Category: প্রচ্ছদ

  • সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

    সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

    অনলাইন ডেস্ক: হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।

    চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেছেন, ‘স্বাভাবিকভাবেই উনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। উনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল, এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’

    শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

    এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তি হয়েছেন; ভর্তি হওয়ার পরবর্তীতে উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।’ স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয় বলেও জানান তিনি।

    খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, দেশি-বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন, তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন।

    এজেডএম জাহিদ বলেন,  বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মণী ডাক্তার জুবাইদা রহমান সহ কিছুক্ষণ আগে  দ্বিতীয়বারের মতো হসপিটালে  বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। তিনি দীর্ঘ সময় তার মায়ের শয্যাপাশে ছিলেন।

    ১৭ বছর পর গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। আজ শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মাকে দেখতে যান তিনি। দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত ১১টা ৫৮মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন।

    ডা: জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইসিইউতে থাকা তার মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং এতোদিন বেগম খালেদা জিয়ার জন্য দেশে মানুষ যে দোয়া করেছে, এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷

    একইসঙ্গে যেসকল চিকিৎসক, নার্স এবং অন্যান্য প্যারামেডিক্স  তার মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছেন- যোগ করেন ডা: জাহিদ।

    জাহিদ আরও বলেন, এভারকেয়ার হসপিটালে ভর্তিকৃত রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসায় যাতে কোন ধরনের ব্যাঘাত না ঘটে সেজন্য তারেক রহমান  সতর্ক থাকতে বলেছেন। দলীয় নেতাকর্মীদেরকে হাসপাতালে অহেতুক ভীড় না জমানোর আহ্বান জানিয়েছেন।

    বেগম খালেদা জিয়ার এই ব্যাক্তিগত চিকিৎসক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে। দেশ বিদেশের চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে  নিজেদের  দায়িত্ব পালন করছে। এবং দায়িত্ব পালন করতে থাকবেন।

    গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে।

    খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় দেশেই তাঁর চিকিৎসা চলমান রয়েছে।

  • আজ ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন জুবায়ের রহমান চৌধুরী

    আজ ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন জুবায়ের রহমান চৌধুরী

    অনলাইন ডেস্ক: আজ রোববার (২৮ ডিসেম্বর) বঙ্গভবনে বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

    সংবিধান অনুযায়ী, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ (২৭ ডিসেম্বর, শনিবার) আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন। তার বয়স পূর্ণ হয়েছে ৬৭ বছর।

    বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন। ১৯৮৫ সালে তিনি জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

    ২০০৩ সালের ২৭ আগস্ট তৎকালীন বিএনপি সরকারের সময় জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্টে তার স্থায়ী নিয়োগ হয়। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

    আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, “রোববার বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ সংবিধানানুগ এবং সরকারিভাবে আয়োজন করা হবে।”

  • ৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

    ৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

    অর্থনীতি ডেস্ক: একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।পাশাপাশি আমানতকারীরা তাদের নামে স্ব স্ব ব্যাংকের চেক বইয়ের মাধ্যমে টাকা তোলার সুযোগ পাবেন।

    শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান

    অনিয়ম ও ঋণ খেলাপির চাপে দেশের ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে থাকা পাঁচটি ব্যাংক একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলোএক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক

    পাঁচ ব্যাংকের আমানত নবগঠিত সম্মিলিত ইসলাম ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে আরিফ হোসেন খান বলেন, আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হতে পারে। সম্পন্ন হওয়ার পর আলোচিত পাঁচ ব্যাংকের গ্রাহকদের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে। এর ফলে আমানতকারীরা তাদের বিদ্যমান স্ব স্ব চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তোলার সুযোগ পাবেন। অবশিষ্ট আমানত তাদের ব্যাংক হিসাবে সুরক্ষিত থাকবে

    অবশিষ্ট আমানতের উপর প্রচলিত হারে মুনাফা দেওয়া হবে জানিয়ে আরিফ হোসেন খান বলেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত এই ব্যাংকের উপর জনগণের আস্থা সৃষ্টি হবে। পাশাপাশি আমানতকারীদের টাকা তোলার চাহিদা অনেকাংশে কমে আসবে বলেও জানান তিনি

    বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সব জটিলতা দূর করে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু হচ্ছে। তারই ধারায় আগামী সোমবার থেকে ওই পাঁচ ব্যাংকের গ্রাহক সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। স্থানান্তর প্রক্রিয়া শেষে পাঁচ ব্যাংকের আমানতকারীরা তাদের নামে স্ব স্ব ব্যাংকের চেক বইয়ের মাধ্যমে টাকা তোলার সুযোগ পাবেন। স্থানান্তরের কারণে পাঁচ ব্যাংকের আমানতকারী নতুন ব্যাংকে হিসাব নম্বর সয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। এরই ধারাবাহিকতায় নতুন এই ব্যাংকেও তাদের নামে একাউন্ট থাকবে। যার ফলে তাদের নামে চেকইস্যুসহ ব্যাংকিং সব সুবিধা পাবে

