Category: প্রচ্ছদ

  • নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

    নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

    অনলাইন ডেস্ক:     নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করলে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

    ড. সালেহউদ্দিন বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তবে নির্বাচন এবং গণভোটের বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা সরবরাহ করা হবে, এর জন্য বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।”

    তিনি আরও বলেন, “নির্বাচন ও গণভোট দুইদিনে করা অনেক চ্যালেঞ্জের বিষয়। তবে আমি মনে করি একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এই ধরনের ব্যবস্থা রয়েছে। নির্বাচনের বাজেট ধরা আছে, তবে গণভোট এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা করায় সামান্য বাড়তি খরচ হবে।”

    অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, জ্বালানি মন্ত্রণালয় পরিশোধিত তেল সরবরাহ করবে, এবং ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “চালের দাম কিছুটা বাড়তে পারে। সাধারণত ৪০ থেকে ৫০ হাজার টনের কম চাল আমদানি করা হয় না। দেশের ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না। এর সমাধান প্রশাসন দিয়ে হয় না, রাজনৈতিক সরকার লাগে।”

    নির্বাচন ও বাজেট সম্পর্কিত এই বক্তব্যে সরকার নিশ্চিত করছে, ভোট ও প্রবাসীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হবে।

  • আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত

    আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কাকরাইল আইডিইবি ভবন কাকরাইল ঢাকায় সোস্যাল গার্ডেন (২০২) ৫ম তলা, আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং উদ্বোধনী ভার্চুয়াল বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল নিউ ইয়র্ক। সবাই সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মোঃ শামছুল আলম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব, রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি বিশেষ অতিথি চিত্রনায়ক যুবরাজ খান চেয়ারম্যান বাংলাদেশ শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ বিশেষ অতিথি সামসুন নাহার লস্কর অধ্যক্ষ ডন বসকো ইন্টারন্যাশনাল স্কুল বিশেষ অতিথি এম মুহিউদ্দীন খান ফারুকী তাফসীরকারক বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং সম্পাদক ও প্রকাশক জাতীয় দৈনিক ঐশী বাংলা বিশেষ অতিথি কবি অশক ধর সম্পাদক ও প্রকাশক জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা।

    বিশেষ অতিথি ক্রাইম প্রতিদিন পত্রিকার সম্পাদক ও অপরাধ মুক্ত বাংলাদেশ চাই সংগঠনের চেয়ারম্যান লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ বিশেষ অতিথি কামরুজ্জামান আসাদ উপদেষ্টা আসক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বার্তার প্রকাশক ও সম্পাদক জাতীয় দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিনিধি মোঃ ফিরোজ শাই, সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান এএফএম রাসেল পাটোয়ারী ভাইস চেয়ারম্যান নাজরাতুন নাঈম জনসংযোগ পরিচালক নাসির উদ্দিন মিলন পরিচালক প্রশাসন মোঃ শাহে আলম বেপারী অর্থ পরিচালক খন্দকার তারিকুল ইসলাম পরিচালক বায়েজিদ আহমেদ পরিচালক সামসুদ্দিন পরিচালক মোঃ ইয়ামিন ভূঁইয়া পরিচালক মোঃ বেলাল হোসেন পরিচালক নাজমা সুলতানা নীলা পরিচালক লিটন মীর পরিচালক নাসির উদ্দিন নীরব ঢাকা জেলার সভাপতি ও পরিচালক উজ্জল খান সহকারী পরিচালক কানিজ ইসলাম রুমা লিগেল এইড সেন্টার প্রধান এডভোকেট লুৎফুন্নেছা সীমা, নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগ, জেলা উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বিগত দিনের কর্মকাণ্ডের সফলতার উপরে বিবেচনা করে বিভিন্ন পেশার ও সংগঠনের কর্মীদের মাঝে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানটি শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর সৌজন্যে অনুষ্ঠিত হয়।

  • ইউনিভার্সাল চিলড্রেনস ডে–২০২৫ উদযাপনে দোয়া মাহফিল ও উপহার বিতরণ অনুষ্ঠিত

    ইউনিভার্সাল চিলড্রেনস ডে–২০২৫ উদযাপনে দোয়া মাহফিল ও উপহার বিতরণ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি:

