Category: প্রচ্ছদ

  • প্রস্তুতি ছাড়া দায়িত্ব নিলে শিক্ষার্থীরা ভুল করবে: ড. আব্দুল মঈন খান

    প্রস্তুতি ছাড়া দায়িত্ব নিলে শিক্ষার্থীরা ভুল করবে: ড. আব্দুল মঈন খান

    নিউজ ডেস্ক:   পড়ালেখা সম্পন্নের পর শিক্ষার্থীদের দেশের দায়িত্ব নিতে হবে। প্রস্তুতি ছাড়া দায়িত্ব নিতে গেলে শিক্ষার্থীরা ভুল করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

    বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

    মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র কায়েম করবে এমন কাল্পনিক গল্প জনগণ বিশ্বাস করে না। বিএনপির বিরুদ্ধে এসব অপপ্রচারের শক্ত জবাব দেয়া হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার জনবিরোধী কাজ করলে ইতিহাসে কোনও জায়গা হবে না। এ সময় দ্রুত গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

    তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দেশে যে পরিবর্তন এসেছে, তার মূল লক্ষ্য হতে হবে সংবাদপত্রের স্বাধীনতা। এটি নিশ্চিত করতে না পারলে অভ্যুত্থান ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

  • গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধ না করলে মালিককে জেলে যেতে হবে: শ্রম উপদেষ্টা

    গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধ না করলে মালিককে জেলে যেতে হবে: শ্রম উপদেষ্টা

    নিউজ ডেস্ক:    চলতি মাসের ২৮ তারিখের মধ্যে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ের মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিককে জেলে যেতে হবে— শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

    বুধবার (২১ মে) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, এরইমধ্যে টিএনজেড গ্রুপের পালিয়ে যাওয়া মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও, শ্রমিকদের বেতন পরিশোধ না করায় আরও ৫ কারাখানা মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

    প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বেতন ও অন্যান্য পাওনার দাবিতে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি গার্মেন্টস ও আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটের শ্রমিকরা। পরে রাতে টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালী ডিওএইচএস-এ মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়।

  • গাজায় ইসরায়েলি তাণ্ডবে আরও ২৪ ফিলিস্তিনির মৃত্যু

    গাজায় ইসরায়েলি তাণ্ডবে আরও ২৪ ফিলিস্তিনির মৃত্যু

    নিউজ ডেস্ক:  গাজায় ইসরায়েলি তাণ্ডবে বুধবার আরও কমপক্ষে ২৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিন ভোর থেকেই দক্ষিণাঞ্চলে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গুড়িয়ে দেয়া হচ্ছে খান ইউনিসের বাড়িঘর। শহরটির ২০টিরও বেশি বাড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে আইডিএফ।

    এর আগে, মঙ্গলবার তেলআবিবের বর্বরতায় নিহত হন কমপক্ষে ৯৮ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশ করতে না পারায় খাবার ও চিকিৎসার অভাবেও প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের।

    জাতিসংঘের দাবি, ২ মার্চের পর, অপুষ্টি ও ওষুধের অভাবে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২৬ জনের। এ পরিস্থিতিতে আগ্রাসনের পরিধি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।

  • ঈদুল আজহায় নৌপথে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ

    ঈদুল আজহায় নৌপথে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ

    নিউজ ডেস্ক:   আসন্ন ঈদুল আজহায় যাত্রা নিরাপদ করতে নৌপথে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। তার মধ্যে ঈদের আগে তিনদিন এবং পরে সাত দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল।

    বুধবার (২১ মে) দুপুরে ঈদযাত্রা নিয়ে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সাথে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

    এ সময় তিনি জানান, ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের রৌমারি থেকে চিলমারী পর্যন্ত নতুন নৌপথ চালু হচ্ছে। এই রুটে দুটি ফেরি চলবে, যা সংযুক্ত করবে জামালপুরের সাথে।

    অপরদিকে, শ্রমিকদের পাওনা নিয়ে এ উপদেষ্টা জানান, গাজীপুরের টিএনজেড, মাহমুদ গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানা মালিকদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে ২৮ মে এর মধ্যে বাড়ি বিক্রি করে টিএনজেড শ্রমিকদের পাওয়া পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যথায় বিদেশে পালিয়ে যাওয়া ওই মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে।

  • ব্যবসায়ীদের আপত্তি থাকলেও এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য ভালো হবে: গভর্নর

    ব্যবসায়ীদের আপত্তি থাকলেও এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য ভালো হবে: গভর্নর

    নিউজ ডেস্ক:  ব্যবসায়ীদের আপত্তি থাকলেও এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    বুধবার (২১ মে) রাতে রাজধানীর একটি হোটেলে ক্লাইমেট অ্যাকশন এন্ড সাসটেইনেবিলিটি হাব উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

    গভর্নর বলেন, বর্তমানে কলকারখানার অব্যবস্থাপনার কারণে নদী ধ্বংস হচ্ছে। তাই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরদিকে, সাভারের ট্যানারি শিল্প ধলেশ্বরী নদীকে ধ্বংস করছে উল্লেখ করে বলেন, এগুলো আমাদেরকেই ঠিক করতে হবে।

    তিনি আরও বলেন, শুধু টাকা খরচ করলেই হবে না, ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য হলেও এ সমস্যা সমাধান করতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর

  • মাত্র ত্রিশ টাকার দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন

    মাত্র ত্রিশ টাকার দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন

    মহানগর ডেস্ক:  মাত্র ত্রিশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর মতিঝিলে হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র এজাহারনামীয় আসামি রাকিবকে (১৯) গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) রাত সোয়া ১টায় মতিঝিল থানাধীন মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

    মতিঝিল থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মমিন (২০) ও রাকিব (১৯) দুই বন্ধু। রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মমিন একটি দোকানের কর্মচারী।

    গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে। তিন ভাগের একভাগ ১৩০ টাকা আলামিনকে দিয়ে দিলে আলামিন চলে যায়। অবশিষ্ট ২৬০ টাকার মধ্যে থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে।

    একই তারিখ রাত ৯টায় মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার ওপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভুক্তভোগী মমিনকে আম বিক্রির ১০০ টাকা প্রদান করে। ১০০ টাকা টাকা পেয়ে মমিন আরও ৩০ টাকা দাবি করলে রাকিব ও মমিনের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডা শেষে দুজন বাড়ি চলে যায়।

    পরবর্তীতে ১৩ মে সকাল ১০টায় মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে সেই টাকা নিয়ে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে রাকিব মমিন কে থাপ্পড় দেয়।

    এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিব কে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে ভিকটিম মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিকশা ডেকে এনে রিকশাযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

    মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, মামলার প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ২০ মে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে রাকিব হোসেনকে গ্রেফতার করে।

    আসামি রাকিবকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।