Category: প্রচ্ছদ

  • নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের চারদিনব্যাপী দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলন

    নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের চারদিনব্যাপী দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলন

    নিউজ ডেস্ক: নিউ বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে অন্যতম। নয়াদিল্লিতে আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলন। অংশ নেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

    এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী।

    এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, সীমান্ত-সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি উভয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সবশেষ এমন সম্মেলন গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

    আগামী ১৭-২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। যেখানে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যু, সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনা রোধে করণীয়, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করার জন্য করণীয়সহ নানা বিষয় আলোচনা হতে পারে।

    গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে দু’পক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক।

    উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যজুড়ে চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে দুই হাজার ২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬, মেঘালয়ে ৪৪৩, মিজোরামে ৩১৮ এবং আসামের সঙ্গে ২৬২ কিলোমিটার সীমান্ত রয়েছে।

  • বাংলাদেশে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখাতে প্রতিবেশী রাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করেছিলো

    বাংলাদেশে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখাতে প্রতিবেশী রাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করেছিলো

    নিউজ ডেস্ক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করেছিলো। নির্লজ্জভাবে একজন খুনিকে আশ্রয় দিয়েছে দেশটি।

    শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এ মন্তব্য করেন তিনি।

    অ্যাটর্নি জেনারেল বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিলো না। এটা ছিলো আন্তর্জাতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতারা বিডিআরের পোশাক পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন কি না কমিশনের এটি শক্তভাবে তদন্ত করা উচিত। শেখ হাসিনা সহ মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হবে।

    উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে পিলখানায় তৎকালীন বিডিআর দরবার শুরু হয়। বিডিআর মহাপরিচালকের বক্তব্যের একপর্যায়ে বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। সেদিনের ওই হামলায় ৫৭ জন সেনাকর্মকর্তাসহ নিহত হন ৭৪ জন। পিলখানার ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতেই সময় লেগে যায় আরও দুইদিন। ২৭ ফেব্রুয়ারি পিলখানার ভেতরে একাধিক গণকবরের সন্ধান মেলে।

  • জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা

    জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা

    নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। কমিশন গঠনের পর এটিই অনুষ্ঠিত প্রথম বৈঠক।

    শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে সাড়ে ৫টা পর্যন্ত। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

    এরইমধ্যে বৈঠকে যোগ দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, বাসদ, ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট, গণফোরাম, বিজেপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, আম জনতা পার্টি ও লেবার পার্টিসহ বিভিন্ন দল। এই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিররুদ্দীন পাটওয়ারির নেতৃত্বেও প্রতিনিধি দল রয়েছে।

    বৈঠকে যোগ দেয়ার আগে গণমাধ্যমের সাথে কথা বলেন বিভিন্ন দলের নেতারা। ইসলামী আন্দোলনের নেতারা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চান তারা। তবে, এতে আপত্তি জানিয়েছেন বিজেপির সভাপতি আন্দালিব পার্থ ও ১২ দলীয় জোট।

    এছাড়া বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ জানয়েছেন, যেসব সংস্কার নিয়ে ঐক্যমত হবে তা বাস্তবায়ন করে জাতীয় নির্বাচন দিতে হবে। কোন তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্হানীয় নির্বাচন করার উদাহরণ নেই এমনটাও জানান তিনি। সংস্কার ইস্যুতে ঐক্যমতের ভিত্তিতে সরকারকে সহযোগিতা করবে বলেও জানায় জামায়াতে ইসলামী।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের তারিখ নির্ভর করছে জুলাই চার্টারের ওপর। ৬টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ডায়ালগের সূচনা আজ। সরকার কনসেনসাস প্রক্রিয়ার কাজ শুরু করেছে। কিছু সুপারিশ এই সরকার বাস্তবায়ন করে যেতে পারবে তবে বাকিগুলো নির্বাচিত রাজনৈতিক দলকে বাস্তবায়ন করতে হবে।

    প্রসঙ্গত, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে আছেন দলের স্থায়ী কমিটির ৭ সদস্য। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন বৈঠকে।

    এর আগে, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৭ সদস্যের ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করা হয়। রাজনৈতিক, সাংবিধানিক ও নির্বাচনী সংস্কারের বিভিন্ন এজেন্ডায় ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে ছয়টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এই কমিশন।

  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদের ভেতর গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদের ভেতর গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা

    স্টাফ রিপোর্ট :নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদের ভেতর গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কোমর উদ্দিন বেপারী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম বিপ্লব (২৮) একই ওয়ার্ডের নজির আহমদ বেপারি বাড়ির ফজলুল হক চৌধুরীর ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ি থেকে বের হয় রহিম। আসরের নামাজের আযান দিতে মসজিদের ইমাম মসজিদে ঢুকলে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভিকটিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিজ এলাকার মসজিদে সে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেয়া হয়েছে।

  • গাজীপুরের টঙ্গীর মিল গেইট এলাকায় ঝুট গুদাম ও কাঁচা মালের দোকানে ঘটা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে

    গাজীপুরের টঙ্গীর মিল গেইট এলাকায় ঝুট গুদাম ও কাঁচা মালের দোকানে ঘটা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে

    স্টাফ রিপোর্ট :গাজীপুরের টঙ্গীর মিল গেইট এলাকায় ঝুট গুদাম ও কাঁচা মালের দোকানে ঘটা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৪টার দিকে প্রথমে একটি কাঁচা বাজারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে, বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভানোর জন্য আশপাশের কয়েকটি কলকারখানায় পানির সহযোগিতা চেয়েছেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে ফোন দেয়।

    ঝুট ব্যবসায়ী সজল জানায়, গত কয়েকদিন আগে আমি কিস্তিতে টাকা উঠিয়ে মালামাল উঠিয়েছিলাম দোকানে। আজকে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি পথে বসে পড়েছি। কোথায় যাবো আর কি করবো কিছুই বুঝতে পারছিনা।

    ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান জানান, শুক্রবার ভোর রাত সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর মিল গেইট এলাকায় আগুনের খবর পায় টঙ্গী ফায়ার সার্ভিস। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনে পরিমাণ বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সবশেষ ফায়ার সার্ভিসের টঙ্গীর ৪টি ও রাজধানীর উত্তরার ৩টি মোট ৭ ইউনিটের চেষ্টায় সকাল ৭টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    তিনি আরও জানান, আগুন লাগার খবরে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। পরবর্তীতে পানির কোন সোর্স না থাকায় অতিরিক্ত সাহায্য চেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের আমাদের সাথে যৌথভাবে কাজ করে। ঘটনাস্থলে কিছু ঝুট গুদাম ছিল, রংয়ের গুদাম ছিল, কাঁচামাল ও মুদির মালসহ বিভিন্ন ধরনের ৩৬টি দোকান ছিল। সেখানে আগুন লাগে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে তিনি জানান।

  • বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন মোদি

    বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন মোদি

    আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে এই দুই নেতার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন তারা। যেখানে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।

    বাংলাদেশ প্রসঙ্গে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, ‘বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমন কী, মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?’

    জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিলো না। এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটেরও কোনও ভূমিকা ছিলো না। এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাই এই ইস্যুটি আমি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি।

    এরপর বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে, সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি। আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে।

    জানা গেছে, এই দুই বিশ্ব নেতার বৈঠকে অর্থনৈতিক, সামরিকসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়। ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন ট্রাম্প। পাশাপাশি দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপরও জোর দেন।

    এর আগে, হোয়াইট হাউজে পৌঁছাতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর এই প্রথম হোয়াইট হাউজ সফর মোদির।