Category: রাজনীতি

  • বিএনপির বহিষ্কার হওয়া ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির বহিষ্কার হওয়া ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অনলাইন ডেস্ক:   ইতিপূর্বে বহিষ্কার হওয়া ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের পদ ফেরত দিয়েছে বিএনপি। শনিবার (১০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল মহানগরের অন্তর্গত ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম, বরিশাল জেলা তাঁতীদলের সাবেক সভাপতি কাজী মো. সাহিন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আবুল হোসেন প্রধানীয়া, মতলব উত্তর উপজেলার অন্তর্গত ছেংগারচর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আ. মতিন মেম্বার ও কক্সবাজার জেলাধীন ৩নং টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমান জিহাদকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

    তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১০ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

  • ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে : নাহিদ ইসলাম

    ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে : নাহিদ ইসলাম

    অনলাইন ডেস্ক:    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে। প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করার জন্য আমাদের জুলাই যোদ্ধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। সোমবার  দিনগত রাত সোয়া ২টায় কারামুক্ত জুলাই যোদ্ধা সুরভীর টঙ্গীর বাসায় এসে সুরভী ও তার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম সুরভীর ঘটনায় মিডিয়াকে দোষারোপ করে বলেন, নির্বাচনে একটি দলের পক্ষে মিডিয়া কাজ করছে। মিডিয়া একটি দলের হয়ে নির্বাচনকে প্রভাবিত করছে। নির্বাচনের আগে মিডিয়া নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

    তাই তিনি মিডিয়াকে নিরপেক্ষ থাকার আহবান জানান। এসময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পান ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। সোমবার রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তাকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। তারও আগে দুপুর ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড আদেশ দেন।

    এ আদেশের পর আদালত পাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এ ছাড়া রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী বলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’

    ১৭ বছর বয়সী সুরভীর রিমান্ড আদেশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে লেখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’ এরপর সুরভী জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে টঙ্গীর বাসায় আসেন। এই খবর পেয়ে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সুরভী ও তার পরিবারের সঙ্গে দেখা করতে টঙ্গীতে সুরভীর বাসায় আসেন।

  • তারেক রহমানের বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    তারেক রহমানের বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। এছাড়া একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

    তার মনোনয়নপত্রটি শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

    তবে এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন করছেন তারেক রহমান। ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য হন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

    ২০১৪ সালে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির নুরুল ইসলাম বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি শপথ না নেয়ায় উপনির্বাচনে বিএনপির গোলাম মো. সিরাজ বিজয়ী হন।পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলে আরেকটি উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়ী হন।

    বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

  • পুরো দেশের মানুষই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

    পুরো দেশের মানুষই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

    অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুতে গভীর শোক ও মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, “আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।”

    তারেক রহমান বললেন, “প্রিয় মা, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি।”

    ‘তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ তবে এই কঠিন সময়ে দেশের মানুষের উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, ‘অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত’-উল্লেখ করেন তারেক রহমান।

    তিনি আরও বলেন, ‘লক্ষ-লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে, এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে; তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে, তিনি শুধু আমার মা ছিলেন না; অনেক দিক থেকে, তিনি ছিলেন সমগ্র জাতির মা।’

    আন্তর্জাতিক মহলের উপস্থিতির কথাও স্ট্যাটাসে তুলে ধরেন তারেক রহমান। তিনি লেখেন, ‘দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহোযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।’

    এছাড়া যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে।’

    তারেক রহমান লেখেন, ‘আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি।’

    স্ট্যাটাসের শেষাংশে বেগম খালেদা জিয়ার জীবন ও উত্তরাধিকারের কথা তুলে ধরে তারেক রহমান লেখেন, ‘আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন।’ তিনি জানান, ‘আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি।’

    একই সঙ্গে তিনি অঙ্গীকার করে বলেন, ‘একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে আমার মা’র পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে।’

    তিনি সবশেষে দোয়া কামনা করে বলেন, ‘আল্লাহ যেন আমার মা’র রূহকে শান্তি দান করেন,’ এবং তার রেখে যাওয়া ‘অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ থেকেই আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই।’

  • বেগম খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    বেগম খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    অনলাইন ডেস্ক:     দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের ইমামতিত্বে বুধবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

    জানাজায় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বড়ো ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি অতিথি, রাজনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সমাজের নানা শ্রেণি-পেশার লাখো মানুষ।

    নামাজে জানাজাকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সব এলাকায় বিপুল জনসমাগম ঘটে। নীরবতা ও শ্রদ্ধার মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ দেশের এই শীর্ষ রাজনৈতিক নেত্রীকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন।

    এর আগে বেগম খালেদা জিয়ার মরদেহ বিশেষ অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তাঁর বড়ো ছেলে তারেক রহমানের বাসভবনে নেয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা শেষ বারের মতো তাঁকে শ্রদ্ধা জানান। এরপর বেগম জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়।

    নামাজে জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

    জানাজা ও দাফন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করা হয়।

    বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ এক দীর্ঘদিনের প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল, যিনি গণতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্র পরিচালনা ও বিরোধী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

  • সাবেক প্রধানমন্ত্রী খালেদার রুহের মাগফিরাত কামনায় ভোলায় বিজেপির দোয়া-মাহফিল

    সাবেক প্রধানমন্ত্রী খালেদার রুহের মাগফিরাত কামনায় ভোলায় বিজেপির দোয়া-মাহফিল

    অনলাইন ডেস্ক:    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকার্ত ভোলাবাসী নানা কর্মসূচির আয়োজন করেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনায় জেলাব্যাপী দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াত চলছে।

    তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

    দলের ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন বাসসকে জানান, দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা ভোলাবাসী শোকার্ত, ব্যাথিত ও মর্মাহত। তিনি শোকার্ত জিয়া পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি জানান- আজ বুধবার সন্ধ্যায় জেলা শহরের নতুন বাজারে অবস্থিত দলের জেলা কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

    দলের সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ জানান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ বেগম জিয়ার জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশ গ্রহণ করবেন।

    বিজেপি দলীয় সূত্র জানায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়ার অনুষ্ঠানে অংশ নিতে জেলাব্যাপী সকলের প্রতি আহব্বান জানানো হয়েছে।