Category: প্রচ্ছদ

  • নোয়াখালীতে অর্থনৈতিক অসমতা অবসান ও সুবিচার শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

    নোয়াখালীতে অর্থনৈতিক অসমতা অবসান ও সুবিচার শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

    জেলা প্রতিনিধি: বৈষম্য ও অসমতা অবসানে প্রয়োজন নীতি সংস্কার ও অর্থনৈতিক সুবিচার। এই শিরোনামে পৌর মিলনায়তন নোয়াখালীতে এসডিজি অ্যাকশন এলায়েন্স এবং জিক্যাপ বাংলাদেশ আয়োজিত সেমিনার নাগরিক সংলাপে বক্তারা নাগরিকদের বৈষম্য এবং অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার লড়াইয়ের প্রচারণায় যোগদানের আহ্বান জানান।

    সংলাপে উঠে আসে, ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য অবসান এবং আর্থিক সুবিচার প্রতিষ্ঠার দাবিতে নাগরিক সমাজ দীর্ঘদিন কাজ করছে। প্রয়োজন নাগরিক সমাজের কণ্ঠস্বর এবং ক্ষমতাকে শক্তিশালী করার জন্য সরকার এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণী মহলসমূহকে প্রভাবিত করার লক্ষ্য নাগরিক সমাজের প্রচেষ্টাকে দ্বিগুণ করা। ধনীরা জাতীয় সম্পদের ব্যবহার সবচেয়ে বেশী করে থাকে। অন্যদিকে গ্রামের কৃষক যারা সকল মানুষের জন্য খাদ্য উপকরণ এবং বিভিন্ন শিল্পের কাঁচামালের যোগান দেয় জাতীয় সম্পদের অতি সামান্য অংশই ব্যবহার করে থাকে। অথচ পরোক্ষ করের বোঝা তাদেরকেই বেশী বহন করতে হয়। বক্তারা অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার স্বার্থে কর ব্যবস্থাকে বৈষম্যমুক্ত করার প্রস্তাব করেন।

    আলোচকগণ প্রগতিশীল এবং জেন্ডার সংবেদনশীল করব্যবস্থা সংহতকরণ এবং দরিদ্র মানুষের স্থায়িত্বশীল উন্নয়নের ব্যয়ে পূনঃবিনিয়োগ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবী তোলেন। তারা অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার জন্য অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমে সম্পদ সংগ্রহের বিকল্প উপায় অন্বেষণ; কর্পোরেট ট্যাক্স অপব্যবহার মোকাবেলা, অবৈধ আর্থিক প্রবাহ রোধ এবং একটি ন্যায্য বৈশ্বিক করব্যবস্থা অগ্রসর করতে জাতিসংঘের ট্যাক্স কনভেনশনের উদ্যোগকে সমর্থন; এবং কর্পোরেট একচেটিয়াকরণের অবসান ঘটিয়ে, কর সুবিচার নিশ্চিত করে, ট্যাক্স ফাঁকির অবসানের প্রস্তাব করেন এবং স্থায়িত্বশীল নয়, অবৈধ এবং অন্যায্য ঋণ বাতিল করে এবং দেশগুলিকে ঋণের ফাঁদে পড়তে না দিয়ে পুরো ঋণ ব্যবস্থা পুনর্গঠন এবং বৈষম্য ও অসমতা অবসানের লক্ষ্যে নীতি সংস্কার ও অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার দাবী তোলেন।

    সুজন এর সভাপতি অ্যাডঃ হাবিবুর রাছুল মামুন এর সভাপতিত্বে এনআরডিএস’র নির্বাহী পরিচালক ও এসডিজি এ্যাকশন এলায়েন্স’র আহ্বায়ক আব্দুল আউয়াল এর সঞ্চালনায় সংলাপে আলোচনা পত্র উপস্থাপন করেন মনোয়ারা আক্তার মিনু। আলোচনায় অংশগ্রহণ করেন উন্নয়ন সংগঠন গান্ধী আশ্রম ট্রাস্ট, প্রাণ, বন্ধন, এনআরডিএস এবং বিভিন্ন নাগরিক সংগঠনের শতাধিক প্রতিনিধির অংগ্রহণে সংলাপে কথা বলেন তরুণ মানবাধিকার কর্মী ফাইজা সুলতানা, নোবিপ্রবির শিক্ষার্থী শাকিন, কৃষক প্রতিনিধি নূর উদ্দিন, শিক্ষক লাকী দাস, আবুল কাশেম, লায়লা পারভীন, সাংবাদিক সুমন ভৌমিক, প্রাণ এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, গান্ধী আশ্রম এর সচিব রাহা নবকুমার, প্রমূখ।

  • ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

    ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

    জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে কমিউনিটি নেতা, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ফোরামের সদস্য এবং যুব ফোরামের সদস্যসহ স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২২ জানুয়ারী ২০২৫ইং বুধবার সকাল ১১ ঘটিকায় বেরুবাড়ী বাজার প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। বেরুবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডাঃ মোঃ নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্কাছ আলী সহ আরো অনেকে।

    আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর হান্নান সরকার ও আফসানা আফরোজ। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

  • ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর রবিউল ১৬ বছর পর বাড়ী ফিরবেন !

    ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর রবিউল ১৬ বছর পর বাড়ী ফিরবেন !

