Category: প্রচ্ছদ

  • ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী জন্য ৩০০ কেজি আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা

    ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী জন্য ৩০০ কেজি আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা

    আখাউড়া প্রতিনিধি: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে রংপুরের বিখ্যাত ও সুস্বাদু ৩০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৫টায় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে প্রধান উপদেষ্টার পাঠানো উপহারের ৩০০ কেজি আম ত্রিপুরায় প্রবেশ করে।

    বাংলাদেশি একটি পিকআপ ভ্যানে করে ওই আম আগরতলা বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা চঞ্চল দে’র কাছে আমগুলো হস্তান্তর করেন আগরতলা বন্দর সুপারিন্টেন্ডেন্ট দেবাশীষ নন্দী।

    আখাউড়া কাস্টমস সূত্রে জানা গেছে, সরাসরি রংপুর থেকে পিকআপভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দর কাস্টমসে আনা হয়।

    আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সদরুল হাসান চৌধুরী আকাশ বলেন, ৬০টি কার্টনে ভর্তি ৩০০ কেজি আমের সবই হাঁড়িভাঙ্গা জাতের। বিকাল ৫টায় আম ভর্তি পিকআপ আখাউড়া বন্দরে পৌঁছলে কাস্টমস এর কার্যক্রম শেষে সরাসরি আগরতলা বন্দরে নিয়ে যাওয়া হয়।

  • চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন জোফরা আর্চার

    চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন জোফরা আর্চার

     খেলাধুলা ডেস্ক:    চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন জোফরা আর্চার। ভারতের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টে ঘোষিত ইংল্যান্ডের একাদশে জায়গা পেয়েছেন এই পেসার।

    আজ বুধবার (১০ জুলাই) শুরু হয়েছে লর্ডস টেস্ট। টসে জিতে ব্যাট করছে ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৭২। ক্রলি ও বেন ডাকেট দুজনকেই অল্প রানে ফিরিয়েছেন পেসার নিতিশ কুমার রেড্ডি। ক্রিজে রয়েছেন জো রুট ও ওলি পোপ।

    প্রথম দুই টেস্টে খেলা জোশ টাংকে একাদশ থেকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে আর্চারকে। এই সিরিজে এখন পর্যন্ত সর্বাধিক ১১ উইকেট নিয়েছেন টাং। তবে তাকে বাদ দিয়ে চার বছর পর টেস্ট দলে ফিরলেন আর্চার, যার শেষ টেস্টও ছিল ২০২১ সালে ভারতের বিপক্ষে।

    ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্টে ৪২ উইকেট নিয়েছেন এই স্পিডস্টার। গড় হলো ৩১.০৪।

    সমালোচনা হলেও দলে রাখা হয়েছে জ্যাক ক্রলি ও ক্রিস ওকসকে। ক্রলি আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। করেছেন মাত্র ১৮ রান।

  • এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ

    এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ

     অনলাইন ডেস্ক:      এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবছর পাশের হার ৬৮ দশমিক চার পাঁচ শতাংশ। যা গতবারের তুলনায় ১৪ দশমিক পাঁচ নয় শতাংশ কম।

    এবছর অন্য সবকটি বোর্ডে পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও সিলেট বোর্ডে ছেলেরা পাশের হারে এগিয়ে রয়েছে। বোর্ডটি থেকে অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে শতকরা ৬৮.৬২ জন ছাত্র পাশ করেছে। আর ৬৮. ৫৪ জন ছাত্রী পাশ করেছে। সিলেট বোর্ডে এবার মোট পাশের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ।

    এদিকে, জিপি-৫ এ কুমিল্লা, চট্টগ্রাম ও মাদরাসা শিক্ষাবোর্ডের ছেলেরা এগিয়ে রয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে গড়ে ৬.৩১ শতাংশ ছাত্র ও ৫.৬২ শতাংশ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া, চট্টগ্রাম বোর্ডে ৮.৯০ শতাংশ ছাত্র ও ৮.০৭ শতাংশ ছাত্রী এবং মাদরাসা শিক্ষাবোর্ডে ৩.৩২ শতাংশ ছাত্র ও ৩ শতাংশ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

    প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ লাখ চার হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাশ করেছে। ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি পাশ করেছে। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। তাতে এগিয়ে মেয়েরা। ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

    আন্ত: শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি জানায়, ফুলিয়ে ফাপিয়ে নয়, প্রাপ্য ফলাফল পেয়েছে শিক্ষার্থীরা। তাই পাশের হার ও জিপিএ ফাইভ কমেছে।

    ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৫৬.৩৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, যশোরে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রামে ৭২.০৭ শতাংশ, সিলেটে ৬৮.৫৭ শতাংশ, দিনাজপুরে ৬৭.০৩ শতাংশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ পরিক্ষার্থী পাশ করেছে।

    তাছাড়াম মাদরাসা শিক্ষা বোর্ডে ৬৮.০৯ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৩.৬৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। অন্যদিকে, ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনও পরীক্ষার্থী পাশ করেনি। ৯৮৪ প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

    উল্লেখ্য, গত বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য চার শতাংশ। সেই হিসেবে এবছর পাশের হার কমেছে ১৪ দশমিক পাঁচ নয় শতাংশ। এছাড়া, গতবছরের তুলনায় এবছর জিপিএ- ৫ এর সংখ্যা কমেছে। ২০২৪ সালের চেয়ে এবছর ৪৩ হাজার ৯৭জন পরীক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে।

  • ফেনী-নোয়াখালী অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি

    ফেনী-নোয়াখালী অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি

    স্টাফ রিপোর্টার:   ফেনী-নোয়াখালী অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগামী তিন দিনও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরমাঝে আরও একটি দুঃসংবাদ জানালো তারা।

    তাদের তথ্য, বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা, ধরলা, দুধকুমারের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পানি সতর্কসীমায় পৌঁছে যেতে পারে। এতে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

    অন্যদিকে কুশিয়ারা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সে নদীর পানিও সতর্কসীমায় চলে যেতে পারে। এতে সিলেটের নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হবার শঙ্কা রয়েছে। বিভাগের অন্য নদী যেমন সারিগোয়াইন, মনু, ধলাই, খোয়াই নদীর পানিও বৃদ্ধি পাচ্ছি। যেটিও অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

    এছাড়া চট্টগ্রাম বিভাগের হালদা ও গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

    বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালে গেল ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আগামী একদিনও এমন বৃষ্টিপাত হতে পারে।

  • ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে আন্দোলনের হুঁশিয়ারি :নাহিদ ইসলাম

    ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে আন্দোলনের হুঁশিয়ারি :নাহিদ ইসলাম

    অনলাইন ডেস্ক:     ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সরকার যদি ব্যর্থ হয়, তবে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র দশম দিনের কর্মসূচি চলছে আজ বৃহস্পতিবার (১০ জুলাই)। মাগুরায় কর্মসূচির একপর্যায়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

    দেশের মৌলিক সংস্কারে জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা চলছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যেকোনেও দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে।

    এ সময় দুর্নীতি-চাঁদাবাজমুক্ত মাগুরা গড়ে তোলার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।

    পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে, ঝিনাইদহ সফর শেষে দুপুরে মাগুরা পৌঁছায় এনসিপি নেতাদের বহর।

  • জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের’ মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের’ মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

     অনলাইন ডেস্ক:     বাংলাদেশে ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের’ মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

    বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের’ একটি পরিপূরক প্রটোকল হলো এর ঐচ্ছিক প্রটোকল, যা জাতিসংঘের আওতাধীন। প্রটোকলটি ২০০২ সালে গৃহীত হয়। এর মূল উদ্দেশ্য হলো—বিশ্বব্যাপী নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা।

    এতে আরও বলা হয়, বাংলাদেশ ১৯৯৮ সালে জাতিসংঘের এই মূল কনভেনশনে পক্ষভুক্ত হয়। সম্প্রতি, জাতিসংঘের ‘নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের ঐচ্ছিক প্রটোকল’-এ বাংলাদেশ পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

    বৈঠকে ‘জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। মালয়েশিয়ার জোহর বাহরুতে বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

    দেশের দুই জেলায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়েছে।

    এর পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান রয়েছে বলেও উপদেষ্টামণ্ডলীকে অবহিত করা হয়েছে।