Category: প্রচ্ছদ

  • যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর

    যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর

    বিনোদন ডেস্ক:    দেশের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর এবং ব্যান্ড অর্থহীনের সাইদুস সালেহীন খালেদ সুমন ওরফে বেজবাবা সুমন আমেরিকার মঞ্চ মাতিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দেশটির বোস্টন শহরে একটি কনসার্টে পারফর্ম করেন তারা। এ সফর সম্পর্কে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এ গায়ক।

    উচ্ছ্বাস প্রকাশ করে সুমনের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে এ সঙ্গীতশিল্পী লিখেছেন— ২৫ অক্টোবর শো ছিল আমেরিকার বোস্টন শহরে। বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লিজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিনরুম শেয়ার করেছি তরুণদের সঙ্গেও। তিনি বলেন, আমি সংগীতের মানুষ নই। তবু নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এ কারণে আমার দায়বদ্ধতাও বেশি।

    কনসার্ট প্রসঙ্গে আসিফ আকবর বলেন, দ্বিতীয়বারের মতো বেজবাবা সুমনের সঙ্গে একমঞ্চে পারফর্ম করলাম। তিনি বলেন, সুমন ভাই সবসময় আমার পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত থাকেন। আজও এর ব্যতিক্রম ঘটেনি, ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার গান শুনেছেন।

    বেজবাবা সুমনের শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও সংগীত জয়ে মুগ্ধতা প্রকাশ আসিফ আকবর বলেন, সুমন ভাইয়ের জীবনের ওপর দিয়ে এত ঝড় যাওয়ার পরও তিনি এমন আস্থায় অবিচল। এ ধরনের মানুষের জন্যই সঙ্গীত জগতটা এখনো ভালো লাগে। বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাকে ভালোবাসা জানান সঙ্গীতের যুবরাজ।

  • পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, ভূগোলসহ ৯ বিভাগ বন্ধ

    পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, ভূগোলসহ ৯ বিভাগ বন্ধ

    আন্তর্জাতিক ডেস্ক:    ব্যাচেলর অব স্টাডিজের (বিএস) বিভিন্ন কোর্সে শিক্ষার্থী ভর্তির হার কমে যাওয়ায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার বিশ্ববিদ্যালয় চলতি শরৎকালীন সেমিস্টার থেকে ৯টি বিভাগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।এ বিভাগগুলো হচ্ছে উন্নয়ন অধ্যয়ন, ভূতত্ত্ব, ভূগোল, ইতিহাস, সামাজিক নৃবিজ্ঞান, পরিসংখ্যান, লজিস্টিকস ও সরবরাহ চেইন বিশ্লেষণ, মানব উন্নয়ন ও পরিবারবিদ্যা এবং গার্হস্থ্য অর্থনীতি।

    বিশ্ববিদ্যালয়ের নথির বরাত দিয়ে ডন জানিয়েছে, এবার মাত্র একজন মানব উন্নয়ন ও পরিবারবিদ্যা সংক্রান্ত বিএস প্রোগ্রামে ভর্তি হতে আবেদন করেছে, দুজন করে আবেদন করেছে উন্নয়ন অধ্যয়ন, লজিস্টিকস ও সরবরাহ চেইন বিশ্লেষণ এবং গার্হস্থ্য অর্থনীতিতে, তিনজন করে ইতিহাস ও ভূগোলে, সামাজিক নৃবিজ্ঞানে ৫ জন, পরিসংখ্যানে ৭ আর ভূগোলে ১৪ জন।

    এর প্রেক্ষিতে পেশোয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ঘোষণা দিয়েছে তাতে বলা হয়েছে, বিশবিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, যদি কোনো কোর্সে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা ১৫ জনের কম হয় তাহলে ওই ভর্তি বাতিল বলে গণ্য হবে। ওই নীতিমালা অনুযায়ী ভর্তি শিক্ষার্থী সংখ্যা নির্ধারিত মানদণ্ডের নিচে থাকায় ৯টি বিভাগ আর চালু রাখা হবে না। তারা এই বিভাগগুলোতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভাগ বদলেরও পরামর্শ দিয়েছে।

    পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টিতে ৬৯টি বিভাগ রয়েছে এবং প্রতিটি বিভাগ ৪ বছরের বিএস কোর্সে ৬০ জন করে শিক্ষার্থী ভর্তি করে। কিন্তু এবার গণিত, রসায়ন, সামাজিক কাজ, উর্দু, পশতু, সাংবাদিকতা ও গণযোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনার মতো অনেক গুরুত্বপূর্ণ বিভাগেও কম শিক্ষার্থী ভর্তি হয়েছে।