    ইউনিভার্সাল চিলড্রেনস ডে-২০২৫ উপলক্ষে কদম রসুল দরবার প্রাঙ্গণ ও কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শিশুদের সুস্বাস্থ্য, মেধার বিকাশ, মনোবিকাশ এবং আসন্ন পরীক্ষায় সাফল্যের কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, শুভেচ্ছা স্মারক উপহার বিতরণ এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।

    অনুষ্ঠানটি ছিল মোট ১১টি ধাপে সাজানো। এর মধ্যে ছিল পরিচিতি পর্ব, শুভেচ্ছা বিনিময়, শিক্ষার্থীদের পরিচয় ও জীবনের লক্ষ্য প্রকাশ, অতিথিদের ভাব-বিনিময়, ভালো কাজের স্মৃতিচারণ, পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল, স্মারক উপহার প্রদান, সেতুবন্ধন রূপরেখা প্রকাশ, কেক কাটা, আপ্যায়ন এবং গ্রুপ ছবি ধারণ।

    শিক্ষার্থীরা নিজেদের পরিচয়ের পাশাপাশি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য তুলে ধরে। এসব বক্তব্য আয়োজক ও অতিথিদের মাঝে আশাব্যঞ্জক পরিবেশ সৃষ্টি করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর, প্রাণবন্ত এবং সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ।

    শিশুদের জন্য প্রদত্ত উপহারসমূহের মধ্যে ছিল দেশাত্মবোধক ব্যাজ, ছোট পতাকা, স্টিকার, কপালে লাগানোর পতাকা, হাতের বন্ধন রাখি, মেহেদি, রকমারি খেলনা, বেলুন, বই ৫০টি এবং ২৫টি গাছ। এতে শিশুদের মাঝে আনন্দের পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ জাগ্রত হয়।

    আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শিশুদের সুরক্ষা, বিকাশ, সামাজিক মূল্যবোধ গঠন এবং মানবিক সহায়তা কার্যক্রমে সমাজকর্মীরা নিয়মিত কাজ করে আসছেন। এ কার্যক্রমের অংশ হিসেবে ছিন্নমূল শিশুদের পরিবারে পুনর্বাসন, দুঃখ লাঘব, মানসিক সহায়তা এবং জীবনগঠনের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে নারায়ণগঞ্জ এলাকায় নদী পরিষ্কার রাখা, শব্দ ও বায়ুদূষণ রোধ, সুপেয় পানি পান এবং হাত ধোয়ার অভ্যাস নিয়ে শিশুদের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।

    “সমন্বিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায়” বিভিন্ন সামাজিক, মানবিক ও পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে কিশোর-তরুণদের সম্পৃক্ত করে দিবসটি সফলভাবে উদযাপন করা হয়েছে।

    সময়: সকাল থেকে সন্ধ্যা
    তারিখ: ২০ নভেম্বর ২০২৫
    স্থান: কদম রসুল দরবার প্রাঙ্গণ ও কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়
    আয়োজনে: কদমরসূল কিশোর-তরুণ বন্ধু সংসদ
    সহযাত্রী: We4Us Bangladesh
    মিডিয়া পার্টনার: Jibonnews24.com
    সহযোগিতায়: “সম্প্রীতি ও সৌহার্দ্য”, “আমরা সবার—সবাই আমাদের”

  • নির্বাচনে সমান সুযোগ নেই, উদ্বেগ প্রকাশ নাহিদের

    নির্বাচনে সমান সুযোগ নেই, উদ্বেগ প্রকাশ নাহিদের

    অনলাইন ডেস্ক:     জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার (২৩ নভেম্বর) বলেছেন, আগামী নির্বাচনের জন্য যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকা উচিত, তা তারা দেখতে পাচ্ছেন না। তিনি অভিযোগ করেছেন, বিভিন্ন দলের নেতা-কর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা সৃষ্টি করছে।

    রোববার দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা দেখছি বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে প্রশাসনকে কীভাবে দখল করতে হবে। প্রশাসনকে হাতে রাখতে হবে কীভাবে, সেই পরিকল্পনাই তারা করছে। নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের দৃঢ় অবস্থান থাকা প্রয়োজন, সেটি আমরা দেখতে পাচ্ছি না।”

