Category: প্রচ্ছদ

  • আ. লীগকে পুনর্বাসিত করার পরিকল্পিত আয়োজন এটা: নাহিদ ইসলাম

    আ. লীগকে পুনর্বাসিত করার পরিকল্পিত আয়োজন এটা: নাহিদ ইসলাম

    অনলাইন ডেস্ক:   (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে এক ব্রিফিংয়ে বললেন, “আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নিয়ে আসার একটা স্বাভাবিকীকরণ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামীপন্থী শিক্ষকেরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে। কোর্ট পাড়ায় জয় বাংলা স্লোগান হচ্ছে। টক শোতে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা আসছেন। ভোটের মাঠে দেখছি, জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে। এই যে একটা সম্মিলন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার।”

    বৈঠক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “গতকালের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটেই মূলত আজকের আলোচনার জন্য প্রধান উপদেষ্টা তিনটি দলের নেতাদের ডেকেছিলেন। আমরা একত্রে আলোচনা করেছি। এ ধরনের পরিবেশকে আমরা কীভাবে একত্রে মোকাবিলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। আমরা জানি, নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধে হয়তো বলব। কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ-সুবিধা করে না দেওয়া হয়, এ ব্যাপারে আমরা সকলেই একমত পোষণ করেছি।”

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়।

    তিনি আরও বলেন, “আমি গতকাল বলেছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্রের ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয়, তাদের মোকাবিলা করতে হবে প্রশাসনিকভাবেও। কিন্তু একইভাবে বুদ্ধিবৃত্তিকভাবে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে।”

    এনসিপির আহ্বায়ক বলেন, “কীভাবে কোর্ট পাড়ায় জামিন হচ্ছে? এই আইনজীবীরা কোনো না কোনো দলের সঙ্গে জড়িত। মিডিয়া হাউসগুলোর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে, আমরা জানি। ফলে সব দলকেই এই ভূমিকা নিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সেটা বলেছি। আমরা সর্বাত্মকভাবে সেই জাতীয় ঐক্য ধরে রাখতে কাজ করব। আমরা সহযোগিতা করব।”

    ‘প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, সরকারকে আরও কঠোর হতে হবে। নির্বাচন কমিশনের ওপর সেই আস্থাটা থাকতে হবে, যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে এবং অবশ্যই ওসমান হাদি হত্যাচেষ্টায় যারা জড়িত, আমরা তাদের আজকের মধ্যে গ্রেপ্তার চেয়েছি। শুধু তারাই নয়, বরং এই পরিকল্পনার সঙ্গে যারা জড়িত, আওয়ামী লীগের বিরুদ্ধেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয়’-উল্লেখ করেন তিনি।

    ‘দিল্লিতে বসে আওয়ামী লীগ সব পরিকল্পনা করছে’ অভিযোগ তুলে নাহিদ আরও বলেন, ‘ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করতে পারে না। এ ধরনের জঙ্গি তৎপরতা তারা করেছে। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাসে আছে, তাদের অ্যাকাউন্টেবল (জবাবদিহি) করতে হবে। সরকারের পক্ষ থেকে তাদের ডেকে বলতে হবে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে এরই মধ্যে একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে সহায়তা করছে।’

    ‘আমরা দেখেছি, ৫ আগস্টের আগে ভারত আওয়ামী লীগকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহায়তা করেছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছে। বাংলাদেশের রাজনীতিতে সব সময় হস্তক্ষেপ করেছে। ভারত সরকারকে আমরা বলছি, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে হলে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে’-যোগ করেন নাহিদ ইসলাম।

  • কিডনির কার্যক্ষমতা ফিরলেও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাদির: মেডিকেল বোর্ড

    কিডনির কার্যক্ষমতা ফিরলেও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাদির: মেডিকেল বোর্ড

    অনলাইন ডেস্ক:    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অবস্থা নিয়ে সবশেষ এক বার্তায় মেডিকেল বোর্ড জানিয়েছে, কিডনির কার্যক্ষমতা ফিরে এলেও সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতিতে শনিবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, “শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন সম্পন্ন হওয়ার পর অপারেশন-পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য শরিফ মো. ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।”

    এতে আরও বলা হয়, “চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে। কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। এটি বজায় রাখার জন্য পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে। পূর্বে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে।”

