Category: প্রচ্ছদ

  • প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী আকি আবে

    প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী আকি আবে

    অনলাইন ডেস্ক:    জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন (সামাজিক অবদান উৎসাহিতকরণ) ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তিনি বর্তমানে বাংলাদেশ সফর করছেন।

    প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে প্রধান উপদেষ্টার আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। সাক্ষাতে তারা পারস্পরিক স্মৃতিচারণ করেন।

    ব্রিফিংয়ে জানানো হয়, সাক্ষাতে আকি আবে আসন্ন নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা কীভাবে সময় কাটাবেন, বিশেষ করে তার পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন-পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন।

    প্রধান উপদেষ্টা বলেন, প্রথমত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা হবে, যাতে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন—সে ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

    দ্বিতীয়ত, তরুণদের উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান অধ্যাপক ইউনূস। তৃতীয়ত, এসডিজি সংশ্লিষ্ট কার্যক্রমও তিনি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন।

    উপ-প্রেস সচিব আরও জানান, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা জানিয়েছেন অধ্যাপক ইউনূস। সফরকালে সামুদ্রিক গবেষণা ও ওশান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

    ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

  • গণভোটের লোগো দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য নির্দেশনা

    গণভোটের লোগো দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য নির্দেশনা

    অনলাইন ডেস্ক:   আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয়  ত্রয়োদশ সংসদ নির্বাচন  ও গণভোটের আগ পর্যন্ত সব সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন ও পরিপত্র ইত্যাদি) গণভোটের লোগো  (গণভোট-২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে) ব্যবহার এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত  প্রতিষ্ঠানে  এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

    আজ  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

    অনলাইন ডেস্ক:    ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন।

    ‎আজ সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার ব্রিগে. জেনা. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সভা অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বর্ডার গার্ড, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদফতর, ডিজিএফআই, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার ও র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) সহ বিভিন্ন সশস্ত্র বাহিনীর মহাপরিচালকসহ প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    বৈঠকে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ আসন্ন ভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

  • অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন

    অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন

    অনলাইন ডেস্ক:   অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন। সবশেষ ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। তার দল হোবার্ট হারিকেন্স ৩৭ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে।

    গত মাসে রিশাদ পার্থ স্করচার্সের বিপক্ষেও তিন উইকেট নিয়েছিলেন ৩৩ রান দিয়ে। বিপিএলে না খেলে বিবিএলে গিয়ে রিশাদ যে ভালো করেছেন, তার পারফরম্যান্সই সেকথা বলছে।এদিকে বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। তিনি রিশাদকে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার বলে মনে করেন।

    শনিবার সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে আসা মঈন বলেন, ‘আমি মনে করি, বিগ ব্যাশে খেলার সঠিক সিদ্ধান্ত নিয়েছে রিশাদ। সেখানে সে আরও বেশি শিখবে।’রিশাদের বিগ ব্যাশে হোবার্টের হয়ে খেলে শেখাটা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ, জানালেন মঈন আলী। তিনি বলেন, ‘সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। কারণ সে লেগ-স্পিনার, তরুণ, প্রতিভাবান।’

    তার চোখে, রিশাদই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, রিশাদ বাংলাদেশের পরবর্তী বড় খেলোয়াড়। সে দারুণ বোলার। এখন নিজের জায়গা তৈরি করছে।

  • এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স হচ্ছে জনগণের হক !

    এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স হচ্ছে জনগণের হক !

    অনলাইন ডেস্ক:   জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ট্যাক্স হচ্ছে জনগণের হক। কারণ এই ট্যাক্স জমা হয় সরকারের ট্রেজারিতে। আর সরকারের এই টাকার মালিক দেশের ১৮ কোটি জনগণ। ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া।

    একজন মানুষকে ঠকানোর পর যখন আপনার বোধহয় আপনি ঠকিয়েছেন তখন তার কাছে মাফ চাইতে পারেন। ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই জেনারেশনের কাছে মাফ চাইতে পারবেন। কিন্তু আপনি যখন দেশের ১৮ কোটি মানুষকে ঠকাবেন তখন কতজনের কাছে আপনি মাফ চাইবেন। আপনি কিন্তু এই মাফ পাবেন না। তাই আমাদের সবার নৈতিক দায়িত্ব আইন মেনে চলা।

    শনিবার (১০ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এদিন নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এর সুবর্ণজয়ন্তী উদযাপন এবং ২০২৫-২০২৬ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    তিনি বলেন, আমাদের রাষ্ট্র ১৮ কোটি মানুষের পরিবার। ১৮ কোটি মানুষই রোজগার করবে না। কেউ অনেক বেশি রোজগার করবে। সে অনেক বেশি ট্যাক্স দিবে। যে তার চেয়ে কম রোজগার করবে সে কম ট্যাক্স দিবে। যে কোনো রোজগারই করবে না সে কোনো ট্যাক্সই দিবে না। বরং সরকার তাকে দিবে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখনো সেই কালচার প্রতিষ্ঠা করা সম্ভব হয় নি।

    নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মালিক সোহেল সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী জিন্নাহ খানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য একেএম বদিউল আলম, ব্যারিস্টার মতাসিম বিল্লাহ ফারুকী, নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার রওশন আখতার, নারায়ণগঞ্জ ট্যাক্স ল ‘ইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মো.মাজম আলী খান, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমীন, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনির, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান প্রমুখ।

  • ইরানে আবারও রাজপথে নেমেছে হাজার হাজার আন্দোলনকারী

    ইরানে আবারও রাজপথে নেমেছে হাজার হাজার আন্দোলনকারী

    অনলাইন ডেস্ক:    ইরানে টানা দুই রাতের বিক্ষোভের রেশ না কাটতেই শনিবার রাত থেকে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আবারও রাজপথে নেমে এসেছেন হাজার হাজার আন্দোলনকারী।

    লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত ভিডিও চিত্রে দেখা গেছে, তেহরানের হেরাভি এলাকায় কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়ে বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই চিত্র দেখা গেছে শহরের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকাটি কার্যত স্থবির হয়ে পড়ে।

    বিক্ষোভের ভিডিওগুলোতে দেখা যায়, আন্দোলনকারীরা নির্বাসিত শাহ শাসনের বিরোধিতার পাশাপাশি বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির বিরুদ্ধেও কড়া স্লোগান দিচ্ছেন। বিশেষ করে ‘গাজা নয়, লেবানন নয় আমার জীবন কেবল ইরানের জন্য’ এমন স্লোগান পুরো বিক্ষোভ এলাকায় ছড়িয়ে পড়ে।

    আন্দোলনকারীদের মূল ক্ষোভের কারণ হিসেবে সামনে এসেছে ইরানের চরম অর্থনৈতিক সংকট। তারা অভিযোগ করছেন, গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহর মতো বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিবছর বিপুল অঙ্কের সামরিক সহায়তা দিচ্ছে সরকার, অথচ দেশের অভ্যন্তরে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে।

    বিক্ষোভকারীদের দাবি, বিদেশের লড়াইয়ে অর্থ ব্যয় করার পরিবর্তে সরকারের উচিত দেশের ভেঙে পড়া অর্থনীতির সংস্কার ও অভ্যন্তরীণ সংকটের সমাধানে মনোযোগী হওয়া। এদিকে পরিস্থিতি সামাল দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছেন। তার দাবি, পশ্চিমা বিশ্ব একটি শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তেহরানের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বিক্ষোভ দমনে কড়াকড়ি আরোপ করায় পুরো ইরান জুড়ে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

    সূত্র: ইরান ইন্টারন্যাশনাল