Category: আন্তর্জাতিক

  • খাবারে বিষ মিশিয়ে হত্যার আতঙ্কে থাকেন ট্রাম্প!

    খাবারে বিষ মিশিয়ে হত্যার আতঙ্কে থাকেন ট্রাম্প!

    খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হতে পারে বলে আতঙ্কে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!হোয়াইট হাউসে যাওয়ার পরপরই তিনি তার ব্যক্তিগত জিনিসে স্টাফদের কাউকে হাত না দেওয়ার জন্য কড়া নির্দেশ জারি করেন। বিশেষ করে তার দাঁত পরিষ্কারের ব্রাশে যেন কেউ হাত না দেয় সে ব্যাপারে জোর দেন।

    জানা গেছে, নিজের খাবারে কেউ বিষ প্রয়োগ করতে পারে ভেবে এমনটা করেন তিনি। ট্রাম্পকে নিয়ে মার্কিন সাংবাদিক মাইকেল উলফের লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ে এসব তথ্য উঠে এসেছে।

    বইটিতে প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলার পর তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। এদিকে মাইকেল উলফ তার বইয়ে লেখেন, কেউ তাকে বিষ খাইয়ে দিতে পারে ভেবে ম্যাকডোনাল্ডসে খেতে পছন্দ করেন ট্রাম্প।

    ট্রাম্পের যুক্তি, এ ব্যাপারে কেউ জানতে পারবে না। তিনি কখন সেখানে যাবেন সেটাও যেমন কেউ জানতে পারবে না আবার খাবারটাও সঙ্গে সঙ্গেই তৈরি করে দেয়া হয় সেখানে। ফলে সেখানে বিষ খাইয়ে দেওয়ার ভয়ও সেভাবে থাকবে না।

    এমনকি নিজের শোবার ঘরের দরজায় তালা লাগাতেও বলেন। তবে সিক্রেট সার্ভিসের লোকেরা চাচ্ছিলেন যেন তারা ঘরে ঢুকতে পারেন। এ ব্যাপারে ট্রাম্পের সঙ্গে তাদের রেষারেসিও হয়েছিল। জানা গেছে, স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকেন না তিনি। তার স্ত্রী মেলানিয়া আলাদা শোবার ঘরে থাকেন।

    জিনিসপত্র ঘরে ঠিক যেভাবে ফেলে রেখে যাবেন সেগুলো ঠিক সেভাবেই যেন থাকে সেটাও চান ট্রাম্প। বিষয়টি পরীক্ষার জন্য ময়লা কাপড়চোপড়ও মেঝেতে ফেলে যান তিনি।

  • তৃতীয় এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার তৈরি করছে চীন, সতর্ক ভারত

    তৃতীয় এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার তৈরি করছে চীন, সতর্ক ভারত

    আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো তাদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করতে ব্যস্ত। আর তারই জের ধরে এবার উচ্চ প্রযুক্তি লঞ্চ সিস্টেম সহ তৃতীয় এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার তৈরি করছে চীন। ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরে স্থিত আধুনিক অস্ত্র ধ্বংস করার জন্য এই সিস্টেম আনছে চীন৷

    ২০১১ সালে শেষ হয় চীনের প্রথম এয়ারক্র্যাফ্ট তৈরির কাজ। এর পর সাংহাই শিপইয়ার্ডে প্রায় দু’বছর ধরে চীনের দ্বিতীয় এয়ারক্র্যাফ্ট নির্মিত হয়। এবছর সেটি লঞ্চ করার কথা। কিন্তু তার আগেই তৃতীয় এয়ারক্র্যাফ্টের কথা ঘোষণা করে দিল চীন। সরকারি সূত্রে খবর, নতুন এই এয়ারক্র্যাফ্ট তৈরির কাজ আরও জটিল ও চ্যালেঞ্জিং। বাকি দু’টি এয়ারক্র্যাফ্ট থেকে এটি অনেকটাই আলাদা হবে এটি।

    এদিকে, এই ধরনের এয়ারক্র্যাফ্ট পরিচালনার জন্য পাইলটদেরও ট্রেনিং দিচ্ছে চীন। জানা গেছে, ২০৩০ সালের মধ্যে ৪টি এয়ারক্র্যাফ্ট বানানোর টার্গেট নেওয়া হয়েছে। তবে তৃতীয় এয়ারক্র্যাফ্ট কবে লঞ্চ করবে, সে বিষয়ে এখনও কিছু বলতে পারছে না তারা।

    এ ব্যাপারে চীনের একটি সংবাদমাধ্যমে আরও প্রকাশ হয়েছে, অ্যান্টি মিসাইল, অ্যান্টি শিপ, মর্ডার্ন ডিফেন্স ও অ্যান্টি সাবমেরিন অস্ত্র আটকাতে নতুন অস্ত্র আনছে চীন। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনের এই অস্ত্র তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। খুব শিগগিরই হয়তো দক্ষিণ চীন ও ভারত মহাসাগরে এর ব্যবহার চোখে পড়বে।

    এছাড়া চীনের সরকারি সূত্রে জানা গেছে, হেলকপ্টারের পরিকল্পনা আর করতে চাইছে না চীনা সেনারা। এখন তারা আরও উন্নত প্রযুক্তির দিকে নজর দিয়েছে। সেই কারণেই চীনে নতুন প্রযুক্তি আবিষ্কারের কাজ চলছে। জাহাজে সেনা ও কর্মীদের থাকার পরিবেশ যাতে আরও ভালো হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