    পর্যাপ্ত শিক্ষার্থী পেয়েছে ওষুধশাস্ত্র, ইংরেজি, মনোবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, আইন, পরিবেশ বিজ্ঞান, পদার্থ, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, অপরাধবিদ্যা ও ব্যবস্থাপনা বিজ্ঞান।

    বিভিন্ন বিভাগে শিক্ষার্থী ভর্তি কম হওয়ার পেছনে অনেক কারণ আছে বলে মনে করছেন পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র। বিভাগ বা বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা পর্যাপ্ত নির্দেশনা ও পরামর্শ পায় না বলেই তিনি মনে করেন।

    তিনি বলেন, সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞানের মতো সম্প্রতি চালু হওয়া বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশি থাকে, কারণ এসব বিষয়ে পড়লে পাকিস্তানের পাশাপাশি বিদেশেও ভালো সুযোগ থাকে। বাজারে গুরুত্ব কম থাকায় বিভিন্ন ভাষাভিত্তিক বিষয়ের প্রতি আকর্ষণ কমে গেছে।

  • জাপানে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানা গেল

    জাপানে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানা গেল

    অনলাইন ডেস্ক:     বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানাতে জাপানের ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস’ (এনবিসিসি) এর প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস’ হলো ৬৫টিরও বেশি কোম্পানির একটি জাপানি ব্যবসায়িক ফেডারেশন যারা সম্প্রতি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুবিধার্থে এ দেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওআই) স্বাক্ষর করেছে।

    এ চুক্তির লক্ষ্য জাপানে বাংলাদেশিদের প্রশিক্ষণ, সার্টিফিকেশন এবং কর্মসংস্থানের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে আগামী পাঁচ বছরে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) এবং স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স (এসএসডব্লিউও) এর মতো কর্মসূচির আওতায় এক লাখের বেশি কর্মী নিয়োগ করা হবে।

    প্রতিনিধিদলের সদস্যরা জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর দুই হাজার দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পরবর্তীকালে ২০২৭ সালে ছয় হাজার ও ২০২৮ সালে ১৮ হাজার কর্মী নিয়োগ করা হবে।

    এরমধ্যে নির্মাণ খাত, সেবাখাত, এভিয়েশন খাত, গার্মেন্টস ও কৃষিতে সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন বলে জানান তারা। পাশাপাশি, আগামী দিনে গাড়িচালক, অটোমোবাইল ও রিসাইক্লিং খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়বে বলেও জানান তারা।

    বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় দুটি প্রশিক্ষণ কেন্দ্রে সম্ভাব্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই এনবিসিসি প্রতিনিধিদলের সদস্যরা কেন্দ্র দুটি পরিদর্শন করেছেন।এ সময় প্রধান উপদেষ্টা কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে কোনো ঘাটতি রয়েছে কিনা জানতে চান।

    প্রতিনিধিদলের প্রধান, ন্যাশনাল বিজনেস সাপোর্ট কো-অপারেটিভ ফেডারেশনের (এনবিসিসি) চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, ‘আমি গত মার্চ মাসে ট্রেনিং সেন্টার দুটি পরিদর্শন করেছিলাম। এবার এসে অবাক হয়েছি। সাত মাসের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। প্রশিক্ষণ নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। আমরা আশাবাদী আগামী বছরই দুই হাজার দক্ষ কর্মী নিয়োগ দিতে পারব।’তবে প্রশিক্ষকদের ভাষাগত দক্ষতায় উন্নতি করা গেলে আরও ভালো হতে পারে বলে জানান তিনি।

    ‘ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এজন্য ভার্চুয়াল ক্লাস নেয়া যেতে পারে। জাপান থেকে শিক্ষকরা অনলাইনে ক্লাস নেবেন। পাশাপাশি, জাপান থেকে প্রশিক্ষকদের এখানে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া যায় কি না সেটিও বিবেচনা করা যেতে পারে।’

    এ সময় বাংলাদেশের নারীদের পারদর্শিতা ও কঠোর পরিশ্রমের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কেয়ারগিভিং সেক্টরে বাংলাদেশের নারীরা অনন্য। তারা অত্যন্ত যত্নশীল। ভাষাগত দক্ষতা ও অন্যান্য প্রশিক্ষণ পেলে বাংলাদেশের মেয়েরা জাপানের কেয়ারগিভিং সেক্টরে চমৎকার ভূমিকা রাখবে।

