Category: প্রচ্ছদ

  • নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ: নির্বাচন কমিশন

    নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ: নির্বাচন কমিশন

    অনলাইন ডেস্ক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

    নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠন তাদের নির্বাচন আয়োজন করতে পারবে না।

    নির্দেশনার আওতায় রয়েছে পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি এবং ট্রেড ইউনিয়নসহ সব সংগঠনের নির্বাচন। এসব সংগঠনকে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে।

    নির্বাচন কমিশন সচিবালয় থেকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগাম এই নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও সংগঠনকে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

  • মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

    মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

    অনলাইন ডেস্ক:   কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।

    ঘটনার পরপরই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পার্শ্ববর্তী উপজেলা থেকেও একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে রাত সোয়া ১০টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

    আগুনের তীব্রতায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকা লেলিহান শিখায় আলোকিত হয়ে ওঠে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

    বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কর্মরত দুটি বেসরকারি সূত্র জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ উৎপাদনের বয়লার বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে সাধারণ প্রবেশাধিকার সম্পূর্ণভাবে স্থগিত করা হয়।

    অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

    মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

    রাত ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, একদিকে আগুন নেভানো হলেও অন্য প্রান্তে নতুন করে আগুন জ্বলে উঠছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    এদিকে রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, আগুন অনেকাংশে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এসেছে এবং এতে বিদ্যুৎ কেন্দ্রের মূল স্থাপনায় কোনো ক্ষতি হয়নি। তিনি আরও জানান, আগুনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

    তবে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন কাদের রাত ১টার দিকে জানান, চারটি ইউনিট একযোগে কাজ করলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এক প্রান্তে আগুন নেভানো হলে অন্য প্রান্তে তা পুনরায় জ্বলে উঠছিল।

    পরবর্তীতে ভোর ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত থাকে। ভোরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সালাহ উদ্দিন কাদের এবং চকরিয়া ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর দিদারুল হক জানান, আগুনের মূল তীব্রতা অনেকটাই কমে এসেছে, তবে পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে এবং তা শেষ হলে নির্বাপণের চূড়ান্ত ধাপে যাওয়া হবে।

    বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, স্ক্র্যাপ ইয়ার্ডটি বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীরের ভেতরে পুকুর সদৃশ একটি কাঠামোর মধ্যে গড়ে তোলা হয়েছে। এখানে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রী সংরক্ষণ করা হতো। স্ক্র্যাপ ইয়ার্ডটি মূল বিদ্যুৎ উৎপাদন বয়লার এলাকা থেকে তুলনামূলকভাবে নিরাপদ দূরত্বে অবস্থিত থাকায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

  • শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    অনলাইন ডেস্ক:    শেরপুরে জেলা পুলিশের উদ্যাগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে জেলা শহরের অষ্টমিতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

    পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করার মাধ্যমে সভা শুরু করা হয়। এরপর পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার- ফোর্সদের সমস্যার কথা শোনেন। সেসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

    এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর রাখতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইন্সপেক্টর (তদন্ত) সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ইরানে বিদেশি ‘হস্তক্ষেপের’ বিরোধিতা চীনের

    ইরানে বিদেশি ‘হস্তক্ষেপের’ বিরোধিতা চীনের

    অনলাইন ডেস্ক:   ইরানে বিদেশি ‘হস্তক্ষেপের’ বিরোধিতা করেছে চীন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটি।

    বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    এর আগে, ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ওই হুমকির পর সোমবার বেইজিং এ প্রতিক্রিয়া জানায়।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমরা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করি।’

    তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক এমন কাজ আরও বেশি করে করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানাই।’

  • গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ

    অনলাইন ডেস্ক:    গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    আজ প্রকাশিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়। এতে লেখা রয়েছে— ‘গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।’

    প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে।

    এ উদ্যোগের লক্ষ্য হলো গণভোটের বিষয়ে জনগণকে সচেতন এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

    এদিকে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এসব কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করা যায়।

  • গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

    গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

    অনলাইন ডেস্ক:      গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে।

    তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন। এতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার। আগামী কয়েক দিনে অন্য সব বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১২ জানুয়ারি রাজশাহী, ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা, ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেটে এবং ২৪ জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন ও বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

    এসব মত বিনিময় সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্য সিনিয়র শিক্ষকবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক, প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক, দোকান মালিক সমিতির সভাপতি ও সম্পাদক, অন্যান্য গুরুত্বপূর্ণ সমিতি, এনজিও প্রধানগণ বা এনজিও এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

    বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মতবিনিময় সভায় গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে বিভাগীয়, জেলা, উপজেলা ও অন্য স্টেকহোল্ডারদের সচেতন করা হবে।