Category: প্রচ্ছদ

  • ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন

    ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন

    অনলাইন ডেস্ক:    ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

    বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই ফল ঘোষণা শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে ফলাফল ঘোষণা চলে।

    ভিপি পদে সাদিক কায়েম ১৪০৪২, আবিদ ৫৭০৮, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩৩৮৯, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮টি, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩৮৮৩টি ভোট পেয়েছেন।

    জিএস পদে এস এম ফরহাদ ১০৭৯৪, শেখ তানভীর বারী হামিম ৫২৮৩, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার ২১৩১, প্রতিরোধ পর্ষদের প্যানেলের মেঘমল্লার বসু ৪৬৪৫ ভোট পেয়েছেন।

    আর এজিএস পদে মহিউদ্দীন খান ১১৭৭২ আর ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫০৬৪ ভোট পেয়েছেন।

    আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, ডাকসুতে মডেল ভোট হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। অন্যান্যরা আমাদের ফলো করবে বলে আশাবাদী।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে হলগুলোর ফলাফল ঘোষণা শুরু হয়। সবশেষ আজ বুধবার সকাল ৬টার দিকে ফজিলাতুন্নেসা মুজিব হলের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে তা শেষ হয়।

    কোন হলে কে কত ভোট পেলেন

    অমর একুশে হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম ১৪১ ও ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম ৬৪৪ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৯০ ভোট পেয়েছেন।

    সুফিয়া কামাল হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম ৪২৩ ও ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম ১২৭০ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৫৪৭ ভোট পেয়েছেন।

    এদিকে, ফজলুল হক হলে সাদেক কায়েম ৮৪১, আবিদ ১৮১ ভোট পেয়েছেন। আর জিএস পদে শিবির সমর্থিত ফরহাদ ৫৮৯, ছাত্রদল সমর্থিত হামীম ৫৮৯ ও বৈষম্যবিরোধী ছাত্রসংসদ প্যানেলের আবু বাকের মজুমদার ৩৪১টি ভোট পেয়েছেন।

    শহিদুল্লাহ হলে সাদেক কায়েম ৯৬৬ ও আবিদ ১৯৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৭৭৩ ও হামীম ২৪৯ ভোট পেয়েছেন।

    শামসুন নাহার হলে সাদিক কায়েম ১১১৪, আবিদ ৪৩৪, উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন।

    তবে জগন্নাথ হলে ভিপি পদে আবিদ ও জিএস পদে বাম সমর্থিত মেঘমল্লার বসু এগিয়ে রয়েছেন। এই হলে আবিদ ১২৭৬, সাদিক কায়েম ১০, উমামা ফাতেমা ২৭৮টি ভোট পেয়েছেন। আর জিএস পদে মেঘমল্লার ১১৭০, এসএম ফরহাদ ৫ ও হামিম ৩৯৮ ভোট পেয়েছেন।

    অন্যদিকে, জহুরুল হক হলে আবিদ ৩১৪, সাদিক কায়েম ৮৯৬ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৬৭০, হামীম ৪০৯টি ভোট পেয়েছেন।

    রোকেয়া হলে আবিদ ৫৭৫ ও সাদিক কায়েম ১৪৭২ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ১১২০, হামীম ৪৪৭, বাকের ২৪১, মেঘমল্লার বসু ৭৮০ ভোট পেয়েছেন।

    সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে সাদিক ৩০৩, আবিদ ১১০, উমামা ৩৪ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ২৩৭, হামীম ১২৪ ভোট পেয়েছেন।

    স্যার এফ রহমান হলে সাদিক ৬০২, আবিদ ১৮৬, উমামা ৭৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৪৮৮ ও হামীম ২৪৫ ভোট পেয়েছেন।

    বিজয় একাত্তর হলে সাদিক ৯৯১, আবিদ ২৭৮, উমামা ১০৪ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৭৭৯, হামীম ৪৪২ ভোট পেয়েছেন।

    বিজয় একাত্তর হলে সাদিক ৬৩৩, আবিদ ২২১ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৫০১, হামিম ২৭১, মেঘমল্লার ১০৬ ভোট পেয়েছেন।

    জসিমউদ্দিন হলে আবিদ ১৮৭, সাদিক ৬৪৭, উমামা ৬২ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৫৪০, হামীম ২৫৫ ও মেঘমল্লার বসু ৮১ ভোট পেয়েছেন।

    শেখ মুজিব হলে সাদিক ৮৪২, আবিদ ২৩৮, উমামা ৬৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৬৮৩, হামীম ৩০৭ ও মেঘমল্লার বসু ১২৪ ভোট পেয়েছেন।

