিষয়গুলো মাথায় রাখার নির্দেশনাও দেন।

    বিদেশে দেশের ভাবমুর্তি রক্ষায় প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এমপিরা দুর্নীতি দায়ে বিদেশের মাটিতে জেল খাটলে দেশের ভাবমূর্তি আর থাকে না।

    এছাড়াও সরকারের আইসিটি বিভাগ জানায়, সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ প্রায় দুইশো ধরণের সেবা একসাথে পাবেন। আইসিটি বিভাগের এটুআই এটি বাস্তবায়ন করেছে ।