Category: প্রচ্ছদ

  • জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

    জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

    নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর মানিক মিয়া এভিনিওয়ে আনুষ্ঠানটি শুরু হয়।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীতের সাথে গলা মেলান। পরে জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    এরইমধ্যে মানিক মিয়া এভিনিউ লোকে লোকারণ্য হয়ে গেছে। নতুন এই দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা এতে যোগ দিয়েছে।

    অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি যোগ দিয়েছেন।

    নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পর আগেই চূড়ান্ত হয়েছে। দলটির শীর্ষ পদে রয়েছেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

  • জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-নাগরিকদের আত্মপ্রকাশের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’

    জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-নাগরিকদের আত্মপ্রকাশের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’

    নিউজ ডেস্ক:  জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-নাগরিকদের আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে তিনিই একদফার ঘোষক এবং জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক।

    জাতীয় নাগিরক কমিটির বর্তমান সদস্য সচিব ও ঢাকসুর সাবেক নেতা আখতার হোসেন নতুন দলটির সদস্য সচিব হচ্ছেন।

    উল্লেখ্য, কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক আহ্বায়ক ছিলেন আখতার হোসেন। আর এই ছাত্র সংগঠনটির মহাসচিব ছিলেন নাহিদ ইসলাম।

    নয়া দল জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে এই দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে।

    আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত দলটির আত্মপ্রকাশ ঘটবে। শুরুতে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি হবে।

    এই কমিটিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অন্তত ১১০ জনের বেশি যুক্ত হচ্ছেন। এছাড়া থাকছেন কয়েকজন পেশাজীবীও।

  • জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেছেন রিফাত রশীদ

    জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেছেন রিফাত রশীদ

    নিউজ ডেস্ক: জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেছেন রিফাত রশীদ। বিক্ষোভ-হাতাহাতির মধ্যে গতকাল বুধবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের ভেতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

    গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত আহ্বায়ক কমিটিতে রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছিল। ২৪ ঘণ্টা না পেরুতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জুলাই আন্দোলনের সম্মুখসারীর এ সমন্বয়ক।

    নয়া এই ছাত্রসংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গতকাল মধুর ক্যানটিনে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা দাবি করেন, জুলাই আন্দোলনে তারা ভূমিকা রাখলেও বেসরকারি বিশ্ববিদল্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে না এই কমিটিতে।

    বিক্ষোভের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তাতে আহত হন একাধিক। তার মাঝেই মধুর ক্যানটিনে ঢুকে কমিটি ঘোষণা করে নয়া এই ছাত্রসংগঠনের নেতারা। কমিটিতে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক, জাহিদ আহসানকে সদস্য সচিব করা হয়। স্লোগান ঠিক করা হয় ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’।

    তার আগে বিক্ষোভের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়। এমনকি তারা রিফাত রশীদের পক্ষেও স্লোগান দেন।

    গুঞ্জন ছিল, এই কমিটিতে থাকছেন না রিফাত রশীদ। তবে শেষ পর্যন্ত ঘোষিত কমিটিতে তার নাম সিনিয়র সদস্য সচিব পদে রাখা হয়।

    এদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিকে গতকাল রাতেই অবাঞ্ছিত ঘোষণা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল শুক্রবারের মধ্যে কমিটির বিষয়ে যাবতীয় সমাধানের আল্টিমেটামও দিয়েছেন তারা। তবে, এর মাঝেই আজ কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলো গণতান্ত্রিক ছাত্র সংসদ।

  • লেখক ও তেলেগু অভিনেতা কৃষ্ণ মুরালিকে গ্রেফতার করেছে ভারতের হায়দরাবাদ পুলিশ

    লেখক ও তেলেগু অভিনেতা কৃষ্ণ মুরালিকে গ্রেফতার করেছে ভারতের হায়দরাবাদ পুলিশ

     বিনোদন ডেস্ক: লেখক ও তেলেগু অভিনেতা কৃষ্ণ মুরালিকে গ্রেফতার করেছে ভারতের হায়দরাবাদ পুলিশ। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার জন্য বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।

    তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এ সংক্রান্ত একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠিয়েছে পুলিশ। এতে বলা হয়, মুরালি কৃষ্ণ যে অপরাধ করেছেন তা আমল যোগ্য এবং জামিন অযোগ্য। এরিমধ্যে অভিনেতাকে জুডিশিয়াল কাস্টডির জন্য প্রথম শ্রেণির বিচারকের কাছে পাঠানো হয়েছে।

    ‘ক্র্যাক’, ‘টেম্পার’, ’জেমিনিসহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা মুরালি। মূলত, কমেডি চরিত্রে অভিনয় করেই অধিক খ্যাতি কুড়ান। অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।

  • নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা হাইকোর্টের

    নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা হাইকোর্টের

    নিউজ ডেস্ক: নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই রায় দেন বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

    রায়ে আদালত বলেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার এবং এ পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

    এছাড়া, নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ নিশ্চিত করার জন্য আদালত বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক গুরুত্বপূর্ণ পাবলিক স্থান অর্থাৎ আদালত, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, রেল স্টেশন, হাট বাজার, এয়ারপোর্টসহ প্রত্যেক পাবলিক প্লেসে নিরাপদ পানযোগ্য পানি প্রত্যেক নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ও পানযোগ্য পানি সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    ২০২৬ সালের মধ্যে সমস্ত পাবলিক প্লেসে নিরাপদ পানি বিনামূল্যে সরবরাহে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই মর্মে একটি রিপোর্ট সরকারকে আদালতে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    মামলার শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ, ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মিনহাজুল হক চৌধুরী।

    আদালত মামলাটি চলমান রেখেছেন। বাংলাদেশের যত পানির উৎস রয়েছে এ পানির উৎস যাতে ক্ষয়িষ্ণু না হয় অর্থাৎ, পানি শুকিয়ে না যায়, পানি অনিরাপদ না হয়, পানি দূষিত না হয় সেগুলোকে সংরক্ষিত করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

    রায়টিকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে মন্তব্য করেছেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। রায়টি বাস্তবায়িত হলে দেশের বৃহত্তম জনগোষ্ঠী উপকৃত হবে ও পানিবাহিত রোগ থেকে মানুষ রক্ষা পাবে বলেও জানান তিনি।

  • মালয়েশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জোহর রাজ্যে ১৩ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার

    মালয়েশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জোহর রাজ্যে ১৩ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার

    আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জোহর রাজ্যে ১৩ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ কর্তৃক গ্রেফতারকৃত অভিবাসীদের সংখ্যা ১৩ হাজার ৯৫ জন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে গ্রেফতার করা হয় এসব অভিবাসীদের।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজ্য ইমিগ্রেশন বিভাগ (JIM) একটি ফেসবুক পোস্টে জানিয়েছে ৩ হাজার ৪০টি অভিযানে ২৫ হাজার ৯২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে। যেখানে ৩০৬ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়।

    ইমিগ্রেশন বিভাগ বলছে, কোন নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন, তা নিশ্চিত করার জন্য ব্যবসায়িক প্রাঙ্গণে পরিদর্শন করা হয়। আরও বলা হয়, অভিবাসন আইন ও বিধি লঙ্ঘনকারী বিদেশীদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিবাসন বিভাগ জোহরজুড়ে আইন প্রয়োগ আরও জোরদার করবে।

    মোট ৩ হাজার ২০৬ জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান সেশন কোর্টে অভিযোগ আনা হয়েছে। যারা কারাদণ্ড ভোগ করেছেন তাদের স্থানান্তরের জন্য পন্টিয়ানের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হবে।

    জোহর ইমিগ্রেশন ঘোষণা করেছে ৫ হাজার ৭১৯ জন অবৈধ অভিবাসীকে আকাশ, স্থল এবং সমুদ্র— এই তিন পথে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

    একই সাথে নিয়োগকর্তা, প্রতিষ্ঠানের মালিক, বৈধ ভ্রমণ নথি এবং পাস বা পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগের ষড়যন্ত্রকারী ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই চলবে বলেও জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।