Category: রাজনীতি

  • কালো ব্যাচ পরে বিক্ষোভ করবে বিএনপি

    কালো ব্যাচ পরে বিক্ষোভ করবে বিএনপি

    কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক থাকাবস্থায় তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় রবিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

    কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগরের সব থানায় এবং সারাদেশে জেলা ও মহানগর সদরে কালো ব্যাচ পরে বিক্ষোভ করবে দলটি।

    বৃহস্পতিবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার হন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এর সহ-সভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলন। গত ১২ মার্চ ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। তবে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    বিএনপির অভিযোগ, মিলন মারা গেছেন পুলিশি নির্যাতনে। এ কারণে তারা একে হত্যা বলছেন। আর এর প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

    এ ছাড়া সরকারের ‘পরিকল্পিত হত্যা’ খুনের যারা শিকার হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায়ও শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী মসজিদে দোয়া করারও ঘোষণা দেন রিজভী।

    রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুকে আজ  (বৃহস্পতিবার) আদালতে হাজির এবং পুনরায় রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। আবেদন মঞ্জুর করা হবে কি না সে বিষয়ে আমরা উদ্বিগ্ন। এছাড়া স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি মিজানুর রহমান রাজসহ তরুণ নেতাদেরকে রিমান্ডের পর রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে নির্যাতনের ফলে মৃত্যুবরণ কারায় আমরা এখন শফিউল বারী বাবু, রাজিব আহসান এবং মিজানুর রহমান রাজের শারীরিক অবস্থা নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন ও দুঃশ্চিন্তাগ্রস্থ আছি।’

  • জামিন পেলেন খালেদা জিয়া

    জামিন পেলেন খালেদা জিয়া

    এফএনএস: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চার মাসের জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে গতকাল সোমবার দুপুরে এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। গতকাল সোমবার আদালতের কার্যক্রম শুরুর পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করে তাঁকে চার মাসের জামিন দেন। অবশ্য গত রোববারই এই আবেদনের আদেশ দেওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ আদালতের রায়ের নথি হাইকোর্টে না পৌঁছায় আদালত আদেশের জন্য গতকাল সোমবার দিন নির্ধারণ করেন। পরে আজ সোমবার দুপুর ১২টার দিকে নিম্ন আদালত থেকে রায়ের নথি হাইকোর্টে এসে পৌঁছে। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদ- হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়। গত ২০ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এর পরই গত ২২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের ওপর শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেন। সেইসঙ্গে স্থগিত করেন খালেদা জিয়ার অর্থদ-। গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে খালেদা জিয়ার মামলার নথি নিম্ন আদালত থেকে হাইকোর্টে এসে পৌঁছানোর পরই আদেশ দেওয়া হবে বলে জানানো হয়। এ মামলায় মোট আসামি ছয়জন। তার মধ্যে তিনজন পলাতক। এই তিনজন হলেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক হারুন-আর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেনÑমাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এদিকে, চারটি যুক্তি গ্রহণ করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এজন্য কোন চারটি যুক্তি গ্রহণ করা হয়েছে তাও জানান আদালত। যুক্তিগুলো হলো নিম্ন আদালত পাঁচ বছরের যে সাজা দিয়েছে, তুলনামূলকভাবে কম ওই সাজায় হাই কোর্টে জামিনের রেওয়াজ আছে। দ্বিতীয়ত, বিচারিক আদালতের নথি এসেছে, কিন্তু আপিল শুনানির জন্য এখনও প্রস্তুত হয়নি। ফলে আসামি জামিনের সুবিধা পেতে পারেন। তৃতীয়ত, বিচারিক আদালতে মামলা চলাকালে খালেদা জিয়া জামিনে ছিলেন এবং এর অপব্যবহার করেননি। আদালতে নিয়মিত উপস্থিত ছিলেন। এবং চতুর্থত, বয়স এবং বয়সজনিত শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে তাকে জামিন দেওয়া যায়। এসব যুক্তিকে খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়ে হাই কোর্ট বলেছে, এই সময়ের মধ্যে আপিল শুনানির জন্য পেপারবুক তৈরি করতে হবে। পেপর বুক প্রস্তুত হয়ে গেলে যে কোনো পক্ষ শুনানির জন্য আপিল উপস্থাপন করতে পারবে।

  • ‘খালেদাকে মাদার অব ডেমোক্রেসি উপাধি দেয়া জাতির সঙ্গে মশকরা’

    ‘খালেদাকে মাদার অব ডেমোক্রেসি উপাধি দেয়া জাতির সঙ্গে মশকরা’

    আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি উপাধি দিয়ে জাতির সঙ্গে মশকরা করেছেন। এসব না করে খালেদা জিয়াকে মাদার অব টেরর এবং মাদার অফ থিফ উপাধি দেওয়া উচিত।’

    রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    হাছান বলেন, খালেদা জিয়ার দুই ছেলে দুর্নীতির দায়ে অভিযুক্ত। তাদের দুর্নীতি প্রমাণিত এবং তিনি নিজেও চোর।

