Category: প্রচ্ছদ

  • লাল সন্ত্রাস ঘোষণাকারী মেঘমোল্লার বসুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি

    লাল সন্ত্রাস ঘোষণাকারী মেঘমোল্লার বসুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি

    নিউজ ডেস্ক: শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে লাল সন্ত্রাস ঘোষণাকারী মেঘমোল্লার বসুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার।

    তিনি বলেন, লাল সন্ত্রাসী অপতৎপরতা চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ডাকসু নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে।বিগত ১৫ বছর বাম সংগঠনগুলো আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। তারা এখন নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়।

    তিনি আরও জানান, তাদের এ অপতৎপরতার চেষ্টা রুখে দেয়া হবে। এ সময় লাল সন্ত্রাসী মেঘ মল্লার বসুকে গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা।

  • গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না

    গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না

    নিউজ ডেস্ক: বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে আওয়ামী লীগের সকলকে দেশে ফিরিয়ে এনে যথাযথ বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

    তিনি বলেন, গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।

    শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বিজয়নগর পানির ট্যাংক মোড়ে জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

    রাশেদ খান বলেন, শেখ হাসিনা ভারতে বসে অডিও বার্তা পাঠাচ্ছে, আর আওয়ামী লীগ সে অনুযায়ী কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা দিতে হবে।

    গণহত্যায় অংশগ্রহণকারী র‍্যাব-পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি। পরে বিক্ষোভ মিছিল করে সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

  • সরকারের মেয়াদ ও প্রার্থিতার ন্যূনতম বয়স নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের

    সরকারের মেয়াদ ও প্রার্থিতার ন্যূনতম বয়স নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের

    নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতন ছাড়াও গণঅভ্যুত্থানের বড় লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার। এরই অংশ হিসেবে সংবিধান, নির্বাচনসহ ৪ সংস্কার কমিশন নতুন রাষ্ট্র নির্মাণে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছে। সুপারিশমালায় সংস্কারের নানা প্রস্তাব দিয়েছে কমিশনগুলো।

    সুপারিশে ক্ষমতার ভারসাম্য রক্ষায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে বিশিষ্টজনরা। তবে সংসদের মেয়াদ চার বছর, একই ব্যক্তিকে দলীয় প্রধান, সংসদ নেতা ও সরকারপ্রধান না করার সুপারিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

    অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুবউল্লাহ বলছিলেন, আমাদের মতো উন্নয়নশীল দেশে ক্ষমতায় আসার পর সরকারের উন্নয়নমূলক কাজ দেখানোর তাড়না থাকে। এই উন্নয়নের জন্য চারবছর যথেষ্ট সময় নয়। তাই সরকারের মেয়াদ পাঁচবছর রাখাটাই উত্তম হবে।

    দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সুপারিশে সুনির্দিষ্টভাবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হলেও কীভাবে নির্বাচনগুলো হবে বা যোগ্যতার মাপকাঠিগুলো স্পষ্ট নয়।

    কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই সুপারিশ প্রসঙ্গে ড. মাহবুবউল্লাহ বললেন, তিন বা চার মেয়াদ কেউ প্রধানমন্ত্রী হলে স্বৈরতান্ত্রিক হওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে সাজা হলে প্রার্থিতা ও দলের পদ না রাখার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই প্রস্তাবে বিশিষ্টজনেরা ইতিবাচক সাড়া দিয়েছেন।

    ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, কেউ দোষী প্রমাণিত হলে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার বিষয়ে সার্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে।

    দোষীদের নির্বাচনে নিষিদ্ধ করলে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করেন অধ্যাপক ড. মাহবুবউল্লাহ।

    তবে নির্বাচনে প্রার্থিতার ন্যূনতম বয়স ২১ বছর এবং মনোনয়নের ক্ষেত্রে তরুণদের জন্য ১০ ভাগ কোটা রাখার সুপারিশকে সন্দেহের চোখে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যুব সমাজের ক্ষমতায়নের নামে কিছু তরুণকে সুবিধা দেয়া যাবে না।

    এ নিয়ে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স ২১ করার প্রস্তাবটির উদ্দেশ্য পরিষ্কার নয়। এটি অনেক বিতর্কের জন্ম দেবে। এক্ষেত্রে তরুণ সম্প্রদায়কে মাথায় রেখে কাজ করতে হবে। গুটিকয়েক তরুণকে মাথায় রেখে কাজ করলে হবে না।

