Category: প্রচ্ছদ

  • সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন: সালাহউদ্দিন

    সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন: সালাহউদ্দিন

    অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার গুলশানের একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যত: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় যোগ দিয়ে বললেন, “নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কিছু সংস্কার প্রয়োজন, সাথে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও প্রয়োজন। দলগুলোর ভিন্নমত থাকবে তবে এক অপরের প্রতি সহনশীল হতে হবে।”

    সালাহউদ্দিন আহমেদ বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে উঠানো হয়েছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেয়া প্রয়োজন। জনগণ ও ’২৪-এর গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।”

    তিনি বলেন, “জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন। সেই সুযোগ দিয়েছে জুলাই আন্দোলন। নানাবিধ মতভেদ থাকলেও এই শক্তি সমুন্নত রাখতে হবে।”

    সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন-বলেন বিএনপির এ নেতা।

  • এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা চরমে

    এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা চরমে

    স্পোর্টস ডেস্ক:     এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা চরমে উঠলেও ক্রিকেটারদের কাছে খেলাটাই বড় বিষয় বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, খেলোয়াড়দের উচিত মাঠের বাইরে থাকা সবকিছু ভুলে গিয়ে শুধু খেলা উপভোগ করা।

    রোববার দুবাইয়ে গ্রুপ–এ’র ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এটি হবে চার মাস আগে সামরিক সংঘাতের পর ভারত-পাকিস্তানের প্রথম লড়াই। আকরাম এএফপিকে বলেন, ‘আনন্দ করো, এটা তো ক্রিকেট খেলা, বেশি কিছু নয়! এক দল জিতবে, আরেক দল হারবে। শুধু খেলা উপভোগ করো। চাপ আসবে, সেই চাপের ভেতরও আনন্দ খুঁজে বের করো, কারণ এটা শুধুই একটা খেলা।’

    ভারত ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তবে এবারের ম্যাচে বয়কটের ডাক উপেক্ষা করেছে তারা।

    প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতি প্রত্যাশা করছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আকরাম মনে করিয়ে দেন, ভারত-পাকিস্তান ম্যাচের চাপের মুহূর্তগুলো তিনি খেলোয়াড় জীবনে উপভোগ করেছেন। ১৯৯৯ সালে হুমকি সত্ত্বেও তিনি পাকিস্তান দলকে ভারত সফরে নেতৃত্ব দেন।

    ৫৯ বছর বয়সী সাবেক এই পেসার বলেন, ‘আমি ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচ উপভোগ করেছি, প্রতিপক্ষের খেলোয়াড়রাও তাই করেছে।’

    তবে তরুণ পাকিস্তানের লক্ষ্য শুধু ভারতকে হারানো নয়, তিনি চান তার দল এশিয়া কাপ জিতুক। আকরাম আরও বলেন, ‘শুধু ভারতকে হারানোর কথা ভাবা যাবে না। লক্ষ্য হতে হবে এশিয়া কাপ জেতা। বড় দলের বিপক্ষে হারলেও লড়াই করতে হবে, টুর্নামেন্টে ভালো খেলতে হবে।’

    সম্প্রতি আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ জেতা পাকিস্তানের ওপর ভরসা রাখছেন তিনি। আকরাম বলেন, ‘ভারত–সংযুক্ত আরব আমিরাত ম্যাচের মতো একপেশে হবে না এই লড়াই। টুর্নামেন্টে যেকোনো কিছু হতে পারে।’

    এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। অন্যদিকে ভারত জিতেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৪.৩ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে।

  • বেগমগঞ্জে ৪২৫টি কচ্ছপ উদ্ধার, ৩২৫টি জলাশয়ে অবমুক্ত

    বেগমগঞ্জে ৪২৫টি কচ্ছপ উদ্ধার, ৩২৫টি জলাশয়ে অবমুক্ত

    নোয়াখালী প্রতিনিধি:    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে বন বিভাগ, যার মধ্যে ৩২৫টি জীবিত ও ১০০টি মৃত কচ্ছপ রয়েছে।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর পুকুরসহ বিভিন্ন জলাশয়ে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।

    অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপকূলীয় বন বিভাগ, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপজেলার চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ড মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার লোকনাথ মন্দিরের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে ওই সময় ঘরের মধ্যে কেউ ছিল না।

    উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারি বন সংরক্ষণ এ কে এম আরিফ উজ জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি চক্র বিভিন্ন স্থান থেকে কচ্ছপগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে একত্রিত করেছে। আমাদের অভিযানের খবর পেয়ে ওই চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ওই ঘর থেকে জীবিত ও মৃত কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, মৃত কচ্ছপগুলোর মধ্যে কিছু মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং বিভিন্ন প্রজাতির কয়েকটি কচ্ছপ ঢাকার ল্যাবে নেওয়া হয়েছে। জীবিত কচ্ছপগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দেশের বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

    অবমুক্ত করার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগ সদরের রেঞ্জ কর্মকর্তা শেখ মোঃ কামরুজ্জামান, বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিট ঢাকার পরিদর্শক সাদিক আব্দুল্লাহ, সহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

  • ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী

    ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী

    গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বুড়িমারী এক্সপ্রেস।

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ট্রেন ছাড়ার মুহূর্তে বিকট শব্দে দুটি বগির সংযোগ হুক ছিড়ে যায়। ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে পড়লে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শত শত যাত্রীর মধ্যে। তবে ভাগ্যক্রমে প্রাণহানি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

    স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি শেষে ছাড়ার সময় ক-খ এবং ট-ঠ বগির সংযোগ ছিড়ে যায়। বিকট শব্দ শোনা মাত্রই যাত্রীরা চিৎকার-চেচামেচি শুরু করেন। হুড়োহুড়ি সৃষ্টি হলেও দ্রুত ট্রেন থেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

    ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে জরুরি মেরামতের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। মেরামত শেষ হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

    স্থানীয়রা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ট্রেনে যাত্রীদের বারবার ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। তারা দ্রুত রেল যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

    বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হক এনে মেরামতের কাজ শেষ করে যাত্রীদের নিরাপদে নিয়ে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

  • সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

    সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

    অনলাইন ডেস্ক:    ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। তবে সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আর সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিন্তু বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৬৪ শতাংশ। এ ছাড়া শুক্রবার (১২ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

     

    আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

  • চান্দিনায় সরকারি বরাদ্দে হরিলুট, মিলল চাঞ্চল্যকর তথ্য

    চান্দিনায় সরকারি বরাদ্দে হরিলুট, মিলল চাঞ্চল্যকর তথ্য

    স্টাফ রিপোর্ট :  চান্দিনায় সরকারি অর্থে উন্নয়ন কর্মকাণ্ডের নামে চলছে সীমাহীন দুর্নীতি ও লুটপাট। বিভিন্ন প্রকল্প দেখিয়ে নামমাত্র কাজ করে লুটে নেওয়া হচ্ছে সরকারি বরাদ্দের টাকা। উপজেলা দুই প্রকল্পে বরাদ্দকৃত অর্থের বড় অংশই গায়েব হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। যুগান্তরের প্রাথমিক অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য।

    চান্দিনা উপজেলার একটি খাল খনন প্রকল্পে সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় ২৭ লাখ টাকা, অথচ প্রকল্পের বাস্তবায়নে খরচ করা হয়েছে মাত্র ৭ লাখ টাকা! প্রকল্প এলাকার বাস্তব অবস্থা পরিদর্শন করে দেখা গেছে, খননের পরিমাণ অত্যন্ত সামান্য, এমনকি অনেক স্থানে খাল খননের কোনো চিহ্নও নেই।

    আরেকটি প্রকল্পে উপজেলা পরিষদের সরকারি পুকুরের একটি পাড়ে রিটার্নিং ওয়াল নির্মাণের জন্য ১৩ লাখ টাকা বরাদ্দ করে জেলা পরিষদ। মাত্র পৌঁনে ৬ লাখ টাকার ওয়াল নির্মাণ করে ৭ লাখ টাকাই হাতিয়ে নেয় ঠিকাদারী প্রতিষ্ঠানটি।

    স্থানীয়দের অভিযোগ- এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি, ঠিকাদার ও প্রভাবশালী ব্যক্তি। সরকারি বরাদ্দ লুটপাটের এমন দৃষ্টান্ত চরম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের নীরবতা ও নজরদারির অভাবেও এ ধরনের অনিয়ম দিন দিন বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল।

    খোঁজ নিয়ে জানা যায়- ২০২৩-২০২৪ অর্থ বছরে পানি সম্পদ মেরামত ও সংরক্ষণের আওতায় চান্দিনার উপজেলার চেংগাছিয়া থেকে ঘাটিগড়া হয়ে হরিণা পর্যন্ত ৩ কিলোমিটার খাল পুনঃখননের জন্য তিন ভাগে ২৬ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উপজেলা প্রকৌশলীর সাথে আঁতাত করে ওই প্রকল্পের মাত্র ৭ লাখ টাকার কাজ করে ১৯ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় ইউপি চেয়ারম্যানসহ একটি মহল।

    ওই খাল পুনঃখননের দায়িত্ব নেয় চিংগাছিয়া সমবায় সমিতি নামের নাম সর্বস্ব একটি সমিতি। ৩ কিলোমিটার ওই খালকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে ওই এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ জাকির হোসেনকে সভাপতি করে ১৪০০ মিটার খাল পুনঃখননের জন্য ব্যয় ধরা হয় ৯ লক্ষ ৮ হাজার ৫১৬ টাকা, দ্বিতীয় অংশে মোঃ আনিছুর রহমানকে সভাপতি করে ৮০০ মিটার খাল পুনঃখননের জন্য ব্যয় ধরা হয় ৮ লক্ষ ৭২ হাজার ৩১৬ টাকা এবং তৃতীয় অংশে শারমিন আক্তারকে সভাপতি করে ৮০০ মিটার খাল পুনঃখননের জন্য ব্যয় ধরা হয় ৮ লক্ষ ৯৯হাজার ৮৯৫ টাকা।

    অথচ খানটি পুনঃখনন কাজে জসিম উদ্দিন নামে এক এক্সেভেটর মালিকের সাথে চুক্তি করা হয়েছে ৭ লাখ টাকা। তিনি জানান- খালে বাঁধ দিয়ে পানি সেচ এবং ভেকু (এস্কেভেটর) দিয়ে মাটি কাটা পর্যন্ত আমার বিল হয়েছে ৭ লাখ টাকা।

    স্থানীয় একাধিক বাসিন্দা জানান- খাল পুনঃখনন করতে হলে খালের পানি শুকিয়ে করার কথা থাকলেও পানির মধ্যেই খালের পার থেকে ভেকু দিয়ে কাজ করেছে। এতে কি পরিমাণ খনন করা হয়েছে তা বুঝার যেমন কোন সুযোগ নেই তেমনি পানিসহ কাদামাটি খালের পাড়ে ফেলাতে সেগুলোও আবার খালে চলে গেছে।

    এদিকে, সম্প্রতি জেলা পরিষদের ১৩ লাখ টাকার একটি বরাদ্দ থেকে উপজেলা পরিষদের ভিতরের একটি পুকুরের ৩৫ মিটার দৈর্ঘ্য ও ২.১ মিটার উচ্চতার একটি রিটার্নিং ওয়াল নির্মাণের কাজ পায় মেসার্স দীপ্ত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ১২ হাজার ইটের কংক্রিট, ২শ ব্যাগ সিমেন্ট ও ২ টন রডের ওই রিটার্নিং ওয়াল নির্মাণ করতে ব্যয় হয়েছে মাত্র পৌনে ৬ লাখ টাকা। অথচ ওই রিটার্নিং ওয়াল করে হাতিয়ে জেলা হয়েছে ১৩ লাখ টাকা!

    তিন কিলোমিটার খাল পুনঃখননের জন্য প্রায় ২৭ লক্ষ টাকা বরাদ্ধ কিভাবে করেছেন জানতে চাইলে চান্দিনা উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম জানান- ‘এটা আমরা লেন্থ হিসাবে ধরে তিন ভাগে ভাগ করে নিয়েছি।’

    খালে বাঁধ দিয়ে পানি সেচ এবং পুরো তিন কিলোমিটার এক্সকাভেটর দিয়ে কাটা এবং সমান্তরাল করা সহ সব মিলিয়ে ঠিকাদার ৭ লক্ষ টাকা চুক্তিতে সমাপ্ত করতে পারলে আপনারা এ কাজের জন্য ২৬ লক্ষ ৮০ হাজার ৭২৭ টাকা বরাদ্ধ করেছেন কিভাবে জানতে চাইলে তিনি আরো জানান, ‘এক্সকাভেটরওলার সাথে আমার কনট্রাক্ট না, সে কয় টাকা দিয়ে কাজ করেছে আমি এটা দেখব না, আমাদের সরকারি রেটসীট অনুযায়ী বিল করতে হয়।’

    উপজেলা পরিষদের ভিতরের পুকুরের রিটার্নিং ওয়াল সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক জানান- ‘রিটার্নিং ওয়ালের দৈর্ঘ্য প্রস্থ মেপে দেখেছি সিডিউল এর সাথে ঠিক আছে। ওই রিটার্নিং ওয়াল নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে বা অন্যান্য মালামাল কি পরিমাণ ব্যবহার করা হয়েছে সেই হিসেবে আমার কাছে নেই।’