Category: প্রচ্ছদ

  • মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ৮ম দিনের আপিল শুনানি চলছে

    মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ৮ম দিনের আপিল শুনানি চলছে

    অনলাইন ডেস্ক:     ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে।

    আজ (শনিবার) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এই শুনানি শুরু হয়।

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন।

    ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। দুপুরে এক ঘন্টা বিরতি দিয়ে বিকেল পর্যন্ত এই কার্যক্রম চলবে।

    এর আগে, গতকাল শুক্রবার শুনানির সপ্তম দিনে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর করা হয়।

    একই বিষয়ে ১৭টি আপিল নামঞ্জুর এবং ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়া অন্যের মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন।

    কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামীকাল (রোববার) শুনানির শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল এবং অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।

    উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

    গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩শ’ নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেন।

  • সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার

    সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার

  • প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে তারেক রহমানের সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে তারেক রহমানের সাক্ষাৎ

    অনলাইন ডেস্ক:    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের এই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন।

    যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়।

    বিএনপির চেয়ারম্যান হিসেবে আজই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।

    নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংস্কার তথা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে হবে গণভোট।

    জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি- বিশেষ করে আগামী সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে।

  • গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণা : জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

    গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণা : জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

    অনলাইন ডেস্ক:     গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ ১৫ জানুয়ারি থেকে এই প্রচার কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রমের আওতায় তারা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারণার অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং গণভোটে অংশগ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করবেন।

    প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

  • জার্মানিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ

    জার্মানিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক:     বিশ্বের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্যের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট-২০২৬’ জার্মানির মেসে ফ্রাঙ্কফুর্টে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।বিশ্বব্যাপী একটি প্রধান ওয়ান-স্টপ সোর্সিং গন্তব্য হিসেবে স্বীকৃত ‘অ্যাম্বিয়েন্তে’ বিশ্বব্যাপী আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা হিসেবে খ্যাতি অর্জন করেছে। যা বিশ্বজুড়ে পণ্যের উৎপাদক, প্রদর্শক এবং পেশাদার ক্রেতাদের আকর্ষণ করে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বরাবরের মতো অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট ২০২৬-এ যথারীতি বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি থাকবে। এ বছর মোট ৩৮ জন প্রদর্শক নিয়ে অংশগ্রহণ করবে বাংলাদেশ। যারা বিভিন্ন নতুনত্ব ও সৃজনশীলতা দিয়ে পণ্য খাতে দেশের সক্ষমতা প্রদর্শন করবে এবং বিশ্বব্যাপী ভোক্তা বাজারে এর ক্রমবর্ধমান রপ্তানি সম্ভাবনা প্রতিফলিত করবে।

    অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্টে গ্লোবাল সোর্সিং, ডাইনিং, লিভিং, গিভিং, বিউটি অ্যান্ড বাথ, অফিস অ্যান্ড স্কুল সাপ্লাই, গিফট, প্যাকেজিং এবং ডেকোরেশনসহ পণ্যের ব্যাপক পরিসর রয়েছে, যা প্রদর্শনকারীরা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে তুলে ধরে।

    মোট ৩২টি বাংলাদেশি কোম্পানি সরাসরি প্রদর্শক হিসেবে অংশগ্রহণ করবে। যার মধ্যে রয়েছে ঢাকা হ্যান্ডিক্রাফটস, অপরাজেও, আরএফএল প্লাস্টিকস, প্রকৃতি, বিডি ক্রিয়েশন, এএসকে হ্যান্ডিক্রাফটস, আকিজ সিরামিকস, সিওআরআর-দ্য জুট ওয়ার্কস, প্রতীক সিরামিকস লিমিটেড, সান ট্রেড, থানাপাড়া সোয়ালোস ডেভেলপমেন্ট সোসাইটি, হাজীগঞ্জ হ্যান্ডিক্রাফটস লিমিটেড, মনি জুট গুডস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, পিপলস সিরামিক ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, আর্টিসান হাউস বিডি, জুলহাশ হ্যান্ডিক্রাফটস, সৈয়দপুর এন্টারপ্রাইজ, প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ, হ্যান্ড টাচ, কনএক্সপো, গোল্ডেন জুট প্রোডাক্ট, গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফটস, আর্টিসান সিরামিকস, আর্থ বাউন্ড, এএসআইএক্স বিডি, ক্রিয়েশন, ক্রাফটস ভিলেজেস, আভা ক্লে টাইলস বাংলাদেশ, পারিজাত ট্রেডিং, শাইনপুকুর সিরামিকস এবং এএস বাংলা জুটেক্স।

    এছাড়াও, টেকসই এবং কারুশিল্প-ভিত্তিক উৎপাদন খাতের প্রতিনিধিত্ব করে এরকম আরও ৫টি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। যার মধ্যে রয়েছে ইকো ক্রেভ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, জুট ক্রাফটস, মাফ ক্রাফট বিডি এবং তারাঙ্গো।

    অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্টকে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য ইউরোপীয় এবং বৈশ্বিক বাজারের সাথে সম্পৃক্ততা জোরদার করতে, ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি করতে, টেকসই এবং কারিগরের হাতে তৈরি পণ্যের প্রচার করতে এবং বিশ্বব্যাপী ভোক্তা, বাজার ও বাণিজ্যিক সম্ভাবনার সাথে সেতুবন্ধনের একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙমিস্ত্রির মৃত্যু

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙমিস্ত্রির মৃত্যু

    অনলাইন ডেস্ক:     রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় একটি ভবনের চারতলায় রঙয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

    গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতকে হাসপাতালে নিয়ে আসা সোহাগ জানান, আদাবর থানার শেখেরটেক ব্রিজের পাশের একটি চারতলা ভবনের বাইরের অংশে রঙয়ের কাজ করছিলেন ওই মিস্ত্রি। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ওপর থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিস্তারিত তথ্য জানার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।