    আরিফ হোসেন খান বলেন, প্রথমদিকে গ্রাহক দুই লাখ টাকার বেশি তুলতে পারবেন না। তবে ধাপে ধাপে এই টাকা তোলার পরিমাণ বাড়বে। তিনি আরও বলেন, যেসব গ্রাহকের একাউন্টে দুই লাখ টাকার কম আছে, তারা সব টাকা একবারেই তুলতে পারবেন। যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি রয়েছে, তারা চাইলে প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত তুলতে পারবেন। ৬০ বছরের বেশি বয়সি গ্রাহক বা জটিল রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য টাকা তোলার এই সীমা শিথিল রাখা হয়েছে। প্রয়োজন তারা যেকোনো পরিমাণ টাকা তুলতে পারবেন

    সম্মিলিত ইসলামী ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানীর সেনাকল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। আলোচিত ওই পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর এক লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ রয়েছে এক লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ খেলাপি হয়ে পড়েছে। সারা দেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে

  • কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

    কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

    অনলাইন ডেস্ক: কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই আসন থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার কর্মী-সমর্থকরা।

    শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর থেকে মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী।

    জেলা প্রশাসন সূত্র জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে তার কর্মী-সমর্থকরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

    এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।

    তিনি আরও বলেন, এ লক্ষ্যে আমাদের একাধিক অভ্যন্তরীণ বৈঠক হয়েছে। পাশাপাশি কোনো দলের সঙ্গে জোট হবে কি না, সে বিষয়টিও আমরা নজরে রাখছি। মুরাদনগরের আপামর জনসাধারণ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই আসন থেকে নির্বাচনে দেখতে চায়। তাই উপজেলা এনসিপির পক্ষ থেকেও তাকে অনুরোধ জানানো হয়েছে। এখন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কী সিদ্ধান্ত হয়, সেটিই দেখার বিষয়।

    তবে এ বিষয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।

    মুরাদনগর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহমান বলেন, আমার অফিস থেকে মনোনয়নপত্র নেওয়া হয়নি। তারা সম্ভবত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছে।

  • শহিদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

    শহিদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

    অনলাইন ডেস্ক: শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলাকা ত্যাগ করার পরপরই সংগঠনটির নেতাকর্মীরা ফের সড়ক অবরোধ শুরু করেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচলে অচলাবস্থা তৈরি হয়।

    ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে পুনরায় সমবেত হন। এর আগে নিরাপত্তাজনিত কারণে সকালে সাময়িকভাবে অবরোধ তুলে নিয়ে তারা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর এলাকা ছাড়ার পর মিছিল নিয়ে তারা আবার শাহবাগে ফিরে আসেন।

    সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শহিদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকেই তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করেছেন। ওই দিন রাতভর নেতাকর্মীরা শাহবাগ মোড়েই অবস্থান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

    অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, “শহিদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। পরিকল্পনাকারী ও সরাসরি হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

    অবরোধ চলাকালে শাহবাগ মোড়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’সহ বিভিন্ন স্লোগান দেন।

    উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সেখানে তিনি মারা যান। এ ঘটনায় পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও তার মৃত্যুর পর মামলাটি নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হয়।

  • হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন ভবনের পথে তারেক রহমান

    হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন ভবনের পথে তারেক রহমান

    অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত শেষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য নির্বাচন ভবনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ছিল বাড়তি আগ্রহ ও সতর্ক নজর।

    শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১০টা ৪০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে পৌঁছান। সেখানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানান, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    হাদির কবর জিয়ারত শেষে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়িবহর জাতীয় কবির সমাধি প্রাঙ্গণ ত্যাগ করে। আগের দুদিন বুলেটপ্রুফ বাসে চলাচল করলেও এদিন তাকে সাদা রঙের একটি এসইউভিতে যেতে দেখা যায়। তিনি সরাসরি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান এনআইডি নিবন্ধনের জন্য।

    নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে। সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়া বাধ্যতামূলক হওয়ায় এ প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

    নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় ২৯ ডিসেম্বর। এরই মধ্যে বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে বিএনপি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির কবরে শ্রদ্ধা নিবেদনের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান, উপ উপাচার্য মামুন আহমেদ, শিক্ষক নেতা মোর্শেদ হাসান খানসহ শিক্ষক ও ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, প্রায় দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফেরেন। ওই দিন ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।