    জেলা প্রতিনিধি:পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ১৬ বছর কারামুক্তি পাবেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রবিউল ইসলাম (৩৪)। গতকাল রোববার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ যে ২৫০ জন বিডিআর সদস্যকে খালাস দিয়েছে, তার মধ্যে একজন রবিউল ইসলাম। রবিউলের ভাই শাহাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। রবিউলের কারামুক্তির খবরে খুশি মা, ভাই পরিবার-আত্মীয়স্বজন এবং গ্রামের লোকজন।

    আগামী বৃহস্পতিবার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে শুক্রবার সকালে বাড়ীতে ফেরার কথা রয়েছে তার। ১৬ বছর তার ফেরার খবরে পরিবারের সাথে গ্রামের লোকজন তাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন। সোমবার বিকালে রবিউলের বাড়ীতে গিয়ে জানা গেছে, এসএসসি পাশ করার পর চাকরি হয় রবিউলের। প্রশিক্ষণ শেষ করে যোগ দেন পিলখানায় বিডিআর সদর দপ্তরে। ২৬ দিনের মাথায় ঘটে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা। এরপর থেকে কারাগারে রবিউল। প্রথমে একটি মামলায় ৭ বছর সাজাভোগ করেছেন রবিউল। সাজা খেটে বের হওয়ার কিছুদিন পরে আবার বিস্ফোরক আইনের একটি মামরায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। রবিউলের ভাই শাহাজাহান আলী জানান, চাকরি পাওয়ার পর বাবা ও মা খুব খুশি হয়েছিলেন।

    কিন্তু এক মাস যেতে না যেতেই সব খুশি ম্লান হয়ে যায়। চাকরি করে উপার্জন করে রবিউল আমাদেরকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করার কথা ছিল। কিন্তু তার উল্টো হয়েছে। রবিউল কারাগারে থাকা অবস্থায় তাকে প্রতি মাসে ৫ হাজার টাকা খাওয়া খরচ। কিছুদিন পর পর কাপড়-চোপড় কিনে দেওয়া, আদালতপাড়ায় অনেক খরচ করতে হয়েছে। তার পিছনে খরচ করতে করতে পুরো পরিবার প্রায় নি:স্ব। রবিউলের চাচা রেজাউল করিম জানান, ছেলের জন্য নানা দুশ্চিন্তায় অসুস্থ্য হয়ে পড়েছিলেন রবিউলের বাবা আব্দুর রহমান। ফিরবে ফিরবে বলে অপেক্ষায় থাকতে থাকতে গত অক্টোবর মাসে মারা গেছেন। তার মা সালেহা খাতুন এখনও অসুস্থ, বোনের বাড়ীতে ঠাকুরগাঁও শহরে রেখে চিকিৎসা করাচ্ছেন। আজ যদি রবিউলের বাবা বেঁচে থাকতেন, রবিউলের বাড়ীর ফেরার খবরে সবচেয়ে বেশি খুশি হতেন। রবিউলের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, রবিউল আর ফিরবে না, এমনটা ধরে নিয়েছিল পুরো পরিবার।

    গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান ফলে রবিউল ফিরছে বাড়ীতে। ছোট সেই ছেলেটা এখন কত বড় হয়েছে, কেমন আছে। সেটা দেখার জন্য কবে ফিরবে, এমন খোঁজ খবর নিতে রবিউলের বাড়ীতে লোকজনের আসা যাওয়ার শুরু হয়েছে। রবিউলের দাদী জমেলা বেগম জানান, ‍‍`ছুয়াডা কোন অপরাধে নি করে, তাহু ছুয়াডাক ১৬ বছর জেলত থাকিবা হইল। এতদিন বাড়ীত থাকিলে বেহা করিলেহে, ওয়ার বাপ-মা নাতি-পুতির মুখ দেখিবা পারিলেহে।‍‍`রবিউল ইসলামকে পুনরায় চাকরিতে পুনবর্হাল, একই সাথে দীর্ঘদিন বিনা অপরাধে কারাগারে থাকা এবং তার পেছনে খরচ করতে গিয়ে আর্থিক ভাবে যে ক্ষতিগ্রস্ত পরিবারটি। তার ক্ষতিপুরণ সরকারের কাছে দাবি করেছেন রবিউলের ভাই শাহাজাহান আলী।

  • নরসিংদীর বেলাব থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

    নরসিংদীর বেলাব থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

    বিশেষ প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে নিখোঁজের একদিন পর কাঞ্চন মিয়া (৬০) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বি.এম কলেজ সংলগ্ন সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত অটোরিকশা চালক কাঞ্চন মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমাড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।

    বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    নিহতের স্বজনদের বরাতে ওসি জানান,সকালে সড়কের পাশের একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের স্বজনরা থানায় গিয়ে মরদেহটি ব্যাটারিচালিত অটোরিকশা চালক কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি কাঞ্চন মিয়া। তাঁর নিখোজের পর আজ এলাকায় মাইকিং করে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা। এরই মধ্যে বেলাব থানা এলাকার ধানক্ষেতে তার মরদেহের খোঁজ পাওয়া গেলেও তার অটোরিকশাটির খোঁজ পাওয়া যায়নি। হত্যা শেষে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারনা পুলিশ ও স্বজনদের।

    বেলাব থানার অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান আরো
    জানান,এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ ও ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

  • ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা নামে শিশুর মৃত্যু

    ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা নামে শিশুর মৃত্যু

    জেলা প্রতিনিধি : ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

    ঋত্বিকা ওই এলাকার ষষ্টির মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৪টার দিকে ঋত্বিকা ঝাউডাঙ্গা বলফিল্ড সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এসময় ঝাউডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

    ঘটনার পরপরই স্থানীয়রা ইজিবাইক চালককে আটক করে রাখে। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত

    পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত

    আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাণঘাতী অভিযানে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত ২ দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মিলেছে শতাধিক লাশ।

    অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেক আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে দুই দিনে ১২০টি পচা লাশ উদ্ধার করা হয়।

    পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলছে, গত মঙ্গলবার উত্তর পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত ও আরও ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।