    প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রাথমিকভাবে কিছুটা কঠিন মনে হলেও বাংলাদেশের মেয়েদের একবার শিখিয়ে দিলে তারা নিজেরাই অন্যদের শেখাতে পারবে। একবার যাওয়া শুরু হলে অন্যরাও উৎসাহ পাবে।’এনবিসিসি প্রতিনিধিরা জানান, আগামী কয়েকবছরে জাপানে ৪ লাখের বেশি দক্ষ নার্সের প্রয়োজন হবে। তারা বাংলাদেশ থেকে আরও বেশি নার্স নিয়োগের বিষয় বিবেচনা করবেন।বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার জাপানে কর্মী নিয়োগের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছে। এ ব্যাপারে সরকার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করবে বলে জানান তিনি।তিনি মন্ত্রণালয় থেকে জাপানে কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্যা নিরসনে একটি নির্দিষ্ট সেল গঠন করে দেওয়া হয়েছে বলেও জানান।

  • ২২ ঘণ্টা পর পুনরায় চালু উত্তরা-মতিঝিল মেট্রোরেল

    ২২ ঘণ্টা পর পুনরায় চালু উত্তরা-মতিঝিল মেট্রোরেল

    অনলাইন ডেস্ক: প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে। রোববার দুপুরে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারী নিহত হওয়ার পর পুরো রুটে সেবা বন্ধ করে দেওয়া হয়।

    মেট্রোরেল কর্তৃপক্ষের যাচাইকৃত ফেসবুক পেজে জানানো হয়, সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা আবারও নিরবচ্ছিন্নভাবে চালু করা হয়েছে। যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

    এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার পর বেলা ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চালু করা হয়, তবে পুরো রুটে তখনও চলাচল বন্ধ ছিল।

    ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থল ফার্মগেট এলাকায় সকালে নতুন বিয়ারিং প্যাড বসিয়ে নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর কয়েকবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে কোনো ত্রুটি না পাওয়ায় পূর্ণ সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

    ডিএমটিসিএলের কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “আমরা সকালে বন্ধ অংশে কয়েক দফায় ট্রেন চালিয়ে পরীক্ষা করেছি। কোনো সমস্যা না থাকায় বেলা ১১টার দিকে পূর্ণমাত্রায় সেবা চালু করা সম্ভব হয়েছে।”

    মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

  • আজ ঢাকাসহ ৫ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

    আজ ঢাকাসহ ৫ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

    অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন চূড়ান্ত প্রক্রিয়া আরও গতিশীল হচ্ছে। এর অংশ হিসেবে আজ সোমবার (২৭ অক্টোবর) ঢাকাসহ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

    বিএনপি সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বৈঠকে শুধুমাত্র মনোনয়নপ্রত্যাশীরাই উপস্থিত থাকতে পারবেন, কোনো অনুসারী বা নেতাকর্মীকে সঙ্গে নেওয়া যাবে না।

    এর আগে রোববার (২৬ অক্টোবর) চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকাল চারটা থেকে শুরু হওয়া এই সভা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে অংশ নেন পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী।

    বৈঠকে তারেক রহমান বলেন, “আসন্ন নির্বাচনে যাকেই দল মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা প্রকৃত বিএনপি কর্মী, তারা কখনো বিএনপিকে ভাঙতে দেবেন না।” তিনি আরও নির্দেশ দেন, প্রার্থী ঘোষণার পর প্রত্যেককে নিজ নিজ আসনে ফিরে গিয়ে স্থানীয় সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে, কারণ দলীয় ঐক্যই হবে বিজয়ের মূল শক্তি।

    রোববারের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

    খুলনা জেলার কয়েকজন মনোনয়নপ্রত্যাশী জানান, শনিবার রাত থেকেই কেন্দ্র থেকে ফোন পেতে শুরু করেন তারা। খুলনার ছয়টি আসন থেকে অন্তত ২০ জন সম্ভাব্য প্রার্থী ঢাকায় যাচ্ছেন, আর বিভাগের ৩৬টি আসন থেকে শতাধিক প্রার্থী বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

    চট্টগ্রাম–৩ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন বলেন, “তারেক রহমানের নির্দেশনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি যাকেই মনোনয়ন দেবেন, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করব। তার নেতৃত্বই আমাদের ঐক্যের প্রতীক।”

  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল

    অনলাইন ডেস্ক:     বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির প্রশংসা করে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং বলেছেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করতে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ।

    গতকাল (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    তিনি জানান, ৫.৫ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলীর পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি মিশন এ মাসেই বাংলাদেশ সফর করবে।

    থমাস হেলব্লিং বলেন, ‘তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং ফলাফল কী হয়- তা এখনো দেখার বিষয়। মিশনটি মাঠপর্যায়ে কাজ করবে।’

    তবে এই পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা- সেটিও আইএমএফ মূল্যায়ন করবে।

    আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী- চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলার, যা গত বছর ছিল ১৯.৯৩ বিলিয়ন ডলার।