    মাস্টারদা সূর্যসেন হলে আবিদ ২১০, সাদিক ৭৬৯, উমামা ৬৪ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৫৬৮, হামীম ২৮৫ ও মেঘমল্লার বসু ১০৮ ভোট পেয়েছেন।

    জিয়া হল সাদিক ৬৭৪, আবিদ ২৪৮, উমামা ১৫১ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৫৪৪, হামীম ৩৩৪, মেঘমল্লার বসু ১৭৬ ভোট পেয়েছেন।

    কুয়েত মৈত্রী হলে সাদিক কায়েম ৬২৬, আবিদ ২১০, উমামা ২২৬ ভোট পেয়েছেন।

    ফজিলাতুন্নেসা মুজিব হলে ৭৪২, আবিদ ২২৭, উমামা ২২৩ ভোট পেয়েছেন।

  • শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

    শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

    অনলাইন ডেস্ক: বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর ও অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়েছে। টানা ৮ ঘণ্টা আটটিই ভোট কেন্দ্রেই চলে ভোটগ্রহণ।

    এবার ভোটগ্রহণের সময় কোনও ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

    ডাকসু ভোটারদের উল্লেখযোগ্য হারে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা যাচ্ছে। বেলা তিনটার দিকে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ জানান, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে, মোট কতটি ভোট পড়েছে তা এখনও জানা যায়নি।

    ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
    এছাড়া, প্রতি হল সংসদে ১৩টি করে পদ, ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন ১ হাজার ৩৫ জন।

  • আকাশ থেকে লিফলেট দিয়ে গাজা নগরী ছাড়ার নির্দেশ: ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক

    আকাশ থেকে লিফলেট দিয়ে গাজা নগরী ছাড়ার নির্দেশ: ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক

    আন্তর্জাতিক ডেস্ক: বসবাসরত ফিলিস্তিনিদের ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার আকাশ থেকে লিফলেট ফেলে সরিয়ে যেতে নির্দেশ দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনাদের সতর্ক করা হয়েছে – এখনই সরে যান।”

    মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়াটার্স এমন তথ্য জানিয়েছেন।

    যুদ্ধ শুরুর আগে যেখানে প্রায় এক মিলিয়ন মানুষের বসবাস ছিল, সেই নগরীকে হামাসের শেষ ঘাঁটি ধ্বংসের লক্ষ্যে চূড়ান্তভাবে আক্রমণ করার পরিকল্পনার অংশ হিসেবেই এ ঘোষণা এসেছে। তবে কোথাও নিরাপদ আশ্রয় না থাকায় এ নির্দেশ ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করেছে। অনেকে দক্ষিণে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও অনেকেই জানিয়েছেন তাঁরা থেকে যাবেন।

    হাসপাতাল খালি করার সিদ্ধান্ত

    গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আল শিফা ও আল আহলি-এই দুটি প্রধান কার্যকর হাসপাতাল সরিয়ে নেওয়া হবে, তবে রোগীদের ছেড়ে যাবেন না চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হাসপাতালগুলো রক্ষার আহ্বান জানিয়ে বলেছে, “হাজারো রোগী ও আহতের জীবন হুমকির মুখে।”

    ভয়াবহ মানবিক পরিস্থিতি

    হামাসের ২০২৩ সালের অক্টোবরের হামলার পর ইসরায়েলি পাল্টা অভিযানে ইতিমধ্যে ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব। প্রায় সবাই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন, বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মারাত্মক খাদ্য সংকট তৈরি হয়েছে।

    ইসরায়েল গাজা নগরীর মানুষকে দক্ষিণ উপকূলীয় আল-মাওয়াসি অঞ্চলের তথাকথিত “মানবিক এলাকা”য় যেতে বলেছে, যদিও সেখানেও নিয়মিত বোমাবর্ষণ চলছে। এক বাসিন্দা উম সামেদ (৫৯) বলেন, “পছন্দটা এখন এই-গাজায় থেকে মারা যাওয়া, নাকি দক্ষিণে গিয়ে মারা যাওয়া।”

    আসছে ‘প্রচণ্ড ঘূর্ণিঝড়’

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হামাস বন্দি মুক্তি না দিলে গাজা ধ্বংসে “এক প্রচণ্ড ঘূর্ণিঝড়”চালানো হবে। ইতিমধ্যে হাজারো রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে। নেতানিয়াহু জানান, ইসরায়েলি বাহিনী গাজা নগরীতে প্রবেশের সংগঠন ও সমাবেশ করছে।

    আন্তর্জাতিক প্রতিক্রিয়া

    যুদ্ধবিরতি আলোচনার পথে এ অভিযান বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইউরোপের কয়েকটি দেশ চলতি মাসে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে। সমালোচকরা বলছেন, ইসরায়েলের পরিকল্পনা ফিলিস্তিনিদের মানবিক দুর্দশা আরও বাড়াবে।

