Category: প্রচ্ছদ

  • লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৫ বাংলাদেশি

    অনলাইন ডেস্ক : লিবিয়ার বেনগাজি গানফুদা ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৪৫ বাংলাদেশি বৃহস্পতিবার ভোরে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

    জানা গেছে, দেশে ফিরে আসা অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। এদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা‌য়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

    প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা অভ্যর্থনা জানান। আইএমও’র পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

  • বিএনপি ৮৪৮ জন শহীদের তালিকা ট্রাইব্যুনালে দিলো

    বিএনপি ৮৪৮ জন শহীদের তালিকা ট্রাইব্যুনালে দিলো

    অনলাইন ডেস্ক : বিএনপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট আন্দোলনে ৮৪৮ জন শহীদের তালিকা জমা দিয়েছে। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তালিকা জমা দেয়া হয়।

    তালিকায় ৮৪৮ জন শহীদের মধ্যে ৫২৪ জন সরাসরি বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাকি ৩২৪ জন বিএনপি সমর্থক বলে জানানো হয়েছে।

    এছাড়াও এ আন্দোলনে ৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। নেতাকর্মী নিহতের ঘটনায় সারাদেশে দায়ের হওয়া ৮৪টি মামলার নথিপত্রও ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে। পাশাপাশি বিএনপির গুম, খুন ও তথ্য সংরক্ষণ কমিটির সমন্বয়ক সালাহউদ্দিন খান পরে সাংবাদিকদের এ তথ্য জানান।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বিচারের হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে দলটি।

  • জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার

    জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার

    নিউজ ডেস্ক: জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন স্বাধীনভাবে তদন্ত করেছে। প্রতিবেদনে গত জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেফতার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উঠে এসেছে। পাশাপাশি এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল বলেও প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসাথে পুলিশ, প্রসিকিউটর এবং বিচারকসহ বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সবাইকে আইনের শাসন সমুন্নত রাখারও আহ্বান জানান তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এমন একটি দেশে রূপান্তরিত করতে চাই, যেখানে সবাই নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে। এজন্য আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার খাতে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সকলকে ন্যায়বিচার, আইন মানুষের অধিকার সমুন্নত রাখার আহ্বান জানান।

    প্রসঙ্গত, আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। তাতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই অভ্যুত্থানের সময় নির্বিচারে গুলি চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে সংস্থাটি।

    প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের ১৯ জুলাই জ্যৈষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠকে শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে মেরে ফেলা ও গুম করার নির্দেশ দিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্তাদের নিয়ে তৈরি হয়েছিল কোর কমিটি। ২০ জুলাই থেকে নিয়মিত বৈঠক করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী।

  • ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে আরব আমিরাতের উদ্দেশে রওনা  প্রধান উপদেষ্টার

    ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে আরব আমিরাতের উদ্দেশে রওনা প্রধান উপদেষ্টার

    নিউজ ডেস্ক: ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সাইডলাইনেও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

    দুইদিনের সরকারি সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

  • শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল

    শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল

    আন্তর্জাতিক ডেস্ক : শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হয়ে যাবে। আবারও শুরু হবে যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এমন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    গাজার ভেতরে ও বাইরে সেনা জড়ো করার নির্দেশও দিয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ভিডিওবার্তা দেন নেতানিয়াহু। গাজা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানান তিনি।

    তবে নেতানিয়াহু শনিবারের মধ্যে বন্দি বাকি ৭৬ জনের সবার মুক্তি চেয়েছেন কিনা স্পষ্ট করেননি। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী শনিবার তিন ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা।

    নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, চুক্তির শর্ত মানতে অঙ্গীকারবদ্ধ তারা। সংকট তৈরির জন্য তেল আবিবকে দায়ি করে তারা।

    এর আগে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগে জিম্মি মুক্তি স্থগিতের হুমকি দেয় হামাস।

  • জাপানের এনইএফ বৃত্তি পেলেন ঢাবি’র ১০ মেধাবী শিক্ষার্থী

    জাপানের এনইএফ বৃত্তি পেলেন ঢাবি’র ১০ মেধাবী শিক্ষার্থী

    শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০জন মেধাবী শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন(এনইএফ) বৃত্তি লাভ করেছেন। এই বৃত্তিপ্রাপ্তরা ঢাবি’র জীববিজ্ঞান অনুষদ এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থী

    ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বুধবার তার সভা কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

    এ সময়, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক এবং এনইএফ বৃত্তি কমিটির ঢাবি’র প্রতিনিধি অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন উপস্থিত ছিলেন।

    এনইএফ বৃত্তিপ্রাপ্তরা হলেন- সাবিকুন্নাহার সামন্ত (উদ্ভিদ বিজ্ঞান), খাদিজাতুল কোবরা (উদ্ভিদ বিজ্ঞান), কানিজ ফাতেমা বুশরা (উদ্ভিদ বিজ্ঞান), নওশাদ বিন জামান (প্রাণিবিদ্যা), আসপিয়া জামান তৃষা (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), মাসুমা তাবাসসুম মৌমি (অণুজীব বিজ্ঞান), সাদিয়া মোস্তফা মুনমুন (মৎস্যবিজ্ঞান), আল মোয়াল্লিম আস সানি (সমুদ্রবিজ্ঞান), সামিহা আলম তানিশা (ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স) এবং আবু বাসের মজুমদার (আবহাওয়া বিজ্ঞান)।