স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উসকানিমূলক ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে হাই কোর্টের আদেশে হাসপাতালে নেওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-হারুন বলেন, আমাদের মেডিকেল বোর্ড তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে। তাকে ভর্তি করার মত অবস্থা দেখিনি। স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল বুধবার বেলা ২টার পর শহিদুল আলমকে আবার গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে জানিয়ে পরিচালক বলেন, উনার স্বাস্থ্য পরীক্ষার ফলাফল আমরা আগামীকাল (আজ বৃহস্পতিবার) পাব। এর আগে আদালতের আদেশে গতকাল বুধবার সকাল ৯টার দিকে শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুলকে রোববার রাতে গ্রেফতার করার পর সোমবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। কিন্তু শহিদুলকে ডিবি হেফাজতে নির্যাতন করার অভিযোগ এনে রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার হাই কোর্টে রিট করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। ওই আবেদন শুনে আদালত দ্রুত শহিদুলকে ডিবি হেফাজত থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। সেই সঙ্গে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে শহিদুলের শারীরিক অবস্থার বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত শনি ও রোববার জিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েক বার ফেসবুক লাইভে আসেন অধিকারকর্মী আলোকচিত্রী শহিদুল। ওই আন্দোলনের বিষয়ে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের সমালোচনাও করেন। এরপর রোববার রাতে শহিদুলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করে পুলিশ। ওই মামলায় ‘কল্পনাপ্রসূত তথ্যের’ মাধ্যমে জনসাধারণের বিভিন্ন শ্রেণির মধ্যে ‘মিথ্যা প্রচার’ চালানো, উসকানিমূলক তথ্য উপস্থাপন, সরকারকে ‘প্রশ্নবিদ্ধ ও অকার্যকর’ হিসেবে আন্তর্জাতিক পরিম-লে উপস্থাপন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতি ঘটিয়ে’ জনমনে ‘ভীতি ও সন্ত্রাস ছড়িয়ে’ দেওয়ার ষড়যন্ত্র এবং তা বাস্তবায়নে ইলেকট্রনিক বিন্যাসে ‘অপপ্রচারের’ অভিযোগ আনা হয় আলোকচিত্রী শহিদুলের বিরুদ্ধে। সোমবার আদালতে তোলার আগে গাড়ি থেকে নামার সময় শহিদুল সাংবাদিকদের বলেন, আমাকে আঘাত করা হয়েছে। আমার রক্ত মাখা পাঞ্জাবি ধুয়ে আবার পরানো হয়েছে। আর হাকিম আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শহিদুল বলেন, গ্রেফতারের সময় তার চোখ-মুখ বেঁধে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলা হয়েছিল। তারা আমাকে মোসাদ, আইএসআইর এজেন্ট বলে গালি দেয়, দেশদ্রোহীও বলে তারা। তারা আমাকে মারধরও করে। ৬৩ বছর বয়সী শহিদুলকে হাসপাতালে পাঠানোর আবেদন জানিয়ে গত মঙ্গলবার হাই কোর্টে তার স্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রেহনুমার করা আবেদনে বলা হয়, পুলিশ হেফাজতে শহিদুলকে ‘নির্যাতন’ এবং চিকিৎসা না দিয়ে তাকে রিমান্ডে পাঠানোর মাধ্যমে সংবিধানের ৩১, ৩২, ৩৩ এবং ৩৫(৫) অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে।
Category: Uncategorized
-