    দেশে একজন শিক্ষার্থীর মাস্টার্স পাশ করছে অন্তত ২৩ বছরে, তা উল্লেখ করে ড. মাহবুবউল্লাহ বলেন, সেক্ষেত্রে ২১ বছরের প্রস্তাবটি সন্দেহজনক।

    বাস্তব অবস্থা বিবেচনা করে সংস্কারের সুপারিশ কার্যকর ও নির্বাচনের উদ্যোগ নেয়ার প্রস্তাবও দিয়েছেন দেশের এই দুই জ্যেষ্ঠ নাগরিক।

    সূত্র যমুনা টিভি

  • হাজারীবাগে লেদার গোডাউনের আগুন

    হাজারীবাগে লেদার গোডাউনের আগুন

    নিউজ ডেস্ক: আড়াই ঘণ্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগ বাজারে ফিনিক্স নাম একটি লেদার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    তবে এখনও আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    এর আগে, শুক্রবার দুপুর ২টা ১৪ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাছাড়া আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি কাজ করে।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুরে হাজারীবাগের ট্যানারির কাঁচাবাজার সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় ফিনিক্স লেদারের গোডাউনে আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

  • ‘বাফার জোন’ থেকে ইসরায়েলি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

    ‘বাফার জোন’ থেকে ইসরায়েলি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

    আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে অপসারণের পর ‘বাফার জোন’ দখল করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে ধীরে ধীরে সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবিলম্বে সেখান থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করার দাবি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দামেস্কে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল-শারার সাথে কথা বলতে গিয়ে ইসরায়েলি পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ।

    ইসরায়েলি দখলদারদের বাফার জোন দখল একটি বেপরোয়া কাজ এবং এটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে মনে করেন কাতারের প্রধানমন্ত্রী।

    আল-শারার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপের নেতৃত্বে বিরোধী যোদ্ধাদের দ্বারা আসাদকে উৎখাত করার পর, ইসরায়েল গত মাসে গোলান হাইটসের পাশে অবস্থিত ‘বাফার জোন’ যা সিরিয়া ও ইসরায়েলকে পৃথককারী হিসেবে পরিচিত, সেখানে সামরিক ইউনিট মোতায়েন করে ইসরায়েল।

    মূলত, ১৯৭৪ সালে জাতিসংঘ-মধ্যস্থতায় পরিচালিত যুদ্ধবিরতির অংশ হিসেবে এই অঞ্চলটিকে আনুষ্ঠানিকভাবে একটি সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে মনোনীত করা হয়েছে।

    ইসরায়েলের সেনারা যখন ‘বাফার জোন’ দখল করে নেয়, তখন সিরিয়া জুড়ে শত শত বিমান হামলা চালায় ইসরায়েল। তারা বলেছে যে তাদের বিমান হামলা ‘চরমপন্থীদের’ হাতে অস্ত্র পৌঁছানো বন্ধ করাই মূলত ওই অভিযানের অংশ।

  • কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ

    কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ

    সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল এমএ মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ওজায়েরুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ছয় বছরের দায়িত্বকালে ভুয়া কাগজ তৈরী করে প্রভাষক (আরবী) নিয়োগসহ পরিচালনা পর্ষদের সভাপতি ও অন্যান্য সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। একইভাবে মোটা টাকার বিনিময়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ, পরিত্যক্ত ভবন বিক্রয়সহ প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহার করে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। এসব ঘটনা তদন্তের দাবিতে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ডাঃ আব্দুল জলিল আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

    অভিযোগ সুত্রে জানা যায় ২০১৮ সালে মোঃ ওজায়েরুল ইসলাম শ্যামনগর কেন্দ্রীয় কামিল এমএ মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করেন। এসময় মাদ্রাসার সুপার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হলেও প্রভাব খাটিয়ে তিনি সরাসরি অধ্যক্ষ পদে নিয়োগ নেন। এছাড়া অধ্যক্ষ পদে যোগদানের দুই বছর পর তিনি ঘনিষ্ঠ সহযোগী মোঃ শফিকুল ইসলামকে উক্ত প্রতিষ্ঠানের আরবী বিভাগে প্রভাষক পদে নিয়োগ দেন। তবে শিক্ষক নিবন্ধন সনদ না থাকায় বেতন ছাড় করার উদ্দেশ্যে শফিকুলকে তিনি কাগজ-কলমে ২০০৫ সালে নিয়োগ দেখান। যদিও তথ্যানুসন্ধানে দেখা যায় শফিকুল ইসলাম ২০০২ থেকে ২০২০ সাল পর্যন্ত উপজেলার ফয়সালাবাদ আলিম মাদ্রাসায় আরবী প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

