Category: প্রচ্ছদ

  • হারের জন্য পারফরম্যান্স ও শিশিরকেও দুষলেন লিটন

    হারের জন্য পারফরম্যান্স ও শিশিরকেও দুষলেন লিটন

    খেলাধুলা ডেস্ক:  যুক্তরাষ্ট্রের পর আইসিসির দ্বিতীয় কোনো সহযোগী দেশের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। শারজায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শুরুতে লিড নিয়েও আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। দলগত বাজে পারফরম্যান্সের পাশাপাশি কন্ডিশনও কিছুটা দায়ী— এমনটাই মনে করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

    লিটন বলেন, সিরিজের তিনটা ম্যাচেই শিশিরের নেতিবাচক প্রভাব ছিল। মাঠে শিশির থাকায় আমাদের বোলাররা বেশ ভোগান্তির শিকার হয়েছে। বল ভিজে যাওয়ায় পেস কিংবা স্পিনার কেউই স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারেনি।

    প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিককে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েও শেষ রক্ষা হয়নি সফরকারীদের। দুই উইকেটের জয়ে সিরিজে সমতা টানে স্বাগতিকরা। সিরিজ নির্ধারনী ম্যাচে কোন কিছুই ছিল না বাংলাদেশের অনুকূলে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ছিল ব্যর্থতার ছাপ।

    অধিনায়ক বলেন, আদতে আমরা ভালো খেলতে পারিনি। যদি খেলতাম, তাহলে অবশ্যই ম্যাচ জিততাম। বোলিং ও ফিল্ডিংয়ের কিছু খামতির পাশাপাশি শেষ ম্যাচে ব্যাটিং একেবারেই খাপছাড়া ছিল।

    বাংলাদেশের পরের গন্তব্য পাকিস্তান। অনেক আলোচনার পর ঠিক হয়েছে সিরিজটির ভাগ্য। তবে মেন ইন গ্রিনদের বিপক্ষে বাংলাদেশের ভাগ্য ঘুরবে কি না সেটি মাঠেই দেখা যাবে। লাহোরের পরিকল্পনা নিয়ে লিটন বলেন, আগের সিরিজে যে ভুলগুলো হয়েছে, সেগুলো শুধরে ভালো কিছু করার চেষ্টা থাকবে।

    প্রসঙ্গত, এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির সহযোগী দেশের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। গত বছর যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল লিটনের দল। অপরদিকে, টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।

  • মানিকগঞ্জ আদালতে নেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও মমতাজ বেগমকে

    মানিকগঞ্জ আদালতে নেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও মমতাজ বেগমকে

    মানিকগঞ্জ প্রতিনিধি : একটি হত্যা মামলার শুনানীর জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে নেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও মমতাজ বেগমকে।

    বৃহস্পতিবার (২২ মে) সকাল সোয়া ৮ টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের।

    মমতাজের আইনজীবী খোরশেদ আলম জানান, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দ এলাকায় ইসলামি সমমনা দলের হরতাল চলাকালে আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি মমতাজ বেগম। এছাড়া তার বিরুদ্ধে জেলা বিএনপির আহ্বায়কের বাড়ি ভাঙচুরের মামলাও রয়েছে।

    সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক মুহাম্মদ আব্দুন নূরের আদালতে এই মামলার শুনানীর জন্য মমতাজকে হাজির করা হয়। হত্যাসহ একাধিক মামলার আসামি মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

    এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গত ১২ মে রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

