Category: প্রচ্ছদ

  • বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা  ও ভারতের প্রধানমন্ত্রী

    বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী

    নিউজ ডেস্ক: চলতি বছরের এপ্রিলের ৪ তারিখ ব‍্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট– বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার।

    মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে গুলশান-২-এ বিমসটেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে। যদিও ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিতে ইন্দ্র মনির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ড. ইউনূস ও মোদির বৈঠক দু’দেশের সরকারের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।

    বৈঠকের বিষয়টি নিশ্চিত না হলেও প্রধান উপদেষ্টার ব্যাংককে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন, এটা নিশ্চিত।

    এর আগে, গত বছর সেপ্টেম্বরে বিমসটেক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। সেসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে।

    বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়। তবে প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও মোদির সঙ্গে সাক্ষাৎ হয়নি ড. ইউনূসের। তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, মূলত এ দুই নেতা একই সময়ে নিউইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না।

    বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে দাবি করেন, কোনভাবেই বিমসটেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোন প্লাটফর্ম নয়। আগামী শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমসটেক সভাপতি হতে যাচ্ছে বলেও জানান তিনি।

  • অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন : মাহফুজ আলম

    অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন : মাহফুজ আলম

    নিউজ ডেস্ক: জুলাই আন্দোলনের ছাত্রনেতা ও উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনও অনুরোধ করা হবে না। আইন নিজের হাতে তুলে নেয়া আপনাদের কাজ না।

    সোমবার (১০ জানুয়ারি) রাত ৮টা ৩৬ মিনিটে নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

    স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেন, ‘কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেয়া হবে না।

    তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।

    জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা— জুলম করবেন না, জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

  • লিবিয়ার দক্ষিণ-পূর্বের কুফরা শহরে দুটি গণকবর থেকে প্রায় ৫০টি মরদেহ উদ্ধার

    লিবিয়ার দক্ষিণ-পূর্বের কুফরা শহরে দুটি গণকবর থেকে প্রায় ৫০টি মরদেহ উদ্ধার

    আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার দক্ষিণ-পূর্বের কুফরা শহরে দুটি গণকবর থেকে প্রায় ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, দেশটির সিকিউরিটি ডিরেক্টরেট জানিয়েছে, এসব মরদেহ উত্তর আফ্রিকার ওই দেশটির মধ্য দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারীর অভিবাসীদের মরদেহ।

    কুফরা শহরটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১ হাজার ৭১২ কিলোমিটার দূরে। সিকিউরিটি ডিরেক্টরেট আরও জানায়, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্বের কুফরা শহরের একটি খামারে পাওয়া এক গণকবরে ১৯টি মরদেহ পাওয়া যায়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরেকটি গণকবরে ৩০টিরও বেশি মরদেহ পাওয়া যায়।

  • গাজা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে ইসরায়েলি বাহিনী হত্যা

    গাজা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে ইসরায়েলি বাহিনী হত্যা

    আন্তর্জাতিক ডেস্ক:  ২০২৫ এর জানুয়ারি মাসে গাজা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে দাবি করেছে প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট (পিজেএস)। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট (পিজেএস) অভিযোগ জানায় যে ইসরায়েলি বাহিনী টার্গেট করে গণমাধ্যম কর্মীদের হত্যা করছে।

    নিহত সাতজন সাংবাদিকরা হলেন, ওমর আল-দিরাউই, সাইদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালামিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিশাম আবু আল-রুস।

    পিজেএস জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী জানুয়ারিতে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয়জন সদস্যকে হত্যা করেছে এবং তাদের মধ্যে ছয়জনের বাড়িঘর ধ্বংস করেছে।

    গাজার ওপর ইসরায়েলের যুদ্ধ গণমাধ্যমকর্মীদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘাতগুলোর মধ্যে একটি, যেখানে ১৫ মাস ধরে ২শ’ জনেরও বেশি নিহত হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলি জানিয়েছে যে অনেক সাংবাদিককে লক্ষ্যবস্তু হামলায় হত্যা করা হয়েছে।

  • ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার

    ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার

    নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

    অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শটগান কার্তুজ, ৩টি ছুরি, ৩টি তলোয়ার, ১টি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।

    গত শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানে গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মোট ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ।

    ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার। ফলে ডেভিল হান্টের অর্থ দাঁড়ায় শয়তান শিকার করা। সংশ্লিষ্টরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বোঝানো হয়েছে।

    গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্রদের ওপর হামলার ঘটনার ঘটে। এর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে দায়ী করেন।

    এ ঘটনার পরপরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামক এ অভিযান শুরু হয়।

  • অন্তত পাঁচটি প্রতিষ্ঠান থেকে তৃতীয় পক্ষের কাছে এনআইডির তথ্য ফাঁস

    অন্তত পাঁচটি প্রতিষ্ঠান থেকে তৃতীয় পক্ষের কাছে এনআইডির তথ্য ফাঁস

    নিউজ ডেস্ক:  অন্তত পাঁচটি প্রতিষ্ঠান থেকে তৃতীয় পক্ষের কাছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস হয়েছে। এসব প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তিবদ্ধ। প্রাথমিক তদন্তে এ নিয়ে প্রমাণ পেয়েছে ইসি।

    সোমবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। আজ সকালে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় করে ইসি। এরপরই তিনি এ কথা জানান।

    ইসির সাথে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠান এনআইডির তথ্য যাচাই–সংক্রান্ত সেবা নিয়ে থাকে। এর মধ্যে স্বাস্থ্য অধিদফতর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মহিলাবিষয়ক অধিদফতর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস এনআইডির তথ্য ফাঁস করেছে বলে ইসি সূত্র জানায়।

    ইসি সচিব আখতার আহমেদ বলেন, যাদের তথ্য যাচাইয়ের সুযোগ দেয়া হয়েছে, তারা ইসির অগোচরে অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তথ্য দিচ্ছে। যেটা কাম্য নয়। এটা নিয়ন্ত্রণে আনা ও ব্যবস্থাপনা আরও উন্নত করতে আলোচনা হয়েছে।

    কীভাবে প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য ফাঁস হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে বলে এ সময় উল্লেখ করেন ইসি সচিব। বলেছেন, তথ্য ফাঁস বা পাচারের বিষয়গুলো কারিগরি, এগুলো আরও যাচাইবাছাই করা হবে। তা ইচ্ছাকৃতভাবে হয়েছে, নাকি অসাবধানতাবশত হয়েছে, সেটা দেখা হচ্ছে।