  • পাকিস্তানের পাশে দাঁড়াল রাশিয়া

    পাকিস্তানের পাশে দাঁড়াল রাশিয়া

    যুক্তরাষ্ট্র সমস্ত অনুদান বন্ধ করে দেওয়ায় বছরের শুরুতেই চাপের মুখে পড়ে পাকিস্তান। পাশাপাশি পাকিস্তানকে ‘মিথ্যেবাদী ও প্রতারক’ বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে অনেকটাই বেকায়দায় পড়ে দেশটি। আর এই অবস্থায় পাকিস্তানকে কিছুটা হলেও স্বস্তি দিল রাশিয়া।

    সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত রুশ কনসাল জেনারেল ড. আলেকজান্ডার ডি. খোজিন জানান, ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে শক্তিশালী হচ্ছে রাশিয়ার সম্পর্ক। গত তিন-চার বছর ধরে একাধিক ইস্যুতে দুদেশের সম্পর্ক মজবুত হয়েছে বলে জানান তিনি।

    করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পাকিস্তান ও রাশিয়া দু’দেশই এ অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আনার চেষ্টা করছে এবং আমরা পরস্পরকে সমর্থন দিচ্ছি।”

    তিনি আরও জানান, পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে এবং দু’দেশের সরকার পারস্পরিক স্বার্থে কাজ করছে। সে কারণে ইসলামাবাদ ও মস্কোর মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হচ্ছে।

    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তান সফর করবেন কিনা এমন প্রশ্নের জবাবে খোজিন বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট পুতিনের ওপর নির্ভর করছে। এই বিষয়ে এখনই তিনি কিছু বলতে পারবেন না।

  • যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত

    যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত

    যুক্তরাষ্ট্রে প্রচণ্ড শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিউ ইয়র্ক সহ আশপাশের অঙ্গরাজ্যগুলো ভারী তুষারপাতে ঢাকা পড়েছে। পাশাপাশি বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। এ ব্যাপারে ফক্স নিউজ জানাচ্ছে, তুষারঝড়ে নিউ ইয়র্কে এখনও কোনো মৃত্যুর সংবাদ পাওয়া না গেলেও বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে অন্তত ১৭ জন মারা গেছেন। হঠাৎ আছড়ে পড়া এ মারাত্মক তুষারঝড়কে ‘বোমা সাইক্লোন’ নামে অভিহিত করেছে সংবাদ মাধ্যমগুলো।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউ ইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খারাপ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। তিনি নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান। এছাড়াও সরকারি স্কুলগুলোও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ব্রঙ্কসের ছ’টি ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান আটশ’রও অধিক ফ্লাইট সংখ্যা বাতিল করেছে। 

    মার্কিন জাতীয় আবহাওয়া দফতর ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ডেলাওয়্যার, নিউ জার্সির উপকূল, নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে। 

  • ভারতে তীব্র শীতে ৪ জনের মৃত্যু

    ভারতে তীব্র শীতে ৪ জনের মৃত্যু

    ভারতের উত্তর প্রদেশে তীব্র শীতে ৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান। এক কর্মকর্তা জানান, ‘গত ১২ ঘণ্টায় রাজ্যের মুজাফ্ফর নগর ও শামলী জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতের রাজধানীর সীমান্তবর্তী এ রাজ্যের কিছু অংশে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাপমাত্রা ছিল ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’

    তিনি বলেন, মুজাফ্ফরনগরের মিরানপুর শহরে তীব্র শীতে ৭০ বছর বয়স্ক একজন এবং জানসাথ শহরে ৪০ বছরের একজন মারা যায়। একই জেলার বিহারীগড় গ্রামে ৫০ বছর বয়স্ক একজন দিনমজুর ও মারা যায়।

    ওই কর্মকর্তা জানান, একই কারণে শামলী রেলওয়ে স্টেশনের কাছে প্রচণ্ড শীতে ৪৮ বছর বয়স্ক আরো একজন লোক মারা যায়। ‘সবগুলো মরাদেহ জেলার হিমঘরে রাখা হয়েছে’।

  • প্রবল তুষারপাতে বেসামাল কানাডা, ৫০০ ফ্লাইট বাতিল

    প্রবল তুষারপাতে বেসামাল কানাডা, ৫০০ ফ্লাইট বাতিল

    কানাডায় প্রবল তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে স্তব্ধ হয়ে পড়েছে বিমানবন্দন, বন্ধ রাখা হয়েছে পরিষেবা। এছাড়া রানওয়েতে বরফ সরাতে গিয়ে বেশ কয়েকজন বন্দর কর্মী নিখোঁজ হয়েছে। ফলে কানাডার বড় বিমানবন্দর টরেন্টোতে কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ ভারী তুষারপাতের কারণে পুরু বরফে ঢেকে গেছে। ওই অঞ্চলে প্রচণ্ড-ঠান্ডা পড়েছে। নববর্ষের প্রথম দিন থেকেই এয়ার কানাডা ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের আগেই সেখানে যেতে সতর্ক করা হয়েছিল। তারপরেও যারা কানাডায় গিয়েছিলেন, তারা চরম সমস্যায় পড়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে টরেন্টো, মন্ট্রিল, কালগারি ও অটোয়ার বিমানবন্দরে যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছেন, খারাপ আবহাওয়ার মধ্যে দিনে দু’তিনটি বিমান চালানোর ব্যবস্থা করা হলেও চার থেকে পাঁচ ঘণ্টা দেড়ি হচ্ছে। এই পরিস্থিতিতে বিমানের টিকিটেও হাহাকার পড়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের মতো, টরেন্টো বিমানবন্দরে প্রায় ৫০০ ফ্লাইট বাতিল হওয়ায় তীব্র সমস্যায় পড়েছেন যাত্রীরা।