Category: প্রচ্ছদ

  • যাত্রাবাড়ীতে দোকানে সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি

    যাত্রাবাড়ীতে দোকানে সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি

    মিলন আহমেদ : রাজধানীর যাত্রাবাড়ী ধার্মিক পাড়া ওয়াবদা রোড এলাকায় নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা ও মালিককে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গত-১০ ডিসেম্বর ওয়াবদা রোড ৩৭/১/২৪ এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় এ বিষয়ে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন, জি.এম সরোয়ার (৪৮) এতে বিবাদী করা হয়। মো. শাকিব (৩৮), পিতা- কুতুব উদ্দিন জাহাঙ্গীর, সাং মানিকদিয়া, থানা- সবুজবাগ, ২। মো. সাব্বির হোসেন (৩৫), পিতা কুতুব উদ্দিন জাহাঙ্গীর সাং- মানিকদিয়া থানা- সবুজবাগ, ৩। মো. বাবু (৪৫), পিতা- আবুল হোসেন, সাং- মানিকদিয়া, থানা সবুজবাগ, ৪। মো. জাহাঙ্গীর আলম (৫০) পিতা- অজ্ঞাত, সাং- মানিকদিয়া থানা, সবুজবাগ। স্থানীয়রা জানান, ৭৩ নং ওয়ার্ড স্বৈরাচার শেখ হাসিনার আমলে এলাকার বিভিন্ন স্থানে তান্ডব চালায় এই মো. জাহাঙ্গীর আলম।

    ভুক্তভোগী-জি.এম সরোয়ার জানান, যাত্রাবাড়ী থানাধীন ধার্মিক পাড়া, ওয়াবদা রোড ৩৭/১/২৪ ঠিকানার ৮৪৮ অযুতাংশ জমি আমি শহিদুল্লায় ও রেজিয়ার নিকট হইতে বিগত ২০২১ সালে ক্রয় সূত্রে আমার মামা শ্বশুর জাকির হোসেন পরিচিত সাঈদ আহম্মেদ ও আমি মালিক। উক্ত জমি ক্রয়ের পর আমরা টিনসেড বিল্ডিং নির্মান করিয়া ভোগ দখলে নিয়োজিত আছি। আমাদের উক্ত জমিতে নির্মিত টিনসেড বিল্ডিংয়ের সামনের অংশে দোকান এবং পিছনের অংশে গোডাউনের জন্য নির্মিত। বিবাদীরা বিভিন্ন সময় আমার উক্ত তফসিল যুক্ত জমি জোরপূর্বক দখলের জন্য পায়তারা করিয়া আসছে। আমার উক্ত জমিতে নির্মিত দোকানের ভিতরে ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। ইং ১০ ডিসেম্বর সন্ধ্যা অনুমান ৫.৪৫ ঘটিকার সময় ওইসব বিবাদী যাত্রাবাড়ী থানাধীন ধার্মিক পাড়া, ওয়াবদা রোড ৩৭/১/২৪ আমার ক্রয়কৃত জমিতে নির্মিত দোকানের সামনে বেআইনি জনতাবদ্ধে আসিয়া আমাকে খুঁজতে থাকে এবং নির্মান কাজ বন্ধ রাখার জন্য বলে। দোকানের নির্মাণ কাজে নিয়োজিত মিস্ত্রী মামুন তার কথা মত কাজ বন্ধ না করায় বিবাদীরা মিস্ত্রী মামুনকে এলোপাথারী কিলঘুষি, লাথি মেরে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। নির্মাণ কাজে নিয়োজিত অনান্য মিস্ত্রীরা বিবাদীদের কার্যকলাপ দেখে দোকানের ভিতরে চলে যায় এবং সাটার লাগায় রাখে। মিস্ত্রী মামুন আমাকে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানালে আমি দ্রুত আমার দোকানে হাজির হই এবং বিবাদীদের সহিত কথা বলার চেষ্টা করলে ১ নং বিবাদী মো. শাকিব তার হাতে থাকা কাঠের লাঠি দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় বাড়ি মারলে আমি প্রাণে বাঁচার জন্য সরে গেলে আমার নাকে লাগে এবং হাড় ভাঙ্গা জখম হয়। অনান্য সকল বিবাদী আমাকে এলোপাথারী কিলঘুষি, লাথি মেরে আমার মাথা-সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ২ নং বিবাদী মোঃ সাব্বির হোসেন আমার পকেটে মিস্ত্রীদের বিল ও রড ক্রয়ের জন্য থাকা নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ছিনিয়ে নেয়। বিবাদীরা তাদের কাছে থাকা লোহার রড, হ্যামার দিয়ে দোকান ঘরের সাটার ভেঙ্গে ক্ষতিসাধন করে, ক্ষতিসাধিত মূল্য অনুমান ১ লক্ষ্য টাকা। বিবাদীরা সাটারের তালা ভেঙ্গে দোকানের ভিতরে অনধিকার প্রবেশ করে দোকানে থাকা সিসি ক্যামেরা, ডিডিআর, রাউটার মনিটর খুলে নিয়ে যায় এবং দোকানের ভিতরে নির্মাণ কাজের জন্য থাকা ৯ শত কেজি লোহার রড ভ্যানে করে নিয়ে যায়।

    ঘটনাস্থলে উপস্থিত মাসুদ, শুক্কুর-সহ আরো অনেকের উপস্থিতিতে দোকানের কাজ চলমান রাখলে বিবাদীরা আমার প্রাণ নাশ করবে বলে হুমকি প্রদান করে সকল বিবাদী ঘটনাস্থল হতে চলে যায়। আমি আহত হওয়ায় আমার পরিবারের লোকজন আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে চিকিৎসা করায়। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই মাহবুদুল হাসান জীবন নিউজ কে বলেন, আজকে আমার নাইট ডিউটি আছে ঘটনাস্থলে যাব বিষয়টি সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়ার রিমান্ড মঞ্জুর

    সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়ার রিমান্ড মঞ্জুর

    নিউজ ডেস্ক: পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আনিসুল হককে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে শাহবাগ থানার একটি মামলায় আনিসুল হক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

    এ ছাড়াও, পল্টন থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

    আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন জানান, বার বার একই আসামিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো মানবাধিকার লঙ্ঘন। জামিন আসামির অধিকার। জামিন না দিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা সবাই ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। তারা ছাত্র আন্দোলন দমাতে মাঠে ছিলো। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে এতো মানুষ প্রাণ হারান। তাই তাদের জামিনের বিরোধিতা করা হয়েছে। আসামিদের হয়রানি করা লক্ষ্য নয়। হত্যার বিচার করাই বর্তমান সরকারের লক্ষ্য।

  • ধীরগতির উন্নয়ন কাজের জন্য প্রায় একবছর ধরে দুর্বিষহ জীবন পার করছেন এলাকাবাসী

    ধীরগতির উন্নয়ন কাজের জন্য প্রায় একবছর ধরে দুর্বিষহ জীবন পার করছেন এলাকাবাসী

    নিউজ ডেস্ক: নিজ বাড়ির উঠোন-ই যেনো মৃত্যুফাঁদ। ঘর থেকে বেরিয়ে, পথে নামলেই বিপদের শঙ্কা। রাজধানীর দক্ষিণখানবাসীর জীবনে উন্নয়নই এখন আতঙ্কের নাম। ধীরগতির উন্নয়ন কাজের জন্য প্রায় একবছর ধরে দুর্বিষহ জীবন পার করছেন এলাকাবাসী।

    বর্ষাকালে সড়কের যে মাটি কেটে রাখা হয়েছিলো, তিন মাসের ব্যবধানে তা-ই পরিণত হয়েছে ছোটখাটো টিলায়। তাও উন্নতি হয়নি পরিস্থিতির।

    কি নেই এই সড়কে- স্থানে স্থানে উপচে পড়ছে সুয়ারেজের পানি। পড়ে আছে পাইপ, হাজারো ইট কিংবা বালুর স্তুপ। এতো কিছুর চাপে এই সড়কে যান চলাচলেরই কোনো ব্যবস্থা নেই।

    একজন এলাকাবাসী বলেন, যেকেউ অসুস্থ হলে বেশ বিপদে পড়তে হয়। কারণ- রাস্তা ঠিক নেই। ফলে কোনভাবেই রোগী নিয়ে যাওয়ার উপায় নেই।

    বাস্তবতা বুঝে এই এলাকা ছাড়ছেন অনেকে। ভাড়াটিয়া শূন্য অনেক বাসা। সড়কের পাশে যারা ব্যবসা করছেন তাদের অবস্থা পৌঁছেছে চরমে।

    গাওয়াইর, কাজিবাড়ি থেকে মাটিবাড়ি পর্যন্ত এমন পরিস্থিতি ছিলো তিন মাস আগেও। সেনাবাহিনী কাজের দায়িত্ব নেয়ার পর ওই সব এলাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মোল্লারটেক থেকে প্রেমবাগান পর্যন্ত পরিস্থিতির কোন উন্নতি নেই।

    এতো সব দুর্ভোগের বিপরীতে সিটি কর্পোরেশন তুলে ধরছে নিজেদের যুক্তি। সংস্থাটির দাবি, জমি অধিগ্রহণই এই সড়ক উন্নয়নের মূল জটিলতা।

    উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটি বাস্তবায়িত হচ্ছে। সেনাবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন মূলত জমি অধিগ্রহণের কারণে সড়ক উন্নয়নের কাজ তরান্বিত হচ্ছে না।

    নতুন বছরের শুরুতেই সড়কের অন্তত একপাশ যান চলাচলের উপযোগী হবে এমন আশাতেই দিন গুনছে স্থানীয়রা।

  • বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

    বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

    নিউজ ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়। তারা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার।

    রোববার (১ ডিসেম্বর) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি। তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার। এ সময় সিপিডি দেশের সত্য চিত্র তুলে ধরতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর খুব অল্প সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছিল। সেই সময় পুলিশ কাজ করছিল না। ছাত্ররা ট্রাফিকের কাজ সামলাচ্ছিল। পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

  • ঢাকার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর

    ঢাকার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর

    নিউজ ডেস্ক: ঢাকার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যাবে কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে ৭ কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

    জানা গেছে, এই কমিটি তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই করবে। পাশাপাশি অবকাঠামো থেকে শুরু করে দরকারি নানা বিষয় নিয়েও কমিটি কাজ করবে।

    স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ সারাদিন তিতুমীর ক্যাম্পাস উত্তাল ছিল। কড়া পুলিশ পাহারায় ক্যাম্পাসে ‘ক্লোজড ডাউন’ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জনসহ ক্যাম্পাসে অবস্থান, বিক্ষোভ ও মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে জলকামান ও টিয়ারশেলসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য অবস্থান করে।

  • অভিনেত্রী শমী কায়সার ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড

    অভিনেত্রী শমী কায়সার ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড

    বুধবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান শুনানি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।

    গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পুলিশ। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শমী কায়সারকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

    তার আগে সোমবার রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাপসকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

    অন্যদিকে তাপসের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় আগামী আজ বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।