Category: প্রচ্ছদ

  • ঢাকার মেন্টর হিসেবে বাংলাদেশে আসলেন শোয়েব আখতার

    ঢাকার মেন্টর হিসেবে বাংলাদেশে আসলেন শোয়েব আখতার

    অনলাইন ডেস্ক:    ঢাকায় পৌছেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন তিনি। গত শনিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।

    ঢাকা ক্যাপিটালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল দল গড়ে তোলার লক্ষ্যে শোয়েবের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলের দিকনির্দেশনায় তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব বড় ভূমিকা রাখবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।’

    তবে এই দফায় ঢাকায় মাত্র দুদিন থাকবেন শোয়েব। পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল করার স্বীকৃতি পাওয়া এই পেসার গতির কারণেই আলাদা পরিচিতি পেয়েছেন। ২০১১ সালে অবসর নেওয়ার পর থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে নিয়মিত কাজ করছেন শোয়েব।

  • ১৬ ডিসেম্বর চালু হচ্ছে না ‘এনইআইআর’, নতুন ডেডলাইন….

    ১৬ ডিসেম্বর চালু হচ্ছে না ‘এনইআইআর’, নতুন ডেডলাইন….

    অনলাইন ডেস্ক:   দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধে নির্ধারিত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম চালুর তারিখ পুনরায় পেছানো হয়েছে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে এখন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এনইআইআর কার্যকর হবে।

    সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

  • ওসমান হাদিকে গুলি, তদন্তভার নিল ডিবি

    ওসমান হাদিকে গুলি, তদন্তভার নিল ডিবি

    অনলাইন ডেস্ক:      ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। একই দিনে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

    পুলিশ সূত্র জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি ডিবি মতিঝিল বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এখন থেকে গোয়েন্দা পুলিশই এই ঘটনার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

    পল্টন থানার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) রাতে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় এখন পর্যন্ত একজনকেই আসামি করা হয়েছে। মামলার বাদি হয়েছেন হাদির এক আত্মীয়।

    ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবি মতিঝিল বিভাগ মামলাটির তদন্ত করবে।”

    হাদির ওপর হামলার ঘটনা ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে। মোটরসাইকেলে করে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত ছিলেন। হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর গেছেন।

    এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে রয়েছে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি এবং মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও এক নারী। র‌্যাব ও গোয়েন্দা পুলিশ আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

    ডিবি সূত্র জানায়, হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেলের চালক এখনো পলাতক। তাদের অবস্থান শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে। এরই মধ্যে ফয়সাল এবং তার মালিকানাধীন একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল।

    হাদির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • চিকিৎসার উদ্দেশে মাতৃভূমি ছাড়লেন হাদি, নেয়া হচ্ছে সিঙ্গাপুর

    চিকিৎসার উদ্দেশে মাতৃভূমি ছাড়লেন হাদি, নেয়া হচ্ছে সিঙ্গাপুর

    অনলাইন ডেস্ক:   ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স আজ দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। হাদির সঙ্গের রয়েছে তার দুই ভাই।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রবিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে।এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় তাকে।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দেয়ার সময় স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

  • হাদির চিকিৎসক বলেন, আমাদের জীবন হুমকির মুখে—ভারত থেকে হুমকি আসছে

    হাদির চিকিৎসক বলেন, আমাদের জীবন হুমকির মুখে—ভারত থেকে হুমকি আসছে

    অনলাইন ডেস্ক:    ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

    রোববার হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে প্রেস ব্রিফিংয়ে চিকিৎসক বললেন, “আমাদের জীবন হুমকির মুখে আছে। আমাদের ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে। আমাদের নাম্বার পাবলিক করে দেয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে নাম্বার ছড়িয়ে দেয়া হচ্ছে। আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে।

    চিকিৎসক আরও জানান, হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ।”

    হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিকল্পনা আছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    ‘মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেয়া হয়েছে। তবে রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না, সেটিও বড় প্রশ্ন’-যোগ করেন তিনি।

  • হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ

    হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক:   ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।

    ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে রোববার দুপুরে এ সহযোগিতা কামনা করা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি, কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে তাদের দ্রুত গ্রেফতার ও বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়।

    ভারতীয় হাইকমিশনারকে বলা হয়, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছে। তাকে এই ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার ভারতের সরকারের দৃষ্টি আকর্ষণ করে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে, যাতে তারা বাংলাদেশের আদালতের দেয়া সাজা কার্যকরের মুখোমুখি হতে পারেন।

    এ সময় ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়টিও ভারতীয় হাইকমিশনারের নজরে আনা হয়।

    হাইকমিশনারের কাছে অভিযোগ করা হয়, এসব পলাতক ব্যক্তি আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠিত ও বাস্তবায়নে সহায়তা করছেন। এ ধরনের ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং তাদের বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

    ভারতীয় হাইকমিশনার জানান, “বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে আগ্রহী ভারত এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।”