Category: প্রচ্ছদ

  • জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার রাত অন্যতম কঠিন রাত ছিল: তাসনিম জারা

    জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার রাত অন্যতম কঠিন রাত ছিল: তাসনিম জারা

    নিউজ ডেস্ক:   জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার রাত অন্যতম কঠিন রাত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

    শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

    ইংরেজিতে লেখা ওই পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘গত রাত ছিল জুলাই অভ্যুত্থানের পর অন্যতম কঠিন রাত। একটি ভাবনা আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে, সেটিই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এটা দোষারোপের নয়, আত্মসমালোচনার সময়।

    রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে। আমরা স্বল্পমেয়াদী হিসাব-নিকাশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না, যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে।

    ইতিহাস আমাদের শেখায়— যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণকে ব্যবহার করে পুরানো শাসনব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা যেন সেটা এখানে ঘটতে না দিই। আমাদেরকে দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। এই বিপ্লব ছিল জনগণের। আর সেই জনগণের প্রতিই আমাদের দায়িত্ব— সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা।’

    তিনি আরও লেখেন, এই মুহূর্তটি যেন বিভেদের নয়, বরং ঐক্যের দিকে একটি মোড়বদলের প্রেরণা হয়ে ওঠে।

  • মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না : ফয়েজ আহমদ তৈয়্যব

    মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না : ফয়েজ আহমদ তৈয়্যব

    নিউজ ডেস্ক:   প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতার প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধ্যাপক ইউনূসের দরকার আছে।

    শুক্রবার (২৩ মে) দুপুরের দিকে ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা বলেন।

    বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূসের দরকার আছে জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। আমাদেরকে দেখাতে হবে যে, গণঅভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব।

    তিনি বলেন, আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে।

    কোন ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে, সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না।

    তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বলে জানান ড. ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ। বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা। এটি কেউ ভঙ্গ করবে না।

    সকল দরকারি প্রস্তুতি শেষ করে এপ্রিল-মে মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আশা প্রকাশক করেন তিনি।

    এসময়ের মধ্যে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়ে ফয়েজ বলেন, এরমধ্যেই জুলাই সনদ তৈরি করতে হবে। চলতি বছরের জুলাই-আগস্টে জাতীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন করা হবে। একইসাথে আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।

    ফয়েজ আহমদ তৈয়্যব পরে আরেক স্ট্যাটাসে জানান এটি তার ব্যক্তিগত মতামত।

  • আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

    আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

    আন্তর্জাতিক ডেস্ক:  আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও। তা না হলে হারাতে হবে অভিবাসীর বৈধতা।

    এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটির বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলো ট্রাম্প প্রশাসন।

    বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতিতে বিষয়টি জানায় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এছাড়াও, অন্যান্য কলেজের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপের হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) সার্টিফিকেশন বাতিল করার নির্দেশ দিয়েছেন।

    নোয়েম হার্ভার্ডের বিরুদ্ধে সন্ত্রাস, ইহুদি-বিদ্বেষ ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয় করার অভিযোগ তুলেছেন। হার্ভার্ড এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও প্রতিশোধমূলক’ বলে আখ্যায়িত করে হাজার হাজার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

    তবে সুযোগটি ফিরে পাওয়ার জন্য প্রভাবশালী এই শিক্ষা প্রতিষ্ঠানকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মার্কিন প্রশাসন। বিগত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের সংঘটিত সকল সহিংস কর্মকাণ্ডের তথ্য সরবরাহ করতে হবে ট্রাম্প প্রশাসনকে। দিতে হবে সংশ্লিষ্ট ছবি, ভিডিও অথবা অডিও প্রমাণ। এর জন্য প্রতিষ্ঠানটিকে ৭২ ঘণ্টার সময় বেধে দিয়েছে প্রশাসন।

    ইসরায়েলবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সরকারের সঙ্গে হার্ভার্ড কর্তৃপক্ষের বিবাদ চরমে পৌঁছায়। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এই সিদ্ধান্ত তাদের ওপর নিশ্চিত প্রভাব ফেলবে।

  • ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি

     ব্রাহ্মণবাড়িয়া ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এতে নারীসহ ৯ জন আহত হয়েছেন।

    গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ।

    ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের ছবদর আলী ঢাকা মিরপুর আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। রাতেই ঢাকা থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।

    পথে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আগেই ওত পেতে থাকা ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। তারা অ্যাম্বুলেন্স ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। তাদের মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় মরদেহেও আঘাত করে ডাকাত দল।

    আলমগীর মিয়া বলেন, টাকা ও মোবাইল নিয়েছে—দুঃখ নেই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর তারা হামলা করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

    নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, যেখানে ডাকাতির ঘটনা ঘটেছে, সেই জায়গাটি অপরাধপ্রবণ এলাকা। অনেক দিন আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল।

  • শিল্পীর সুযোগ নিয়েছে বলেই বিপদে পড়েছে: বাপ্পারাজ

    শিল্পীর সুযোগ নিয়েছে বলেই বিপদে পড়েছে: বাপ্পারাজ

    বিনোদন ডেস্ক:   শিল্পীদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এখন হালের ঘটনা। বিগত সরকারের আমলে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন ডজন ডজন শিল্পী। সরকার পতনের পর তাদের অনেকেই বিদেশে পলাতক আর কেউ কেউ জেলখানায়। তবে শিল্পীদের এমন পরিণতির পেছনে কী কারণ? এবার এই ইস্যুতে মুখ মুখলেন চিত্রনায়ক বাপ্পারাজ।

    নিজের উদাহরণ টেনে অভিনেতা বাপ্পা বলেন, আমি কখনও রাজনীতি করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করব না। আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি। দাওয়াত দিলে আওয়ামী লীগের পার্টিতে গিয়েছি, বিএনপির পার্টিতেও গিয়েছি, ছবি তুলেছি। কিন্তু আমাদের পেছনে তো পুলিশ দৌড়ায় না। আমাদের তো কেউ বলে না, তুমি এটা করছ কেন বা ওটা করলা কেন? কারণ, আমি কখনও সুযোগ নিতে চাইনি। পেশাগত কাজটাই করে গেছি।

    তিনি বলেন, শিল্পীদের রাজনীতি করা উচিত না। যদি করতেই হয়, তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে করা যেতে পারে। একটা পেশায় যুক্ত থেকে যখন কেউ রাজনীতিতে যুক্ত হয়, তখন সে নানাবিধ সুযোগ নেওয়ার চেষ্টা করবে। অন্যের তোষামোদ করতে হবে; যেটা ইদানীং হয়েছে। আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই (রাজনৈতিক) সুযোগ নিত। সুযোগ নিতে গিয়েই তারা বিপদে পড়েছে।

  • পদ্ধতিগতভাবেই নারী অধিকার নিশ্চিত করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

    পদ্ধতিগতভাবেই নারী অধিকার নিশ্চিত করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

    নিউজ ডেস্ক:  নারীর অধিকার আন্দোলন বহুদিনের। অন্তর্বর্তী সরকার নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। ঐক্যমত্যের ভিত্তিতে পদ্ধতিগতভাবেই নারী অধিকার নিশ্চিত করতে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশনে আয়োজিত ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, ক্রমবর্ধমান সহিংসতা মোকাবিলায় একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সমঅধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে সকলকে একসাথে কাজ করতে হবে।

    এ সময় মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ১৬ দফা দাবি আলোচনায় উঠে এসেছে। সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ আইনের প্রয়োগ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে নীতিনির্ধারক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সচেতনতা এবং সক্রিয় ব্যবস্থা নেয়া প্রয়োজন।