    অনুসন্ধানকালে আরও তথ্য পাওয়া যায় একজন শিক্ষকের বেতন ছাড় করার চেষ্টায় ২০২০ সালে তিনি গুরুতর এক জালিয়াতির আশ্রয় নেন। পরিচালনা পর্ষদকে সম্মত করাতে না পেরে প্রতিষ্ঠানের সভাপতি তৎকালীন ইউএনও সোলায়মান মন্ডল, সহ-সভাপতি ডাঃ অজিয়ার রহমান ও মহা-পরিচালকের প্রতিনিধি অধ্যাপক কেএম আওরঙ্গজেবের স্বাক্ষর জাল করা হয়।
    তথ্যানুসন্ধানে আরও জানা যায় অর্থের বিনিময়ে ঘনিষ্ঠ সহযোগী শফিকুল ইসলামের নাম মাদ্রাসা অধিদপ্তরে প্রেরণ করেন তিনি। যদিও বিধি মোতাবেক প্রতিষ্ঠানের হাদিস বিভাগের শিক্ষক শাহাজান সিরাজের উপাধ্যক্ষ হওয়ার কথা। যার প্রেক্ষিতে পরবর্তীতে উক্ত অধ্যক্ষ কতৃপক্ষের নিকট তিরস্কৃত হন।

    উক্ত অধ্যক্ষের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে ২০২২ সালে প্রায় ৩৮ লাখ টাকার বিনিময়ে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর চারজন কর্মচারী নিয়োগ দেন তিনি। আবার ২০২৩ সালের নভেম্বরে একতলা একটি পরিত্যক্ত ভবন নিজ উদ্যোগে বিক্রয় করলেও কোন টাকা তিনি মাদ্রাসা ফান্ডে জমা দেননি। ওজায়েরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুর্ববর্তী কর্মস্থলে চাকুরী দেয়ার নামে তিনি মাওলানা জাহাঙ্গীর হোসেন, আব্দুল বারীসহ ১৪ জনের নিকট থেকে প্রায় এক কোটি টাকা আদায় করেছেন। চাকরি দিতে ব্যর্থ হলেও অদ্যাবধি তিনি কাউকে কোন টাকা ফেরত না দেয়ায় সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ করেছেন তারা।

    মাদ্রাসার শিক্ষক শাহজান সিরাজ জানান অধ্যক্ষের দায়িত্ব নিয়ে তিনি মাদ্রাসাকে কামিল স্তরে উন্নীত করেন। তবে কামিল স্তরে উন্নীত করতে উপাচার্যের জন্য প্রতিষ্ঠান থেকে তিনি ১৬ লাখ টাকা হাতিয়ে নেন। সাবেক সভাপতি আব্দুল জলিল বলেন, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এক শিক্ষকের উপাধ্যক্ষ পদের বেতন ছাড় করার সময় তার স্বাক্ষর জাল করেন ওজায়েরুল। পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছেন। বিষয়টির তদন্তভার মাধ্যমিক শিক্ষা অফিসারের উপর থাকলেও ছয় মাসেও তার অগ্রগতি নেই।

    এসব বিষয়ে অভিযুক্ত ওয়াজেরুল ইসলাম জানান শফিকুল ইসলামের প্রথম নিয়োগ ননএমপিও নিয়োগ ছিল, পরবর্তীতে বিষয়টি সমন্বয় করা হয়। এছাড়া স্বাক্ষর জালিয়াতির ঘটনার ইতিমধ্যে তদন্ত হলেও বিষয়টি অপেক্ষামান আছে, দাবি করেন তিনি। এছাড়া উপাচার্য্যরে নামে ১৬ লাখ টাকা গ্রহনসহ অন্যান্য সকল অভিযোগকে তিনি মিথ্যা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। শ‍্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান এখনো কোন লিখিত অভিযোগ তার হাতে পড়েনি। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।