    তিনি বলেন, তার (খালেদা) গণতন্ত্রের নমুনা হচ্ছে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বিরোধী দলের নেতা বানিয়েছিলেন। ১৩, ১৪, ১৫ সালে রাজনীতির নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম খালেদা জিয়াকে মাদার অব টেরর উপাধি দিয়েছে।

    হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের দলের কেউ উপাধি দেয়নি। বিশ্ব গণমাধ্যম ও জাতিসংঘ আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন উপাধি দিয়ে পুরস্কৃত করেছে।

    আয়োজক সংগঠনের কার্যকরী সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তাঁতী লীগের কার্যকরী সভাপতি সাধনা দাসগুপ্ত, সংগঠনের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ।

  • বিএনপিকে ভোট থেকে দূরে রাখার খায়েশ নেই: সেতুমন্ত্রী

    বিএনপিকে ভোট থেকে দূরে রাখার খায়েশ নেই: সেতুমন্ত্রী

    জাতীয় নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। আন্দোলনের পথ ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিতেও দলটিকে পরামর্শ দিয়েছেন তিনি।

    শনিবার গাজীপুর সফরে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গাজীপুরের চন্দ্রায় ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের চার লেনে উন্নীতকরণের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

    কাদের বলেন, ‘বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার কোন খায়েশ আওয়ামী লীগের নেই, আমাদের সরকারের নেই। নিবন্ধিত দল হিসেবে নির্বাচন করবে এমন অধিকার তাদের আছে।’

    নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে সম্প্রতি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর দলটির নেতারা তাকে ছাড়া নির্বাচনে না আসার কথা বলছেন।

    বিএনপি নেতাদের অভিযোগ, সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই সাজানো মামলায় আদালতকে ব্যবহার করে খালেদা জিয়ার সাজা দিয়েছে।

    শুক্রবার রাজধানীতে এক আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার ক্ষমতায় আসতে চাইলে খালেদা জিয়াকে মুক্ত করতে আওয়ামী লীগকে পরামর্শ দেন।

    এর প্রতিক্রিয়ায় কাদের বলেন, ‘বেগম জিয়াকে ছেড়ে দেয়ার বিষয়টি আমাদের হাতে নেই। লিগ্যাল ব্যাটলের (আইনি লড়াই) মাধ্যমে বেগম জিয়া বের হলে এখানে আমাদের কোনো বক্তব্য নেই।’

    বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তাতে পাত্তা দিচ্ছেন না কাদের। বলেন, ‘আন্দোলনের পার্ট বিএনপির চুকে গেছে। আমি বিএনপিকে পরামর্শ দেবো নির্বাচনের জন্য প্রস্তুত হতে।’

    ‘বিএনপি চেয়ারপরাসনকে আন্দোলনের মাধ্যমে জেল থেকে মুক্ত করবেন, সেই বাস্তবতা বাংলাদেশে নেই। বাংলাদেশের জনগণ কাউকে কারামুক্তির জন্য আন্দোলন করে মুক্ত করবে সেই বাস্তবতা বাংলাদেশে নেই এটা বিএনপিকে বুঝতে হবে। তারা বেগম জিয়া গ্রেপ্তারের পর ভেবেছিল বাংলাদেশ আন্দোলনে উত্তাল হবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।’

    কাদের বলেন, ‘আদালতের সিদ্ধান্তের বিপরীতে বিএনপি যে আন্দোলন করছে, সেটি আদালত অবমাননার। আদালতের রায়ে তাদের নেত্রী বেগম জিয়া দণ্ডিত হয়েছেন, আদালতের বিরুদ্ধে তো তারা আন্দোলন করতে পারেন না। সেটিও তাদের অন্যায়, পুলিশের সঙ্গে তারা সংঘাত করতে চান, রাস্তা বন্ধ করে অনশন করবেন এটি কোনো আইনসিদ্ধ বিষয় নয়।’

    এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক ইসহাকসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    মন্ত্রী মহাসড়ক প্রশস্তকরণের কাজে সংশ্লিষ্টদের দ্রুত সময়ে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন। আগামী ঈদুল ফিতরে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে বিড়ম্বনায় পড়বে না বলেও আশার কথা জানান মন্ত্রী।

  • অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন বিএনপির

    অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন বিএনপির

    ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করেছে দলটি। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (০৮ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

    এদিকে একই দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন করেছে দলটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্ব কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

    এর আগে সোমবার (০৫ মার্চ) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

    মঙ্গলবার ফের গণমাধ্যমকে রিজভী জানান, নয়াপল্টনে অবস্থান কর্মসূচি পালন করার কথা থাকলেও পুলিশ প্রশাসন থেকে আমাদের জাতীয় প্রেসক্লাবের সামনে তা করার অনুমতি দিয়েছে। এটা মৌখিক অনুমতি। তাই নয়াপল্টনের পরিবর্তে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। তবে সময় অপরিবর্তিত থাকবে।

  • বিএনপির মানববন্ধন আজ

    বিএনপির মানববন্ধন আজ

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

    মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া সারা দেশেও সুবিধাজনক সময়ে মানববন্ধন কর্মসূচিটি পালন করবে স্থানীয় বিএনপি।

    সোমবার বেলা সোয়া ১১টার দি‌কে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান।

    রিজভী বলেন, আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচির বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

    উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি।