Category: প্রচ্ছদ

  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি, ২ জনের মৃত্যু

    ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি, ২ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর একদিনে ভর্তি রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা। এ সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

    বুধবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬ জনে।

    গত ২৪ ঘণ্টায় ৬০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৩৪ হাজার ১৩৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

    চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

  • ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন

    ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন

    অনলাইন ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছাড়াও এই প্যানেল ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতে জয় লাভ করেছে।

    ভিপি পদে শিবিরের মো. আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৩ ভোট, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট, বৈষম্যবিরোধী ছাত্র সংসদের আবদুল কাদের ১ হাজার ১০৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট।

    জিএস পদে শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের প্রার্থী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ৪ হাজার ৪৪ ভোট এবং বৈষম্যবিরোধী ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন ২ হাজার ১৩১ ভোট।

    এজিএস পদে শিবিরের মুহা. মহিউদ্দিন খান জয়ী হয়েছেন ১১ হাজার ৭৭২ ভোটে। ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাহমীদ আল মুদাসসীর পেয়েছেন ৩ হাজার ৮ ভোট। আর প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল পেয়েছেন ১ হাজার ৫১১ ভোট। এ ছাড়া মহিউদ্দিন রনি ১ হাজার ১৩৭, বৈষম্যবিরোধী প্যানেলের আশরেফা খাতুন ৯০০, আশিকুর রহমান জিম ৭৯৬ ও হাসিব আল ইসলাম ৫২০ ভোট পেয়েছেন।

    মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা শুরু হয়।

    নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিভিন্ন কেন্দ্রে ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে বলে জানা গেছে।

    শিবির-সমর্থিত প্রার্থীদের এই নিরঙ্কুশ জয়কে ক্যাম্পাসে অনেকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করছেন। এর মাধ্যমে প্রায় ৫ দশকেরও বেশি সময় পর ডাকসু’র নেতৃত্ব ফিরে পেল সংগঠনটি।

    প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করেন।

    ডাকসু ও হল নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী, ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা ১০ হাজার ৬৩১ ভোট , বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার ৭ হাজার ৮৩৩ ভোট, আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম ৯ হাজার ৭০৬ ভোট, ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আবদুল্লাহ  ৯ হাজার ৬১ ভোট, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন ৭ হাজার ২৫৫ ভোট,  কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা ৯ হাজার ৯২০ ভোট, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া  ১১ হাজার ৭৪৭, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ  ৭ হাজার ৩৮ ভোট এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    শিবিরের প্যানেলের বাইরে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী ৭ হাজার ৬০৮ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ৭ হাজার ৭৮২ ভোট এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি ১১ হাজার ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    এছাড়া সদস্য পদে শোভন কুমার আকন্দ সর্বোচ্চ ৮ হাজার ৯৮৮ ভোট পান । নারী সদস্যদের মধ্যে সর্বোচ্চ ১০ হাজার ৮৪ ভোট পেয়ে এগিয়ে থাকেন সাবিকুন নাহার তামান্না।

  • শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি

    শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি

    অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের একটি শাখায় লকারটি রয়েছে।

    সিআইসি সূত্র জানায়, লকারটির একটি চাবি শেখ হাসিনার কাছে ও অপরটি ব্যাংকের কাছে আছে।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইসি কর্মকর্তারা আজ বুধবার সকালে এক অভিযানে লকারটি শনাক্ত করেন।

    সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর লকারটি খোলা হবে।

  • শেখ হাসিনা-কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

    শেখ হাসিনা-কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

    অনলাইন ডেস্ক:     জুলাই-আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

    বুধবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

    এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত, চিকিৎসক, প্রত্যক্ষদর্শীসহ মোট ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা সকলেই তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে নৃশংসতা, বিচার দাবি করেন গণহত্যায় জড়িত সকলের। পাশাপাশি, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকল ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে তুলে ধরেন তারা।

    এর আগে, গতকাল সাক্ষ্য দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

    তিনি জানান ২৪ মার্চ ১৬৪ ধারায় তার কাছে জবানবন্দি দেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেচ্ছায় অনুতপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন। পরে জবানবন্দি দেন মিডফোর্ডের একজন চিকিৎসক।

    এরও আগে, ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।

  • ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ

    ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ

    অনলাইন ডেস্ক:    ডাকসুর ভোটে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি।

    পোস্টে তিনি লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।

    অন্যদিকে, ডাকসু নির্বাচনের ভোট গণনায় জালিয়াতি, কারচুপি ও মেশিনের ত্রুটি পরিলক্ষিত হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম।

    ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই।আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষামান। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি,জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে।

     

  • বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল

    বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল

    অনলাইন ডেস্ক:    বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে মোংলা বন্দরসহ জেলাব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

    আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্ট অবরোধ কোরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচির সমর্থনে খুলনা-ঢাকা, খুলনা-বরিশাল, খুলনা-মোংলা, মোংলা-ঢাকা ও বাগেরহাট-ঢাকা মহাসড়কসহ ১৬টি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত ২১ জেলার সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সেইসাথে গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও।

    আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করেছে। জেলার ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড-শিল্পাঞ্চল ও দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইডসহ গুরুত্ব বিবেচনায় চারটি আসন বহাল রাখা প্রয়োজন। আসন কমে গেলে রাজনৈতিক প্রতিনিধিত্বের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, চাকরি ও বিভিন্ন সরকারি সেবায় বাগেরহাটবাসী বঞ্চিত হবে। তাই চারটি আসন বহাল রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তারা।