Category: প্রচ্ছদ

  • মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

    মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

    অনলাইন ডেস্ক: হিমালয়- কাঞ্চনজঙ্ঘার পর্বতের কাছাকাছি অবস্থান হওয়ায় কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। টানা ছয়দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে স্থির রয়েছে। ফলে বাড়ছে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

    পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও ১০ এর নিচেই রয়েছে তাপমান যন্ত্রের পারদ। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

    সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি।

    এদিকে, পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েক দিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সকাল সকাল রোদের ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।

    অপরদিকে, এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

    তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৭৪ শতাংশ ছিল। এর আগের দিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

  • স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

    স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

    অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

    তিনি বলেন, স্বাধীনতার শত্রুরা, যারা স্বাধীনতার বিরুদ্ধে একাত্তর সালে অবস্থান নিয়েছিল; আজকে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। দেশের মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ ও গণতন্ত্রকামী মানুষ- তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।

    মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে এসে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

    বিএনপি মহাসচিব আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে আমরা ডিসেম্বর মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এজন্য এদিনটি আমাদের কাছে বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    আজ মঙ্গলবার বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। এদিন সকাল থেকেই স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নেতাকর্মীদের।

    সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা।

  • জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

    অনলাইন ডেস্ক: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে প্রথমে সকাল ৬টা ৩৩ মিনটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পরবর্তীতে  সকাল ৬টা ৫৭ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

    এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

    পুষ্পস্তবক অর্পণের পর উভয়েই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।এছারাও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

    এর আগে বিজয় উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত ধুয়ে মুছে করা হয় পরিষ্কার, পড়েছে রঙ-তুলির আঁচড়। হাঁটার লাল ইটের পথও সাদা রঙের আঁচড়ে শুভ্র করে তুলেছেন শিল্পীরা। আগাছা কেটে আর বর্ণিল ফুলের গাছ লাগিয়ে করা হয়েছে শোভাবর্ধন।

    স্মৃতিসৌধের দেখভালকারী গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, দিবসটি ঘিরে উন্নয়ন কাজের পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো এলাকা। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে স্মৃতিসৌধ এলাকা।

    এদিকে বিজয়ের ৫৫ বছর উদযাপনকে ঘিরে বর্ণিল আলোয় সেজেছে রাজধানী ঢাকা। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোকচ্ছটায় ঝলমলিয়ে উঠেছে পুরো ঢাকা। এতে মুগ্ধ নগরবাসী।

  • ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন নারীরা

    ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন নারীরা

    স্টাফ রিপোর্টার:   ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন নারীরা। অনেক সময় ছিনতাই বা ছিনতাই চেষ্টার সময় নারীদের আটক করা হয়েছে। সম্প্রতি চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

    সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী পারুল বেগম জানান, তিনি ও তার স্বামী দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ কলাবাগান এলাকায় অবস্থিত একটি ব্যাংক থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বের হন। পরে সাবরেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছলে হঠাৎ দুই নারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে।

    এ সময় তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ওই দুই নারীকে আটক করেন। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পারুল বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    আটককৃত দুই নারীর বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় বলে জানা গেছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের গাছতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তারা বিভিন্ন উপজেলায় ঘুরে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

    এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে ফরিদগঞ্জ বাজারের সাবরেজিস্ট্রার অফিসের সামনে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

  • শরিফ ওসমান হাদির বাড়িতে চুরির ঘটনায় ৩ যুবক গ্রেফতার

    শরিফ ওসমান হাদির বাড়িতে চুরির ঘটনায় ৩ যুবক গ্রেফতার

    স্টাফ রিপোর্টার :  ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাইযোদ্ধা গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির ঝালকাঠির নলছিটি শহরের পৈতৃক বাসায় চুরির ঘটনায় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ।গ্রেফতার ব্যক্তিরা হলেন- নলছিটি শহরের খাসমহল এলাকার কুদ্দুস মাঝির ছেলে রাসেল মাঝি, নাসির সরদারের ছেলে রাসেল সরদার ও আব্দুল বারেক বেপারীর ছেলে সাইফুল।

    গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এ খবর পেয়ে হাদির স্বজনরা ওই দিন বিকালেই ঢাকায় রওনা হন। এ সময় বাসা খালি ছিল।

    শুক্রবার দিবাগত রাতে অর্থাৎ শনিবার ভোর ৫টার দিকে ওই বাসার দক্ষিণ দিকের একটি জানালার গ্রিল ভেঙে চোরের দল ভেতরে প্রবেশ করে। তারা বাসার স্টিলের আলমারি খুলে স্বর্ণালংকার, নগদ টাকা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা দেখেন ওই ঘরের জানালা ভাঙা।

    এ সময় প্রতিবেশী জান্নাতি ওসমান হাদির বড় বোন পৌর এলাকার নান্দিকাঠি গ্রামে বসবাসরত ফাতেমা বেগমকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি বাসায় এসে ঘরের তালা খুলে দেখেন ঘরের জানালার গ্রিল ভাঙা, স্টিলের আলমারি খোলা এবং নগদ টাকা ও কাপড়-চোপড় নেই।

    ফাতেমা বেগম জানান, ওই বাসায় তার ছোট বোন মাছুমা বেগম ও তার স্বামী থাকতেন। ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তারা ঢাকায় চলে যান। এ সময় বাসা খালি ছিল। চোরের দল ঘরের জানালার গ্রিল ভেঙে স্টিলের আলমারি খুলে স্বর্ণালংকার, টাকা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়।

    নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, ওই বাসায় চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। গ্রেফতার তিন যুবকের বিরুদ্ধে বিভিন্ন সময় চুরিসহ নানা অভিযোগে থানায় মামলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এ চুরির ঘটনায় সন্দিগ্ধভাবে ওই তিন যুবককে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

  • হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, সিইসির মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: সাদিক কায়েম

    হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, সিইসির মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: সাদিক কায়েম

    অনলাইন ডেস্ক:    ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলায় প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, এ ধরনের মন্তব্য হামলার গুরুত্ব খাটো করে দেখানোর শামিল এবং এটি দায়িত্বশীল আচরণ নয়।

    সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন সাদিক কায়েম। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশেই দাঁড়িয়ে বক্তব্য দেন।

    সাদিক কায়েম বলেন, পুরো ছাত্র জনতার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। তিনি দ্রুত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চেয়ে দায়িত্বশীল আচরণ করবেন বলে প্রত্যাশা করি। তার ভাষায়, শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন।

    ব্রিফিংয়ে তিনি হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে তিন দফা দাবি তুলে ধরেন। এসব দাবি দ্রুত কার্যকর না হলে সারাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাইয়ের চেয়েও শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন সাদিক কায়েম।

    প্রথম দাবিতে তিনি বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবাইকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট অর্গানকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে এবং জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই গোষ্ঠীগুলোকে সামাজিকভাবে বয়কটের আহ্বানও জানান তিনি।

    দ্বিতীয় দাবিতে সাদিক কায়েম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তিনি। এ বিষয়ে অবহেলা আর সহ্য করা হবে না বলেও সতর্ক করেন।

    শেষ দাবিতে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানান তিনি। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলেও মন্তব্য করেন।

    এদিকে এর আগে রাজধানীর গুলশানে ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের সময় দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে এবং হাদির ওপর হামলাকেও তিনি সেই প্রেক্ষাপটেই দেখেছেন। তার এই বক্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক ও ছাত্র মহলে বিতর্ক তৈরি হয়েছে।

    উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১টা ৫৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।