আসন্ন ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি হয়েছে। বুধবার (৮ আগস্ট) সকাল ৮টায় প্রথম দিনের টিকিট বিক্রি শুরু হয়। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।
রেলওয়ে স্টেশন সূত্রে জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে একযোগে টিকিট দেওয়া শুরু হচ্ছে।
প্রথম দিনের টিকিট প্রত্যাশীরা বুধবার ভোর ৩টা থেকে স্টেশনে আসতে শুরু করে। পরে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ টিকিট প্রত্যাশীদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে দেয়। স্টেশন এলাকার গোপন ক্যামেরার মাধ্যমে এসব নিয়ন্ত্রণ করা হচ্ছে। কালো বাজারে টিকিট বিক্রি প্রতিরোধে রয়েছে র্যাব, পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার বাহিনী তৎপর রয়েছে।
বুধবার (৮ আগস্ট) দেওয়া হচ্ছে ১৭ আগস্টের টিকিট। আর ৯ আগস্ট দেওয়া হবে ১৮ আগস্টের টিকিট, ১০ আগস্ট ১৯ আগস্টের টিকিট, ১১ আগস্ট ২০ আগস্টের টিকিট ও ১২ আগস্ট দেওয়া হবে ২১ আগস্টের আগাম টিকিট।
একইভাবে আগামী ১৫ আগস্ট থেকে ঢাকা ফেরত আসা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।
কমলাপুর থেকে এবার প্রতিদিন সারাদেশের উদ্দেশে মোট ৬৬টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৩২টি আন্তঃনগর, বাকিগুলো মেইল ও স্পেশাল সার্ভিস।
টিকিট কাটতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী সাব্বির হোসেন তিন বন্ধুসহ মঙ্গলবার রাত ৮টার দিকে কমলাপুরে এসেছেন। তিনি বলেন, সকাল ৮টা বাজে টিকিট দেওয়া শুরু হয়েছে এখনও টিকিট হাতে পায়নি। তবে এবার স্টেশন এলাকার শৃঙ্খলা দেখে ভালো লাগছে। এটা যেনো শেষদিন পর্যন্ত থাকে এ কামনা করি।
কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বলেন, আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো টিকিট প্রত্যাশী প্রতারিত না হন। আশা করি কোনো সমস্যা হবে না।
টিকিট প্রত্যাশীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন এজন্য আমরা সার্বক্ষণিক দেখভাল করছি। তাদের নিরাপত্তায় পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই, আনসার সদস্যরা নিয়োজিত আছেন। আশা করছি কোনো ধরনের সমস্যা ছাড়াই টিকিট বিক্রি ও ঈদযাত্রা শেষ হবে।
-

আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে এসে শনিবার সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
মক্কায় বাংলাদেশ হজ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মৃত তিন হজযাত্রী হলেন- মো. আজিজুর রহমান সাধু (৫৭, যার পাসপোর্ট নম্বর বিটি ০০৮৩০২১), মো. হামিদুর রহমান (৬১, পাসপোর্ট নম্বর বিআর ০৮২৫২৭৫) ও আব্বাস আলী (৮৬, পাসপোর্ট নম্বর বিপি ০০৬৯৮২৭)।
চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত মক্কা, জেদ্দা ও মদিনায় ১৯ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও ১৭ পুরুষ।
আজ রোববার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৮৬৮ হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন।
তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন চার হাজার ৫৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৭৯ হাজার ৮১০ জন।
আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
-

আমিরাতে লন্ডন প্রবাসী সাংবাদিক শামীম ও তার সহধর্মিণীকে সংবর্ধনা
বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা ইউএই-এর উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী কলামিস্ট, এনএস নিউজ টিভির সম্পাদকমণ্ডলীর সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম শামীম ও তার সহধর্মিণী ইউরোপ বাংলাদেশ হিউমেন রাইটস কমিশনের ওমেন গভর্নর জেনিফার সারোয়ার লাক্সমীর সম্মানে মতবিনিময়সভার আয়োজন করা হয়।শুক্রবার আরব আমিরাতের শারজাহের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময়সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ। পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসিব (খোকন) ও শাহ্জাহান আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন হুসাইন মাহমুদ আলতাফ।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি আবুল বাশার, সংস্থার সাধারণ সম্পাদক জিএম জায়গীরদার, কুলাউড়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন, নজরুল ইসলাম লিটন, নাজমুল হোসেন, বাংলাদেশ থেকে আগত ছাত্রনেতা ইকবাল হোসেন তারেক ও আহমেদ হোসেন মীর।এ সময় বক্তব্য রাখেন এম সুমন আহমদ, কবির উদ্দিন, আমিন হাসান খান, কয়েছ আহমেদ, ময়নুল হোসেন ময়ূর, কামাল আহমেদ, মাহবুব হোসেন, মুস্তাক আহমেদ পাভেল ও রোমান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

