Category: প্রচ্ছদ

  • ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

    ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

    অর্থনীতি ডেস্ক:  বাংলাদেশের পণ্যের জন্য ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার বহাল থাকবে। যুক্তরাজ্যের উন্নয়নশীল দেশগুলোর ট্রেডিং স্কিম (ডিসিটিএস) কর্মসূচির আওতায় এই সুবিধা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে লন্ডন।

    ৯ অক্টোবর সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন বলেন, ‘বাংলাদেশ যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময়েও যাতে বাংলাদেশ তার রপ্তানি প্রতিযোগিতা বজায় রাখতে পারে, সেই লক্ষ্যে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার বহাল থাকবে।’

    তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত করা। বাংলাদেশের অবকাঠামো, সবুজ জ্বালানি, প্রযুক্তি ও শিক্ষা খাতে যুক্তরাজ্য নতুন অংশীদারি গড়ে তুলতে আগ্রহী।’

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৈঠকে বলেন, ‘২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে, যা আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন অধ্যায়। এই পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে যুক্তরাজ্যের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

    বাণিজ্য উপদেষ্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর অগ্রগতি নিয়েও ব্রিটিশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, সরকার দ্রুত সময়ের মধ্যে টার্মিনালটি চালুর লক্ষ্যে কাজ করছে।

    এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।

  • সাবেক এমপি সুমন রাজধানী থেকে গ্রেফতার

    সাবেক এমপি সুমন রাজধানী থেকে গ্রেফতার

    অনলাইন ডেস্ক:   নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
    তিনি বলেন, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
    ডিএমপির পাঠানো বার্তায় জানানো হয়, সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ আরও ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতার সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
  • সাবেক নৌপ্রধান সরওয়ার জাহান নিজামের মৃত্যু

    সাবেক নৌপ্রধান সরওয়ার জাহান নিজামের মৃত্যু

    অনলাইন ডেস্ক:   সাবেক নৌপ্রধান অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৩ বছর।শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।

    সরওয়ার জাহান নিজাম স্ত্রী-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনী সদর দপ্তর মসজিদে শনিবার বাদ যোহর সরওয়ার জাহান নিজামের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সামরিক মর্যাদায় তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

    সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে তিনি নৌবাহিনীতে কমিশন লাভ করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী নিজাম ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

  • আবারও লাইফসাপোর্টে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম

    আবারও লাইফসাপোর্টে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম

    অনলাইন ডেস্ক:     রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন এমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে আবারও ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে।শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

    তিনি গণমাধ্যমকে বলেন, “সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার গুরুতর অবনতির কারণে তাকে সকালে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। স্যারের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করছেন।”

    শুভানুধ্যায়ীদের হাসপাতালে ভিড় না করে প্রার্থনা ও মঙ্গল কামনার জন্য পরিবারের তরফে অনুরোধ করা হয়েছে বলেও জানান মাজহারুল ইসলাম।হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন সৈয়দ মনজুরুল ইসলাম। রোববার সন্ধ্যায় তার অবস্থা ‘সংকটাপন্ন’ হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকের বরাতে বাংলা একাডেমির পরিচালক কবি সরকার আমিন বলেছিলেন, “মনজুর স্যার এখন ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন।”

    হাসপাতালে ভর্তির পর থেকে তার চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।তিনি বলেন, “স্যারের অবস্থা এখন একটু ক্রিটিক্যাল, ফলে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। অন্য হাসপাতালে স্থানান্তরের অবস্থায় নেই।”ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে নেওয়া হয় ল্যাবএইড হাসপাতালে। সেখানে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে দুইটি রিং পরানো হয়।

  • কমছে না নিত্যপণ্যের দাম  অদৃশ্য সিন্ডিকেটে থাবায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

    কমছে না নিত্যপণ্যের দাম অদৃশ্য সিন্ডিকেটে থাবায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

    অনলাইন ডেস্ক:   বৃষ্টিপাতের ফলে অনেক সবজিখেত ডুবে গেছে এবং সবজির সরবরাহ কমে গেছে। সবজির দাম বেশি হওয়ায় ডিমের চাহিদা বেড়েছে, যার ফলে ডিমের দামও বেড়েছে। গত কয়েক মাস ধরে নিত্যপণ্যের দাম দিনে দিনে বেড়েই চলেছে। আয়ের সঙ্গে খরচের ভারসাম্য রাখতে গিয়ে নিম্ন-মধ্যবিত্তদের কাটছাঁট করতে হচ্ছে প্রতিদিনের বাজার তালিকা। এভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তাদের দাবি, সরকারের নিয়মিত নজরদারি ও সিন্ডিকেট শনাক্তকরণ ব্যবস্থা না থাকায় বাজারে অস্থিরতা এখন স্থায়ী রূপ নিয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর খিলক্ষেতসহ বিভিন্ন বাজার ঘুরে সবজির বাড়তি দাম দেখা গেছে।

    বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায় বেগুন (গোল) প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

    এছাড়া প্রতি কেজি চিচিঙা ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৩০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি (ছোট) প্রতি পিস ৬০ টাকা, গাজর প্রতি পিস ১৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

    মসুর ডালের দামও বেড়েছে। মসুর ডাল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। গত বছর মসুর ডালের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা। মোটা দানার ডালের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। তা ছাড়া পেঁয়াজের দাম ৪০ টাকা, রসুন ৩৫ টাকা, আলু ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

    মাছ, মুরগি ও চালের দাম চড়া

    সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে খোলা সয়াবিন তেল ও দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। আর সাধারণ মানের সরু চালের দাম সামান্য কমেছে। টিসিবির হিসাবে, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ২ টাকা বেড়ে ১৭২-১৮০ টাকা হয়েছে। আর পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৭০-৭৫ টাকা হয়েছে। এ ছাড়া রসুন ও আদার দাম স্থিতিশীল রয়েছে।

    এদিকে বাজারে দু-তিন মাস ধরেই মাছ, মুরগি ও চালের দাম চড়া। মাসখানেক আগে এর বাইরে গত এক মাসের মধ্যে আটা, মসুর ও মুগ ডালের দামও বেড়েছিল। গতকাল বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও সোনালি মুরগি ২৮০-৩০০ টাকায় বিক্রি হয়েছে। আর এক ডজন ডিম বিক্রি হয়েছে ১৪০ টাকায়। বিভিন্ন ধরনের মাছের মধ্যে প্রতি কেজি তেলাপিয়া ২২০ থেকে ৩০০ টাকা, পাঙাশ ১৮০-২৫০ টাকা, কই ২৪০-২৮০ টাকা এবং রুই ৩৫০-৪০০ টাকায় বিক্রি হয়েছে।

    বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের মধ্যে প্রতি কেজি ডায়মন্ড, মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল ৮০ টাকা, রশিদ ৭২ টাকা ও মোজাম্মেল মিনিকেট ৮৫ টাকা দরে বিক্রি হয়েছে।রাজধানীর খিলক্ষেত বাজারে আসা আবদুল মজিদ শাহরিয়ার বলেন, অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে, আবার কিছু কিছু সবজির দাম তার চেয়েও বেশি। বিগত চার মাস ধরে অতিরিক্ত বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। এত বেশি দামে সবজি কিনতে পারছে না সাধারণ ক্রেতারা। আগে যেখানে এক কেজি সবজি কিনতাম এখন অতিরিক্ত বেশি দাম হওয়ার কারণে আধা কেজি সবজি কিনছি। সাধারণ ক্রেতাদের আমার মত একই অবস্থা।

    কারওয়ান বাজারের ক্রেতা নাইম হাসান বলেন, বিগত চার মাস ধরে সবজি বিক্রেতারা বলে আসছে, এখন বেশিরভাগ সবজির মৌসুম নয় তাই দাম বেশি। কিন্তু চার মাস পেরিয়ে যাওয়ার পরও সবজির দাম বাড়তি। তাহলে মৌসুমটা শুরু হচ্ছে কখন আর শেষ হচ্ছে বা কখন? এত বেশি সবজির দাম, তবুও বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ কখনো দেখলাম না। অসাধু চক্রের সদস্যরা অদৃশ্য থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বাজার মনিটরিং দুর্বল হয়ে পড়ায় এই ‘অদৃশ্য সিন্ডিকেট’ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। পাইকারি-খুচরা দামের ব্যবধান কমাতে না পারলে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরবে না।

    রহমত আলম বলেন, টানা কয়েকদিন ধরে বৃষ্টির কারণে খেত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে আরও কিছুটা দাম বেড়েছে সবজির। এছাড়া বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ায় সেই সবজিগুলোর দাম বাড়তে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই নতুন সবজি উঠতে শুরু করবে, তখন থেকে সবজির দাম কমে যাবে। বর্তমানে বাজারে চাহিদার তুলনায় সবজি সরবরাহ কম, যে কারণে সব ধরনের সবজির দামই বাড়তি যাচ্ছে।

    খুচরা বিক্রেতা মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে আনতে হচ্ছে। সেই জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এখানে খুচরা ব্যবসায়ীদের কিছু করার নেই।’

    বাড্ডার সবজি বিক্রেতা দেলওয়ার বলেন, করওয়ান বাজার থেকে সরাসরি সবজি কিনতে পারি না, আড়তের মাধ্যমে কিনতে হয়। তারা একজট হয়ে একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে রাখে। ফলে আমাদেরও বেশি দামে বিক্রয় করা লাগে। বাজারে এসে ক্রেতারা আমাদের ওপর ক্ষোভ দেখান, কিন্তু আসলে দামের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই।

  • টুপি না পরলে গুনাহ হবে কি!

    টুপি না পরলে গুনাহ হবে কি!

    ধর্ম  ডেস্ক:  প্রশ্ন: টুপি পরা কি সুন্নাত নাকি ফরজ, ওয়াজিব , না পরলে গুনাহ হবে কি না?

    উত্তর: টুপি শব্দটির বাংলা অর্থ হলো মস্তকাবরণ বিশেষ, শিরস্ত্রাণ। এটি মূলত সংস্কৃত শব্দ থেকে এসেছে। টুপির বহুল পরিচিত আরবি শব্দ হলো ‘কালানসুওয়া’। এটি ‘কালসুন’ থেকে উদ্গত, এর বহুবচন হলো ‘কালানিস’। ‘কালানসুওয়া’ অর্থ শিরোভূষণ।

    ফেকাহবিদ আলেমরা বলেন, একজন মুসলমান হিসেবে সবসময় টুপি পরা মুস্তাহাব এবং নামাজে পরা সুন্নত। টুপি মুসলিম পুরুষদের মাথায় শোভা পাওয়া ইসলামের অন্যতম একটি নিদর্শন। মুসলিম পুরুষেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সময় মাথায় টুপি পরিধান করেন। কুরআন তেলাওয়াত, কবর জিয়ারত এবং ধর্মীয় বিভিন্ন পবিত্র কাজ করার সময় মাথায় টুপি দেওয়া একটি স্বাভাবিক সংস্কৃতির অংশ।

    টুপি পরা সুন্নাত এবং মুসলিম উম্মাহর ‘শিআর’ জাতীয় নিদর্শন। হাদিসে, আছারে ও ইতিহাসের কিতাবে এ বিষয়ে বহু প্রমাণ আছে। যেমন,

    ১. হাসান বিন মেহরান থেকে বর্ণিত, একজন সাহাবি বলেছেন, ‘আমি রাসুলুল্লাহ সা.-এর সঙ্গে তার দস্তরখানে খেয়েছি এবং তার মাথায় সাদা টুপি দেখেছি’। (আল ইসাবাহ ৪/৩৩৯)

    ২. উমর ইবনে খাত্তাব রা. রাসুলুল্লাহ সা.-কে বলতে শুনেছেন, শহীদ হল তিন শ্রেণীর লোক: এমন মুমিন … এবং রাসুলুল্লাহ সা. মাথা তুললেন। তখন তার টুপি পড়ে গেল। অথবা বলেছেন উমরের টুপি পড়ে গেল। (মুসনাদে আহমাদ, হাদিস : ১৪৬ জামে তিরমিযী, হাদিস : ১৬৪৪)

    ৩. হাসান বসরী রহ. বলেন, তারা (সাহাবায়ে কেরাম গরমের দিনে) পাগড়ি বা টুপির উপর সিজদা করতেন। (সহিহ বুখারি, কিতাবুস সালাত)

    উল্লেখ্য, হাসান বসরী রহ. অনেক বড় মনীষী তাবেয়ী, যিনি অনেক সাহাবীকে দেখেছেন এবং তাদের সাহচর্য গ্রহণ করেছেন।

    ৪. সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ বলেন, আমি প্রথম সারির মুহাজিরগণকে দেখেছি তারা সুতির পাগড়ি পরিধান করতেন। কালো, সাদা, লাল, সবুজ, হলুদ ইত্যাদি রংয়ের। তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার উপর টুপি রাখতেন। অতপর তার উপর পাগড়ি ঘুরিয়ে পরতেন।(মুসান্নাফে ইবনে আবী শাইবা ১২/৫৪৫)

    ফুকাহায়ে কেরাম নামাজে টুপি পরা সুন্নত বলেছেন এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়াকে মাকরুহ বলেছেন, যদিও নামাজ আদায় হয়ে যাবে। (ফাতাওয়া কাজিখান : ১/১৩৫)

    আলেমরা এ ব্যাপারে একমত, টুপি পরা মুস্তাহাব এবং চার ইমামের সবাই বলেন, নামাজ আদায়ের সময় টুপি পরিধান করা মুস্তাহাব আর অবহেলা করে টুপি পরিধান না করে নামাজ পড়া মাকরুহ, যদিও নামাজ আদায় হয়ে যাবে (ফাতাওয়ায়ে কাজিখান : ১/১৩৫; রদ্দুল মুখতার : ১/৬৪০; ফাতাওয়ায়ে তাতারখানিয়া : ১/৫৬৫)

    কোনো কারণ ছাড়া শেয়ারে ইসলাম তথা ইসলামের নিদর্শনে টুপি ছাড়া নামাজ আদায় করা মাকরূহ হবে।

    টুপি না থাকলে সেটা ভিন্ন কথা। কিন্তু সবসময়ই অলসতা করে টুপি ছাড়া নামাজ আদায় করা উচিত নয়। এটা মাকরূহ হবে। গুনাহগার হতে হবে।