Category: প্রচ্ছদ

  • পরিকল্পিতভাবে টার্গেট কিলিং চালানো হচ্ছে: নাহিদ ইসলাম

    পরিকল্পিতভাবে টার্গেট কিলিং চালানো হচ্ছে: নাহিদ ইসলাম

    অনলাইন ডেস্ক:    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন, “নির্বাচন বানচাল করা এবং গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করতেই টার্গেট কিলিংয়ের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনের ভেতর ও বাইরের সব পক্ষকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

    নাহিদ ইসলাম বলেন, যারা হাদিকে হত্যার চেষ্টা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

    হাদির ওপর হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক দোষারোপের প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে একে অপরকে দায়ী না করে সবাইকে জাতীয় ঐক্যের পথে এগিয়ে আসতে হবে। তা না হলে ফ্যাসিস্ট শক্তিরাই সবচেয়ে বেশি লাভবান হবে।

    ‘যারা নিজেদের ‘সুশীল বুদ্ধিজীবী’ হিসেবে পরিচয় দিয়ে ফ্যাসিবাদের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রাখছেন, জনগণের পক্ষে থাকা বুদ্ধিজীবীদের উচিত তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সংগ্রাম চালিয়ে যাওয়া’-যোগ করেন নাহিদ ইসলাম।

  • হাদির হামলাকারী ভারত পালানোর সঠিক তথ্য নেই পুলিশের কাছে: ডিএমপি

    হাদির হামলাকারী ভারত পালানোর সঠিক তথ্য নেই পুলিশের কাছে: ডিএমপি

    অনলাইন ডেস্ক:     ডিএমপি জানিয়েছে, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারীর সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।

    রোববার রাজধানীর পল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, “ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে শনাক্ত ও র‍্যাব তাকে আটক করেছে। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়। হামলাকারীর পরিচয় জানার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।”

    মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, হাদিকে কেন লক্ষ্য করা হয়েছে এবং কেন এই সময়ে হামলা চালানো হলো, তা তদন্তের বিষয়। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে টার্গেট কিলিংয়ের কোনো শঙ্কা পুলিশের নজরে নেই। নির্বাচনী সময়ে প্রার্থীদের নিরাপত্তা, নগরবাসীর জীবন ও সম্পত্তি রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

    ডিএমপি সূত্রে জানা গেছে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রধান সন্দেহভাজন শুটারকে শনাক্ত করা হয়েছে। তবে হাদিকে হত্যাচেষ্টাকারী ওই শুটার সীমান্ত অতিক্রম করেছে-এমন কোনো তথ্য এখনও পুলিশের কাছে নেই।  ডিএমপি সূত্রে আরও জানা গেছে, হাদির ওপর হামলার বিষয়ে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

  • সামনে হত্যাকাণ্ড আরও ঘটতে পারে—শঙ্কা মির্জা ফখরুলের

    সামনে হত্যাকাণ্ড আরও ঘটতে পারে—শঙ্কা মির্জা ফখরুলের

    অনলাইন ডেস্ক:    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, “নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডের মেতে উঠেছে। আমরা আশঙ্কা করছি, সামনে নির্বাচনকে ঘিরে আরো হত্যাকাণ্ড ঘটতে পারে।”তিনি রোববার মিরপুর বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে এমন শঙ্কার কথা তুলে ধরেন।

    বিএনপির মহাসচিব বলেন, “নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও স্বপ্ন দেখছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের। আমরা যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করব।”তিনি আরও বলেন, “সকল চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে দেশের মানুষ, তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

    বিএনপির এ নেতা উল্লেখ করেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ অনেককেই তুলে নিয়ে গিয়ে হত্যা করে। জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারায়। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, বাংলাদেশকে সম্পূর্ণরূপে মেধাহীন করে দেয়ার জন্য এই হত্যাকাণ্ড। একইভাবে দুর্ভাগ্যক্রমে ২০২৪ সালে আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে।”

    এসময় সব ষড়যন্ত ও চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে দেশকে নতুন ভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম।

    এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সর্বস্তরের মানুষের জন্য স্থান দুটি উন্মুক্ত করে দেয়া হয়।

  • গর্তে পড়ে সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

    গর্তে পড়ে সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

    অনলাইন ডেস্ক:    রাজশাহীর তানোরে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে ২ বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি নোটিশে অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া রোববার নোটিশটি পাঠান।

    লিগ্যাল নোটিশে বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

    সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই দুর্ঘটনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট প্রমাণ বলছেন পর্যবেক্ষকরা।

    নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।  এর মধ্যে রয়েছে-সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ, রাষ্ট্রীয় ব্যয়ে সিল/ভরাট বা স্থায়ীভাবে বন্ধকরণ, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি (ঝঙচ) প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপনা রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা।

    নির্ধারিত সময়ের মধ্যে সব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (পিআইএল) হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে বলেও উল্লেখ করা হয়।

  • হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা

    হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা

    অনলাইন ডেস্ক:    চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির অবস্থা বিষয়ে রোববার (১৪ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, “হাদির অবস্থা অপরিবির্তত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।”

    ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি। আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে ইন্টারনাল রেসপন্স আছে।

    রোববার সকাল ১০টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসক ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে।

    ওসমান হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। অবস্থা বিদেশে নেওয়ার মতো উন্নতি হলেই নেওয়া হবে।

    উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পরপরই ওসমান হাদিকে নেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তখন বলেছিলেন, একটি গুলি ওসমান হাদির কানের ডান পাশ দিয়ে ঢ়ুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা তার প্রাথমিক অস্ত্রোপচার করেন।

    সেদিন সন্ধ্যায় ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে হাদিকে হামলাকারী শ্যুটার

    সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে হাদিকে হামলাকারী শ্যুটার

    অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

    তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে রোববার ভোর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

    পোস্টে তিনি উল্লেখ করেন, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় দুজনেই ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে পৌঁছেছে। তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব। অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। আরও কয়েকটি হিট টিম দিয়ে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা চেষ্টা রয়েছে বলে তার দাবি।

    এদিকে ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে বলেছে, ব্যবহৃত অস্ত্র জ্যাম হওয়ায় সে মাত্র একটি গুলি করতে পেরেছে। তার মূল পরিকল্পনা ছিল চারটি গুলি করার। একই সূত্রে দাবি করা হয়েছে, ফয়সালের মতো অস্ত্রধারী আরেক ক্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মো. সাজ্জাদকেও নজরে রাখা প্রয়োজন। গত ১৩ মে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায়। তবে ২৯ জুলাই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে তিনি মুক্ত হয়েছেন।

    জুলকারনাইন সায়ের তার পোস্টে জোর দিয়ে বলেন, বিভিন্ন মামলায় জামিন পাওয়া নিষিদ্ধ সংগঠনের অস্ত্রধারী ক্যাডারদের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড তদারকি জরুরি।

    তবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা, এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই। আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

    তালেবুর রহমান বলেন, হাদির গুলির মিশনে অংশ নেওয়া দুই অপরাধী এখনও অধরা। তারা বিদেশে পালিয়ে গেছে কিনা? এমন তথ্যও নেই পুলিশের কাছে।