Category: রাজনীতি

  • রোজিনার জামিনে প্রমাণ হয়েছে আদালত স্বাধীন : ওবায়দুল কাদের

    রোজিনার জামিনে প্রমাণ হয়েছে আদালত স্বাধীন : ওবায়দুল কাদের

    জীবন নিউজ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোন ধরনের হস্তক্ষেপ করেনি।

    শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে, ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত কিছুই করেনি।

    রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে, সেই বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    রোববার সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন ওবায়দুল কাদের।

    আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। যাত্রীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে বলে সতর্ক করে দেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে যাত্রী সাধারণ ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা করার জন্য আহবান জানান।

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যতই বড় বড় মেগা প্রকল্প এবং সড়ক চার, ছয়, আট লেন হোক না কেন, সড়ক ও পরিবহনে নিরাপত্তা ফিরে না এলে জনগণ এর সুফল পাবে না।

    সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন মন্ত্রী।

    সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছরে বাংলাদেশে যোগাযোগ খাতে যেই অসম উন্নয়ন সাধিত হয়েছে, বিগত কোনো সময়ে হয়নি।

    তিনি বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মত বড় প্রকল্পগুলে চলমান, আশা করা হচ্ছে আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে।

    ওবায়দুল কাদের আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মিত হয়েছে, যা এই সরকারের আরও একটি সাফল্য।

  • যারা দানবীয় আচরণ করেছিল তারাই এখন উসকানি দিচ্ছে : ওবায়দুল  কাদের

    যারা দানবীয় আচরণ করেছিল তারাই এখন উসকানি দিচ্ছে : ওবায়দুল কাদের

    ওয়েব ডেস্ক : যারা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল তারাই এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকারবিরোধী উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, জনগণ বিএনপি নামক বর্ণচোরা দলটিকে ভালো করে চিনে।তাদের কোন অপকর্ম সফল হবে না।
    ওবায়দুল কাদের শনিবার (২২ মে) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান।
  • স্বাস্থ্যমন্ত্রীর পক্ষেই সাফাই গাইলেন ওবায়দুল কাদের

    স্বাস্থ্যমন্ত্রীর পক্ষেই সাফাই গাইলেন ওবায়দুল কাদের

     নিউজ ডেস্ক: সাংবাদিক রোজিনা ইসলাম তথ্য অধিকার আইনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য চাইতে পারতেন কিন্তু তিনি সেটি না করে তথ্য চুরি করেছেন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষেই সাফাই গাইলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বুধবার (১৯ মে) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা এবং ৪টি হাসপাতালে ৪টি হাই-ফ্লো নজেল ক্যানোলা ও ৪টি অটিস্টিক সংগঠনে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

    এ সময় তিনি বলেন, ‘দুর্নীতিবিরাধী সংবাদ প্রকাশে সরকার গণমাধ্যমকর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছে একথা ঠিক নয়। অফিসিয়াল সিক্রেটস অনুযায়ী তথ্য চুরি করা ঠিক হয়নি। তবে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করলে তদন্ত স্বাপেক্ষে তার বিচার হবে।’

  • বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

    বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

    জীবন  নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি না দেওয়ায় দলের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টায় রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রায় সরকারের অনুমতি না দেওয়া প্রসঙ্গে দলের মহাসচিব সংবাদ সম্মেলনে কথা বলবেন।

  • খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, জানালেন চিকিৎসক

    খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, জানালেন চিকিৎসক

    জীবন নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল একজন চিকিৎসক।

    তিনি জানান, খালেদা জিয়ার শ্বাসকষ্ট অনেকটাই কমে গেছে। এখন বেশিরভাগ সময়ই তিনি স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। মাঝে মাঝে প্রয়োজনে এক লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক আরও জানান, বিএনপি চেয়ারপারসনের ডায়াবেটিসের মাত্রা কয়েকদিন ধরে বেশি ছিলো। তবে গতকাল থেকে ধীরে ধীরে ডায়াবেটিসের মাত্রা কমে আসতে শুরু করেছে।

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

  • খালেদার বিদেশ যাওয়া নিয়ে যা বললেন আইনমন্ত্রী

    খালেদার বিদেশ যাওয়া নিয়ে যা বললেন আইনমন্ত্রী

    জীবন নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার ব্যাপারে আবেদন-সংক্রান্ত ফাইল দেখে মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

    তিনি জানান, জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার আবেদন-সংক্রান্ত ফাইলটি গতকাল বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের ও বিচার বিভাগের সচিবের কাছে এসেছে। সেখান থেকে যথাযথ প্রক্রিয়া শেষে আবেদনটি তার কাছে আসবে। এরপর সেটি দেখে মতামত দেয়া হবে।

    আবেদনে হাতে আসলে কী ধরনের মতামত নেয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আবেদনটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। আবেদনটি আসার পর দেখে বলতে পারব।
    এদিকে আইন মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে ছোট ভাই শামীম ইস্কান্দারের করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে।

    এর আগে, বুধবার (৫ মে) রাতে শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় আবেদনপত্রটি দিয়ে এসেছেন বলে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম নিশ্চিত করেন। এ সময় সেলিমা ইসলাম জানিয়েছিলেন, চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানোর পর সিদ্ধান্ত তারা জানতে পারবেন।

    এক প্রশ্নের জবাবে তিনি জানান, পত্রে নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ না করা হলেও বেগম জিয়ার চিকিৎসা লন্ডনে করানোর ইচ্ছা তাদের। যেহেতু এর আগেও সেখানে তার চিকিৎসা করা হয়েছে। যেখানে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে থেকেই খালেদা জিয়া চিকিৎসা করাতে পারবেন বলেও জানান সেলিমা ইসলাম।

    তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে তারা সরকারের গ্রিন সিগনালের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেন খালেদার বোন। এদিকে খালেদা জিয়ার শারীরিক বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এখনও তার (খালেদা জিয়া) শ্বাসকষ্ট আছে। ফুসফুসে পানি ছিল তা বের করা হয়েছে। তবে আরও আছে যেটা বের করতে হবে।

    গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হলেও, কোভিড-১৯-এর কোনো উপসর্গ ছিল না বলে জানিয়েছিল তার ব্যক্তিগত চিকিৎসকরা। এরপর ১৫ এপ্রিল তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হলেও বেশ কয়েকটি পরীক্ষা শেষে বেগম জিয়াকে আবারও তার গুলশানের বাসভবন ফিরোজায় নেয়া হয়।

    এ রিপোর্টে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। প্রথমবার পজিটিভ হওয়ার ১৪ দিনের মাথায় ২৪ এপ্রিল আবারও করোনা টেস্ট করানো হলে কোভিড পজিটিভই থাকে বেগম জিয়ার। এর তিন দিন পর অর্থাৎ ২৭ এপ্রিল আবারও স্বাস্থ্য পরীক্ষা করাতে নেয়া হয় একই হাসপাতাল এভারকেয়ারে।

    চিকিৎসকদের পরামর্শে সেখানেই নন-কোভিড ইউনিটে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। এরপর গত ৩ মে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে নেয়া হয় তাকে। সেদিন থেকেই তিনি চতুর্থ দিনের মতো সিসিইউতেই আছেন বিএনপির এই নেত্রী।