    জাতিসংঘের ওপর নির্ভরশীল একটি বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা ইতিমধ্যে গাজার কিছু এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

    এদিকে গাজায় সহায়তা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করা এক নৌ-অভিযানের প্রধান জাহাজ মঙ্গলবার তিউনিসিয়ার বন্দরে ড্রোন হামলার শিকার হয়। এতে সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গও যুক্ত ছিলেন বলে আয়োজকরা জানায়।

  • দেড়যুগ পর ডাকসু নির্বাচন গণতন্ত্রের পথে বড় পদক্ষেপ: আসিফ নজরুল

    দেড়যুগ পর ডাকসু নির্বাচন গণতন্ত্রের পথে বড় পদক্ষেপ: আসিফ নজরুল

    অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্র অভিমুখী এক বিশাল পদযাত্রা হিসেবে বর্ণনা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, দীর্ঘ দেড়যুগ পর দেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যারাই নির্বাচিত হবেন তাদের অন্যরা স্বতঃস্ফূর্তভাবে মেনে নেবেন।

    আসিফ নজরুল আরও লিখেছেন, এই নির্বাচন গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি এর সফলতা কামনা করেন এবং বলেন, “আল্লাহ আমাদের সহায় হন।”

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হচ্ছে, এর মধ্যে ২৮টি কেন্দ্রীয় সংসদের পদে এবং ১৩টি হল সংসদের পদে।

    ডাকসুর নির্বাচনী তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার রয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন।

    দীর্ঘ বিরতির পর আয়োজিত এ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গণতান্ত্রিক চর্চার পুনঃপ্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

  • হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে করতে হবে না জিডি

    হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে করতে হবে না জিডি

    অনলাইন ডেস্ক: পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার পর তোলার জন্য সাধারণ ডায়েরি (জিডি) দাখিলের বিধান বিলুপ্ত করেছে কমিশন।

    নির্বাচন কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, “নাগরিকদের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদক্রমে বিলুপ্ত করা হলো।”

  • ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা , সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জনের নির্দেশ

    ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা , সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জনের নির্দেশ

    অনলাইন ডেস্ক : আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনী। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। জাহাঙ্গীর আলম বলেন, “এবার পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে কোনো উদ্বেগ জানানো হয়নি। সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে দুষ্কৃতিকারীরা যেকোনো উৎসব বা জনসমাগমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”

    তিনি জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যেকোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ দ্রুত জানানো যাবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে। বিশেষ করে সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোতে বিজিবি মূল দায়িত্ব পালন করবে, অন্যদিকে প্রতিটি মণ্ডপে আনসার, পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন থাকবে।

    উপদেষ্টা আরও বলেন, “পূজামণ্ডপের আশেপাশে কোনো অবৈধ মেলা, মদের আড্ডা বা গাঁজার আড্ডা বসতে দেওয়া হবে না। তবে পূজা কমিটির অনুমতি সাপেক্ষে সীমিত পরিসরে কিছু দোকান থাকতে পারে।” তিনি আয়োজকদের অনুরোধ করে বলেন, অনেক সময় অনুমোদিত তালিকার বাইরে অতিরিক্ত মণ্ডপ তৈরি হয়। আগেভাগেই তালিকা দিয়ে দিতে হবে, যাতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা যায়।

    সরকারি হিসেবে এ বছর সারাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে পূর্ণাঙ্গ তালিকা না আসায় সংখ্যা বেড়ে আনুমানিক ৩৩ হাজার হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে ঢাকা রেঞ্জে ৭ হাজার ১৩৬টি, চট্টগ্রাম রেঞ্জে ৪ হাজার ২৮৮টি, রাজশাহী রেঞ্জে ৩ হাজার ৪৬০টি, সিলেট রেঞ্জে ২ হাজার ৪৮০টি, খুলনা রেঞ্জে ৪ হাজার ৫৩৪টি, রংপুর রেঞ্জে ৫ হাজার ১৭৫টি, বরিশাল রেঞ্জে ১ হাজার ৬১৪টি এবং ময়মনসিংহ রেঞ্জে ১ হাজার ৫৯৯টি মণ্ডপ থাকবে।

    প্রতিমা বিসর্জন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “আমরা সবাইকে একই নির্দেশনা দিয়েছি। সন্ধ্যা ৭টার আগেই বিসর্জন শেষ করতে হবে।”

    তিনি আশ্বস্ত করে বলেন, “এবারের পূজাকে কেন্দ্র করে কোনো পক্ষ থেকে উদ্বেগ নেই। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হোক এবং সবাই নিরাপদ থাকুক।”