Category: প্রচ্ছদ

  • বিয়ের ওপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন

    বিয়ের ওপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন

    নিউজ ডেস্ক: রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।বিয়ের ওপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে এ মানববন্ধন করেছে ‘সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে একটি সংগঠন।

    মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বিয়ে মানুষের মৌলিক অধিকারের একটি। এছাড়া, এটি ইসলামের অন্যতম একটি বিধান।

    তারা অভিযোগ করেন, চতুর্থ বিয়ের ক্ষেত্রে উচ্চহারে কর নির্ধারণ করে এ বিধানের পথ রুদ্ধ করার একটি সাংঘর্ষিক পন্থা বেছে নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। অবিলম্বে বিয়ের ওপর নির্ধারিত কর বাতিলের দাবি জানান বক্তারা।

    উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২০১৬ সালের আদর্শ কর তফসিল অনুযায়ী আগের তিন স্ত্রী বর্তমান থাকা অবস্থায় চতুর্থ বিয়ের ক্ষেত্রে ৫০ হাজার টাকা কর ধার্য করে।

  • যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগেই নানা হুমকি ধামকি জারি রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

    যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগেই নানা হুমকি ধামকি জারি রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগেই নানা হুমকি ধামকি জারি রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৮ জানুয়ারি) টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি দাবি করেন, চুক্তির প্রথম ধাপ অনুযায়ী কেবল অস্থায়ী যুদ্ধবিরতি হবে। দ্বিতীয় ধাপে পরিকল্পনা মতো না এগুলে আবার যুদ্ধ শুরু হবে গাজায়। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান ও নবনির্বাচিত দুই প্রেসিডেন্টেরই সমর্থন রয়েছে বলেও জানান। হামাসকে নিঃসঙ্গ করে দেয়ার দাবিও করেন নেতানিয়াহু।

    ভাষণের সার্বিক প্রেক্ষাপটে যুদ্ধবিরতি চুক্তিকে তেলআবিবের বিজয় হিসেবে উপস্থাপন করেন তিনি। দাবি করেন, প্রথম ধাপে খসড়া প্রস্তাবে উল্লেখিত সংখ্যার দ্বিগুনের বেশি জিম্মিকে মুক্তি দিতে বাধ্য করা হচ্ছে হামাসকে। মধ্যপ্রাচ্যে ইরানের বলয়কে কাবু করার দাবিও করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

    নেতানিয়াহু বলেন, চুক্তির প্রথম ধাপ অস্থায়ী যুদ্ধবিরতি। দ্বিতীয় ধাপে আলোচনা ফলপ্রসূ না হলে আবার যুদ্ধ শুরু করবে ইসরায়েল। আর তা হবে আরও বড় পরিসরে। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দু’জনই ইসরায়েলের অভিযানের পক্ষে।

    তিনি আরও বলেন, পুরো ইরানি বলয়কে আমরা ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছি। আরও কিছুটা বাকি। মধ্যপ্রাচ্যের চেহারাই বদলে দিয়েছি আমরা।

    বিশ্লেষকরা বলছেন, গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার স্বার্থেই এমন কৌশল বলে মনে করা হচ্ছে।

  • ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলির বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে একটি বাংলাদেশি কার্গো জাহাজ

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলির বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে একটি বাংলাদেশি কার্গো জাহাজ

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলির বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে একটি বাংলাদেশি কার্গো জাহাজ। বিকট শব্দের পর ডুবে যাওয়া জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি।

    জানা গেছে, দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে গিয়েছিল ওই কার্গো জাহাজটি। ছাই সংগ্রহ করে দেশে ফেরার জন্য় প্রস্তুতি নিচ্ছিল তারা। ঠিক সেই সময়ই ঘটে এই ঘটনা। জাহাজে থাকা কর্মীরা জানিয়েছেন, হঠাৎ করেই জাহাজের তলায় একটি শব্দ হয়। এরপর পানি উঠতে শুরু করে।

    বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। এরপর পানি কমায় কিছুটা অংশ জেগে ওঠে। তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয়। এরপর শ্রমিক এনে চলে কাজ।

    জানা গেছে, সপ্তাহ খানেক লাগতে পারে সব ছাই খালি করতে। তারপর জাহাজ মেরামত করে বাংলাদেশ ফিরতে পারে ওই জাহাজটি।