    তিনি আরও বলেন, “আগের নির্বাচনে অর্থ ও পেশিশক্তি ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এবার নির্বাচনের পরিস্থিতি এর চেয়ে ভিন্ন করার জন্য সরকারের শক্ত অবস্থান থাকা উচিত ছিল। তবে আমরা তা দেখতে পাচ্ছি না।” নাহিদ ইসলাম জোর দিয়ে উল্লেখ করেন, এনসিপি ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে এবং কোনো ধরনের ক্ষমতা বা আসনের বিনিময়ে কোনো সমঝোতা করবে না।

    সংবাদ সম্মেলনে তিনি সম্প্রতি চট্টগ্রামের জামায়াত নেতার এক বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, “একজন নেতা প্রকাশ্যে বলেছে, নির্বাচনে প্রশাসনকে আমাদের আন্ডারে আনা দরকার। এটি দেখেই আমরা উদ্বেগ প্রকাশ করছি।” নাহিদ ইসলাম মনে করান, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো নানা দর-কষাকষির মধ্যে রয়েছে। “যারা একসময় বন্ধু ছিল, তারা এখন চক্রান্ত করছে। নির্বাচনকে ভাগাভাগি বা সমঝোতার রূপ দিতে চায়। এমন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আমরা এর সাথে কখনোই সায় দেব না,” তিনি বলেন।

    এনসিপি আহ্বায়ক বলেন, দলটি নতুন, সৎ ও যোগ্য প্রার্থীদের নিয়ে এগোতে চায়। “পাঁচ বছর আগে যাদের মনোনয়ন দিত, এবারও তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে। আমরা চাই নতুন প্রজন্ম, স্বপ্নবাজ ও যোগ্য মানুষরা সংসদে আসুক।” তিনি আশা প্রকাশ করেন, সাক্ষাৎকার প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশিত হলে জনগণ সঠিক ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

  • ভূমিকম্পের ঝুঁকি, ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম স্থগিত

    ভূমিকম্পের ঝুঁকি, ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম স্থগিত

    স্টাফ রিপোর্টার:    দেশে পরপর কয়েকটি ভূমিকম্পের পর বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) রোববার (২৩ নভেম্বর) ঘোষণা করেছে, আগামী ৪৮ ঘণ্টার জন্য সব ধরনের তেল ও গ্যাস কূপ খনন এবং সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত থাকবে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে। তাই তেল-গ্যাস কূপ কার্যক্রম ভূমিকম্পকে যেন প্রভাবিত না করে, এ কথা বিবেচনায় সাময়িকভাবে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, আজ থেকে আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টা কূপ খনন এবং সিসমিক জরিপ কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে একই দিনে সকাল ৮টার পর পুনরায় কার্যক্রম শুরু হবে। এই সময়ে যদি নতুন কোনো ভূমিকম্প ঘটে, তবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পেট্রোবাংলা আগেই জানাবে।

    বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলছিল। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জরিপ কার্যক্রমও চলমান রয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার।

  • ইন্দোনেশিয়ার হালমাহেরায় ৫.২ মাত্রার ভূমিকম্প

    ইন্দোনেশিয়ার হালমাহেরায় ৫.২ মাত্রার ভূমিকম্প

    আন্তর্জাতিক ডেস্ক:   ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় রোববার (২৩ নভেম্বর) ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

    ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়শই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এই অঞ্চলে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হওয়ায় ঝুঁকি অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, তাই স্থানীয় প্রশাসন সব সময় সতর্ক থাকে এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নেয়।

    এদিকে একই দিনে মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানেছে। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে, আন্দামান সাগরে, এবং এর কেন্দ্রও ১০ কিলোমিটার গভীরে ছিল। কম্পনের প্রভাব থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। এতদূর পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

    এর আগে, গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ১০ জনের প্রাণহানি ঘটেছে, এবং বহু মানুষ আহত হয়েছেন। বিশেষজ্ঞরা এ ধরনের ভূমিকম্পকে নিয়মিত সতর্কবার্তা হিসেবে উল্লেখ করছেন।