Category: প্রচ্ছদ

  • সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেফতার

    সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেফতার

    নিউজ ডেস্ক: সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার ইস্কাটনের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে।

    মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে। এ নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

    এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় গত বছরের ডিসেম্বরের শুরুতে রাজধানী থেকে গ্রেফতার হন ফরহাদ হোসেনের বড় বোন শামীম আরা হীরা ও তার স্বামী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। গত বছরের ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকেই সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

    গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীর বিরুদ্ধে ঢাকা ও মেহেরপুরে বেশ কয়েকটি মামলা হয়।

  • হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের রিমান্ডে

    হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের রিমান্ডে

    নিউজ ডেস্ক: হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের রিমান্ডে নেয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে মিরপুরের আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত হাজির করা হয় তাদের। এসময় তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    একই মামলায় সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এদিকে, জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৫ জনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।

  • ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল : প্রধান উপদেষ্টা

    ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল : প্রধান উপদেষ্টা

    নিউজ ডেস্ক: ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, এটার ব্যবহার শুরু করলে তখন শিকল দিয়েও আমাদের অর্থনীতিকে কেউ বেঁধে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘বার্ষিক সম্মিলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধান উপদেষ্টা বলেন, নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টারের সাথে রয়েছে বাণিজ্যের অমিত সম্ভাবনা। তাদের মালামাল বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে। এর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। ভৌগোলিক অবস্থান গত সুবিধা কাজে লাগিয়ে দেশ লাভবান হতে পারবে।

    দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে ড. ইউনুস বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। সব শেষ করে দিয়েছে এই দুর্নীতি। নতুন দেশ গড়তে এখান থেকে বের হওয়া ছাড়া উপায় নেই। দুর্নীতি মুক্ত দেশ গড়তে সব তথ্য উন্মুক্ত করা হবে। প্রতিযোগিতা বাড়াতে র‍্যাংকিং এর মাধ্যমে জেলায় জেলায় ফলাফল ঘোষণা ও এগিয়ে থাকা জেলাকে পুরস্কার দেয়া হবে।

    জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের প্রশংসা করে তিনি বলেন, জুলাই বিপ্লবে তারুণ্য যা করে দেখিয়েছে তা বিশ্বে অনন্য। কাজেই তরুণদের সুযোগ দিতে হবে। কিন্তু আমাদের সুযোগ থাকার স্বত্বেও নিতে চাই না। তারুণ্যের জন্য দরজা খুলে দিতে হবে।

  • সিন্ডিকেটের কারণে আমদানি বাড়লেও বাজারে ছোলার দাম ঊর্ধমুখী

    সিন্ডিকেটের কারণে আমদানি বাড়লেও বাজারে ছোলার দাম ঊর্ধমুখী

    অর্থনীতি ডেস্ক: রমজানের অন্যতম একটি পণ্য ছোলা। ইফতারে ছোলার ব্যবহার সর্বত্র। আর এ সুযোগকে কাজে লাগাতে রমজান ঘিরে ছোলাতে থাবা বসিয়েছে সিন্ডিকেট। ফলে আমদানি বাড়লেও বাজারে ছোলার দাম ঊর্ধমুখী। অথচ গত এক মাসে দেশে সব ডালজাতীয় পণ্যের দাম ধারাবাহিকভাবে কমেছে। কিন্তু ছোলার বাজারে এখনো স্থিতিশীলতায় ফেরেনি। বর্তমানে অস্ট্রেলিয়া থেকে আমদানি হওয়া ছোলা পাইকারিতে ৯৭-১০৮ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর রোজায় দেশের বাজারে প্রতি কেজি ছোলার দাম ৭৫-৮৫ টাকা ছিলো। ব্যবসায়ীদের মতে, বাজারে ছোলার পর্যাপ্ত আমদানি হচ্ছে।

    কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এখনো দাম না কমানোয় বাজারে পড়েনি এর প্রভাব। পাশাপাশি দাম বাড়ার উল্লেখযোগ্য একটি কারণ রোজা শুরুর আগেই বিভিন্ন এলাকা থেকে ক্রয়াদেশ আসতে শুরু করা। ভোগ্যপণ্যের পাইকারি বাজার সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, আমদানিকারকরা বিশ্ববাজার থেকে কম দামে ছোলা সংগ্রহ করছে। কিন্তু আমদানির সঙ্গে মুষ্টিমেয় কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত থাকায় দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বর্তমান বৈশ্বিক বাজারের হিসাবে প্রতি টন ছোলার বুকিং দর ৬৫০-৬৭০ ডলার। বর্তমান ডলার মূল্যের হিসাবে তা দেশে কেজিতে ৮৫-৯০ টাকা হওয়ার কথা। মৌসুমভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান ও মুষ্টিমেয় কয়েকটি ট্রেডিং প্রতিষ্ঠানের মজুদ প্রবণতার কারণে রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্যটির দামে অস্থিতিশীলতা বিরাজ করছে।

    অস্ট্রেলিয়া থেকেই সবচেয়ে বেশি ছোলা আমদানি হয়। তাছাড়া বর্তমানে তাঞ্জানিয়ার ছোলা ভারত হয়ে দেশে আসছে। একেএস, আকিজ, সিটি, নাবিলসহ বেশ কয়েকটি শিল্প গ্রুপ ছোলা আমদানি করেছে। সূত্র জানায়, ট্রেডিং প্রতিষ্ঠান ও বড় পাইকারি ব্যবসায়ীরা আমদানিকারকদের কাছ থেকে ছোলা কিনে বাজার চাহিদা অনুযায়ী সরবরাহ করে। দেশে মাসভিত্তিক ছোলার চাহিদা গড়ে ১২-১৫ হাজার টন। তবে রমজান মাসে চাহিদা ৮-১০ গুণ বেড়ে যায়। ওই কারণে প্রায় প্রতি বছরই পণ্যটির বাড়তি চাহিদাকে পুঁজি করে বাজারে ব্যবসায়িক মুনাফার প্রতিযোগিতা তৈরি হয়। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি ডাবলি বা অ্যাংকরের দাম ৫৭-৫৮ টাকায় নেমে এসেছে। সাধারণত ডাবলির সঙ্গে ছোলার দামের প্রায় ২০ টাকা পার্থক্য থাকে। বর্তমানে তা প্রায় ৪০ টাকায় পৌঁছেছে। বর্তমানে প্রতি কেজি ছোলা গত বছরের তুলনায় ১৫-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

  • শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

    শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

    নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে মোনাজাত শুরু হয়ে ১টা ৭ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

    ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় ফজরের নামাজের পর। ভারতের মাওলানা মোরসালিন এ সময় বয়ান করেন, যার বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ হেদায়েতি বয়ান করেন, যা বাংলা ভাষায় তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ।

    আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হন। মুসল্লিরা আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত কামনায় কান্নায় ভেঙে পড়েন। বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের জন্য দোয়া করা হয়। তাছাড়া দ্বীনের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যও প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে টঙ্গীর তুরাগ তীর “আমিন আমিন” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মাধ্যমে শুরু হয়। এতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

    মোনাজাত শেষে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে আটটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। তবে মহাসড়কে যান চলাচলে কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়নি।

    এর আগে, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় শুরায়ি নেজামের (মাওলানা জুবায়ের অনুসারী) বিশ্ব ইজতেমা। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে তাদের ইজতেমা শেষ হয়।

    বিশ্ব ইজতেমা প্রতিবছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হলেও তাবলীগ জামাতের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে এখন দুই পর্বে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হচ্ছে।

  • পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না : প্রধান উপদেষ্টা

    পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না : প্রধান উপদেষ্টা

    নিউজ ডেস্ক: পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই ভেরিফিকেশনকে হয়রানি বলে উল্লেখ করেন।

    রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা এ কথা জানান।

    ড. ইউনূস বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকার। পাসপোর্ট একটি নাগরিক পরিচয়পত্র। এখন আইন করে দিয়েছি পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না। এগুলো লাগে না। এগুলো হয়রানি। এই হয়রানির ভূমিকা উল্টে দিতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপরই এখন সরকারের সফলতা-ব্যর্থতা নির্ভর করছে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী, শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরু দায়িত্ব বলে জানান তিনি।

    ড. ইউনূস বলেন, পুরো দেশকে একটি টিম হিসেবে বিবেচনা করে কাজ করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়।

    এসময় প্রধান উপদেষ্টা অন্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ বিবেচনায় কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে এই সুযোগটি পূর্ণ মাত্রায় আছে।