    বিবৃতিতে উল্লেখ করা হয়, “ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে বর্তমানে যে সাপোর্ট দেয়া হচ্ছে তা চলমান থাকবে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সাপোর্টিভ স্টাফদের অসাধারণ ও মানবিক অবদানের জন্য এই মেডিকেল বোর্ড তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।”

    বিবৃতিতে আরও যোগ করা হয়, “বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই মেডিকেল সামারি রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এ বিষয়ে অবহিত করতে পারেন। মেডিকেল টিমের পক্ষ থেকে সবার প্রিয় শরিফ মো. ওসমান হাদির জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে।”

    অপ্রয়োজনে কেউ হাসপাতালে এসে ভিড় না করার অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, “কোনো ধরনের ভিজিটর অনুমোদিত নয়। কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।”

  • স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়েই ঘরে ফিরবো

    স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়েই ঘরে ফিরবো

    অনলাইন ডেস্ক:    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য ওসমান হাদির ওপর আক্রমণ করা হয়েছে। এ আক্রমণের মধ্য দিয়ে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে, এদেশে নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং নির্বাচন যেন কোনোভাবেই না হয়, সেই লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে।

    এভারকেয়ার হাসপাতালের সামনে শনিবার সকালে সাংবাদিকদের ফাহিম ফারুকী আরও বলেন, “আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা, এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুততম সময়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী ৬ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো। আমরা আলু-পেঁয়াজের গল্প শুনতে চাই না। আমরা বিচার চাই।”

    তিনি হাদির অবস্থা সম্পর্কে বলেন, “তিনি নিঃশ্বাস নিচ্ছেন, তাকে ব্লাড দেওয়া হচ্ছে। তার পরিবার সেখানে উপস্থিত আছেন। তার পরিবার চাচ্ছেন যেন উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়।”

  • কেরানীগঞ্জে ভবনে আগুন—৪২ জনকে উদ্ধার, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

    কেরানীগঞ্জে ভবনে আগুন—৪২ জনকে উদ্ধার, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

    অনলাইন ডেস্ক:    ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ারের ১২ তলা ভবনে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় মোট ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।

    শনিবার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, “ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৪টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। ভবনের নিচতলায় আগুন লাগায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে ভবনে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।”

    এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, “সর্বশেষ সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিভেনি। এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে ভবন থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।”

    ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

  • যমুনায় হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দিলেন আশ্বাস

    যমুনায় হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দিলেন আশ্বাস

    অনলাইন ডেস্ক:   ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকার পূর্ণাঙ্গ সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় শনিবার সকালে আহত ওসমান হাদির পরিবার ও তার সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

    ড. মুহাম্মদ ইউনূস বলেন, সারাদেশ তাঁর জন্য দোয়া করছে। তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করবে। এ নৃশংস হামলার সঙ্গে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এ ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।

    ওসমান হাদির বোন মাসুমা বলেন, সে ছোটবেলা থেকেই দেশকে মনেপ্রাণে ভালোবাসত। ছোটবেলা থেকেই সে বিপ্লবী। বিদ্রোহী কবিতা তাঁর প্রিয়, সে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসত। তাঁর একটি ১০ মাসের সন্তান আছে। হাদি আমাদের মেরুদন্ড। ওর অনেক কাজ, ওকে বেঁচে থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার, যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখবে হবে। তা না হলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।

    ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ৫ আগস্টের পর অনেকে বাসায় ফিরে গিয়েছিল ওসমান হাদি বাসায় ফিরে যায়নি। সে জুলাই বিপ্লবকে ধারণ করত এবং জুলাই বিপ্লবের জন্য দিনরাত কাজ করত। যে ছেলেটা গুলি করেছে, শুনতে পাচ্ছি সে একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল কোন প্রক্রিয়ায় সে জামিন পেয়েছে সেটা তদন্ত করুন।সংগঠনের আরেক নেতা ফাতিমা তাসনিম জুমা জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

  • হাদিকে হামলাকারী একজন শনাক্ত, খুঁজে দিলেই পুরস্কার: ডিএমপি

    হাদিকে হামলাকারী একজন শনাক্ত, খুঁজে দিলেই পুরস্কার: ডিএমপি

    অনলাইন ডেস্ক:   ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনাক্ত করা আসামীর সন্ধান দিতে পারলেই পুরস্কৃত করবেন ডিএমপি। অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়েছে, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কোন তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত  ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০) ও ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো।