Category: প্রচ্ছদ

  • মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি

    মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি

    স্টাফ রিপোর্টার :    মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার সাধারণ মানুষ।

    একটানা বৃষ্টিতে, ফেনী শহরের প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। এছাড়া- ডাক্তার পাড়া, উকিল পাড়া, শান্তি কোম্পানি রোড, নাজির রোডসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ। কোথাও কোথাও বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকেছে। এতে, ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। সকালে, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী মানুষজন দুর্ভোগে পড়েন। আবহাওয়া অফিসের তথ্য, মঙ্গলবার (৮ জুলাই) ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ।

    এদিকে, নোয়াখালীতে টানা বৃষ্টিতে শহরের প্রায় সব সড়ক-অলিগলি পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় পানি ঢুকেছে বাসাবাড়িতেও। চরম ভোগান্তিতে বাসিন্দারা। অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হাতিয়ার নিঝুম দ্বীপ, ঢালচরসহ নিম্নাঞ্চল।

    এদিকে, ভারি বৃষ্টিতে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ওই এলাকায় ২৪ ঘণ্টায় ২৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দুপুর ১২টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী এ তথ্য নিশ্চিত করেন। টানা বৃষ্টির কারণে শহরের নিম্নাঞ্চলসহ জু‌বিলী স্কুল সড়ক, পৌরসভার সামনের সড়ক, সবুজবাগ, গুলবাগ, আরামবাগসহ বিভিন্ন এলাকায় তৈরী হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

    এ ছাড়াও, চট্টগ্রাম, বরিশাল বিভাগের পাশাপাশি সিলেট, খুলনা, ঢাকাসহ দেশের বেশিরভাগ স্থানেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

  • সাবেক রাশিয়ান পরিবহন মন্ত্রী রোমান স্তারোভোইতের মৃতদেহ উদ্ধার

    সাবেক রাশিয়ান পরিবহন মন্ত্রী রোমান স্তারোভোইতের মৃতদেহ উদ্ধার

    আন্তর্জাতিক ডেস্ক:      রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, সাবেক রাশিয়ান পরিবহন মন্ত্রী রোমান স্তারোভোইত মৃত অবস্থায় পাওয়া গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মঘাতী গুলিবিদ্ধ হয়েছেন।

    তাকে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরখাস্ত করেছিলেন। স্তারোভোইতের বরখাস্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি এবং পরে সহকারী পরিবহনমন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে তার স্থলাভিষিক্ত ঘোষণা করা হয়।

    তদন্ত কমিটি জানিয়েছে, তারা এই ঘটনার পরিস্থিতি নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। স্তারোভোইত ২০২৪ সালের মে মাসে পরিবহনমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

    এর আগে, তিনি প্রায় ছয় বছর (২০১৮–২০২৪) রাশিয়ার কুর্স্ক অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালের আগস্টে, ইউক্রেনীয় সেনারা একটি অভূতপূর্ব আক্রমণ চালিয়ে এই অঞ্চলের কিছু অংশ দখল করে নেয়।

    মস্কো সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীকে সেখানে থেকে হটাতে সক্ষম হলেও, জুনের শেষ দিকে কিয়েভ দাবি করে যে তারা এখনও রাশিয়ার অভ্যন্তরে একটি ছোট অঞ্চল নিয়ন্ত্রণ করছে।

    স্তারোভোইতের উত্তরসূরি আলেক্সেই স্মিরনভ মাত্র অল্প সময়ের জন্য দায়িত্বে ছিলেন। এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হয় এবং পরে ইউক্রেন সীমান্তে প্রতিরক্ষা বাংকার নির্মাণের তহবিল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হয়।

    স্তারোভোইত ঠিক কখন মারা গেছেন, তা স্পষ্ট নয়। রাশিয়ার স্টেট ডুমার প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ সংবাদমাধ্যম আরটিভিআই-কে বলেছেন, তার মৃত্যু ‘কিছুদিন আগেই’ ঘটেছে।

    স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) স্তারোভোইতের মৃত্যুর খবর প্রকাশের আগে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান যে, কুর্স্কের ঘটনায় পুতিন কি স্তারোভোইতের ওপর আস্থা হারিয়েছিলেন?

    পেসকোভ জবাব দেন, ‘আস্থা হারানোর কথা বলা হয় যখন আস্থা হারানো হয়।’

  • সাবেক সচিব-নির্বাচন কমিশনারসহ ১২ জনের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

    সাবেক সচিব-নির্বাচন কমিশনারসহ ১২ জনের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

    অনলাইন ডেস্ক:       জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ভবনে বরাদ্দকৃত সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে সরকার। মঙ্গলবার (৮ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

    এতে বলা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্ব-অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরস্থ বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের ধানমন্ডি আবাসিক এলাকার সড়ক নং-১৩ (নতুন-৬/এ) এর বাড়ি নং-৭১১ (নতুন-৬৩) এর ওপর নির্মাণাধীন ভবনে বরাদ্দকৃত সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

    যাদের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে: 

    সাবেক অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার  মো. জহুরুল হক (ফ্ল্যাটের আয়তন চার হাজার ১০৫.০৫ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান (ফ্ল্যাটের আয়তন চার হাজার ৩০৮.৬৮ বর্গফুট), সাবেক সচিব এম এ কাদের সরকার (ফ্ল্যাটের আয়তন দুই হাজার ৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম (ফ্ল্যাটের আয়তন দুই হাজার ৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব আকতারী মমতাজ (ফ্ল্যাটের আয়তন দুই হাজার ৪৯.১৩  বর্গফুট), সাবেক সচিব মো. সিরাজুল হক খান (ফ্ল্যাটের আয়তন দুই হাজার ৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ (ফ্ল্যাটের আয়তন দুই হাজার ৩১৫.৮৩ বর্গফুট), সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম (ফ্ল্যাটের আয়তন দুই হাজার ৪৯.১৩ বর্গফুট), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ (ফ্ল্যাটের আয়তন দুই হাজার ৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান (ফ্ল্যাটের আয়তন দুই হাজার ৩১৫.৮৩ বর্গফুট) এবং সাবেক সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুক (ফ্ল্যাটের আয়তন দুই হাজার ৪৯.১৩ বর্গফুট)।

    জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গঠিত কমিটির প্রতিবেদন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এই সকল ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

  • মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার চার

    মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার চার

    অনলাইন ডেস্ক:      মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার চার আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৮ জুলাই) সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই রিমান্ডের আদেশ দেন।

    আসামিরা হলেন, নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজ।

    এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক কে. এম তারিকুল ইসলাম আসামিদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা পর্যায়ক্রমে বাংলাদেশে এসে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করেছে। এতে যেকোনও সময় সন্ত্রাসী হামলার শঙ্কা রয়েছে। আসামিরা বৈধ পথে মালয়েশিয়া গিয়ে জননিরাপত্তা, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়। এছাড়া, সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, উগ্রবাদী কনটেন্ট আদান-প্রদান, সন্ত্রাসবাদী কার্যক্রমে যুক্ত থেকে তা পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই মামলার তদন্তের স্বার্থে আসামিদের ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

  • নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

    নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

    খেলাধুলা ডেস্ক:     চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সামাজিকমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)।

    জানা গেছে, কাঠমান্ডুতে ৬ সেপ্টেম্বর প্রথম ও দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দশরথ স্টেডিয়ামে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলাতে চেয়েছিল বাফুফে। কিন্তু সে সময় অধিকাংশ দলই খেলবে বিশ্বকাপ বাছাইয়ে। এছাড়া, অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগে থেকেই নির্ধারিত। এশিয়ার অনেক দেশের সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে খেলার আগ্রহ প্রকাশ করে নেপাল।

    হামজা-শমিত সোমদের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র‍্যাঙ্কিং ১৫৩। উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে র‍্যাঙ্কিংয়ে ১৭৫ এ থাকা নেপাল ম্যাচ দিয়ে। আর বাংলাদেশ ১৮৩ নম্বরে।

  • জুলাই সনদ–বিচার–সংস্কার ছাড়া নির্বাচন নয়: নাহিদ ইসলাম

    জুলাই সনদ–বিচার–সংস্কার ছাড়া নির্বাচন নয়: নাহিদ ইসলাম

    স্টাফ রিপোর্টার:    জুলাই সনদ–বিচার–সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশে রওনা দেয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের এ কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করা হবে। আশা করা যায়, সরকারসহ সব পক্ষ এরমধ্যেই জুলাই সনদ ঘোষণা করবে। জুলাই সনদ নিয়ে কেন দেরি করা হচ্ছে সে বিষয়ে সরকারকেই স্পষ্ট করতে হবে।

    এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ দিতে সরকার যদি ব্যর্থ হয় তাহলে অভ্যুত্থানের অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    নাহিদ আরও বলেন, রাজশাহীতে আমরা এনসিপির শক্তিশালী সমর্থন পেয়েছি। বাংলাদেশের পুনর্গঠনে আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে।

    পথসভায় স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন এবং রাজশাহী অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করেন।