  • আত্রাই নদীর বাঁধ ধ্বংসের কারণে বাংলাদেশ ও চীনকে দুষলেন মমতা

    আত্রাই নদীর বাঁধ ধ্বংসের কারণে বাংলাদেশ ও চীনকে দুষলেন মমতা

    আন্তর্জাতিক ডেস্ক:   পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আত্রেয়ী নদীর ওপর মাত্র চার মাস আগে নির্মিত একটি বাঁধ ভেঙে পড়ে। সেটা আবারও নির্মাণের পর মঙ্গলবার (২০ মে) ভোর রাতে নদীর প্রবল স্রোতে প্রায় ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ঐ বাঁধের একটি বড় অংশ ধসে পড়ে। এতে নদী তীরবর্তী গ্রামগুলোতে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    বুধবার (২১ মে) শিলিগুঁড়ির উত্তরবঙ্গের মুখ্য প্রশাসনিক কার্যালয় উত্তরকন্যার অডিটোরিয়ামে এক প্রশাসনিক বৈঠকে আত্রেয়ী নদীর সেই বাঁধ ভেঙে পড়া নিয়ে নাম না করে বাংলাদেশ ও চীনক দোষারোপ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আমাদের কাজটায় একটা সমস্যা হয়েছে, তার কারণ আমাদের একটি সীমান্তবর্তী দেশ রয়েছে, তার নাম বলছি না, তারা দুটো দেশ মিলে একটা বাঁধ তৈরি করেছিল, আমরা সেটা বারে বারে ভারত সরকারকে জানিয়েছি। ফলে দক্ষিণ দিনাজপুর, বালুরঘাটের সাধারণ মানুষ আত্রাই নদীর পানি পায় না। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি তা খুবই লিমিটেড। তা সত্ত্বেও যেটা ভেঙেছে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে, তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

    এ প্রসঙ্গে প্রতিবেশী রাজ্য সিকিমকে নিশানা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন ‘সিকিমে ১৪টা হাইড্রেল পাওয়ার করা হয়েছে, ফলে ওখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না, আর তার ফলে সব পানি এসে পড়ছে বাংলার বুকে। যে যার নিজের নিয়ে আছে। তারা একবার তো ভাববে। ওদের আমরা ভালোবাসি। আমাদের কত পর্যটক ওখানে যায়। আপনারা এতগুলো বিদ্যুৎ প্রকল্প করলেন সেখানে কেন্দ্রীয় সরকার কেন অনুমতি দিল?

    এরপরই মমতার হুঁশিয়ারি, কেউ যদি মনে করে যে অপরের উপরে নিঃশ্বাস ফেলবে, বাংলার বিষয়ে হস্তক্ষেপ করবে, তবে মনে রাখতে হবে তারা যেন নিজের রাজ্যকে সামলায়। নিঃশ্বাস আমরাও ফেলতে পারি। আমরা মনে করি প্রত্যেকটা জিনিসের সীমাবদ্ধতা আছে, কারোরই লক্ষণ রেখা অতিক্রম করা উচিত নয়।

    প্রসঙ্গত, আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর তীব্র ভাঙন ও বন্যার কবল থেকে এলাকাবাসীকে রক্ষায় ২০২২ সালে বালুরঘাটের চকভৃগুতে বাঁধ নির্মাণ শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। ২০২৪ সালে তার কাজ শেষ হয়ে যায়। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতেই প্রথমবারের মতো সেই বাঁধের গার্ডওয়াল ভেঙে পড়ে। এরপর দ্রুততার সঙ্গে বালির বস্তা ফেলে সেটি মেরামতির কাজ চলছিল। কিন্তু এর চার মাসের মধ্যে মঙ্গলবার ভোররাতে পানির তোড়ে বাঁধের প্রায় ৪০ ফুট অংশ ধসে পড়ে, যা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

  • জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জুবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জুবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার

    নিউজ ডেস্ক:  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানি আজ। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

    এর আগে, ১৪ মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়। পাশাপাশি বিচারিক আদালতের নথি তলব করা হয়।

    দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় ২০২৩ সালের ২ আগস্ট রায় দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে দুটি ধারায় তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক।

  • আশুগঞ্জের তালশহর নতুন বাজার বেহাল সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

    আশুগঞ্জের তালশহর নতুন বাজার বেহাল সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

    আশুগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন সংস্কার না করায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর নতুন বাজার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘ দিন ধরে। খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের।

    সড়কের মাঝখানে থাকা ছোট, বড় অসংখ্য গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশা সহ ছোট- বড় অসংখ্য যানবাহন। কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে প্রায় ১০/ ১২ টি গ্রামের মানুষ। এই সড়ক দিয়ে যাতায়াত করে আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রাম সহ বড়তল্লা, প্রেমতলা, আড়াইসিধা, আলম নগর, খাড়াসার, তারুয়া, নাওঘাট গ্রাম সহ আশপাশের এলাকার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে প্রতি দিন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম এই অঞ্চলের মানুষের এই সড়কটি। স্কুল – কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরাও যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে নিত্য দিন। (২১ মে’ বুধবার ) সরজমিনে গিয়ে জানাযায়। তালশহর নতুন বাজারের পল্লী চিকিৎসক মোঃ হানিফ ডাক্তার বলেন।

    অল্প বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে পানি জমে থাকে, আর রোদে ধুলাবালির কারণে বিপাকে পড়তে হয়। এই সড়ক দিয়ে যাতায়াতকারী, পথচারীদের ও সড়কের দুই পাশে থাকা দোকান- পাটে ও ছিটকে পরে কাঁদা মাটি, আবার রোদে ধুলাবালির কারণে বিপাকে পড়তে হয় সড়কের দুই পাশে থাকা দোকান – পাটের মানুষের ও পথচারীদের। তাই সড়কটিকে পূনরায় সংস্কারের জোর দাবী জানান।

    স্হানীয় বাসিন্দা খাড়াসার গ্রামের রস্তুম মিয়া বলেন, এই সড়কটি পূনরায় সংস্কার করা এখন আমাদের সময়ের দাবি। আশাকরি জনসাধারণের কথা চিন্তা ও বিবেচনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরজমিন পরিদর্শন করে এই সড়ক মেরামত ও সংস্কারের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি দ্রুত গতিতে কাজ করবেন সংশ্লিষ্ট সড়ক সংস্কার কর্তৃপক্ষ। সড়ক সংস্কার হলে যাত্রী দূর্ভোগ লাঘব হবে এমনটাই দাবি, এই সড়ক দিয়ে যাতায়াত করা যানবাহন চালক, যাত্রী সাধারণ ও পথচারীদের।

  • প্রবাসীর ভালোবাসায় মানবিক উদ্যোগ—গাবতলীর দক্ষিণপাড়ায় দুস্থদের মাঝে টিন বিতরণ

    প্রবাসীর ভালোবাসায় মানবিক উদ্যোগ—গাবতলীর দক্ষিণপাড়ায় দুস্থদের মাঝে টিন বিতরণ

    নিজস্ব প্রতিবেদনঃ ২১মে ২০২৫, বুধবার বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নে ‘আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে দুই বান্ডেল টিন বিতরণ করা হয়েছে। এই মহৎ কাজটি সম্পন্ন হয় প্রবাসী পক্ষ থেকে আগত অনুদানের মাধ্যমে।

    এতে বিশেষ ভূমিকা রাখেন দক্ষিণপাড়া ইউনিয়ন ওলামা পরিষদের সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীম। উপস্থিত ছিলেন মোকামতলা মাজার মসজিদের সম্মানিত মোয়াজ্জেম আব্দুল আলীম, সমাজসেবক আরিফ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আয়োজকরা জানান, “এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা হলেও আমরা বিশ্বাস করি, সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি যেন এই কাজগুলো কবুল করেন।” (আমিন)

    মানবিক এ সহায়তায় উপকৃত পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে, আর এলাকাবাসীও প্রশংসা করেছেন এমন উদ্যোগকে। এই ধরনের কার্যক্রম সমাজে সৌহার্দ্য, সহানুভূতি ও সহযোগিতার চেতনা আরও জাগ্রত করবে বলে সকলের প্রত্যাশা।