Category: প্রচ্ছদ

  • বায়ুদূষণে বরাবরেরমতই  ঢাকা বিশ্বচ্যাম্পিয়ন

    বায়ুদূষণে বরাবরেরমতই ঢাকা বিশ্বচ্যাম্পিয়ন

    অনলাইন ডেস্ক:    জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। সম্প্রতি বৃষ্টির কারণে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

    ২৭১ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রাজধানী ‘ঢাকা’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময় ২১৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কিরগিজস্তানের শহর ‘বিশকেক’।

    আর ২০৮ স্কোর নিয়ে এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর ‘করাচি’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।

    আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

    এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

  • পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের বৈঠক শুরু আজ

    পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের বৈঠক শুরু আজ

    অনলাইন ডেস্ক:     সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে ফের বৈঠকে বসতে যাচ্ছে নবম জাতীয় পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের এই বৈঠক শুরুর কথা রয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণের পাশাপাশি গ্রেড সংখ্যা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। কমিশনের সদস্যরা একমত হলে এসব বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

    সূত্র জানায়, পে-কমিশনের প্রতিবেদনে বাজারে চলমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ব্যয় ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হিসেবে কাজ করবে।

    এদিকে আগের বৈঠকে নবম পে স্কেলে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ অনুপাত চূড়ান্ত করা হয় বলে কমিশন সূত্র জানিয়েছে।

    পূর্ণ কমিশনের সভায় উপস্থিত এক সদস্য বলেন, বেতনের অনুপাত নিয়ে তিন ধরনের প্রস্তাব করা হয়েছিল— ১:৮, ১:১০ এবং ১:১২। এর মধ্যে ১:৮ অনুপাত চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা হয়েছে। পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।

    উল্লেখ্য, জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত হয়। কমিশনের সভাপতি সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনের দায়িত্ব সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করা। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা, যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সমাপ্ত হবে।

  • আজ ঢাকায় বিপিএলের শুরু হচ্ছে শেষ পর্ব

    আজ ঢাকায় বিপিএলের শুরু হচ্ছে শেষ পর্ব

    অনলাইন ডেস্ক:   বিপিএলের দ্বাদশ আসরের সিলেট পর্ব শেষে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। লো-স্কোরিং ম্যাচের দুর্নাম কিছুটা ঘুচলেও কোনো দল দুইশ রান ছুঁতে পারেনি। দেশি পেসাররা দাপট দেখিয়েছেন। এক আসরে হয়েছে রেকর্ড তিনটি হ্যাটট্রিক। নানা বাধাবিপত্তির মধ্য দিয়ে এগিয়েছে এবারের বিপিএল। রাজনৈতিক সংকট, সূচি ও ভেন্যু পরিবর্তন, এমনকি মাঝপথে টুর্নামেন্ট থমকে যাওয়ার মতো ঘটনাও দেখা গেছে। সব মিলিয়ে চ্যালেঞ্জিং এক আসরের পর আজ ঢাকায় শুরু হচ্ছে শেষ পর্ব। মিরপুর স্টেডিয়ামে বেলা ১টায় প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের। সন্ধ্যা ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ সিলেট টাইটান্স।

    প্রথমবারের মতো ঢাকার বাইরে শুরু হওয়া এবারের বিপিএল ১৮ দিন পর সিলেট পর্বের সমাপ্তি টেনেছে। লিগ পর্বের ২৪ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে একই ভেন্যুতে। ছয় দলের টুর্নামেন্টে এখনো একটি প্লে-অফের জায়গা খালি রয়েছে। একটি জয় পেলেই শেষ চারে ওঠা প্রায় নিশ্চিত সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের। চার পয়েন্ট নিয়ে বিদায়ের অপেক্ষায় ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালীর বিদেশি ক্রিকেটার ইহসানউল্লাহ বলেন, ‘আমরা দুটি ম্যাচ জিতেছি। বাকি দুটিও জিততে চাই। যদি ভালো রানরেটে শেষ করতে পারি এবং অন্য বিষয়গুলো আমাদের অনুকূলে আসে, তাহলে সুযোগ থাকবে। আমাদের নতুন দল। বিপিএলের এই আসরে যদি আমরা চ্যাম্পিয়ন না-ও হতে পারি, পরেরবার হব।’ রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার তানজিদ হাসান বলেন, ‘ঢাকা পর্বেও আমরা রিদম ধরে রাখতে চাই। তাহলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে।’

    সিলেটে শুরুর কয়েকদিন গ্যালারি পূর্ণ থাকলেও শেষদিকে অনেকটাই ফাঁকা থাকে। প্রচণ্ড শীত এর বড় কারণ। ঢাকায় দর্শক আগ্রহ থাকবে, ধারণা বিসিবির। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ চট্টগ্রাম রয়্যালসের ১৯৮ রান। বিদেশি ক্রিকেটারদের ব্যর্থতা আলোচনার বিষয়। শীর্ষ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। তার ব্যাট থেকে এসেছে এবারের আসরে একমাত্র সেঞ্চুরি।

    বোলারদের মধ্যে নোয়াখালী এক্সপ্রেসের পেসার হাসান মাহমুদ সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রিপন মণ্ডলের ঝুলিতে সমান ১৩টি করে উইকেট। একমাত্র ফাইফার নাসুম আহমেদের সংগ্রহ ১২ উইকেট। তিনটি হ্যাটট্রিকে এবার রেকর্ড হয়েছে।

  • আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে ইরান

    আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে ইরান

    অনলাইন ডেস্ক:      আন্তর্জাতিক সিভিল ফ্লাইটের উঠা-নামা ব্যতীত সব ধরনের উড্ডয়নের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে প্রকাশিত এক সরকারি এভিয়েশন নোটিশে এ তথ্য জানা যায়। তবে অনুমোদিত আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

    ‘নোটিশ টু এয়ার মিশনস’ (এনওটিএএম)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের আকাশসীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে শুধুমাত্র সিভিল এভিয়েশন অথরিটির পূর্বানুমতি নিয়ে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট চলাচল করতে পারবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ইরানে প্রবেশকারী বা ইরান থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অন্যান্য সব ধরনের বিমান চলাচল স্থগিত থাকবে।ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। বর্তমানে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে এবং এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

    এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখা হচ্ছে বলে তাকে অবহিত করা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। বিক্ষোভকারীদের প্রতি বারবার সমর্থন জানিয়ে ট্রাম্প আরও বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর ব্যবস্থা’ নিতে পারে।

    এছাড়া, জি-৭ এর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও বিক্ষোভকারীদের ওপর ‘ইচ্ছাকৃত সহিংসতার’ নিন্দা জানিয়েছেন। তারা ইরান সরকারকে সংযম প্রদর্শন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

    অন্যদিকে, ইরানি কর্মকর্তারা এই বিক্ষোভ ও অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন। তবে পশ্চিমা দেশগুলো এই অভিযোগ অস্বীকার করেছে।

    বিক্ষোভ নিয়ে ইরান সরকার এখন পর্যন্ত কোনো সরকারি হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন।

  • ডিএসইতে সূচক বৃদ্ধি, ৩৯৫ কোম্পানির ৩৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন

    ডিএসইতে সূচক বৃদ্ধি, ৩৯৫ কোম্পানির ৩৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন

    অনলাইন ডেস্ক:     ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মোট ১২ কোটি ৯১ লাখ ২১ হাজার ৭১১টি শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৩৬৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৩২১ টাকা।

    সূচকের দিক দিয়ে আজ ডিএসই ব্রডইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ৪,৯৬৬ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৯ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১,৯০৮ দশমিক ২১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ৯৯৭ দশমিক ৯১ পয়েন্টে ওঠেছে।

    লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টির।

    লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এসিআই, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, সায়হাম টেক্স, বিডি থাই ফুড, খান ব্রাদার্স পিপি, মেঘনা ইন্স্যুরেন্স  এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

    দর বৃদ্ধির শীর্ষে রয়েছে: বিডি থাই ফুড, বিডি থাই, ইস্টার্ন ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড. আইসিবি ৩য় এনআরবি, এসিআই ফরমুলেশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লিন্ডে বিডি এবং মেঘনা ইন্স্যুরেন্স।

    দর কমার শীর্ষে রয়েছে: বিআইএফসি, শ্যামপুর সুগার, মেঘনা সিমেন্ট, বে-লিজিং, এনসিসিবি মিউচুয়াল ফান্ড-১, রিজেন্ট টেক্স, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাট্রিজ, এইচআর টেক্সটাইল এবং পপুলার ১ম মিউচুয়াল ফান্ড।

  • ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারনে বুন্দেসলিগার ম্যাচ স্থগিত

    ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারনে বুন্দেসলিগার ম্যাচ স্থগিত

    অনলাইন ডেস্ক:   প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার স্বাগতিক হামবুর্গ ও বায়ার লেভারকুসেনের মধ্যকার বুন্দেসলিগা ম্যাচটি কিক-অফের মাত্র কয়েক ঘণ্টা আগে স্থগিত করতে বাধ্য হয়েছে জার্মান লিগ কর্তৃপক্ষ।

    এই সপ্তাহে উত্তর জার্মানিতে বয়ে যাওয়া শীতকালীন প্রতিকূল আবহাওয়ার কারণে এটি তৃতীয় ম্যাচ হিসেবে বাতিল হলো। এর আগে গত শনিবার সেন্ট পাউলি-আরবি লিপজিগ এবং ওয়ার্দার ব্রেমেন-হফেনহেইম ম্যাচ দুটি স্থগিত করা হয়। নতুন সূচী অনুযায়ী এই ম্যাচ দুটি এ মাসের শেষে পুনঃনির্ধারণ করা হয়েছে।

    জার্মান ফুটবল লিগ (ডিএফএল) মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আবহাওয়াজনিত ঝুঁকির কারণে হামবুর্গ-লেভারকুসেন ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারছে না। এ কারণে হামবুর্গের ভকসপার্কস্টেডিয়াম স্বল্প নোটিশে বন্ধ করে দেওয়া হয়েছে।

    ম্যাচটি মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। লেভারকুসেন এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচটি পুনঃনির্ধারণের বিষয়ে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেওয়া হবে।

    ঝড় ‘এলি’র কারণে ভারী তুষারপাত ও প্রবল বাতাসে উত্তর জার্মানিতে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। এর ফলে হামবুর্গ ও ব্রেমেনে স্কুল বন্ধের নির্দেশ দেবার পাশাপাশি দূরপাল্লার রেল চলাচল বাতিল করা হয়েছে।