  • আম গাছ কাটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বললো ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ

    আম গাছ কাটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বললো ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ

    নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করে আম গাছ কাটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বললো ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ।

    শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ঢুকে আম গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিএসএফ ও ভারতীয়রা। খবর পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে বিজিবি এই কার্যক্রমকে রুখে দেয়।

    এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে বেশ উত্তেজনা দেখা দেয়। এ সময় ওপার থেকে ছোড়া হাতবোমার বিস্ফোরণে অন্তত পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা যায়। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

    এ ঘটনায় বিকেল চারটার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটি বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে ১৭৭ এর ৩এস বরাবর বাংলাদেশি কিছু আমগাছ ছিল। বাংলাদেশের আমগাছ কাটাকে নিয়ে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুই দেশের মানুষ শূন্যরেখা বরাবর দাঁড়িয়ে যায়।’

    তিনি আরও বলেন, ‘আমরা বিজিবির জনবল বৃদ্ধি করেছি। বিকেল ৪টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, যে গাছগুলো কাটা হয়েছে, অন্যায় হয়েছে। তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। কেউ যেন শূন্যরেখা অতিক্রম না করে, উত্তেজনাকর পরিবেশ প্রশমিত করার জন্য আমরা প্রস্তুত আছি। বিজিবির পাশাপাশি দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে।’

    এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, বিএসএফ ও শতাধিক ভারতীয় মিলে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে ১২ থেকে ১৫টি আম গাছ কেটে ফেলে। পরে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান। এ সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন। বিএসএফ সদস্যরা ৪টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। স্থানীয় ভারতীয়রা পাথরও ছুড়ে মারে। অন্যদিকে, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ভারতীয়রা কাটা গাছ ফেলে পালিয়ে যায়।

    উল্লেখ্য, চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করেছিল। তখন চৌকা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল।

  • সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা সেই চোর গ্রেফতার

    সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা সেই চোর গ্রেফতার

    বিনোদন ডেস্ক: বলিউড নবাব খ্যাত সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা চোরকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। গ্রেফতার ওই যুবককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে, সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যায় এই চোরের ছবি।

    জানা গেছে, হামলাকারীকে ইতোমধ্যে বান্দ্রা পুলিশ স্টেশনে নেয়া হয়েছে। এই ঘটনার পেছনে আরও কোনো পরিকল্পনা ছিল কিনা- তা জানার চেষ্টায় আছে পুলিশ।

    এর আগে, বুধবার গভীর রাতে এই বলিউড অভিনেতার বাড়িতে হানা দেয় চোর। সে ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফ আলি খানের ঘুম ভেঙে যায়। তিনি বাঁধা দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একাধিকবার বলিউড তারকাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত।

    পরে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। অস্ত্রোপচারের পর অভিনেতা এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাইফকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

  • মাদক ব্যবসা না করায় যুবককে রাতভর নির্যাতনের অভিযোগ

    মাদক ব্যবসা না করায় যুবককে রাতভর নির্যাতনের অভিযোগ

    নিউজ ডেস্ক: গোপালগঞ্জে মাদক ব্যবসা না করায় নাহিদ মিনা (২২) নামে এক যুবককে সারারাত পানিতে চুবিয়ে রাখা ও মারধরের অভিযোগ উঠেছে।

    আহত ওই যুবকের বাড়ি সদর উপজেলার পাইকের ডাঙ্গা গ্রামে। তার বাবার নাম চান মিয়া মিনা। সে চন্দ্রদিঘলিয়া এলাকায় হোটেল ব্যবসা করতো। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর উপজেলার গোপিনাথপুর তদন্ত কেন্দ্রে
    পুলিশের কাছে রেখে যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    আহত নাহিদ জানায়, তাকে মাদক ব্যবসা করার জন্য পাশের গ্রাম গোপিনাথপুরের আমানত খান এবং ফুকরা গ্রামের আদম ও বাদশা বৃহস্পতিবার রাতে ধরে নিয়ে যায় এবং সারারাত তার ওপর নানাভাবে নির্যাতন চালায়।

    গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আবতাব জিলানী জানান, যুবকটিকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চালাচ্ছে বলে তার বাবা নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।